॥ ১৬ ॥

খুকুমারা যে-পাড়ায় থাকে সেই অঞ্চলটি নতুন গড়ে উঠেছে। আগে কলকাতা ছিল উত্তর-দক্ষিণে লম্বা, উত্তর ও দক্ষিণে স্পষ্ট ভাগ ছিল, দু’দিকের কালচারও অনেকটা আলাদা। উত্তর কলকাতায় এখনো রয়ে গেছে পুরোনো আমলের বেশ কিছু বনেদি বাড়ি, এমনকি সেইসব কিছু কিছু বাড়ির বাগানে পাথরের নগ্ন নারীমূর্তি এবং ফোয়ারাগুলিও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। আর দক্ষিণ কলকাতায় সবই নতুন বাড়ি, নিছকই বাড়ি, তাতে কোনো স্থাপত্য নেই।

দেশভাগের পর জনসংখ্যার চাপে এ-শহর ক্রমশ বাড়ছিল দক্ষিণে, সমস্ত জলাভূমি বুজে গেল, নষ্ট হয়ে গেল বুনো শেয়াল, হাঁস ও বাঁদর-ভোঁদড়দের আস্তানাগুলোও নিশ্চিহ্ন হয়ে গেল, মুসলমানদের পরিত্যক্ত কিছু কিছু বাড়ি কয়েক বছর হানাবাড়ির মতন পড়ে থাকার পর এখন আবার জীবন্ত হয়ে মিশে গেছে অন্য বাড়ির জটলায়।

আপাতত শহর ক্রমশ স্ফীত হচ্ছে পূর্বদিকে, কারণ পশ্চিমে কোনো উপায় নেই, সেদিকে গঙ্গার সীমারেখা। পূর্ব কলকাতায় এত দ্রুত বাড়িঘর উঠছে, তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তা, ওইসব দিক আমাদের পক্ষে চেনা দুষ্কর। আমার কৈশোর কেটেছে উত্তর কলকাতায়, পরে স্থায়ী হয়েছি দক্ষিণে, আজও দক্ষিণ কলকাতার অনেক রাস্তা অচেনা লাগে। কিন্তু সল্ট লেক কিংবা নিত্য-নতুন পূর্ব কলকাতার অঞ্চলে এসে দিশা হারিয়ে ফেলি।খুকুমা কোনোক্রমে আনোয়ারাকে বুঝিয়ে-টুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছে জেনে আমি নিশ্চিন্ত হয়ে ফিরলাম নিজের ফ্ল্যাটে। সত্যিই, উৎপলও নেই বাড়িতে, স্বাতীও সারাদিনে ফিরতে পারবে না, আমার সঙ্গে একলা সময় কাটাতে আনোয়ারা অস্বস্তি বোধ করতেই পারতো! আমি ইয়ার্কির ছলে একবার শুধু ওর থুতনিটা ছুঁতে যেতেই এমনভাবে ও আঁতকে উঠলো, তাতেই বোঝা যায়, ওর মাথাটা এখন স্বাভাবিক অবস্থায় নেই।

আমি নিজের চা-টা বড়জোর বানিয়ে নিতে পারি, কিন্তু রান্নাবান্না একেবারে সম্ভব নয়। রাঁধতে যে একেবারে পারি না তা নয়, বাচ্চা বয়েসে বয়েজ স্কাউটে যোগ দিয়ে ডাল আর বেগুনভাজা রান্নার পরীক্ষা দিয়ে কুকিং ব্যাজ পেয়েছি, ফ্যানা-ভাত আর ডিমসিদ্ধও ফুটিয়ে নিতে পারি, সেগুলো খেতেও বেশ অনবদ্য হয়। শুধু নিজের জন্য কিছু রাঁধতে বোকা বোকা লাগে। কাছাকাছি কত হোটেল-রেস্তোরাঁ আছে। তবে অনেক নামকরা রেস্তোরাঁর চেয়েও বাজারের মধ্যে যে শস্তার ভাতের হোটেল আছে, সেখানকার খাবার আমার বেশি ভালো লাগে। অন্নপূর্ণা হোটেলে যে এতবড় চিতল মাছের পেটি দেয়, সে-সাইজ তো বাড়িতেও কখনো খাওয়া হয় না। আর একটা দই-বেগুনের স্বাদও অপূর্ব। মহেন্দ্র এলে ওকে দিয়ে টিফিন কেরিয়ারে খাবার আনিয়ে নিলেই হবে।

সারারাত ভালো ঘুম হয়নি, এখন স্নান করে নেওয়া দরকার।

এই সময় দরজা খোলার একটা সমস্যা হয়। উৎপল থাকলে সে-ই সবদিক সামলায়। ধনঞ্জয়ও সকালের দিকে আসে মাঝে মাঝে। ঘর পরিষ্কার করার মেয়েটি কখন আসে, কখন যায়, টের পাই না। এক একসময় স্বাতী আর আমি ছাড়া আর কেউ থাকে না, অন্তত কিছুক্ষণের জন্য। তখন স্বাতী আর আমি পালা করে বাথরুমে যাই।

এখন স্বাতীও নেই, আমি একলা ড্যাং ড্যাং। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলে কলিং বেল শুনতে পাবো না। কিন্তু নার্সিং হোমের আশেপাশে অতক্ষণ থাকার জন্য আমার পাজামা আর পাঞ্জাবিতে আর ঘামে-ভেজা পিঠে যেন মৃত্যুর গন্ধ লেগে গেছে। এক্ষুনি চান করতে ইচ্ছে করছে।

বাথরুমের দরজা খোলা রাখা যেতে পারে। কেউ তো দেখবার নেই।

ঠিক স্নানের মধ্যপথে, কলিং বেল নয়, বেজে উঠলো টেলিফোন।

কত সময় আমরা বাড়ি থাকি না, ফোন এমনিই বেজে যায়। কিন্তু বাড়িতে আছি, ফোন ঝনঝনাচ্ছে, তখন মনে হয়, কেউ যেন দারুণ গুরুত্বপূর্ণ কোনো খবর জানাতে চাইছে। কিংবা ভারতের রাষ্ট্রপতি খুব বিপদে পড়ে সাহায্য চাইছেন আমার।

উলঙ্গ অবস্থাতেই, ঘরের মধ্যে ফোঁটা ফোঁটা জল ঝরিয়ে, ফোনটা ধরতে হলো। খুকুমা।

সে বললো, সুনীলদা, আপনার বাড়ি থেকে সেই আনোয়ারা নামে ভদ্রমহিলাকে বুঝিয়ে-সুঝিয়ে আনতে আমার ঘাম ছুটে গেছে। কিছুতেই আসতে চান না, কোনো কথাই বলেন না। যাই হোক, কোনোক্রমে তো এনেছি। চা-টোস্ট, ডিমসেদ্ধ করে দিলাম, ছুঁয়েও দেখলেন না। শেষ পর্যন্ত দুধ-মুড়ি-কলা মুখে দিলেন খানিকটা। তাও সবটা নয়।

আমি বললাম, বাঃ! তুমি ছাড়া আর কেউ পারতো না। মেয়েটি এখনো ঘোরের মধ্যে আছে, স্বাভাবিক হতে পারছে না, ওকে দোষ দেওয়াও যায় না। তোমার কাছে আছে, তাতেই আমরা নিশ্চিন্ত। ঠিক আছে, পরে আবার কথা হবে। এখন আমি একটু ব্যস্ত আছি!

আমার ব্যস্ততাটা যে কী ধরনের, তা বুঝিয়ে বলাও মুশকিল। উলঙ্গ অবস্থায় ভিজে গায়ে কতক্ষণ টেলিফোনে কথা বলা যায়?

খুকুমা খানিকটা ধমকের সুরে বললো, দাঁড়ান, ছাড়বেন না। আমিও এখন কম ব্যস্ত নই। অফিসে একজন খুব বড় ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হচ্ছে। অনেক টাকার ডিল। ভদ্রলোক একটু বাথরুমে গেছেন, সেই ফাঁকে আপনাকে কথা বলছি। আনোয়ারা যখন দুধ-মুড়ি খাচ্ছিল, তখন ওর মুখটা অসম্ভব কুঁচকে যাচ্ছিল। প্রথমে ভাবছিলাম, বুঝি কান্না। তারপর বোঝা গেল, কান্না নয়, পেট ব্যথা-ট্যাথা হলে ওরকম হয়। খুব সম্ভবত ওর অ্যাকলেমেশিয়া হয়েছে।

সেটা আবার কী জিনিস?

সেটা একটা মেয়েলি অসুখ। পেটে খুব ব্যথা হয়। ওর চিকিৎসা করার দরকার।

সে-দায়িত্ব আমরা নিতে পারবো না। আমাদের প্রথম কাজ আজই ওকে ঢাকায় পাঠিয়ে দেওয়া। ওর কাছে টিকিট আছে নিশ্চয়ই। আমি দেখছি, আজই সন্ধের ফ্লাইটে ওর জন্য একটা সিট বুক করা যায় কিনা। তোমাকে পরে খবর দেবো। ঠিক আছে?

না, ঠিক নেই। এই সময় আমার বাড়িতেও তো আর কেউ থাকে না। ছেলে কাজে চলে যায়, আমার রান্নার মেয়ে বাসন্তী দশটার মধ্যে কাজ সেরে ফেলে কেটে পড়ে, তাকে আজ বলে এসেছি, একটা পর্যন্ত অবশ্য থাকতে। তখন আমি অফিস থেকে গিয়ে একসঙ্গে লাঞ্চ করবো। ঘরটর দেখিয়ে দিয়েছি, মহিলা ইচ্ছে করলে শুয়ে থাকতে পারেন, বই পড়তে পারেন। একটা পেইন কিলার দিতে গিয়েছিলাম, এমন আঁতকে উঠলেন, যেন আমি ওঁকে বিষ দিচ্ছি। উনি মেয়েদেরও বিশ্বাস করতে পারছেন না।

খুকুমা, আমি তোমাকে এক ঘণ্টা বাদে…

আসল কথাটা শুনুন। বাসন্তী একটু আগে ফোন করে জানালো, ভদ্রমহিলা একটু আগে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছেন।

অ্যাঁ? এই কথাটা আগে বলোনি?

সবটা বুঝিয়ে না-বললে এসব ব্যাপার পুরুষদের মাথায় ঢোকে না। আমার মনে হয়, ব্যথা সহ্য করতে না-পেরে উনি কোনো ডাক্তারখানা খুঁজতে গেছেন। বাসন্তী রান্নাঘরে ছিল, সেই সময় টুক করে বেরিয়ে গেছেন দরজা খুলে।

যাঃ! তাহলে এখন…

আপনি শিগগির বেরিয়ে পড়ুন। আমাদের পাড়াতেই দু’তিনটে ওষুধের দোকান আছে, সেখানে গিয়ে খোঁজ করুন। বেশিক্ষণ হয়নি।

খুকুমা, আমি তোমাদের বাড়িটা ঠিক চিনতে পারবো না। মহেন্দ্র নিয়ে যায়, সে-তো আসবে এগারোটার সময়।

আপনাদের ফোন গাইডে আমার বাড়ির ঠিকানা লেখা আছে। ঠিকানা জানলে কলকাতার সব বাড়িই খুঁজে বের করা যায়। দেরি করবেন না। বেরিয়ে পড়ুন।

আমি এখন দোকানে দোকানে ওকে খুঁজতে যাবো?

তাছাড়া আর কে যাবে বলুন? বাসন্তীর দ্বারা হবে না। আমার পক্ষে এখন অফিস থেকে বেরুনো অসম্ভব। ওই যে ভদ্রলোক এসে গেছেন, আমি রাখছি।

লেখকরা সাধারণত একটু ন্যালাখ্যাপা ধরনের মানুষ হয়। তাদের বাস্তব দায়িত্বজ্ঞান থাকে না। তারা প্রতিদিনের বাজারদরের খেয়াল রাখে না। তারা গল্প-উপন্যাস লেখার সময় নানান কাল্পনিক চরিত্রের অনেক সমস্যা নিয়ে মাথা ঘামায়, কিন্তু নিজের পরিবার সম্পর্কে উদাসীন।

আমারও তো সে-রকমই হবার কথা।

আমি এখন স্নান-টান সেরে, শুধু পাজামা পরে খালি গায়ে থাকবো, খবরের কাগজগুলোতে চোখ বুলিয়ে তারপর লিখতে বসবো, একটা ছোটদের গল্প আর আরেকটা গ্রন্থ-সমালোচনা দিতে হবে দু’একদিনের মধ্যে। এইরকম ভেবে রেখেছি, তার বদলে এখন আমাকে ছুটতে হবে এক মহিলাকে খুঁজতে? এখন তো আর অল্পবয়েসের তরুণটি নই, প্রেমিকাদের পেছনে ছুটি না। একা একা রাস্তাঘাটে ঘোরাফেরাও করা যায় না, কেউ-না-কেউ এসে অটোগ্রাফ চায়।

এই আনোয়ারা আমাদের কী বিপদেই ফেলেছে! আমাদের পরিবারের ওপর তার এতখানি নির্ভরতাও যে এতখানি বিড়ম্বনার কারণ হবে, তা সে নিজে কিছুই বোঝে না! তার ওই গয়নার পুঁটলিটা আমাদের কাছে জমা না-রাখলে তাকে নিয়ে এত মাথা ঘামাবারও প্রয়োজন হতো না!

খুকুমা সাবধান করে দিয়েছে, বেশি দেরি করবেন না। কী ঝামেলা! দেরি করলে সে অনেক দূরে চলে যেতে পারে!

আবার বাথরুমে ফিরে এসে শাওয়ারের তলায় দাঁড়িয়েছি, আবার বেল। এবার টেলিফোন নয়, কলিং বেল, সদর দরজায়।

ফাঁকা ফ্ল্যাটে উলঙ্গ অবস্থায় এসে ফোন ধরা যায়, কিন্তু সেইভাবে তো দরজা খোলা যায় না। এই সময় সারা পৃথিবীর ওপর রাগ হয়।

যতদূর সম্ভব তাড়াতাড়ি গা মুছে নিচ্ছি, ওদিকে কলিং বেলটা একটু থেমে থেমে বেজেই চলেছে।

আমি চিৎকার করে বললাম, একটু দাঁড়াও, খুলছি, খুলছি!

হয়তো কাজের মেয়েটি এসেছে। কিংবা জমাদার। কিংবা লিফ্টম্যান এসেছে কোনো চিঠি দিতে। কিংবা কোনো তরুণ কবি হাতে একগুচ্ছ কবিতার পাণ্ডুলিপি নিয়ে। কোনোটাই আমার পক্ষে তেমন প্রয়োজনীয় নয়। অথচ খুলতে হবে দরজা।

মাথা মুছে, পাজামায় পা গলাতে গলাতে শুনতে লাগলাম, অস্থিরভাবে সেই বেল বাজানো।

আমি বিকট চিৎকারের সঙ্গে ধমক দিয়ে বললাম, বলছি না, দাঁড়াও, অপেক্ষা করো!

এর মধ্যে আবার পাজামার একদিকের দড়ি ভেতরে ঢুকে বসে আছে! এসময় গোটা বিশ্বসংসারের ওপর রাগ হবে না?

এ-দড়ি উদ্ধার করার চেয়ে অন্য পাজামা পরা ভালো। যদি পাওয়া যায়! সাধারণত এই রকম সময় আর সব পাজামাই উধাও হয়ে যায় বাড়ি থেকে।

না, আলমারিতে আর একটা পাজামা আছে। তার দড়িও ঠিকঠাক। সঙ্গে সঙ্গে একটা নাম মনে পড়ে গেল, তুষার তালুকদার।

আনোয়ারাকে খুঁজতে গেলে শেষ পর্যন্ত হয়তো পুলিশের সাহায্য নিতে হবে। রশিদ এখন বাইরে থাকে, তাইয়েব খানও আজ শ্রেয়ার আত্মহত্যা নিয়ে ব্যস্ত থাকবে সারাদিন। আর কোনো নাম মনে পড়ছিল না। কিন্তু তুষার তালুকদার এখন পুলিশ কমিশনার। তারও ওপরে আছেন রথীন ভট্টাচার্য অর্থাৎ লাচ্চুদা। সন্ধি মুখার্জি কিংবা নজরুল ইসলাম, এরাও অনেক সাহায্য করতে পারে। কলকাতা-পুলিশে বাংলা সাহিত্যপ্রেমী অফিসারের সংখ্যা অনেক।

যে এতবেশি বেল বাজায়, তাকে খানিকটা বকুনি দেওয়া যেতেই পারে। কিন্তু দরজা খোলার পর আমার রাগ একেবারে জল হয়ে গেল। কামাল। পৃথিবীতে এই মানুষটিই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে।

কামালকে দেখে অবাক হওয়াও যায় না। সে যে-কোনো দিন, যে-কোনো সময়ে পৃথিবীর যে-কোনো দেশ থেকে এসে হাজির হতে পারে।

একগাল হেসে সে বললো, এসে পড়লাম। তোমাকে দরজা খুলতে হলো? লিখছিলে নিশ্চয়ই? উৎপল নাই? স্বাতী কোথায়? ম্যাঙ্গোস্টিন নিয়া আসছি। স্বাতী ভালোবাসে।

রসগোল্লার মতন দেখতে এই ফলগুলো খুব পাওয়া যায় মালয়েশিয়ায়। সুতরাং কামাল এখন কোথা থেকে আসছে তা আর জিজ্ঞেস করার দরকার নেই।

আমি বললাম, কামাল, তুমি যে-কাজটা সবচেয়ে বেশি ভালোবাসো, আগে সেইটা করো। টেলিফোনের পাশে বসে যাও। তুষার, লাচ্চুদা, নজরুল, সন্ধি মুখার্জি এদের মধ্যে কাকে পাও দেখো। জরুরি কথা আছে। আমি এর মধ্যে চুল আঁচড়ে নিচ্ছি।

কামাল বিনা বাক্যব্যয়ে নম্বর ঘোরাতে শুরু করলো। কামাল ওদের অনেককেই চেনে। না-চিনলেও ক্ষতি নেই, এক মিনিটে ভাব করে নিতে পারে যে-কোনো কারুর সঙ্গে।

সে চেঁচিয়ে চেঁচিয়ে রিপোর্ট দিতে লাগলো। তুষার তালুকদার নাই, সে এখন দিল্লিতে। লাচ্চুদা ঘুমাচ্ছেন, আধাঘণ্টা পরে ডাকতে হবে। নজরুল ইসলাম এইমাত্র বেরিয়ে গেল। প্রসূন মুখার্জিকে পেয়েছি…

আমি বললাম, প্রসূন মুখার্জি নয়, সন্ধি মুখার্জি।

কামাল বললো, কেন, প্রসূন মুখার্জিও তো একজন ডিআইজি।

প্রসূন মুখার্জিকে আমি চিনি না, কামাল চেনে। কলকাতা শহরের যত মানুষকে কামাল চেনে, তার অর্ধেকও আমার অচেনা। যদিও কামাল কলকাতায় থাকে না।

সংক্ষেপে সব ব্যাপারটা শুনে প্রসূন মুখার্জি কোনো গুরুত্বই দিল না। হাসতে হাসতে বললো, একজন অ্যাডাল্ট মহিলা এই প্রকাশ্য সকালবেলা বাড়ি থেকে একটু বেরিয়েছেন, তাতে আপনি এত প্যানিক করছেন কেন? হয়তো কাছাকাছি কোনো দোকান-টোকানে গেছেন। কিংবা পার্কে গিয়ে ফ্রেশ এয়ার নিচ্ছেন। আপনিই তো বললেন, এক ঘণ্টাও হয়নি। দেখুন গিয়ে, এর মধ্যে হয়তো বাড়ি ফিরে এসেছেন। এত সামান্য কারণে কি পুলিশকে দৌড় করানো উচিত?

আমি বললাম, ভয় পাচ্ছি, তার কারণ, ভদ্রমহিলার বোধহয় মাথার ঠিক নেই। কাল থেকে কারুর সঙ্গে কথা বলছিলেন না। সেই জন্যই…

প্রসূন মুখার্জি বললো, এক মিনিট ধরুন।

এক মিনিট নয়, মিনিট তিনেক ধরে সে অন্য কাদের সঙ্গে যেন বন্দর এলাকায় চিনির বস্তা লোপাট বিষয়ে আলোচনা করতে লাগলো। তারপর বললো, হ্যাঁ, সুনীলবাবু, আপনি নিশ্চয়ই জানেন, পাগল খোঁজা পুলিশের কাজ নয়। সেজন্য অ্যান্টি-ভ্যাগরান্সি ডিপার্টমেন্ট আছে। যাই হোক, আপনারা দেখুন, সারাদিনেও যদি খোঁজ না পান, তখন আমাকে খবর দেবেন, আমি সে-সময় লালবাজারে থাকবো।

প্রসূন মুখার্জি খুব একটা অন্যায় কিছু বলেনি, ব্যাপারটা শুনলে সামান্যই মনে হবে। এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে পুলিশের ব্যস্ত থাকার কথা। কিন্তু আমাদের বন্ধুশ্রেণির কেউ হলে উদ্বেগের কারণটা বুঝতো।

আনোয়ারার কাহিনীটা কামাল বুঝে গেছে।

সে বললো, পুলিশ লাগবে না, চলো, আমরাই খুঁজে বের করবো। কলকাতায় যখন ফিরেছে –

আমি বললাম, কামাল, তুমি এয়ারপোর্ট থেকে সোজা এসেছো? হাত-মুখ ধোবে? চা করে দেবো?

কামাল বললো, কোনো দরকার নাই। চলো, বেরিয়ে পড়ি।

তুমি খুকুমাদের এই বাড়িটা চিনতে পারবে? মহেন্দ্র এখনো আসেনি, ট্যাক্সি নিতে হবে।

মহেন্দ্র আসেনি, গাড়িটা তো আছে দেখলাম। চাবি থাকে কেয়ারটেকারের কাছে। আমি চালাবো। খুকুমার বাড়ি ঠিক খুঁজে বের করবো।

তুমি সরাসরি কুয়ালালামপুর থেকে আসছো, না ঢাকায় থেমেছিলে?

না, থামিনি। এইখান থিকা ঢাকায় যাবো। এই দিক দিয়া গ্যালে টিকিট শস্তা হয়।

দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম।

কামাল প্রধানত থাকে কানাডায়। সে-দেশে গাড়ি চলে রাস্তার ডানদিক দিয়ে। কিন্তু আমাদের এখানে রাস্তার বাঁ-দিক দিয়ে গাড়ি চালাতেও তার কোনো অসুবিধে হয় না। আর ক্লান্তি জিনিসটা কী, তা বোঝেই না কামাল।

খুকুমার বাড়িতে মাত্র একবার এসেছে, তবু প্রায় সরাসরি পৌঁছে গেল সেখানে। বাসন্তী রয়েছে সেখানে। না, আনোয়ারা ফেরেনি। তার জিনিসপত্র সবই আছে। শুধু হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়েছে মনে হয়।

ছোট রাস্তা থেকে বড় রাস্তা পর্যন্ত মোট ছটি ওষুধের দোকান, একটি মিষ্টির দোকান, আর পাশাপাশি চারখানা মার্বেল পাথরের দোকান। এখন প্রচুর নতুন বাড়ি তৈরি হচ্ছে, তাই মার্বেল পাথরের খুব চাহিদা। আমরা ছোটবেলায় মনে করতাম, খুব বড়লোকদের বাড়িতেই শ্বেত পাথরের সিঁড়ি থাকে। এখন যত্রতত্র।

কোনো দোকানেই আনোয়ারা নেই। সে-রকম কোনো পার্কও নেই এ-পাড়ায়, কিছু ফাঁকা জমি এখনো ভর্তি হওয়ার অপেক্ষায় পড়ে আছে।

একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে দিয়ে কামাল বললো, সুনীল, তোমার জন্য আমার খারাপ লাগছে। তোমার নিশ্চয়ই ল্যাখাপড়ার অনেক কাজ আছে, তুমি কতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরবে?

আমি বললাম, লেখাপড়া না-হয় একদিন বন্ধ রাখা যায়, কিন্তু কোথায় খুঁজতে যাবো, সেটাই তো বুঝতে পারছি না।

খবর পেয়েছি, আনোয়ারার এক মামা থাকেন এখানে, টালিগঞ্জে। ভদ্দরলোক ফিল্মের ব্যবসা করেন। সাজ্জাদ হোসেন, নাম শুনেছো?

না।

তোমার শোনার কথাও না। তিনি বি-গ্রেড ছবির প্রোডিউসার, গ্রামে-গঞ্জে সেসব মুভি ভালোই চলে। ভদ্রলোকের ঢাকাতেও যাতায়াত আছে, আনোয়ারা সেখানে যেতে পারে। টালিগঞ্জের ফিল্ম পাড়ায় ওঁর বাড়ি নিশ্চয়ই অনেকেই চিনবে।

আনোয়ারার কাছে ওই ভদ্রলোকের নামও কখনো শোনা যায়নি।

তবু একটা চান্স নেওয়া যায়। একবার এয়ারপোর্টেও…। দু’একটা হাসপাতালেও অবশ্যই খোঁজ নিতে হবে। আমি একটা সাজেশান দিচ্ছি। তোমার এভাবে রাস্তায় রাস্তায় ঘোরাটা ভালো দেখায় না। তোমাকে নামিয়ে দিয়ে আসছি বাড়িতে, গাড়িটাও তো তোমার লাগবে। আমি ট্যাক্সি করে এইসব জায়গায় ঘুরে দেখে আসি।

কামাল, মেয়েটা ভালোয় ভালোয় ঢাকা পৌঁছে গেলে আমি নিশ্চিন্ত হতাম। অবশ্য আজ তো গয়নাগুলো তোলাও যাবে না।

গয়না?

আনোয়ারার বেশকিছু গয়না রাখা আছে আমাদের কাছে। মানে ব্যাংকে। স্বাতীকেই সেই গয়না তুলতে হবে। শোনো কামাল, আনোয়ারা এই গয়নার কথা কারুকে জানাতে নিষেধ করেছিল। তোমাকে বলা মানে, সারা পৃথিবীকে জানানো। কিন্তু আমি আর চেপে রাখতে পারছি না। ও-দায়িত্ব থেকে মুক্ত হতে চাই।

না, না, গয়নার কথা এখন আর কারুকে জানাবার দরকার নাই। আমার কাছ থেকে কেউ কিছু টের পাবে না। আনোয়ারাকে খুঁজে বের করে আমি ওই গয়না-টয়নাসমেত ওকে ঢাকায় পৌঁছে দিয়ে আসবো। চলো তাহলে।

দাঁড়াও, প্রসূন মুখার্জি যাই-ই বলুক, আমার মনে হয়, লোকাল থানায় একটা মিসিং ডায়েরি করে রাখা ভালো। ধরো যদি ওর কোনো অ্যাকসিডেন্ট হয়…

সেটা ঠিকই। থানায় জানিয়ে রাখা ভালো।

যাওয়া-আসার পথেই একটা থানা দেখেছি। কামাল সঙ্গে থাকায় প্রধান সুবিধে এই, আমি নিজের মুখে যা বলতে পারি না, কামাল তা সাতকাহন করে জানাতে পারে।

থানার তরুণ ওসি আমায় চিনতে পারেনি প্রথমে। কামাল আমাকে প্রায় একজন নোবেল-লরিয়েট সমতুল্য লেখক হিসেবে প্রতিষ্ঠা করার পর ছেলেটি বললো, ও হ্যাঁ, হ্যাঁ, চিনি তো, আপনি তো স্যার আয়ান রশিদ খানের বন্ধু! আপনাদের কথা অনেক শুনেছি।

অর্থাৎ আমার লেখা-টেখা কিছু নয়, রশিদ খানের বন্ধু হিসেবেই আমার পরিচয়ের গুরুত্ব। সে যাই-ই হোক।

এক মহিলা ঘণ্টা দেড়েক বাড়ি থেকে বেরিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ-ঘটনা শুনে সে-ও তেমন গুরুত্ব দিল না। একটা কিছু অপরাধ, খুন, ধর্ষণ, অন্তত দুর্ঘটনা না ঘটলে পুলিশ দায়িত্ব নিতে চায় না। প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর, এটাও তারা মানে না।

কিন্তু আমাদের তারা খাতির করার জন্য ব্যস্ত হয়ে উঠলো। ছেলেটির নাম রতন দাস, মুখে একটা আলগা ধরনের বুদ্ধির ছাপ আছে। সে আমাদের চা-টা খাওয়াবেই। দু’তিনবার আপত্তি জানিয়েও এক কাপ আধা-ঠান্ডা চা পান করতে হলো।

উঠবার আগে আমি জিজ্ঞেস করলাম, তুমি ভাই এফ আই আর লিখে নেবে না?

ছেলেটি বললো, কোনো দরকার নেই। আমার মনে থাকবে। বিকেলে একবার খবর নেবেন। মহিলার নামটা আর মোটামুটি একটা চেহারার ডেসক্রিপশান লিখে দিয়ে যান সাদা কাগজে।

বোঝা গেল, এ রাজ্যে মেয়ে-পাচারকারীরা কেন অবাধে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। কোনো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেও পুলিশ সে-খবরে গা করে না। খবর দিতেও অনেক সময় দেরি হয়ে যায়। যদি ওপর মহল থেকে চাপ আসে, তখন পুলিশ তৎপর হয়ে উঠলেও কোনো লাভ হয় না, ততক্ষণে সেই মেয়েটি বা মেয়েদের পাচার করে দেওয়া হয় অন্য রাজ্যে, অনেক দূরে। কিংবা এইসব ব্যাপার উপেক্ষা করার ব্যাপারেও পুলিশের স্বার্থ থাকে।

এসব জায়গায় নেইম ড্রপিং করা বিশেষ দরকার। আমি খানিকটা কঠোরভাবে বললাম, শুধু রশিদ খান নয়, পুলিশ কমিশনার তুষার তালুকদারও আমার বিশেষ পরিচিত। তুষার দিল্লি থেকে আজ বিকেলেই ফিরবে। আমি কি তুষারকে বলবো খবর নিতে?

সে বললো, না, না, স্যার, তার দরকার হবে না। অত চিন্তা করবেন না।

কামাল একটা কাগজে সব লিখে-টিখে দিল তার সামনে। সে একবার চোখ বুলিয়ে কাগজটা পাশে রেখে দিতে গিয়েও আমায় দেখলো। এবার তার ভুরু কুঁচকে গেল।

তারপর জিজ্ঞেস করলো, আপনারা যাকে খুঁজছেন, তার নাম আনোয়ারা চৌধুরী?

কামাল বললো, ইয়েস।

ইজ শি অ্যা বাংলাদেশি ন্যাশনাল?

ইয়েস। উই বোথ নো হার ভেরি ওয়েল। শি কাম্স ফ্রম অ্যা রেস্পেক্টিভ ফ্যামিলি।

আপনি কোথাকার? আপনিও বাংলাদেশের?

ওরিজিনালি। নাও আই হ্যাভ কেনেডিয়ান পাসপোর্ট।

ওসি টং টং করে বেল বাজিয়ে, গলা তুলে ও বললো, চক্রবর্তী বাবু, কাল রাত্তিরে যে-মেসেজটা এসেছিল, সেই ফাইলটা আনুন তো।

চক্রবর্তীর গায়ের রং মোষের মতন। চেহারার ভাবটাও অনেকটা তাই। সাধারণত চক্রবর্তী উপাধিকারী ব্রাহ্মণদের গায়ের রং এরকম কালো হবার কথা নয়। মুসলমানদের মধ্যে সৈয়দরা যেমন ফর্সা। আজকাল অবশ্য অনেক কিছুই বদলে যাচ্ছে।

চক্রবর্তী এসে ফাইল থেকে কী-সব পড়ে শোনাল। তারপর রতন দাস মুখ তুলে আমার দিকে তাকিয়ে বললো, স্যার, আপনাদের ক্যান্ডিডেটের নামে কাল রাত থেকেই রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, তাকে অলরেডি খোঁজাখুুঁজি চলছে।

কামাল জিজ্ঞেস করলো, কেন? হোয়াই?

উনি কাল সন্ধেবেলা একটা সাংঘাতিক কাণ্ড করেছেন। উনি কাল রয়াল জর্ডান এয়ারলাইন্সে এসেছেন দুবাই থেকে। ইন্ডিয়ার ভিসা নেই। ট্র্যানজিটে দু’ঘণ্টা থেকে ঢাকা যাওয়ার কথা। কিন্তু সেখান থেকে কী করে যেন হাওয়া হয়ে গেছেন। ঢাকার ফ্লাইটে উনি ওঠেননি।

ট্রানজিট থেকে বেরুলো কী করে? আশ্চর্য ব্যাপার।

আশ্চর্য হবার কী আছে? জেলখানা থেকে প্রিজ্নার পালায়, কোর্ট থেকে আসামি পালায়, হাসপাতাল থেকে রুগি পালায়, আর ট্রানজিট লাউঞ্জ থেকে পালানো এমন কী শক্ত? মেয়ে বলে খানিকটা সুবিধেও আছে। মেয়েদের ওপর তেমন নজর রাখা হয় না। ভিসা না-নিয়ে এই কান্ট্রিতে ঢুকেছেন, এটা একটা অপরাধ।

চক্রবর্তী নামে ব্যক্তিটি এবার খাঁক খাঁক করে বললো, অপরাধ আবার কী? পাকিস্তানের আমল ছিল আলাদা। বাংলাদেশ হবার পর আমরা ভেবেছিলাম, ভিসা-টিসা এসব আর লাগবেই না! শুধু শুধু ঝামেলা!

রতন দাস বললো, চক্রবর্তী, তোমাকেও এখন যশোরে যেতে গেলে ভিসা নিতে হবে। অথচ কত কাছে।চক্রবর্তী বললো, ইচ্ছে করলে এক লাফেই চলে যাওয়া যায়। তা না, পাসপোর্ট-ভিসা, বর্ডারে ঘুস, দু’দিকেই ঝাঁক ঝাঁক দালাল, যতসব স্টুপিড ব্যাপার।

রতন দাস এ-আলোচনা থামিয়ে দিয়ে আমাকে বললো, তাহলেই বুঝছেন স্যার, আপনাদের এফ আই আর লিখে নিলে আপনারাই মুশকিলে পড়তেন। এই অবস্থায় ওকে আপনারা আশ্রয় দিলে সেটাও হতো বে-আইনি ব্যাপার।

কামাল আমার দিকে আঙুল দেখিয়ে বললো, সুনীল গঙ্গোপাধ্যায় সে-দায়িত্ব নিতে রাজি আছেন। কী হবে, ওঁকে আপনারা জেলে পাঠাবেন? চেষ্টা করে দেখুন।

আমি কামালকে থামালাম। এরপর কামাল বলতে চাইবে, ভারতের প্রধানমন্ত্রীও আমার চেনা।

আমি বললাম, সব থানাই ওর খোঁজ করবে এখন। ভালোই তো হলো। ওকে খুঁজে পাওয়াটাই সবচেয়ে বেশি দরকার। তারপর ভিসা-টিসার একটা কিছু ব্যবস্থা করা যাবে!

রতন দাস বললো, হ্যাঁ, স্যার, এমন কিছু সিরিয়াস প্রবলেম নয়। যদি পুলিশ কমিশনারের সঙ্গে আপনার চেনা থাকে, তাহলে তিনি একটা কিছু ব্যবস্থা করে দেবেনই। ওঁরা ইচ্ছে করলে সব পারেন।

যদি? ছেলেটি আমাকে একটা সূক্ষ্ম খোঁচা মারলো। তুষার তালুকদারের সঙ্গে যে আমার ঘনিষ্ঠতা আছে তা ও পুরোপুরি বিশ্বাস করেনি। এইসব ছোটখাটো অপমান হজম করে ফেলা ছাড়া উপায় নেই। তুষার এখন কলকাতায় নেই, নইলে এই থানা থেকেই তাকে একটা ফোন করা যেত। তাহলে কি আজ সন্ধেবেলাতেই তুষারের বাড়ি থেকে এই থানায় একটা টেলিফোন… নাঃ, এটাই আমার একরকম ছেলেমানুষি! পৃথিবীতে একজন থানার ওসি আমাকে তেমন সম্মান দিল না, তাতে কী আসে যায়?

কামালও সব ব্যাপারটা বুঝেছে।

সে খুব শান্তভাবে রতন দাসকে বললো, উই উইল গেট ইন টাচ। আবার আপনার সঙ্গে আমাদের কথা হবে। এখন আর দেরি করে লাভ নেই। সুনীল, চলো যাই। ইনশাল্লা, পুলিশের চেয়ে আমরাই সম্ভবত ওকে আগে ওকে খুঁজে বের করবো।

রতন দাস বললো, ইন দ্যাট কেস, আমার সাজেশান, মহিলাকে আপনাদের বাড়িতে লুকিয়ে রাখবেন না। অ্যাট লিস্ট পুলিশ কমিশনার সাহেবকে একটা খবর জানিয়ে দেবেন।

থানা থেকে বেরিয়ে কামাল আমাকে পৌঁছে দিয়ে গেল বাড়িতে। আমার অনুরোধ সত্ত্বেও সে গাড়িটা নিল না, চলে গেল ট্যাক্সিতে।

তারপর সারাদিন তার পাত্তা নেই। যে এত টেলিফোন করতে ভালোবাসে, ফোনও করলো না।

হোটেলের খাবার আনিয়ে খেয়ে আমি একটা ঘুম দিলাম। আগের রাত্তিরের ঘুম না-হওয়া পুষিয়ে নেওয়া। সমুদ্রে তলিয়ে যাবার মতন গাঢ় ঘুম। এই সময় কেউ দরজায় বেল দিলেও খোলা যাবে না।

একবার ঘুম ভাঙলো বিকেল চারটায়। একবার আনন্দবাজার অফিসে যাবার কথা ছিল, কিন্তু ইচ্ছে করলো না। তাছাড়া, নিজেকে যুক্তি দিলাম, এই সময় আমার বাড়িতে থাকাই উচিত, যদি কেউ কিছু খবর দেয়।

আবার শুয়ে পড়লেও ঘুম এলো না। খুকুমার টেলিফোন। তার কাছে নতুন কোনো খবর নেই, আমিও তাকে কিছু জানাতে পারলাম না।

এই সময় বই পড়তেও ইচ্ছে করে না, লেখা-টেখার প্রশ্নই ওঠে না। সুতরাং অলসভাবে টিভির চ্যানেল ঘোরানো। কিছুই মন দিয়ে দেখার যোগ্য নয়।

ঠিক সাতটা পনেরোয় ফোন এলো তুষার তালুকদারের।

সে বললো, এইমাত্র দিল্লির ফ্লাইটে কলকাতায় নেমেছি। কী হয়েছে সুনীল? তোমার এক চ্যালা আছে, কামাল, সে আমাকে দিল্লিতে ফোন করেছিল। কী করে দিল্লিতে আমার গেস্ট হাউজের নাম্বার খুঁজে বের করলো?

কামালকে যারা ঘনিষ্ঠভাবে চেনে না, তারা এই ব্যাপারটা বুঝবেই না। পৃথিবীর যে-কোনো প্রান্তের কোনো মানুষকে টেলিফোনে যোগাযোগ করার অলৌকিক ক্ষমতা আছে এই ভূয়োদর্শী যুবার।

তুষার আবার বললো, ও যে ঠিক কী বললো, আমি বুঝতে পারিনি। শুধু বলতে লাগলো, কলকাতায় ফিরেই যেন আমি তোমার সঙ্গে যোগাযোগ করি। খুব দরকার আছে। দিল্লিতে আমার হাতে একটুও সময় ছিল না।

আমি বললাম, তুষার, তুমি সবে পৌঁছেছো। বাড়ি যাও, হাত-পা ধোও। ঘণ্টা দু’এক বাদে তোমাকে ফোন করবো। দরকার আছে ঠিকই, কিন্তু তা জীবন-মরণ সমস্যা নয়!

তুষার বললো, আমি বাড়ি যাচ্ছি না, লালবাজারে একটা মিটিং আছে। তবে ন’টার মধ্যে ডেফিনিটলি বাড়ি ফিরবো। তুমি সোয়া ন’টায় ফোন করো, কিংবা আমিই…

তুষারের সঙ্গে রশিদের তফাৎ এই যে, এইরকম অবস্থায় রশিদ বলতো, শোনো, আমি লালবাজারে গিয়ে আধঘণ্টার মধ্যে একটা মিটিং সেরেই তোমার বাড়ি চলে আসছি। তখন সব শুনবো। সোডা আনিয়ে রেখো!

তুষারের অত মদ্যপানের ঝোঁক নেই।

স্বাতী ফিরলো একটু পরেই। ঝড়ে বিধ্বস্ত শালিকের মতন চেহারা। দু’একটা কথা বলেই ঢুকে গেল স্নানের ঘরে।

তার পনেরো মিনিট পরে খুকুমা। সে সারাদিন অফিস করেছে, দুশ্চিন্তাও চালিয়ে গেছে, কিন্তু চেহারায় কোনো ছাপ নেই। তার জীবনীশক্তি অদম্য।

স্বাতী একেবারে অন্যরকম চেহারা নিয়ে বেরিয়ে এসে ছোটবোনকে বললো, খুকুমা, কী খাবি? আমার সারাদিন কিছুই খাওয়া হয়নি। মহেন্দ্রকে ডেকে খাবার আনাচ্ছি।

খুকুমা বললো, আগে একটু চুপ করে বোস তো! আমি কাজু বাদাম এনেছি। সুনীলদা, ভোদকার বোতল বের করেন। আগে একটু ড্রিংক্ করি, তারপর খাবার কথা।

আনোয়ারার সম্পর্কে যেটুকু খবর জানাবার কথা, ওরা দুইবোন শুনলো। কিন্তু সদ্য চলে যাওয়া শ্রেয়ার কথাও ওরা ভুলতে পারছে না। তাই মাঝে মাঝে আনোয়ারার কথার ফাঁকে ফাঁকে এসে পড়তে লাগলো শ্রেয়ার কথা। বিনায়কের তীব্র শোকের কথা বলতে বলতে সজল হয়ে যাচ্ছে স্বাতীর চোখ। তাইয়েব কতটা সাহায্য করেছে, তাও বলতে লাগলো এক-একবার।

আমি মাঝে মাঝে চোরাচোখে ঘড়ি দেখছি। সোয়া নটা বেজে গেলেই তুষারকে ফোন করতে হবে। কামালের জন্যও দুশ্চিন্তা হচ্ছে। তার এই দীর্ঘ নীরবতার মর্ম বুঝতে পারছি না। মাঝে মাঝে আমার মনে একটা বিচ্ছিরি চিন্তা উঁকি মারছে। আনোয়ারা কোনো কারণে মারা যায়নি তো? নইলে কামাল এমন চুপ করে থাকবে কেন?

ঠিক ন’টা বেজে দশ মিনিটে ফোন করলো কামাল।

আমি ফোন ধরলেও সে স্বাতীর সঙ্গেই কথা বলতে চায়।

স্বাতী কথা বলছে, আমি আর খুকুমা প্রায় হাঁ-করা ঔৎসুক্যে সেইসব কথার মর্ম উদ্ধার করার চেষ্টা করছি।

এরকম অসাধ্যসাধন কামালের পক্ষেই সম্ভব।

সারাদিনে সে সারা কলকাতা চষে বেরিয়েছে এবং শেষ পর্যন্ত সন্ধান পেয়েছে আনোয়ারার, সে বেঁচেই আছে।

পুলিশ তার সন্ধান পায়নি, কামালই পেয়েছে। আনোয়ারা আছে বেহালার একটা নার্সিং হোমে। অত দূরে আনোয়ারা গেল কী করে, আর কামালই বা কী করে পৌঁছে গেল সেখানে, তা আপাতত রহস্যময় রয়ে গেল।

ফোন ছেড়ে দিয়ে স্বাতী বললো, কামাল আমাদের ওই নার্সিং হোমে এখনই একবার যেতে বলছে। উঃ, এত টায়ার্ড লাগছে! এখন আবার যাওয়া –

পরমুহূর্তেই গা-ঝাড়া দিয়ে বললো, না, যাবো। খুকুমা, তুই কী করবি? তুই বরং…

খুকুমা বললো, আমিও যাবো। সুনীলদাকে নিয়ে যাবার দরকার নেই!

দুই বোন দশ মিনিটের মধ্যে বেরিয়ে গেল, আমাকে একা রেখে। (ক্রমশ)