সেই কবে, ১৩০১ আর ১৩০২ সালে, রবীন্দ্রনাথ সাধনা আর সাহিত্য পরিষৎ-পত্রিকায় তাঁর সেই আশ্চর্য দুটি লেখা ‘ছেলে-ভুলানো ছড়া’ ১ আর ২ প্রকাশ করেছিলেন। কেমন করে আমরা লৌকিক ছড়ায় সাড়া দিই আর কেমন করেই বা তা আমাদের মনের মধ্যে নাড়া দিয়ে যায় দাগ কেটে যায়, বাংলায় ‘সম্ভবত’ সেই প্রথম ছড়া সম্বন্ধে কোনো সত্যিকার ভালো লেখাই যে বেরুল তা নয় – দ্বিতীয় লেখাটিতে ছিল সংগ্রহ করা সবসুদ্ধ ৮১টি ছড়াও – কোনো কোনো ছড়ার আবার একাধিক পাঠ, নানা জায়গা থেকে নানা সময়ে আহরণ করা। সে-সময় থেকেই আবার অনেকে উৎসাহিত ও উদ্বুদ্ধ হয়ে তাঁদের শোনা (ও জানা) নানান ছড়ার পাঠ সাহিত্য পরিষৎ-পত্রিকায় পাঠাতে লাগলেন। আর পরে, রবীন্দ্রনাথের ওই লেখাগুলোর সৃজনশীল প্ররোচনা ও উৎসাহে বেরুল যোগীন্দ্রনাথ সরকার সংকলিত খুকুমণির ছড়া, যার একটা আশ্চর্য ভূমিকাও লিখে দিয়েছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। রবীন্দ্রনাথের প্রেরণায় তো আরো কতকিছুই বিস্মৃতি বা দূর-দূরান্তর থেকে ফিরে এসেছিল – হারামণি যেমন, গগন হরকরা বা লালনের গান যেমন, আরো অন্য আউল-বাউল পীর-দরবেশের গান যেমন। কিন্তু রবীন্দ্রনাথের নিজের সংগ্রহ করা ছড়ার সংকলন আর ওই খুকুমণির ছড়া – এই দুটি সংগ্রহ নজর কেড়েছিল কতজনেরই যে! অন্নদাশঙ্কর তো বারেবারেই বলবেন, ইশ, যদি খুকুমণির ছড়ায় যেমন ছড়া জড়ো করা হয়েছিল তেমনতর ছড়া তিনি নিজে লিখতে পারতেন! সেই নাম-না-জানা ছড়া-কাটিয়েরা যে কতকাল ধরে কতখানে, আমাদের ছেলেবেলা থেকেই, আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন, মা-ঠাকুরমা, দিদা-দিদির ঘুমপাড়ানিয়া বা ঘুমতাড়ানিয়া ছড়ার সঙ্গে সঙ্গে তার সালতামামি আজ আর কে নেবে? ‘তেমন কেন লেখা যায় না, আহা!’ এই দীর্ঘশ্বাস যে কতবার অন্নদাশঙ্করের ভিন্ন ভিন্ন লেখায়, চিঠিপত্রে, সাক্ষাৎকারে শিহরণ জাগিয়ে যাবে! এমনকী যদি তাঁর ছড়ার বইয়ের নামগুলোই খেয়াল করা যায় – বড়োদের-ছোটদের দুয়েরই জন্যে উদ্দিষ্ট সে-সব ছড়ার বই, – তা-ই তো বলে দেবে প্রথম থেকে শেষদিন অব্দি তিনি কখনো তাঁর উদ্দিষ্ট লক্ষ্য বা অভিপ্রায়কে ভুলে যাননি – তাঁর ছড়ার যতই কেননা ভোল বা রণন পালটাক : উড়কি ধানের মুড়কি, রাঙা ধানের খই, ডালিমগাছে মৌ, শালিধানের চিঁড়ে, আতাগাছে তোতা, হৈ রে বাবুই হৈ, রাঙামাথায় চিরুনি, বিন্নিধানের খই, সাতভাই চম্পা, কলকাতার পাঁচালী, খেয়াল খুশির ছড়া, যাদু এ তো বড়ো রঙ্গ, দোল-দোল দুলুনি, রাঙা ঘোড়ার সওয়ার [এছাড়া নির্বাচিত ছড়া সংকলন দুটিও – হট্টমালার দেশে ও ক্ষীর নদীর কূলে] : এসব বইয়ের মুখপত্রের উদ্ধৃতিগুলো, অর্থাৎ লৌকিক ছড়ার চরণ বাদ দিলেও, বইয়ের নামগুলোই তো বলে দেবে এরা ছড়ার কোন ঐতিহ্যের সঙ্গে নিজের যোগসূত্র খুঁজতে চাচ্ছে। তবে মুখে-মুখে ছড়া কাটা এক জিনিস, আর ছেপে বের করার জন্যে ছড়া লেখা অন্য – সে তো অন্নদাশঙ্কর নিজেই আমাদের কতবার বলে গিয়েছেন। আর এই প্রশ্নও আমাদের মধ্যে খুঁচিয়ে-খুঁচিয়ে জাগিয়ে দিয়েছেন, কাকে বলব ছড়া, কাকে কবিতা, আর কাকেই বা নিছক পদ্য। খোদ রবীন্দ্রনাথকেই ভাবা যাক – যিনি নিজে ‘ছেলে ভুলানো ছড়া’ লেখার সঙ্গে কানে-শোনা ছড়ার একটা সংগ্রহ উপস্থিত করে দিয়েছিলেন, তিনি কিন্তু শিশু বা অনেক পরের শিশু ভোলানাথকে, অথবা ক্ষণিকা কি প্রহাসিনীকে ছড়ার বই বলে উপস্থাপিত করবেন না। কিন্তু যে-বইগুলোকে তিনি ছড়ার কাছাকাছি বলে ভেবেছিলেন, সেগুলো একেবারে শেষ দিককার লেখা; খাপছাড়া (১৩৪৩), ছড়ার হাট (১৩৪৪) বা ছড়া (১৩৪৮ – মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হলেও প্রকাশকের তরফ থেকে আমাদের জানানো হয়েছে ‘মুদ্রণ তাঁহার জীবদ্দশাতেই শুরু হইয়াছিল’)। আর সে (১৩৪৪) – তার মধ্যে গদ্যের সঙ্গে সঙ্গেই ছিল ছড়া/ কবিতা/ পদ্য – অন্নদাশঙ্করকে ছড়া লিখতে বলে যে-বই তিনি তাঁকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। আর ছিল গল্পসল্প (১৩৪৮), গল্পের সঙ্গে যূথবদ্ধভাবে ছিল কবিতাগুলো/ ছড়াগুলো।
এখানে একটু না-হয় শোনাই যাক ছড়া বইয়ের ৬ নম্বরটির একটা টুকরো :
ওই শোনা যায় রেডিয়োতে বোঁচা গোঁফের হুমকি;
দেশবিদেশে শহরগ্রামে গলা-কাটার ধুম কী।
খাঁচায় পোরা চন্দনাটা ফড়িঙে পেট ভরে;
সকাল থেকে নাম করে গান, হরে কৃষ্ণ হরে।
অথবা গল্পসল্প-র ‘ধ্বংস’ যাকে গল্পের সঙ্গে জুড়ে দেয়া সেই ছড়া :
সভ্যতা কারে বলে ভেবেছিনু জানি তা –
আজ দেখি কী অশুচি, কী যে অপমানিতা।
কলবল সম্বল সিভিলাইজেশনের,
যার সবচেয়ে কাজ মানুষকে পেষণের।
মানুষের সাজে কে যে সাজিয়েছে অসুরে,
আজ দেখি ‘পশু’ বলা গাল দেওয়া পশুরে।
মানুষকে ভুল করে গড়েছিল বিধাতা,
কত মারে এত বাঁকা হতে পারে সিধা তা।
সে – অন্নদাশঙ্কর পরে বলেছেন – এই বইতে ‘রবীন্দ্রনাথের স্বরচিত ছড়াও ছিল। একজন মহাকবির পাকা হাতের লেখা। অশিক্ষিত পটুত্বের কণামাত্র নিদর্শন নেই। চতুর, কৌশলী রচনা। পদে-পদে বাগ্বৈদগ্ধ্য। বাগ্বিভূতি। নিটোল-নিপুণ পদ্য বলতে পারি, কিন্তু ছড়া? আমার ছড়ার ধারণার সঙ্গে মেলে না। রবীন্দ্রনাথ যা-ই লেখেন তা সাহিত্য হয়। কিন্তু লোকসাহিত্য? চাষী, তাঁতী, জেলে, জোলার মুখে মুখে ছড়িয়ে পড়ার মতো রসাত্মক বাক্য? না বোধহয়।
গুরুদেবকে বলি ছড়া আমার হাত দিয়ে হবে না। তার বছর পাঁচেক পরে হঠাৎ আমার ছড়ার হাত খুলে যায়। ‘করেছি পণ নেব না পণ বৌ যদি হয় সুন্দরী।’ তারপর আরো এগিয়ে যাই। আমার উদ্দেশ্য হয় এমন কিছু দেওয়া যেটা আমাকে যারা খাইয়ে-পরিয়ে বাঁচিয়ে রেখেছে তাদের অর্থাৎ চাষী, তাঁতী, জেলে, জোলা ইত্যাদির ঋণশোধ। তারা যদি গ্রহণ করে ও স্মরণ রাখে তাহলেই আমি কৃতার্থ। বলাবাহুল্য তাদের সঙ্গে আমার যোগসূত্র ছিল না। আমার প্রকাশিত ছড়া তাদের কাছে পৌঁছোয় না। অধিকাংশই নিরক্ষর। ক্রমে ক্রমে আমার ছড়া শিশুদের প্রতি উদ্দিষ্ট হয়। পত্রিকার সম্পাদকদের দিক থেকে অনুরোধ আসে। আমিও লিখে কৌতুক পাই। চাষির সঙ্গে চাষি না হই, শিশুর সঙ্গে শিশু তো হয়েছি।’
তাঁর ছড়ার ভূমিকা প্রসঙ্গে অন্নদাশঙ্কর ১৯৮০তে যা বলেছিলেন, তা এইরকম : ‘আমার নিজের ছড়া শুরু হয়েছিল এইভাবে – এক পয়সায় একটি সিরিজের জন্য বুদ্ধদেব বসু ষোলোটা কবিতা চেয়েছিলেন। তখন ছড়া পড়তুম। ইংরেজি ক্লেরিহিউ, লিমেরিক, রূথলেস রাইম, ব্যালাড। ছড়া লিখতুম না।
আমার কাছে আদর্শ ছড়া ছিল, ‘আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে’, ‘খোকা ঘুমোলো পাড়া জুড়োলো’, ‘হাট্টিমা টিম টিম’ – এইসব। একদিকে খাঁটি লোকসংস্কৃতি, মুখে মুখে যা ছড়িয়ে পড়ে, পুরুষানুক্রমিক যা সঞ্চারিত হয়, এমন ছড়া কার লেখা, কার বানানো কেউ জানে না। আর একদিকে হিউমারাস বা ননসেন্স কিছু। তখন ছড়া পড়তুম।
বুদ্ধদেব বাবুর তাগিদে হঠাৎ কিছু ছড়া তৈরি হয়ে গেল। কবিতার মতো ছড়ার কিছু নির্দিষ্ট নিয়ম নেই, ছড়া বানাবার। ছড়া হয় আকস্মিক, ইররেগুলার, যেখানে আর্ট আছে আর্টিফিসিয়ালিটির স্থান নেই।…
কবিতা থেকে ছড়া আলাদা। ছড়াকে কবিতার মধ্যে ঢোকাতে গেলে কবিতাকে ব্যাপ্ত করে নিতে হয়। কবিতা তো যে-কোনোভাবেই হয়, যে-কোনো ছন্দে, এমনকি গদ্যেও। ছড়ার কিন্তু একটাই ছন্দ, রবীন্দ্রনাথ যাকে বলেছেন ছড়ার ছন্দ, একটু দুলকি চালে চলে, শাস্ত্রসম্মত একটা নামও আছে তার। ছড়া ঐ ছন্দেই লেখা যায় শুধু।
আমিও ওতেই লিখেছি। হয়তো কোথাও কোথাও অন্যরকম করেছি কিন্তু আসল ছন্দটা এই।’
এই লেখার অনেকদিন আগে, ১৯৫৫তে, পূর্ণেন্দুশেখর পত্রীকে একটা চিঠিতে অন্নদাশঙ্কর জানিয়েছিলেন :
‘ঠিক ছড়া না হলেও লিমেরিক ও ক্লেরিহিউ গোটা কতক লিখেছিলুম ছেলেদের জন্যে। ছড়ার কথা ভাবিনি। রবীন্দ্রনাথের ছড়াও আমার কানে ছড়ার মতো লাগেনি। …ছড়ার আর্জি এলো হঠাৎ একদিন বুদ্ধদেব বাবুর চিঠি থেকে। এক পয়সায় একটি সিরিজের জন্যে তিনি ষোলোটি কবিতা চেয়েছিলেন। ছড়া নয়। আমি তো এককথায় ‘নেই’ বলে দিলুম। তারপরে এক আশ্চর্য ঘটনা ঘটল। একদিনেই দশ-বারোটি ছড়া তৈরি হয়ে গেল। বুদ্ধদেব বাবুকে পাঠিয়ে দিলুম। বই হলো আরো কয়েকটি রচনা জুড়ে। এরপর থেকে ছড়ায় চাড় এলো। ছোট ও বড়ো উভয়ের জন্যে অনেক লিখতে হলো।
কিন্তু সে এক বিচিত্র প্রেরণা। আমার আসল লক্ষ্য শিক্ষিত আধুনিক ব্যঙ্গরসিক মন নয়। কিংবা কল্পনাপ্রবণ শিশুমন নয়।আমি চেয়েছিলুম সেইভাবে আমার ভাত-কাপড়ের ঋণ শোধ করতে। যারা আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে তাদের হাতে ‘ক্যাশ’ নয়, ‘কাইন্ড’ দিয়ে। ওইভাবে যা গড়ে উঠবে তা একপ্রকার জনসাহিত্য বা লোকসাহিত্য।…
এখন ছড়ায় তেমন রুচি নেই আমার। ব্যালাড লিখতে পারলে কৃতার্থ হই।’
অন্নদাশঙ্করের নিজের লেখা বা সাক্ষাৎকার থেকে এমনতর উদ্ধৃতি হয়তো আরো অনেক দেয়া যাবে, কিন্তু সেখানে এই একই মূল কথা ঘুরেফিরে আসবে, এই স্বীকৃতিসমেতই যে, চাইলেও আজ যিনি ছড়া লেখেন, তাঁর পক্ষে হয়তো কখনো খুকুমণির ছড়ার ওই নাম-না-জানা ছড়াকারদের ধারেকাছে গিয়েও পৌঁছানো যাবে না। ছড়া এখন হয়তো হয়ে উঠবে অতিমাত্রায় আত্মসচেতন, সপ্রতিভ, শিক্ষিত, স্বাতন্ত্র্যমণ্ডিত, যদিও অন্নদাশঙ্কর নিজেই একবার লিখেছিলেন :
জব্দিবে কে শব্দীকে,
শব্দ যে যায় সবদিকে
হয়তো তার নিজের খেয়ালখুশি মাফিকই। কেননা, এটাও তো তাঁর জানা ছিল যে,
‘ছড়া লিখতে বসলেই লেখা যায় না। তার জন্যে মন-মেজাজ অনুকূল হওয়া চাই। ইংরেজিতে যাকে বলে মুড, আমি তার অপেক্ষায় থাকি। একটা কী দুটো লাইন আপনা থেকে আসে। তা না হলে ছড়া সুগম হয় না। এক একটা সুরও এক এক সময় আমাকে তার উপযুক্ত বাক্যের সন্ধানী করে। কথা আগে না সুর আগে? কখনো কথা আগে, কখনো সুর আগে। ছড়াকে লোকে ছড়াগানও বলে। ছড়াকে গান হিসেবেও গাওয়া যায়। আমার কোনো কোনো ছড়া গান হিসেবে গ্রামোফোন রেকর্ডে ঠাঁই পেয়েছে। সুর কিন্তু আমার দেওয়া নয়।’
অন্নদাশঙ্কর যখন ছড়া লিখতে শুরু করেছিলেন, তিরিশের দশকে কিছু, কিন্তু চল্লিশের দশক থেকেই মূলত (দ্বিতীয় মহাযুদ্ধের ডামাডোলের সময়, যখন কাঁচা গোঁফের হুমকি শোনা যাচ্ছিল রেডিওতে), তখন রবীন্দ্রনাথ সুকুমার রায়ের পর, ছড়া লেখার কিন্তু একটা আবহাওয়া তৈরি হয়ে গিয়েছিল, প্রধানত যাঁরা লিখছিলেন, প্রেমেন্দ্র মিত্র, পরিমল রায়, অজিত দত্ত, বুদ্ধদেব বসু, সুনীলচন্দ্র সরকার, অশোকবিজয় রাহা, প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, এমনকী সুকান্ত ভট্টাচার্য বা বিমলচন্দ্র ঘোষ, বিষ্ণু দে, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, জ্যোতিরিন্দ্র মৈত্র এবং আরো অনেকে। কিন্তু প্রবোধচন্দ্র সেন যেমন আমাদের দেখিয়েছেন, অন্নদাশঙ্করের ছড়াগুলোয় তাঁর ‘স্বকীয়তা’ কেমন করে ‘জ্বলজ্বল’ করছে। ‘ছন্দে ও বলার ভঙ্গিতে হালকা, কিন্তু ভাবে ভারি। শিল্পগুণ বজায় রেখে তিনি তাঁর রচনার ছন্দ ও বলার ভঙ্গিকে যথাসম্ভব মুখের ভাষার কাছাকাছি নিয়ে গিয়েছেন।’ ভাষার কথা যে অন্নদাশঙ্কর কত ভেবেছেন তার তো ইয়ত্তা নেই। আর বারেবারেই আফশোস করে বলেছেন, ‘সত্যি বলতে কী, ছড়ার রাজ্য আমাদের মতো লেখকদের রাজ্য নয়। সেটা তাদেরই রাজ্য যারা হাজার-হাজার বছর ছড়া কেটে এসেছে। লেখাপড়ার ধার ধারেনি। যে ভাষায় কথা বলে সেই ভাষায় ছড়া কাটে। খুব একটা ভেবেচিন্তে নয়। ক্ষণিক আবেগে বা উত্তেজনায় বা হাস্যকৌতুকে। …ছড়া যে কত বিচিত্র হতে পারে তা ইংরেজি কাব্যসংকলন পড়লে জানা যায়। দুঃখের বিষয় খুকুমণির ছড়ার পর তেমন কোনো সংগ্রহ-পুস্তক আর হয়নি বা হয়ে থাকলে আমার নজরে পড়েনি। তবে বিভিন্ন গবেষকের বিভিন্ন গ্রন্থে ছিটানো ছড়ানো বিচিত্র ছড়া আমি লক্ষ করেছি। শিক্ষিত ভদ্রলোকদের প্রকাশিত ছড়ার সংগ্রহ তেমন শ্রমসাধ্য নয়, কিন্তু গ্রামে গ্রামে প্রচলিত লোকমুখে উচ্চারিত বিভিন্ন প্রকার ছড়া বা ছড়া-জাতীয় রচনার সংগ্রহ জীবনব্যাপী পরিশ্রমসাপেক্ষ। …শব্দ জুড়ে জুড়ে ছড়া লেখা শিক্ষিতজনের পক্ষে তেমন কিছু কঠিন ব্যাপার নয়। কিন্তু শিক্ষাভিমান ত্যাগ করে প্রাকৃত ভাষায় প্রাকৃতজনের মৌখিক ঐতিহ্যের সঙ্গে সুর মিলিয়ে নেওয়া সাধনা-সাপেক্ষ কাজ।’ আর এইভাবে শিক্ষার অভিমান আর খোলস ছেড়ে দিয়ে তিনি – অর্থাৎ অন্নদাশঙ্কর – বারবার তাঁর ছড়াকে মুখের কথার কাছাকাছি নিয়ে এসেছেন। সাময়িক প্রসঙ্গ, তাৎক্ষণিক আবেগ ও উত্তেজনা, নিছক হাস্যকৌতুক কিংবা শ্লেষ
পরিহাস অনর্গল তাঁর লেখনী (বা টাইপ-রাইটার) থেকে ছন্দমিল সমেত বেরিয়ে এসেছে, আর আমাদের মনের মধ্যে তার ধ্বনিস্পন্দন তুলে গিয়েছে। প্রবোধচন্দ্র সেন অবশ্য এখানে একটু টীকা যোগ করতে চান। ‘তিনি (অন্নদাশঙ্কর) তাঁর ছন্দোবদ্ধ সব রচনাকেই বলেছেন ছড়া। কিন্তু তাঁর অনেক রচনাই আসলে যথার্থ কবিতা। আকৃতি ও আয়তনে ছড়া-জাতীয় হলেও, প্রকৃতি ও ভাবগুণে যথার্থ কবিতা। অর্থাৎ এগুলি কবির হাতের কাজ, নেহাত ছড়াকারের কাজ নয়। আসল কবিতার প্রধান লক্ষণ দুটি – অল্পকথার ব্যঞ্জনায় বৃহৎভাবকে প্রতিফলিত করা, আর স্বকালের সীমানা পেরিয়ে ভাবীকালে উত্তরণের ক্ষমতা। অন্নদাশঙ্করের অনেক ছড়াই এক-একটি হীরকখণ্ডের মতো এই দুই গুণের আভায় ঝকঝক করে।’
প্রবোধচন্দ্র সেনের এই মন্তব্যের আড়ালে হয়তো সাহিত্যের একটা মস্ত পরিহাসই লুকিয়ে আছে। অন্নদাশঙ্কর নিজে চেয়েছেন কবির তকমা ছেড়ে নাম-না-জানা ছড়াকারদের দলে ভিড়ে যেতে – সেটা অসম্ভব জেনেও সেই অসম্ভবের সাধনাতেই তিনি মেতে উঠেছিলেন। কিন্তু কাব্যরসিকরা তাঁকে কিনা ছড়াকারের বদলে সার্থক কবির একটা তাজ পরিয়ে দিতে চেয়েছেন! সেই গোড়ার যুগের ‘লন্ডন ফগ’, ‘লন্ডনের শীত’, ‘লন্ডনের গ্রীষ্ম’ অথবা লিমেরিক, ক্লেরিহিউ, রুথলেস রাইমের ধরনের ভিনদেশী ছক থেকে বেরিয়ে গিয়েই তো তিনি সেই চল্লিশের দশকেই লিখেছিলেন ‘ময়নার মা ময়নামতী’, ‘হনুমানের গান’, ‘মুখে মুখে জবাব’, ‘ঘ্যানঘ্যানানি’, ‘কাঁদুনি’ বা ‘চন্দ্রমানিক ইন্দ্রমানিকে’র মতো লেখাই – যা ছড়া না কবিতা তা নিয়ে মাথার চুল না-ছিঁড়েও বোঝা যাবে এরা দেশের মাটিতে বা ঐতিহ্যে এসে পা রেখেছে। অর্থাৎ এসব লাইন আমাদের ছেলেবেলায় যখন মুখেমুখে ফিরত তখন তাদের আমরা কী বলতে চাইতুম – ছড়া, না কবিতা, না পদ্য? না-কি এসব নামকরণের ঝামেলা নিয়ে মাথাই ঘামাতুম না?
ওরে হনুমানের দল!
যাস্নে কেন লম্ফ নিয়ে যেখানে ইম্ফল
যা লড়াই করে খা।
বলুক লোকে সাবাস বটে মহাবীরের ছা। …
অথবা,
বল দেখি কোন জানোয়ার
লাফ দেয় গাছ থেকে গাছে?
মনে হয় ল্যাজ দেখে তার
সাপ যেন ডালে ডালে নাচে।
শুনি তোদের অনুমান!
‘হমুমান! হনুমান!’
অথবা,
ঘ্যানর ঘ্যানর ঘ্যানর
করছে কেটা বানর!
অমনধারা বায়না
ধরে ফেলে হায়না।
অথবা,
না খেলিও দাবা রে
না খেলিও দাবা,
মানা দিয়ে বলেছিলেন
চন্দ্রনাথের বাবা।
দাবাখেলায় মগ্ন ছিলেন
উদয়গড়ের রাজা
শত্রু এসে রাজ্যি নিল
রাজা পেলেন সাজা।
অথবা,
মশায়!
দেশান্তরী করল আমায়
কেশনগরের মশায়!
বাঘ নয় ভালুক নয়
নয়কো জাপানী
বোমা নয় কামান নয়
পিলে কাঁপানী।
মশা।
ক্ষুদ্র মশা!
মশার কামড় খেয়ে আমার
স্বর্গে যাবার দশা।
কিংবা এই ‘খুকু ও খোকা’র কথাটাই :
তেলের শিশি ভাঙল বলে
খুকুর পরে রাগ করো
তোমরা যে সব বুড়ো খোকা
ভারত ভেঙে ভাগ করো!
তার বেলা?
ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা
জমিজমা ঘরবাড়ী
পাটের আড়ৎ ধানের গোলা
কারখানা আর রেলগাড়ী!
তার বেলা?
অথবা, সেইসময়েই লেখা, ‘নজরুল’
ভুল হয়ে গেছে
বিলকুল
আর সবকিছু
ভাগ হয়ে গেছে
ভাগ হয়নিকো
নজরুল!
এই ভুলটুকু
বেঁচে থাক
বাঙালী বলতে
একজন আছে
দুর্গতি তার
ঘুচে যাক!
প্রথম যখন উড়কি ধানের মুড়কি (দেবো শাশুড়ি ভুলাতে) কবিতাভবন থেকে ১৯৪২ সালে বেরিয়েছিল, ষোলো পৃষ্ঠার চটি পুঁথি, এক পয়সায় একটি গ্রন্থমালার বই, তখন কে জানত যে এইবার বাঁধ ভেঙে গেছে, হু-হু করে তোড়ে জল ছুটে আসবে। দুই অর্থেই। অন্নদাশঙ্করের লেখনীর তোড়, আর সংস্করণের পর সংস্করণে উড়কি ধানের মুড়কির গায়েগতরে ফুলে ওঠার খেলা, প্রকাশকের অন্তত কোথাও কোনো ইঙ্গিতই নেই কোন সংস্করণে কোথা থেকে নতুন কতগুলো ছড়া এসে তাতে জুড়ে গেল। শাশুড়ি সম্ভবত সহজে এইটুকু মুড়কিতে আদপেই ভোলেন না, তাই বারবার মুড়কির পরিমাণ বাড়িয়েই যেতে হয়, শেষটায় হয়তো কোথাও এটাও লেখা থাকে না যে, এই বই গোড়ায় বেরিয়েছিল ডি.এম. লাইব্রেরি থেকে নয়, কবিতাভবন থেকে। কিন্তু ওই উড়কি ধানের মুড়কিই খেই ধরিয়ে দিয়েছিল তাঁর ছড়ার মধ্যে কী কী থাকবে, কী হবে তার আকার-প্রকার, চেহারাছিরি, ছন্দের দোলা বা মিলের বাহার। কিন্তু যথাস্থানে বিদ্ধ করার মতো শেলও থেকে যায়, শক্তিশেল যদি-বা নাও হয়। যেমন শোনা যাক গিন্নি কী বলেন, ১৯৪৯ সালে, যেহেতু গণতন্ত্র বাঁচাবার সাফাই গেয়ে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে দেয়া হবে, ডাঙা থেকে সেই দল সেঁধিয়ে যাবে মাটির তলায়, বাহারি ইংরেজিতে যাকে বলে আন্ডারগ্রাউন্ড :
যেখানে যা কিছু ঘটে অনিষ্টি
সকলের মূলে কমিউনিস্টি।
তা না-হলে তাকে বেআইনি ঘোষণা করা যাবে কী করে? হিন্দু
মহাসভাকে নয়, কমিউনিস্টদেরই তো বেআইনি বলতে হবে নেহরুজিকে। বা গিন্নিকে।
মুর্শিদাবাদে হয় না বৃষ্টি,
গোড়ায় কে তার? কমিউনিস্টি।
পাবনায় ভেসে গিয়েছে সৃষ্টি
তলে তলে কেটা? কমিউনিস্টি।
কোথা হতে এলো যত পাপিষ্ঠি
নিয়ে এলো প্লেগ কমিউনিস্টি!
গেল সংস্কৃতি গেলরে কৃষ্টি
ছেলেরা বনলো কমিউনিস্টি।
মেয়েরাও ওতে পায় কী মিষ্টি
সেধে গুলী খায় কমিউনিস্টি!
যেদিকেই পড়ে আমার দৃষ্টি
সেদিকেই দেখি কমিউনিস্টি।
তাই বসে বসে করছি লিস্টি
এ পাড়ার কে কে কমিউনিস্টি।
অন্নদাশঙ্কর কিন্তু কমিউনিস্ট ছিলেন না, রুশি বোলশেভিকবাদে
তাঁর দ্বিধাসংশয় ছিল, সাম্যবাদেরও প্রথাপ্রচল কিংবা সিধে অথবা ঘোরানো রাস্তায় তাঁর সন্দেহ তো সর্বজননন্দিত। হিন্দুমহাসভাকে আঁচড়টি না-কেটে, মুসলিম লিগকে তোয়াজ করে, শুধু কমিউনিস্টদেরই রসাতলে পাঠাবার এই জওহরলালীয় ব্যবস্থা তাঁর খুব-একটা মনঃপূত হয়নি। তাই এই লেখা বেরুবার পরের বছর যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হলো, তখন ‘কোনো নেতার মৃত্যুতে’ তিনি লিখলেন :
ভাই
স্বর্গে নরকে যেখানেই হোক গতি
দেখবে সেথায় মুসলমানও আছে
কিন্তু ওদের তাড়াবার পথ নাই।
অর্থাৎ রাজনীতি, তাৎক্ষণিক প্রসঙ্গ, ভণ্ডামি, মৌলবাদ, সাম্প্রদায়িকতার সর্বনেশে রূপগুলো – প্রায় কিছুই তাঁর সদাজাগ্রত চক্ষু এড়িয়ে যায়নি, আর তাঁর কলমও এ নিয়ে নিবের কালি শুকিয়ে নিয়ে বসে থাকেনি। এগুলো সব বড়োদের কিনা কে জানে – দাঙ্গাহাঙ্গামা দেশভাগ ছিন্নমূল উদ্বাস্তুদের মহাপ্রস্থানের পথে বুঝি শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষ চোখবুজে থাকে, কিছুই বোঝে না? তাদের গণ্ডারের চামড়ায় বুঝি কিছুই বেঁধে না? ছোটদের অবোধ অপোগণ্ড নিঃসাড় বলে ভাবার মতো অপরিসীম অজ্ঞতা ও মূর্খতা যদি আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, তবে তার দোষ ছেলেভোলানো ছড়া বা ঘুমতাড়ানি গানের নয় – আমাদেরই ‘কিছুতেই কিছু এসে যায় না’ – এই মনোভাবেরই ফল। অন্নদাশঙ্কর কিন্তু সেটা মোটেই মানতে পারেননি। যখন বুঝেই গেছেন ‘চাষী, তাঁতী, জেলে, জোলার’ ঋণ তাঁর ছড়া দিয়ে শোধ করা যাবে না – কেননা তাঁর ছড়া যতই অনায়াস, সাবলীল, হালকা বা ঠোঁটবেঁকানো, মুচকি বা হো-হো হাসির হররা ছুটিয়ে দিক না কেন, সে তো সেইসঙ্গে – ভালো অর্থেই – শিক্ষিত, পরিশীলিত, সপ্রতিভ, আর আত্মসচেতনও। সেইজন্যেই ই. সি. বেন্টলির মধ্যনামের সঙ্গে জড়ানো যে বিলিতি ছড়ার গড়ন, ক্লেরিহিউ, সেটা তাঁর কলমের আঁচড়ে এমনতর রূপ নিয়ে নেয়,
শ্রীমান সমরেশ সেন
পড়েছি যা লিখেছেন।
মনে হয় সমরেশ সেন
লিখেছেন যা পড়েছেন।
কিংবা লিমেরিক হয়ে ওঠে, এডওয়ার্ড লিয়ারের আষাঢ়ে লেখার সঙ্গে তাল রেখেই :
বাঙালীই বটে টমবাবু,
ছেলেটি কি তাঁর কম বাবু?
এই বয়সেই বৎস
সারাবেলা ধরে মৎস্য।
বলিহারি তার দম, বাবু!
আর ‘রুথলেস রাইম’ তো সত্যিকারের রুথলেসই হয়ে উঠেছিল :
ছোটোগল্প পাঠিয়েছিলেন শ্রী হারাধন কারফর্মা
ছাপতে গিয়ে দেখা গেল লেখা হলো চার ফর্মা।
সম্পাদক শ্রীসেনশর্মা চালিয়ে দিলেন করাৎ
লেখা হলো চার পৃষ্ঠা পাঠক, তোমার বরাত!
আর ‘ব্যালাড জাতীয়’ লেখার মধ্যে ছিল যেমন ‘যেখানে বাঘের ভয়’, সেখানে তিনি এমনকী আবৃত্তিশিল্পীদের দয়ার ওপর নির্ভর না-করেই বলে দিয়েছিলেন কোনখানে থামতে হবে, কোনখানে ছুটতে হবে। যেমন :
এক যে …ছিল রাজা দেয় না সাজা …লোকটি …ভালো বেজায়
একদা …ঘোর বনেতে নির্জনেতে …থাকবে …বলে সে যায়।
প্রায় এমনি ব্যালাডই হয়ে উঠছিল, ‘দুই রাণী’,
সুয়ো যে রাণী ছিল সোনার মঞ্জিলে
দুয়ো যে রাণী ছিল বনে
একদা কী করিয়া মিলন হ’লো দোঁহে
কী ছিল ভূপতির মনে।
অথবা ওই ‘লক্ষ্মণ সেনের প্রত্যাবর্তন’ই – ব্যালাডের মতো বড়ো নয় এরা, কিন্তু হয়তো ঝোঁকটা ছিল ব্যালাড হবার দিকেই :
দৌড়! দৌড়! দিলেন দৌড়
গৌড় থেকে বঙ্গ
লক্ষ্মণসেন রাজা, তাঁর
রাজ্য হলো ভঙ্গ।
সাতশো বছর বাদে
রাধে কৃষ্ণ রাধে!
আবার দেখি বাধল একী
রাজ্যভাঙা রঙ্গ!
দৌড়! দৌড়! দিলেন দৌড়
বঙ্গ থেকে গৌড়
লক্ষ লক্ষ সেন যেন
লক্ষ লক্ষ চোর!
সাতশো বছর পরে
হরে কৃষ্ণ হরে!
ঘরের ছেলে ফেরেন ঘরে
দিয়ে ডবল দৌড়।
কিন্তু এই শ্লেষ কটাক্ষ রূঢ় বাস্তবের গূঢ় লক্ষণ প্রকাশ করা ছাড়াই তখন তো তাঁর গলাও আর্দ্র ও করুণ হয়ে উঠেছে :
জননি, তোমার শিকল করিতে ভঙ্গ
বিকল করেছি অঙ্গ।
তোমারে যে ব্যথা দিয়েছি তাহার
শতগুণ বহি, বঙ্গ।
পরকে সরাতে ভাইকে করেছি পর
ছেড়েছি আপন ঘর।
দুর্বল ওকে করেছি, হয়েছি
নিজে দুর্বলতর।
জননি, তোমার নিত্য করিব ধ্যান
অভগ্ন অম্লান
তুমিই মোদের মেলাবে, আমরা
তোমারি তো সন্তান।
ছড়া, তাহলে তার মধ্যে সবকিছু ধরে রাখতে পারে, আস্ত জীবনটাকেই। তার সমস্ত রঙ্গরস, হো-হো মজা, হুল্লোড়, ঠাট্টা-ইয়ার্কি, বিদ্রƒপ, কান্না, চাপা স্বর, আর্তি, আবার মজা – খেলাধুলো, মারাদোনা বা সৌরভ বা ওলিম্পিক বা লিয়েন্ডার পেস – বা ধিক্কারের রোল, দেশকেও ধিক্কার, নিজেকেও ধিক্কার –
ধন্য হে দেশ! ধন্য তোমার গুণ!
সাধুরে করেছ খুন।
এবার তাহলে অসাধুরে নিয়ে থাকো
চোরা কারবারে পাকো!
সেই-যে উড়কি ধানের মুড়কি থেকে শুরু হয়েছিল, তারপর থেকে কত লিখেছেন, কত শত, ছোট বড়ো, হরেকরকম, কতরকম। নিজেই বলেছেন সব মনের মতো হয়তো হয়নি, উপরোধে ঢেঁকিও গিলতে হয়েছে, লিখতেও হয়েছে বিস্তর। আর ভারতচন্দ্র থেকে উদ্ধৃতি দিয়েই বলেছেন, ‘সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর’। কিন্তু সব না-হোক তাঁর যত ছড়া আমাদের মনের মধ্যে গিয়ে একেবারে মরমে পৌঁছেছে, তার সংখ্যাও তো কম নয়। আর সেইজন্যেই কবুল করে যেতে পারেন :
ছড়া দিয়ে মিটবে না
কবিতার সাধ
তবু তো যায় না ভোলা
বচন প্রবাদ।
খোকা ঘুমোবে না, যদি
না-পায় এ-স্বাদ
পাড়া ঘুমোবে না, যদি
এটা পড়ে বাদ।
তাঁর ছোটদের উপন্যাসে একজনকে আরেকজন ছেলে জিজ্ঞেস করেছিল :
‘কী মনা রমাতো?’
সেই ছেলে নিজের কী পরিচয় দিতে পারতো তা নিয়ে না-ভেবে
তার হয়ে আমরাই তার পরিচয় করিয়ে দিয়ে বলতে পারি : ‘ররেহী রোকটু’।

Leave a Reply
You must be logged in to post a comment.