জয়নুল আবেদিন আমাদের কাছে অন্য অনেক নামের মতো আরো একটি নামমাত্র নয়। এ এক প্রতীক-সমতুল্য মানুষের নাম। ‘জয়নুল’ শব্দের অর্থ হলো সুন্দর। জয়নুল আবেদিন বাঙালির চেতনায় তাই সত্য ও সুন্দরের প্রতীক। জয়নুল আবেদিন বলতে জীবনে, কর্মে, মননে, মেধায় এক স্বার্থকনামা আধুনিক শিল্পীর প্রতিচ্ছবি আমাদের চোখে ভাসে।
এদেশের মানুষ তাঁকে ‘শিল্পাচার্য’ অভিধায় ভূষিত করেছে। তিনি সার্থক শিল্পগুরুই নন, স্বনামখ্যাত শিল্পীও বটে। জয়নুল কেমন শিল্পী, কোন মাপের শিল্পী, কোন ধারার শিল্পী – এ-নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। তাঁর শিল্পে ‘ইম্প্রেশনিজম’ থেকে ‘এক্সপ্রেশনিজম’, লোকশিল্পের আঙ্গিক থেকে প্রাচ্য-প্রতীচ্যের সম্মিলন অনেককিছুই আবিষ্কৃত হয়েছে। বাংলার মানুষ ও এর ঐতিহ্যগত লোকশিল্পের প্রতি তাঁর যে প্রগাঢ় প্রাণের টান ছিল, নানা প্রসঙ্গে তা বারবার আলোচিত হয়েছে।
ব্যক্তি ও কর্মজীবনে জয়নুলের রয়েছে এক অতি সহজ-সরল প্রকাশভঙ্গিমা। শিল্পের কথা বলতে গিয়ে কত কঠিন তত্ত্বকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। তাঁর চেতনার অন্তঃসলিলে নিরন্তর প্রবহমান গ্রাম-বাংলার মানুষ আর প্রকৃতিকে অবলীলায় উন্মোচিত করেছেন তিনি। গ্রামীণ মানুষের জীবন-জিজ্ঞাসা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছে – তাঁর ভাষায়, তাঁর কর্মে এবং তাঁর চিত্রকলায়। এদিক থেকে তিনি তাঁর সমসাময়িকদের তুলনায় একেবারেই আলাদা, স্বতন্ত্র। তাই আমার বারবার মনে হয়েছে, জয়নুল আবেদিন নিঃসন্দেহে একজন আধুনিক শিল্পী বটে, কিন্তু সম্ভবত এর চাইতে বড় পরিচয় – তিনি একজন স্বার্থক লোকায়ত শিল্পী, বলা যায় আধুনিক লোকশিল্পী। জয়নুল আবেদিনকে হাজার বছরের আবহমান গ্রাম-বাংলার লোকায়ত শিল্পধারার আধুনিক উত্তরসূরি হিসেবে বিবেচনা করা চলে। আমার এই বক্তব্যের এই অর্থ নয় যে, প্রচলিত অর্থে লোকশিল্পী বলতে যা বোঝায় জয়নুল তার একজন সদস্য ছিলেন। আমি বলতে চাই যে, আধুনিক শিল্প-চেতনায় সমৃদ্ধ হয়েও আবেদিন অবচেতন মনে লোকায়ত শিল্পের মূলধারাকে তাঁর আধুনিক শিল্পকর্মে ধারণ করেছিলেন।
লোকশিল্পী ও মূলধারার আধুনিক শিল্পীর চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কমবেশি সচেতন আছি। শিল্পকলা ও শিল্পীর পারস্পরিক সম্পর্কে লোকশিল্পী ও সমকালীন শিল্পীর সামগ্রিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্নতর। একজন লোকশিল্পীর কাছে শিল্পনির্মাণ সাধারণভাবে একটি কৌলিক-বৃত্তি ছাড়া অন্য কিছু নয়। বংশ-পরম্পরায় অর্জিত কৌলিক জ্ঞান প্রয়োগের মাধ্যমে লোকশিল্পী ‘শিল্পবস্তু’ নির্মাণ করেন। শিল্পনির্মাণে আনন্দবোধ একেবারে উপেক্ষিত না হলেও, তার কাছে জীবনধারণের স্বস্তিই মুখ্য আলোচিত বিষয়। লোকশিল্পীর কাছে শিল্পীসুলভ কোনো আত্মাভিমানও তেমন নেই। মূলত তিনি নিজেকে অন্যান্য শ্রমজীবী মানুষের অতিরিক্ত কিছু বিবেচনা করেন না। কারণ জীবন-জীবিকার কঠিন প্রশ্নে এই শিল্পীদের শিল্পজনোচিত মর্যাদাবোধের কোনো অবকাশ ছিল না। অবশ্য কোনো কোনো লোকশিল্পে লোকশিক্ষা ও বিনোদনকেও গুরুত্ব দেওয়া হয়েছিল। যেমন, আবহমান গ্রাম-বাংলার পটুয়াদের আঁকা ‘জড়ানো পট’ ছিল নীতিবোধ ও গ্রামীণ মানুষের বিনোদনের অংশ।
অন্যদিকে আধুনিক শিল্পী প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত এবং সনদপ্রাপ্ত। পেশাদার এই শিল্পীদের কাছে শৈল্পিক কর্মকাণ্ড জীবিকা হলেও, জীবনবিকাশেও যে শিল্পের ভূমিকা আছে তা উপেক্ষিত নয়। শিক্ষিত তথা সনদধারী আধুনিক শিল্পীরা সমাজে বুদ্ধিবৃত্তিক বৃত্তিজীবী শ্রেণির অন্তর্ভুক্ত। ফলে প্রচলিত শিক্ষাহীন নিম্নবর্গের অন্তর্ভুক্ত শিল্পীদের সঙ্গে তাঁদের রয়েছে স্বাভাবিক শ্রেণিগত পার্থক্য। এই বিভাজন শিল্পীদের শৈল্পিক মানসিকতায় প্রতিফলিত হয়েছে স্বাভাবিকভাবে। সর্বোপরি লোকশিল্প ও আধুনিক শিল্পীর পেশাগত কর্মক্ষেত্রও ভিন্নতর – যথাক্রমে গ্রাম এবং শহর।
উপরোক্ত বিবেচনায় জয়নুল আবেদিনকে একজন লোকশিল্পী অভিধায় আখ্যায়িত করার কোনো অবকাশ নেই। জয়নুলের সঙ্গে গ্রামের নাড়ির টান যত প্রবলই হোক না কেন, তিনি শহরকেন্দ্রিক একজন আধুনিক শিল্পী ছাড়া অন্য কিছু নন। তবে একই সঙ্গে আমি এ-বক্তব্য উপস্থাপিত করতে চাই যে, জয়নুল আবেদিনের জীবন-চেতনা ও শিল্পচৈতন্যে বাংলার লোকশিল্পের মূল সুরটি প্রচ্ছন্নভাবে প্রবাহিত ছিল।
এ-প্রসঙ্গে বাংলা লোকশিল্পের সর্বাধুনিক নিদর্শন ‘কালীঘাট-পটুয়া’ শিল্পকর্ম ও শিল্পমানসিকতাকে জয়নুলের সঙ্গে তুল্যমূল্যে আলোচনা করতে চাই। এই বিবেচনা এই কারণে যে, কালীঘাট-শিল্পকলা আবহমান বাংলার লোকায়ত শিল্পধারার আধুনিক সংস্করণ বলেই নয়, এই শিল্পীরা গ্রামীণ হলেও তাদের কর্মক্ষেত্র ছিল নগর কলকাতা। সেই কারণে এই শিল্পীদের নাগরিক-লোকশিল্পী বলতেও দ্বিধা নেই।
কালীঘাট-শিল্পীরা ছিলেন – বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দা। পটচিত্র আঁকা এদের প্রধান কাজ হলেও, পুজোর সময়ে প্রতিমা-পুতুল বানানোও ছিল অন্যতম কাজ। এরা সমাজে ‘পটুয়া’ নামেই পরিচিত। উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশে পটুয়া-ঐতিহ্য সুদূর খ্রিষ্টপূর্বকাল পর্যন্ত পরিব্যাপ্ত। খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে রচিত পাণিনির অষ্টাধ্যায়ীতে গ্রামশিল্পী এবং রাজশিল্পীর বর্ণনা আছে। পতঞ্জলির মহাভাষ্যে দেখা যায়, লোকশিল্পী পথের ধারে লোকজনকে আঁকা পটের সাহায্যে কংসবধ-পালা শোনাচ্ছেন। এছাড়া প্রাচীন সংস্কৃত সাহিত্য – যেমন, অভিজ্ঞান শকুন্তলা কিংবা মুদ্রারাক্ষস প্রভৃতি গ্রন্থে পটুয়াদের বিস্তৃত বর্ণনা পাওয়া যায়। দীর্ঘবাহিত এই পটুয়া-ঐতিহ্যই কালক্রমে গৌড়ীয় জনপদে আসন পেতে নিয়েছিল।
সাম্প্রতিককালে ভারতে ইংরেজ আগমনের পূর্ব পর্যন্ত পরস্পর-নির্ভরশীল গ্রামসমাজে এক ধরনের স্থিতিশীলতা বজায় ছিল বলে সেখানে কৌলিক বৃত্তিজীবী পটুয়াদের অবস্থান ছিল স্বয়ংসম্পূর্ণ। কিন্তু ইংরেজ আমলে ঔপনিবেশিক অর্থনৈতিক ব্যবস্থায় গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতা বিনষ্ট হলে, গ্রামের অন্ত্যজ শ্রেণি বাধ্য হয়ে কুলবৃত্তি ত্যাগ করে, অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র শহরে ভিড় জমাতে থাকে। মূলত এই ধারাতেই শহর কলকাতার সন্নিকটে গ্রামীণ অঞ্চলের লোকশিল্পীরা কাজের সন্ধানে নগরে পদার্পণ করেছিলেন। বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূমের পটুয়াদের কেউ কেউ আশ্রয় নিয়েছিলেন উত্তর-কলকাতার শোভাবাজারের বটতলাকেন্দ্রিক প্রকাশনার ছাপাই-ছবির জগতে, আর অন্যেরা কালীঘাট মন্দিরের কিনারে ছবির বাজার খুলে বসেছিলেন। শস্তা কাগজে, শস্তা রঙে আঁকা নিতান্ত শস্তা দামের এই ছবিগুলোর এক ব্যাপক বাজার সৃষ্টি হয়েছিল এখানে।
কালীঘাট-পটুয়াদের মন-মানসিকতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়, এদের আঁকা ছবিগুলো দেখলে। প্রথম প্রথম এরা সাধারণ ধর্মপ্রাণ মানুষের জন্যে দেব-দেবীর ছবিই আঁকতেন বেশি। কিন্তু কালক্রমে ছবির বাজারে পটুয়াদের আর্থিক অবস্থান কিছুটা শক্ত হলে, তারা সমসাময়িক সামাজিক বক্তব্য-সংবলিত ছবি আঁকা শুরু করেন। যেমন, বাবু কালচার, ধর্মের নামে ভণ্ডামি, স্ত্রী-শিক্ষার কুফল ইত্যাদি নানা বিষয়বস্তু পটুয়াদের চিত্রের উপজীব্য হয়েছে। এ-প্রসঙ্গে উল্লেখ্য, তারকেশ্বর মন্দিরের এক মোহান্ত ও পরস্ত্রী এলোকেশীর অবৈধ প্রেম-কাহিনীভিত্তিক চিত্রকলা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। ধর্মীয় বিষয়ের গণ্ডি থেকে বেরিয়ে সামাজিক বিষয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ, তথা সমকালীন ঘটনাপ্রবাহ সম্পর্কে কমেন্ট্রি, এই সামাজিকভাবে ব্রাত্যজনদের পক্ষে ছিল এক অসাধারণ ঘটনা। দেব-দেবীর ছবির পাশাপাশি কেন তারা সামাজিক ছবিতে চলতি ঘটনাপ্রবাহ বিবৃত করেছিল, তার সংগত ধারণা পাওয়া যায় পটুয়াদের সামাজিক অবস্থানের ভেতরে। আমরা জানি, উনিশ শতকে বাংলায় যে সমাজ-সংস্কারমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল, তা সমাজের নিম্নবর্গকে স্পর্শ করেনি। ফলে বর্গের দূরত্বের কারণে ওই সংস্কারের সঙ্গে নিম্নবর্গের পটুয়ারা একাত্মবোধ করেননি। এই কারণে সমাজের সুবিধাভোগী বাবুকালচার বা ওই ধরনের কীর্তিকলাপকে তারা তাদের শ্রেণিগত অবস্থান থেকে ব্যঙ্গ বা উপহাস করেছিল। চিত্রকলায় সরাসরি সামাজিক বক্তব্য উপস্থাপনা ভারতীয় শিল্পের ইতিহাসে কালীঘাট-শিল্পীদের অনন্য সংযোজন। সমকালীন সামাজিক জীবনকে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে-উপস্থাপনের মাধ্যমে এই লোকশিল্পীরা মূলত তাদের প্রতিবাদী সত্তাকেই প্রকাশ করেছিলেন।
বাংলার লোকায়ত শিল্পধারার এই শক্তিশালী প্রবাহটি ধীরে ধীরে হারিয়ে গেল সামাজিক বিবর্তনের চাপে। একদিকে ওলিয়োগ্রাফ তথা ছাপাই শিল্পে উন্নত প্রযুক্তির অনুপ্রবেশ, আর অন্যদিকে আর্টস্কুলের প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতার অসম বাজারে টিকতে না-পেরে কালীঘাটের পটুয়ারা প্রেক্ষাপট থেকে বিদায় নিয়েছিলেন।
এ-প্রসঙ্গে এখানে উল্লেখ করতে হয়, ভাগ্যের পরিহাস যে আর্টস্কুলের শিক্ষিত শিল্পীদের কাছে হেরে গিয়ে প্রতিযোগিতা থেকে সরে গেলেন কালীঘাটের লোকশিল্পীরা, সেই আর্টস্কুলের প্রাথমিক অবস্থায় শিক্ষার্থীরা এসেছিলেন সমাজের একেবারে নিম্নবর্গ থেকেই। তৎকালীন সমাজে শিল্পজীবিকা আর্থিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ছিল না বলে, সমাজের উচ্চবর্গের সন্তানরা এখানে শিক্ষালাভ করতে আসেনি। অবশ্য কালক্রমে এই অবস্থার পরিবর্তন ঘটেছিল। কিন্তু মনে রাখতে হয় যে, আর্টস্কুলের শিক্ষাপ্রাপ্ত নিম্নবর্গের শিল্পীরা শিক্ষা সমাপনান্তে যখন সনদপ্রাপ্ত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন, তখন তাঁদের নিম্নবর্গের অবস্থানের যে-স্বাভাবিক পরিবর্তন ঘটেছিল, তা সহজে কল্পনা করে নেওয়া যায়।
ঔপনিবেশিক শিক্ষা-ভাবনায় আচ্ছন্ন নতুন যুগের শিল্পীরা আবহমান বাংলার সাংস্কৃতিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন ধীরে ধীরে। শিল্প ও শিল্পীর এই শ্রেণিগত পালাবদল শিল্পকলায় প্রতিভাত হয়েছিল স্বাভাবিকভাবে।
বাংলা তথা আধুনিক ভারতের শিল্পকলার নতুন যুগের সূচনা অবনীন্দ্রনাথের হাত ধরে। এই শিল্পের পেছনে ‘শেকড় সন্ধান’ নামে একটি অভিধাও যুক্ত হয়েছিল। একই সঙ্গে শহরে বসে গ্রাম-বাংলার নৈসর্গিক দৃশ্য আঁকার শিল্পীরও অভাব হয়নি। সমকালে গগনেন্দ্রনাথই ছিলেন সম্ভবত প্রথম শিল্পী, যাঁর ছবিতে সমকালীন জনজীবনকে একটা বিশেষ ঢঙে উপস্থাপিত করার প্রয়াস দেখা যায়। কিন্তু কালীঘাট-পটুয়ারা জনজীবনকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে-মাত্রায় শিল্পে উপজীব্য করেছিলেন, তা ছিল দর্শনানুভূতি ও আত্মানুভূতির স্বার্থক সম্মিলন। কিন্তু শিক্ষিত শিল্পীদের শিল্পকর্মের মূল সুরই ছিল বিশেষভাবে রোমান্টিক। তাছাড়া গত শতকের শুরু থেকেই এদেশের আধুনিক শিল্পীদের কাছে আধুনিকতার দ্যোতক হয়ে উঠেছিল পাশ্চাত্য শিল্পের কয়েকটি বিশেষ আঙ্গিক। অনেকের কাছে আঙ্গিক-সর্বস্বতাই শিল্পের পরাকাষ্ঠা হিসেবে বিবেচিত হয়েছিল।
চল্লিশের দশকে তথাকথিত আধুনিকতার উন্মাদনা যখন প্রায় চরমে ওঠে, তখন এই ধারার বাইরে থেকে অনেকটা এককভাবে গুটিকয়েক শিল্পী সমকালীন জীবন ও জ্বলন্ত বিষয়কে শিল্পের বিষয় করার প্রয়াস পেয়েছিলেন। যেমন, চিত্তপ্রসাদ, সূর্যরায়, সোমনাথ হোড় কিংবা জয়নুল আবেদিন। বাংলা সন পঞ্চাশের মহা-মন্বন্তরে কলকাতার রাজপথে গ্রাম-বাংলার অনাহারী মানুষের বেঁচে থাকার সংগ্রামের এক মহাকাব্যিক চিত্র রচনা করেছিলেন এই শিল্পীরা। তবে এ-প্রসঙ্গে জয়নুল আবেদিনের সঙ্গে অন্য শিল্পীদের রয়েছে কিছু মৌলিক পার্থক্য। কম্যুনিস্ট দর্শনে বিশ্বাসী শিল্পে সমাজ- বাস্তবতার প্রতিফলনের লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার চিহ্ন হিসেবে চিত্রাঙ্কন করেছিলেন চিত্তপ্রসাদ, সোমনাথরা। কিন্তু জয়নুলের অঙ্কনের পেছনে সম্ভবত কোনো দার্শনিক-ভূমিকা অনুপস্থিত। আবেদিনের মন্বন্তরের ছবিগুলো ছিল একটি বিশেষ বিষয়বস্তু নিয়ে একজন শিল্পীর হাতে আঁকা রোজনামচার মতো। খাদ্যের অন্বেষণে গ্রাম থেকে শহরে আসা মানুষগুলোর প্রতিমুহূর্তে বেঁচে থাকার সংগ্রামকেই ধারণ করেছিলেন তিনি। কিন্তু ছবিগুলো মানুষের স্মৃতি ও সত্তাকে গভীরভাবে আলোড়িত করেছিল। বলার অপেক্ষা রাখে না, একই বিষয় উপস্থাপনায় কম্যুনিস্ট দর্শনেবিশ্বাসী শিল্পীর দৃষ্টিভঙ্গি ছিল আদর্শের প্রতি শর্তহীন অনুরাগ, আর জয়নুলের ছিল একান্তভাবেই নাড়ির টান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের যূপকাষ্ঠে যে অসংখ্য নিরীহ মানুষকে বলি দেওয়া হয়েছিল, জয়নুলের চিত্রভাষ্য ছিল সেই অবিচারের বিরুদ্ধে একটি মানবিক প্রতিবাদ। এই চিত্র-বিক্ষোভ নিতান্তই অকৃত্রিম এবং হৃদয়ের গভীর থেকে উৎসারিত। ব্রহ্মপুত্রের তীরে গ্রাম-বাংলার মাঝি-মাল্লা ও চাষা-ভুষার সান্নিধ্যে বেড়ে ওঠা জয়নুল আবেদিন নগরে বসবাস করেও নাগরিক হয়ে উঠতে পারেননি। প্রমিত ভাষায় কথা বলেননি কখনো। নিঃসঙ্কোচে একান্ত আঞ্চলিক উচ্চারণে প্রকাশ করেছেন নিজের কথা। নাগরিক জয়নুলের চিত্রকলায় নগরের অস্তিত্ব অকিঞ্চিৎকর হয়তো তাই। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, গ্রাম-বাংলার আলো ঝলমল উজ্জ্বল নৈসর্গিক দৃশ্য তাঁর চিত্রকলার প্রধান উপজীব্য। ফলে, কলকাতার রাজপথে মৃত্যুপথযাত্রী মানুষগুলোকে কোনো আদর্শের চশমায় অবলোকন করেননি তিনি। পরমাত্মীয়ের শঙ্কিত দৃষ্টি অসহায় মানুষের বেদনা খুঁজে নিয়েছে।
তবে মন্বন্তরের চিত্রকলার সকল শিল্পীর কাজে একটি অভিন্ন মিল লক্ষণীয়। প্রায় সব ছবিই রৈখিক ও মনোক্রমিক বৈশিষ্ট্যে অঙ্কিত। এমনকী গগনেন্দ্রনাথের সমাজ-বিষয়ক চিত্রগুলোও সাদা-কালোতে অঙ্কিত। সামাজিক বৈপরীত্য প্রকাশে শিল্পীদের কাছে সাদা-কালোর দ্যোতনা হয়তো যুক্তিগ্রাহ্য বিবেচিত হয়েছে।
চিত্রকলায় আঙ্গিক কোনো আরোপিত বিষয় নয়। বিষয়বস্তু ও রূপায়ণের পারস্পরিক সম্পর্কে শৈলী গড়ে ওঠে। মূলত বিষয়ের নিজস্ব ভঙ্গিমায় অনেকটা শিল্পীর অজান্তে শিল্পের আঙ্গিক তৈরি করে নেয়। জয়নুল আবেদিন দুর্ভিক্ষের অনাহারী মানুষের একটি ডকুমেন্টেশন করতে চেয়েছিলেন। এ-জন্যে দ্রুত সম্পাদনযোগ্য এবং অপেক্ষাকৃত কোনো সহজ মাধ্যমই তাঁর প্রয়োজন ছিল। জয়নুলের সমসাময়িক অন্য শিল্পীদের অঙ্কিত দুর্ভিক্ষের কাজগুলো ছিল অতিমাত্রায় ‘ইলাস্ট্রেটিভ’, সেদিক থেকে আবেদিনের কাজ অনেক বেশি দর্শনানুভূতি-নির্ভর। সোমনাথ, চিত্তপ্রসাদ, সূর্যরায়ের ছবিতে বিষয়বস্তুর নিচে এর আঙ্গিক চাপা পড়ে গেছে। কিন্তু জয়নুলের ছবির প্রখর ও বলিষ্ঠ রৈখিক ভঙ্গিমার সঙ্গে বিষয়ের মেলবন্ধন, বিষয়কে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
চিত্রকলায় সাধারণত কোনো ফর্ম বা রূপবন্ধের পরিণাহ বা কন্ট্যুর লাইন হিসেবে রেখা ব্যবহৃত হয়। ভারতীয় ধ্রুপদী চিত্রে রূপবন্ধের পরিণাহ দেখাতে যে-রেখার প্রয়োগ করা হয়েছে, তাতে রূপবন্ধের সঙ্গে সঙ্গে রেখার অস্তিত্বও স্পষ্ট। কিন্তু পাশ্চাত্য চিত্রকলায় ফর্মের কন্ট্যুর লাইন গৌণ বিবেচিত। আবার পশ্চিম ভারতীয় চিত্রকলায় রেখা যেখানে সুচিক্কণ ও সুললিত, সেখানে পূর্ব-ভারতে বিশেষ করে বাংলার চিরায়ত লোকশিল্পে ব্যবহৃত রেখা অনেক বেশি মেদবহুল। এই রেখার বৈশিষ্ট্য অনেকটা বর্ষার জলে ভরাট প্রবহমান স্রোতস্বিনী নদীর মতো। পশ্চিম ভারতীয় সুললিত রেখাগুলোর নান্দনিক বৈশিষ্ট্য অনেক বেশি বুদ্ধিবৃত্তিক, সেখানে বাংলার লোকশিল্পের রেখা ‘জৈবিক’ বৈশিষ্ট্যে পূর্ণ। তাছাড়া বাংলার লোকশিল্পে ব্যবহৃত পরিণাহ রেখা প্রায় সময়ে রূপবন্ধকে ছাড়িয়ে যেতে চায়। একইভাবে রূপবন্ধও রেখার অনুশাসন মেনে চলে না। ফলে বাংলার লোকচিত্রে আকৃতি ও রেখা স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে চিত্রের ডিজাইন হিসেবে আত্মপ্রকাশ করে। কালীঘাটের চিত্রকলাকে এই বৈশিষ্ট্যের অন্যতম নির্দশন হিসেবে বিবেচনা করা চলে।
তবে কালীঘাট-চিত্রে ঐতিহ্যগত লোকশিল্পের কিছু বৈশিষ্ট্য অনুপস্থিত। যেমন, লোকশিল্পের প্রধান শিল্পমাধ্যম ছিল ‘টেম্পেরা’। ফলে ধীরলয়ে এবং দ্বি-মাত্রিক বৈশিষ্ট্যে চিত্রাঙ্কন হতো। অন্যদিকে জলরঙে অঙ্কিত কালীঘাট-চিত্রের অঙ্কনশৈলী ছিল দ্রুত। ফলে স্বাভাবিকভাবে আকৃতিগুলো সরলীকৃত এবং এতে এক ধরনের ঢৌলাভাসও প্রকাশ পেয়েছে। এজন্যে উইলিয়াম আর্চার ভ্রান্ত ধারণায় এই শিল্পকে পাশ্চাত্য-প্রভাবিত বলেছিলেন।
প্রথম কথা হচ্ছে কালীঘাট-শিল্পী ছবি আঁকলেও প্রতিমা-পুতুল বানানোও ছিল তাঁদের কাজ। ফলে বিশেষভাবে দেব-দেবীর চিত্রাঙ্কনের সময় তাতে স্বতঃস্ফূর্তভাবে প্রতিমার মণ্ডনধর্মী ঢৌলগুণ প্রতিফলিত হয়েছে। তাছাড়া অঙ্কন-পদ্ধতিতেও একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। কৌশলটি ছিল এইরকম – মোটা তুলিতে হালকা পানি নিয়ে প্রথমে তুলির ডগা রঙে ছুঁইয়ে নেওয়া হতো। তুলির একটানে একসঙ্গে রং আর পানি মিশ্রিত হয়ে কাগজে একটা টোনাল ভাব ফুটে উঠত। অর্থাৎ পরিণাহ হিসেবে অঙ্কিত রেখার বাইরের দিকটি গাঢ় এবং ভেতরের অংশ ক্রমান্বয়ে কোমল হয়ে যেত। এই মণ্ডনধর্মী শেডিংকে কোনোভাবে পাশ্চাত্যের ‘কিউরুসকিউরু’ বা আলোছায়ার তারতম্যের সঙ্গে তুলনা করা যায় না। অবশ্য এক্ষেত্রে মূল ব্যাপার হচ্ছে – কালীঘাট-শিল্পী মেলার মরশুমে অতিরিক্ত ক্রেতাদের তাৎক্ষণিক চাহিদা পূরণের জন্য চটজলদি বা দ্রুত অঙ্কনের এই বিশেষ আঙ্গিক গড়ে নিয়েছিল।
বাংলা লোকশিল্পের একটি বিশেষ চরিত্র হচ্ছে – উদ্ভাবিত কোনো ভঙ্গি বা আঙ্গিক বংশ-পরম্পরায় অনুসৃত হতে থাকে, লোকশিল্পের জনপ্রিয় কোনো টাইপের মৌলিক পরিবর্তন লক্ষ করা যায় না। অন্যদিকে নাগরিক শিল্প নতুন নতুন আঙ্গিক নির্মাণ করে, কিন্তু অনবরত টাইপ বা ছক ভেঙে এগিয়ে যাওয়া হচ্ছে তার মূল প্রবণতা।
উপরের এই আলোচনার আলোকে শিল্পী জয়নুল আবেদিনের মন্বন্তরের চিত্রমালার বিশেষ রৈখিক আঙ্গিক বিবেচনা করা যেতে পারে। জয়নুল তাঁর দুর্ভিক্ষের চিত্রকলায় তুলির মোটা টানে রুক্ষ গতিময় একান্ত নিজস্ব বৈশিষ্ট্যের একটি রৈখিক টাইপ নির্মাণ করেছিলেন। এই রেখা পশ্চিম বা উত্তর-ভারতীয় ধ্রুপদী চিত্রকলার মতো মেদবহুল জান্তব বৈশিষ্ট্যে পরিপূর্ণ রেখা। এই রেখা নিশ্চল নয়, এতে রয়েছে গজেন্দ্রগামিনীর ধীরলয়ে গমনের একান্ত নিজস্ব ছন্দ। এই ছন্দ যত না বুদ্ধিবৃত্তিক তার চেয়ে বেশি বাংলার সহজ-সরল জীবনের প্রাণ-প্রাচুর্যে ভরপুর। …এই বক্তব্যের অর্থ এই নয় যে, কালীঘাট বা লোকচিত্রের প্রত্যক্ষ প্রভাবে জয়নুল তাঁর চিত্রাঙ্গিক তৈরি করেছিলেন। মূলত আবেদিনের চিত্রকলায় অনেকটা স্বতঃস্ফূর্তভাবেই এই আঙ্গিকের আবির্ভাব ঘটেছিল বলা যায়।
জয়নুল আবেদিনের সমগ্র জীবনের শিল্পকর্মে তাঁর উদ্ভাবিত এই রৈখিক আঙ্গিকই বারবার ঘুরেফিরে এসেছে। ‘বিদ্রোহী’ থেকে ‘সাঁওতাল রমণী’, ‘মইদেয়া’ থেকে ‘মনপুরা’ এমনকী মৃত্যুপূর্বে অঙ্কিত ‘দুইটি মুখ’ – প্রায় সবচিত্রেই এই বিশেষ ‘রেখা’ নানাভাবে বিভিন্ন বৈশিষ্ট্যে বিচিত্র ভঙ্গিমায় আত্মপ্রকাশ করেছিল।… ঠিক যেমনভাবে আবহমান বাংলার লোকশিল্পীর উদ্ভাবিত কোনো লোকপ্রিয় আঙ্গিক কালান্তরেও অনুসৃত হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.