ভাবমূর্তি

শেষ পর্যন্ত বাড়ি ছাড়ে ইলা। মা বলে দিয়েছে, এ বিয়ে হবে না।

গতকালই মেয়ের চুলের মুঠি ধরে মুখের ওপর আঙুল নাড়িয়ে তাহেরুন্নেসা বলেছে, আমি বেঁচে থাকতে ওই ভ্যাগাবন্ডের সঙ্গে তোমার বিয়ে হবে না। তুমি আমার সংসারের ভাবমূর্তি নষ্ট করতে চাও।

রাগে দপদপিয়ে ইলাকে এক ঝটকায় ফেলে দিলে টেবিলের কোনায় ধাক্কা খেয়ে ওর কপাল কেটে যায়। দরদরিয়ে রক্ত পড়ে। তাহেরুন্নেসা ভ্রƒক্ষেপ না করে বেরিয়ে যায়। লীলা আর মিলা মিলে বোনকে টেনে তোলে। মেঝেতে শুইয়েই তুলা দিয়ে ডেটল লাগিয়ে রক্ত বন্ধ করে। তারপর পুরনো কাপড় ছিঁড়ে বেঁধে দেয়। দুজনে ধরাধরি করে বিছানায় ওঠায় ইলাকে। বিছানার কোনায় বসে থাকা ইলার প্রিয় বিড়াল মিশি শব্দ করে, মিঁউ।

তিনজনে চমকে ওর দিকে তাকায়। মিশির এই মুহূর্তের ডাকটা একদম অন্যরকম। শব্দ ঘরময় আতঙ্ক ছড়িয়ে দেয় এবং তিন বোনের বুকের ভেতর সেই আতঙ্ক বরফের মতো জমাট বাঁধতে থাকে। হিম বোধে ওরা আক্রান্ত হয়। ওরা পরস্পরের হাত চেপে ধরে। বিড়ালের মিঁউ শব্দ তখন তাহেরুন্নেসার অগ্নিমূর্তির সঙ্গে লেপটে যায়। শব্দ এবং চেহারার এমন করুণ সম্মিলনের দৃশ্যে ইলা বলে, রূপকের এমন একটি ছবি আছে। ও নাম দিয়েছে ‘ভয়ংকরতা ও আতঙ্ক’।

লীলা মৃদু হেসে বলে, পটভূমি কি আমাদের এই ঘর?

ফাজলামি করছিস কেন? ছবিটি আমি দেখেছি। ছবিতে আছে একজন নারী, কয়েকটি বাচ্চা ও একটি বেড়াল।

তাহলে তো ছবিটি আমার দেখতে হবে।

আমিও দেখবো লীলা আপু। মিলা উৎসাহিত হয়ে ওঠে।

দেখবি, আগে ইলা আপুর সংসার হোক।সংসার হবে কী, মা তো রাজি না। তুমি কী বলো ইলা আপু?

ইলা কথা না বলে অন্যদিকে মুখ ঘোরায়। ও বুঝতে পারে, যে-আতঙ্ক একটু আগে বরফ হয়ে বুকের ভেতর জমছিল সেটা আর নেই। ওই জায়গা দখল করে নিচ্ছে কঠিন পাথর। না শুধুই কঠিন নয়, রহস্যময় পাথর। পুরনোকালে যে-পাথরগুলো দিয়ে স্টোনহেনজ নামের স্মৃতিসৌধ বানিয়েছিল প্রাচীনকালের মানুষেরা। বিশাল বিশাল পাথরখণ্ডের কথা পড়ে ইলার খুব সাধ হয়েছিল স্টোনহেনজ দেখার – না সাধ নয়, স্বপ্ন। কীভাবে যে এমন অলৌকিক রহস্য তৈরি করেছিল মানুষেরা, কেমন করে বিশাল বিশাল পাথরখণ্ড একটার ওপর আর একটা ওঠানো হয়েছিল সে-রহস্য এখন পর্যন্ত কেউ বুঝতে পারেনি। দক্ষিণ ইংল্যান্ডের সলসবেরি সমভূমি অঞ্চলে কি কোনোদিন যাওয়া হবে ওর? বইয়ে পড়া সেই পাথরগুলোর অস্তিত্ব আজ এই মুহূর্তে নিজের মধ্যে টের পাচ্ছে।

কী ভাবছিস আপু?

বুকটা পাথর হয়ে যাচ্ছে।

সিদ্ধান্ত নিবি?

নিতেই হবে।

বিড়ালটা ডাকে, মিঁউ।

তিনজনে হো-হো করে হাসতে থাকে।

বিড়ালটা আবার ডাকে, মিঁউ।

ও ইলার বুকের ভেতর ঢোকে। তখন ইলা মিশির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, মা যদি রূপককে আর একদিন ভ্যাগাবন্ড বলে, সেদিন ফাটাফাটি হবে। রূপক এই বয়সেই শিল্পী হিসেবে নাম করেছে। বাবা-মায়ের একমাত্র ছেলে। ওদের নিজেদের বাড়ি আছে। মাথাগোঁজার ঠাঁই থাকলে আমার আর কিছু চাই না। বাকিটা আমার রোজগারে চলবে। আমি কেয়ার করি না। আমার বাবা তো এখনো বাড়ি করতে পারেনি। আমার মায়ের পায়ের নিচে মাটি নেই।

তিনবোনে হো হো করে হাসতে গিয়ে নিশ্চুপ হয়ে যায়। হাসি আটকে থাকে ঘরে। বাইরে তাহেরুন্নেসার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে।

তাহেরুন্নেসার মনে শান্তি নেই। সাতটি ছেলেমেয়ে ওর। সবগুলো ওর বিপক্ষে। সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। অথচ সে তো সারাক্ষণ এই সংসারের জন্য পরিশ্রম করে। সে চায় সবাই তার বশে থাকবে – কেউ চোখ গরম করে কথা বলবে না। মাথা নিচু করে কথা বলবে। যা হুকুম করবে, তা অক্ষরে অক্ষরে পালন করবে। সংসারের ভাবমূর্তিকে বড় করে দেখবে। সংসারের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, সেটা দেখাই হবে সবার লক্ষ্য। কিন্তু কই তা হচ্ছে? প্রথম ঘটনা ঘটালো ইলা। মেয়েটাকে বশে রাখাই মুশকিল হচ্ছে। তাহেরুন্নেসা রান্নাঘরের হাঁড়িকুড়ি ঝমঝম শব্দে ওঠায়-নামায় – কী করে, না করে সে নিজেই বুঝতে পারে না। ইচ্ছে করছে ইলার বেড়ালটাকে আছাড় দিয়ে মেরে ফেলতে। সেই উদ্দেশ্যে সে ঘরের দরজায় এসে দাঁড়ায়। বেড়ালটা তাহেরুন্নেসাকে দেখেই লাফ দিয়ে নেমে খাটের নিচে কোনায় চলে যায়।

তাহেরুন্নেসা চেঁচিয়ে বলে, শয়তানটা আমাকে দেখে পালিয়েছে। আজ দুপুর থেকে ওটার ভাত বন্ধ। কাঁটাকুটোও পাবে না। যে ওটাকে লুকিয়ে ভাত দেবে আমি তারও ভাত বন্ধ করে দেবো।

লীলা ফিক করে হেসে বলে, তাহলে তোমার সংসারের ভাবমূর্তি নষ্ট হবে মা। আপুকে মেরে তুমি অলরেডি ভাবমূর্তি নষ্ট করে ফেলেছো।

মোটেই না। তোমাদেরকে বশে রেখে আমি সংসারের ভাবমূর্তি ঠিক রাখছি।

বলেই দুপদাপ পা ফেলে চলে যায় তাহেরুন্নেসা। তিনবোন চুপচাপ বসে থাকে। নিজেদের চারদিকে একটা অদৃশ্য শেকল অনুভব করে ওরা সবাই। ভাবে বড় দুভাই বাড়ি ফিরলে ব্যাপারটি আরো জটিল হবে। মায়ের সঙ্গে বিরোধ তীব্র হয়ে উঠবে এবং মা কোনো কিছুই শুনবে না। এই সংসারে মা নিজের সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই মানে না।

ইলা বাড়ি ছাড়ার পরদিন মেয়ের চিঠিটি হাতে পেলো তাহেরুন্নেসা, চিঠিটার গোটা গোটা অক্ষরগুলোর দিকে দুচোখ বিস্ফারিত করে তাকিয়ে থাকে। মনে হয় বিশাল বিশাল পাথরের নিচে চাপা পড়ে যাচ্ছে। তবু চিঠিটা পড়ে।

মা,

আমি চলে গেলাম। আর কখনো এ বাড়িতে আসবো না। এ বিয়ের জন্য তোমার মৃত্যু পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি সেটা করতে রাজি নই। রূপকের সঙ্গেই আমার বিয়ে হবে। নিজে নিজে সিদ্ধান্ত নিতে পেরে ভালো লাগছে যে, তোমার মতো আমিও কঠিন সিদ্ধান্ত নিতে পারি। রূপক শিল্পী। অন্য আরো অনেকের চেয়ে ওর রুচিবোধ ভালো, সহনশীল এবং মানবিক। ও কোনোভাবেই তোমার ধারণা অনুযায়ী ভ্যাগাবন্ড নয়। তুমি এই শব্দটি আর ব্যবহার করবে না। তুমি নিজের হাতে তোমার সংসারকে পুড়িয়ে মারছ। শুধু শুধু অন্যদের দোষ দিও না। ভালো থাকো।

ইতি

ইলা

ইলার চিঠিটা বাড়িতে বিস্ফোরণ ঘটায়। তাহেরুন্নেসা সমানে চিৎকার করতে থাকে। বড় দুই ছেলে সোহেল আর সুমন বাড়িতে নেই। লীলা কলেজে। ছোট তিনজনের স্কুল বন্ধ। ওরা নিজেদের ঘরে ঘাপটি মেরে আছে। সারাক্ষণ খুনসুটি করে সেই মিলাও হিম হয়ে গেছে। আতঙ্ক পুরো বাড়িতে। কাজের মেয়ে হুসনা মার খেয়েও কাঁদতে পারছে না। একবার ওদের ঘরে ঢুকে চোখ মুছে গেছে। দাঁড়াবার সাহস হয়নি। মিলার মনে হয় মা এতক্ষণ চিৎকার করছিল, এখন আর তা চিৎকার নেই। মা এখন হুঙ্কার দিচ্ছে।

একটুপরে লীলা ফিরে আসে। ঘরে ঢুকেই ও বুঝতে পারে কিছু একটা হয়েছে। প্রায়শ মায়ের মেজাজ এমন খারাপই থাকে। তাই ও মাথা ঘামায় না। ভাইবোনগুলোর দিকে তাকিয়ে ও ভুরু উঁচিয়ে বলে, বিদ্রোহ করতে হবে, বুঝলি? এমন মুখ শুকিয়ে বসে থাকা চলবে না।

বিদ্রোহ কী?

আট বছরের অপুর মিনমিনে কণ্ঠস্বর। লীলা কণ্ঠ চড়িয়ে বলে, প্রতিবাদ।

কার বিরুদ্ধে প্রতিবাদ?

মায়ের বিরুদ্ধে।

চুপ চুপ, আস্তে বলো।

লীলা কাঁধের ব্যাগ, হাতের বই-খাতা বিছানায় ছুড়ে ফেলে বাথরুমে ঢোকে।

একটুপরে সোহেল ফেরে।

কিছুক্ষণের মধ্যে সুমনও।

ওরা এখন ছয়জনের পরিপূর্ণ বাহিনী। বড়দের পেয়ে ছোটরা নড়েচড়ে বসে। সোহেল মিলার মাথায় চাটি দিয়ে বলে, ঘটনাটা কী?

ইলা আপু মাকে একটা চিঠি পাঠিয়েছে।

তাহলে তো এটা মায়ের জন্য একটি বিরাট ইস্যু। সংসারের ভাবমূর্তির জন্য ভয়াবহ হুমকি।

আমরা এখন কী করবো?

আমার ভীষণ খিদে পেয়েছে।

চুপ। মঙ্গা-আক্রান্ত লোকের মতো কথা বললে মা আরো রেগে যাবে। মায়ের ভাণ্ডারে প্রচুর খাদ্য মজুত আছে। আমাদের খিদে পাবে কেন, অ্যাঁ?

সোহেল অপুর মাথায় টোকা মেরে বলে, থুতু গিলতে থাক খিদে কমে যাবে।

এমন ঘেন্নার কাজ আমি করতে পারবো না।

জানিস না, এ দেশের গরিবরা এভাবেই বেঁচে থাকে।

আমি কী গরিব নাকি?

বাথরুম থেকে বেরিয়ে আসে লীলা।

তখন সবাই কান খাড়া করে শোনে বেড়ালটা তারস্বরে চেঁচাচ্ছে।

মিশির কী হলো? আপু বেড়ালটাকে নিজের সঙ্গে নিয়ে গেলেই পারত।ওর চেঁচামেচিতে ছয় ভাইবোন দরজায় দাঁড়িয়ে দেখে তাহেরুন্নেসা বেড়ালটাকে পা দিয়ে চেপে ধরে আছে। হুসনা ওর গলায় চেন লাগিয়ে বারান্দার কোনায় বেঁধে রাখছে। পায়ের চাপে বেড়ালটার প্রাণান্ত অবস্থা। মরেও যেতে পারত। বাঁধা হয়ে গেলে তাহেরুন্নেসা পা সরিয়ে নেবার পরও ওটা নড়ে না। নেতিয়ে পড়ে থাকে।

প্রতিদিনই তাহেরুন্নেসা সকাল থেকে ব্যস্ত থাকে। তার নানা কাজ থাকে। সঙ্গে সমানে মুখ চলে। ছেলেমেয়েরা বলাবলি করে, মায়ের ব্যস্ততার কোনো কারণ নেই। যেটুকু ছুটোছুটি করে সেটি লোক-দেখানো। নিজের ভাবমূর্তি গড়ার চেষ্টা। আসলে দেখাতে চান যে, তিনি ভীষণ কাজের মানুষ।

তাহেরুন্নেসা ছেলেমেয়েদের এমন মনোভাবের কথা নানাভাবে টের পায়। তাতে তার রাগ আরো বাড়ে। সেও কৌশল অবলম্বন করে। ওদের সামনে বসিয়ে আঙুল উঁচিয়ে বলে, তোমাদের অনেক বাড় বেড়েছে। আমি কোনো সমালোচনা সহ্য করবো না।

সোহেল সাহস করে বলে, সমালোচনা ছাড়া কি গণতন্ত্র হয় মা? তুমি না বলো –

খামোশ! আর একটা কথা বলবে কি তো ভালো হবে না। আমার কথাই শেষ কথা।

তাহলে তো দেখছি তুমি জনগণের ইচ্ছা-অনিচ্ছায় বিশ্বাস করো না।

এই সংসারটা কি রাষ্ট্র নাকি যে, তুই গণতন্ত্র, জনগণ এসব কথা বলছিস? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। বদমাশ ছেলে কোথাকার।

তাহেরুন্নেসা ধপধপ করে পা ফেলে চলে যায়। একটু পরে আবার ফিরে এসে বলে, ইলা বাড়ি থেকে চলে গেছে, ভেবেছিস তাতে আমি কিছু কাবু হয়ে গেছি? মোটেই না।

বলতে বলতে তাহেরুন্নেসা চলে যাবার জন্য ফিরে দাঁড়িয়ে বলে, আসুক তোদের বাবা। সবাইকে মজা দেখিয়ে ছাড়বো।

তাহেরুন্নেসা চলে যেতেই ওরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলে, আমাদের পরিবারের প্রেসিডেন্টের ওপর মায়ের এমন ভরসা কেন বলো তো?

কারণ বাবা এই সংসারে চোখ বুঁজে, শ্বাস বন্ধ করে দিন কাটায়।

সুমনের কথার ভঙ্গিতে সবাই হা-হা করে হাসতে থাকে।

অপু ভয়ে ভয়ে বলে, আমাদের হাসি মা শুনতে পাবে। আস্তে হাসো।

সবাই অবাক হয়ে অপুর দিকে তাকায়। পরিবারের সবচেয়ে ছোট সদস্য ও। কিন্তু বিষয়টা পুরোই বোঝে। মায়ের কর্তৃত্ব কীভাবে ওদের দমিয়ে রেখেছে সেটা ওর ধারণায় এসে গেছে। বলে, বাবাকে তুমি প্রেসিডেন্ট বলো কেন ভাইয়া?

রাষ্ট্রে যেমন প্রেসিডেন্ট থাকে তেমন সংসারেও প্রেসিডেন্ট দরকার হয়, সেজন্য।

লীলা হাসতে হাসতে বলে, বাবা হলো আমাদের সংসারের ডামি প্রেসিডেন্ট।

মায়ের সামনে কথা বলবে কে? বাবার অতো সাহস নেই।

তখন দরজায় খটখট শব্দ হয়। শিপু দৌড় দিয়ে দরজা খোলে। মূর্তিমতী তাহেরুন্নেসা মোটাসোটা থলথলে চেহারা নিয়ে হাঁফাতে হাঁফাতে বলে, দরজা বন্ধ করেছো কেন তোমরা?

কেউ কোনো কথা বলে না।

তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, না?

ষড়যন্ত্র?

ষড়যন্ত্রই তো, না হলে দরজা বন্ধ করে গুজুর-গুজুর ফুসুর-ফুসুর কী?

মা, মাথা ঠাণ্ডা করো।

আমার মাথা ঠাণ্ডাই আছে।

তুমি একটুও ভেবো না মা। ইলা গেছে তো কী হয়েছে। আমরা সবাই তোমার ইচ্ছা-অনুযায়ী বিয়ে করবো। আমাদের নিজেদের পছন্দের কেউ থাকবে না।

সোহেলের কথার সঙ্গে সঙ্গে সবাই হি-হি করে হাসে।

বুঝেছি এটাও তোমাদের ষড়যন্ত্রের নীলনকশা। তোমরা অত সহজে আমাকে কাবু করতে পারবে না।

মোটেই আমরা তোমার বিরুদ্ধে কিছুই করবো না। তুমি যা বলবে তাই শুনবো।

ভাত রেডি। খেতে এসো সবাই।

হুররে লঙ্গরখানা খোলা হয়েছে।

তাহেরুন্নেসা ঘুরে দাঁড়িয়ে বলে, লঙ্গরখানা?

ইয়ে মানে, খিদে পেয়েছিল তো। তখন মনে হয়েছিল আমরা মঙ্গার এলাকায় আছি।

তাহেরুন্নেসা নিজেকে সামলাতে পারে না। ঠাসঠাস করে চড় মারে অপুকে। সোহেল ওকে দুহাতে বেড় দিয়ে ধরার পরও অপুর হাফপ্যান্ট ভিজে যায়। লীলা ওর হাত ধরে বাথরুমে নিয়ে যায়।

কারোরই ঠিকমতো খাওয়া হয় না। সবাই ভাত নাড়াচাড়া করে। শুনতে পায় বেড়ালটা অনবরত ডেকে যাচ্ছে। ঠিক স্বাভাবিক ডাক নয়, কঁকাচ্ছে ওটা। বোঝাই যায় যে, একটা কিছু হয়েছে। ওর খারাপ লাগছে, নয়তো খিদে পেয়েছে, নয়তো ইলা নেই দেখে ওর ভীষণ কষ্ট হচ্ছে। শিপুই প্রথমে বলে, আমার ভাতগুলো বেড়ালটাকে দিতে চাই।

অপু সঙ্গে সঙ্গে থালা ঠেলে দিয়ে বলে, আমিও খাবো না। বেড়ালটাকে দেবো।

খবরদার এসব করিস না। আমরা ভাত না খেলে মায়ের সংসারের ভাবমূর্তি নষ্ট হবে। মা বলবে, আমরা ইচ্ছা করে ডাইনিং-টেবিলের শৃঙ্খলা নষ্ট করছি।

আয়, আমরা আমাদের ভাত খেয়ে শেষ করি।

তখন ওরা দেখতে পায় তাহেরুন্নেসা বেড়ালটাক কষে একটা লাথি মারে।

এতো মিউ মিউ কিসের। আমার মেয়েকে শোনাতে চাও যে, আমি তোমার ওপর নির্যাতন করছি। ভেবেছো এই করে আমাকে শিক্ষা দেবে, তা হবে না। বলেই আবার একটা লাথি মারে।

বেড়ালটা করুণ স্বরে ডাকতে থাকে। পুরো বাড়িতে বেড়ালের কান্নার শব্দ ছড়াতে থাকে। অমন ভৌতিক করুণ স্বর এই প্রথম এই বাড়ির চারদেয়ালে গুমরে মরে। চোখ মুছতে থাকে অপু, শিপু, মিলা। শেষপর্যন্ত দুলোকমা খেয়ে ভাতের থালা নিয়ে উঠে দাঁড়ায় লীলা। রান্নাঘরে গিয়ে হুসনাকে বলে, মিশির ভাত খাওয়ার বাটিটা দে।

হুসনা চুপিচুপি বলে, খালাআম্মা ওটা ফেলে দিয়েছে।

তো মিশি ভাত খাবে কিসে?

খালাআম্মা ওটাকে আর ভাত দেবে না।

লীলা অদ্ভুত দৃষ্টিতে হুসনার দিকে তাকায়। বলে, তাহলে মিশি আজ থেকে আমার থালায় ভাত খাবে।

আপনি কিসে খাবেন?

কলাপাতায়। আর মনে রাখবি ও আমার ভাত খাবে। আমি যেটুকু খাই তার চেয়ে কম খাবো।

খালাআম্মা কিন্তু খুব রাগ করবেন।

তার রাগের আমি ধার ধারি না।

লীলা বেড়ালটার জন্য ভাত মাখিয়ে ওটার পাশে গিয়ে বসে। টেনে তুলে ভাতের থালা সামনে ধরে। বেড়ালটা মাথা ওঠায় না। খাওয়ার আগ্রহ প্রকাশ করে না। লীলা চেষ্টা করেও একমুঠো ভাত খাওয়াতে পারে না বেড়ালটাকে। শেষে ভাতগুলো ছড়িয়ে দেয় কাকেদের উদ্দেশে। তাহেরুন্নেসা বাথরুমে গোসল করছিল। বেরিয়ে লীলার কাণ্ড দেখে তার রক্ত মাথায় ওঠে। ছুটে এসে মেয়ের কাছে দাঁড়িয়ে বলে, ‘এসব কী করছো? তোমার সাহস তো কম নয়। তুমি আমার আদেশের বরখেলাপ করছো।’

মোটেই তা নয় মা। আমি তোমার স্বেচ্ছাচারিতায় পানি ঢালার চেষ্টা করছি।

লীলা! তাহেরুন্নেসা চিৎকার করে।

এমন করে চেঁচিও না মা। চেঁচালে শরীর খারাপ করবে।

তোমাদের উৎপাতে আমি সংসারটাকে ঠিক রাখতে পারছি না।

আমরা কী করলাম?

ডাইনিং-টেবিলের দিকে তাকাও। দেখো তোমরা প্রত্যেকে ভাত না খেয়ে উঠে গেছ।

আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না।

তোমরা একের পর এক সংসারের শৃঙ্খলা নষ্ট করে চলেছো। আমি এতকিছু বরদাশত করতে পারছি না।

তুমি মাথা ঠান্ডা করো মা।

উপদেশ দিও না বেয়াদব মেয়ে।

তাহেরুন্নেসা পুনরায় বেড়ালটাকে লাত্থি মেরে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে ছেলেমেয়েদের না-খাওয়া ভাতের থালাগুলো ছুড়ে ফেলতে থাকে। পুরো ঘরে ভাত ছড়িয়ে যায়। তরকারি, ডালের বাটি গড়াতে থাকে।

হুসনা দরজায় দাঁড়িয়ে থাকে। কী করবে বুঝতে পারে না। সামনে এগোতে ভয় পায়। লীলা দরজায় দাঁড়িয়ে বলে, মিশি যদি মরে যায় তাহলে এই সংসারে আগুন জ্বলবে। আমরা বিদ্রোহ করবো। ঘরের সব জিনিস একটা একটা করে ভাঙবো।

তাহেরুন্নেসা চোখ গোল করে লীলার দিকে তাকিয়ে থাকে। ছেলেমেয়েরা ওর বিরুদ্ধে এমন করে অবস্থান নিতে পারে তা ভাবতেও পারে না সে। ছেলেমেয়েদের জন্য কী-না করেছে! তার পুরস্কার এই! তাহেরুন্নেসার ক্রোধ প্রজ্বলিত হয়, কান্না পায় না, দুঃখ হয় না, কেন ওরা এমন করছে তাও ভেবে পায় না। তাহেরুন্নেসা আত্মসমালোচনা করতে শেখেনি। সে ঝাঁপিয়ে পড়ে লীলার ওপর। চড় মেরে, চুল ধরে টেনে মাটিতে ফেলে লাত্থি দেয়। ছুটে আসে অন্য ছেলেমেয়েরা। সোহেল মাকে জড়িয়ে ধরে থামায়। বলে, তোমার কী হয়েছে মা?

আমার কী হবে? আমি তোমাদেরকে শাসন করছি।

শাসন? একে কি শাসন বলে?

তোমরা একটা বেড়ালের জন্য আমাকে অপমান করছো।

একটা নিরীহ প্রাণীর ওপর তুমি অত্যাচার করছো মা। খুব অন্যায়।

তোমরা আমাকে ন্যায়-অন্যায় শেখাতে এসো না। তোমাদের জন্য খাটতে খাটতে আমি জীবনপাত করছি। তোমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিজে বাজার করি। নিজের হাতে রান্না করি। ঘর-দুয়োর পরিষ্কার করি। কাপড়- চোপড় ধুই। অসুখে সেবা করি। ডাক্তারের কাছে নিয়ে যাই। আর কী চাও তোমরা?

আমরা তোমার কাছে গণতান্ত্রিক আচরণ চাই। সুশাসন চাই। নিজে সংসারের ভাবমূর্তি নষ্ট করে অন্যের ওপর ভাবমূর্তি নষ্ট করার ধারণা ছাড়তে হবে। তুমি ইলাকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছো। তুমি তোমার জেদের কারণে বেড়ালটাকে শাস্তি দিচ্ছো। তুমি সংসারের কর্তৃত্ব নিজের হাতে রেখে নানা কারণে আমাদের গায়ে হাত তোলো। মানসিক নির্যাতন করো। তুমি এই সংসারের স্বৈরাচারী কর্ত্রী।

লীলা ততক্ষণে গায়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে। দাঁতমুখ খিঁচিয়ে বলে, তুমি সন্ত্রাসীর মতো আচরণ করছো। আসলে তুমি নিজে সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের গডফাদার। ছোটচাচার বখাটে ছেলেটা তোমার কাছে প্রশ্রয় পায়। খালা, মামা, ফুপু, চাচাদের সংসারেও তোমার সন্ত্রাসের নেটওয়ার্ক আছে। তুমি বাড়ির বড় বউ বলে কেউ তোমার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।

তোরা আমাকে এভাবে বলছিস?

তুমি নিজের আচরণ ভেবে দেখো মা। আমাদের নিরীহ বাবা তোমার ভয়ে ছুটির দিনেও বাড়িতে থাকে না।

আমি এত খারাপ!

তাহেরুন্নেসার হুঙ্কারে ছেলেমেয়েরা চুপ করে যায়। যে-যার ঘরে গিয়ে ঢোকে। তাহেরুন্নেসা রাগের চোটে হুসনাকে মারে এবং বেড়ালটাকে লাত্থি দেয়।

বাড়ি ফিরে আসে আজমত আলী। দরজার কাছে থমকে দাঁড়ায়। বাড়ির বাইরে থেকেই বেড়ালের আর্তনাদ শুনতে পায়। সকালে ইলা অফিসে গিয়েছিল। বলেছিল, বাবা আমি জানি তুমি আমার ওপর রাগ করোনি। তুমি তেমন মানুষই নও। বলো বাবা করেছো?

না, মা, একটুও না। তুই তোর পছন্দে জীবনসঙ্গী বেছে নিয়েছিস। আমি খুব খুশি হয়েছি।

বাবা আমি আমার মিশিকে আনতে ভুলে গেছি। তুমি কাল সকালে মিশিকে নিয়ে আসবে। আমি এখান থেকে বেড়ালটা নিয়ে যাবো।

আজমত আলি মেয়েকে কথা দিয়েছে। মেয়ের উজ্জ্বল চক্চকে চোখ দেখে ওর খুশি যে কত বেশি, সেটা বুঝে আজমত আলি নিজেও খুশি হয়। কাল সকালে অফিসে যাওয়ার সময় একটা ব্যাগে করে বেড়ালটা নিয়ে যাবে, এমন চিন্তা নিয়ে আজমত আলি বাড়িতে ঢোকে। কিন্তু বারান্দায় বেড়ালটাকে পড়ে থাকতে দেখে তার বুকটা ধক করে ওঠে। ওই শেকল থেকে উদ্ধার করে বেড়ালটা নিয়ে যেতে পারবে তো? হঠাৎ করে নিজের ভেতর অলৌকিক শক্তি সঞ্চারিত হয়। বলে, পারতেই হবে। ভয় কিসের? ভয় কাকে?

বিকেলে একটি ব্যাগ কিনে আনে আজমত আলি। তাহেরুন্নেসাকে ভুরু কুঁচকে বলে, বেড়ালটা ইলা চেয়েছে। অফিস যাওয়ার সময় নিয়ে যাবো।

কী বললে?

শুনতে পাওনি? জোরে জোরেই তো বলেছি।

আমরা শুনেছি বাবা।

হ্যাঁ, আমরা সবাই শুনেছি।

অসম্ভব। আমি এটা হতে দেবো না।

তো কী করবে?

দেখো কী করি, বলে তাহেরুন্নেসা চলে যায়।

থ্যাঙ্কু বাবা। তুমি আজ কাজের মতো কাজ করেছো। ছেলেমেয়েরা বাবাকে ঘিরে ধরে।

পরদিন খুব ভোরে ঘুম ভাঙে লীলার। ও খেয়াল করে বারান্দায় শেকলটা পড়ে আছে, কিন্তু বেড়ালটা নেই। ওটা কি কোনোভাবে পালিয়ে গেলো নাকি? ও চারদিকে খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও পেলো না। কলেজ যাওয়ার তাড়া ছিল বলে ও তৈরি হতে গেলো।

একে একে সবাই দেখল বেড়ালটা নেই।

আজমত আলির মেজাজ খারাপ হয়ে গেলো। বেড়াল না পেলে ইলা মন খারাপ করবে, এ চিন্তায় সে নিজেও বিব্রত বোধ করছে।

শুধু তাহেরুন্নেসা স্বাভাবিক। নাস্তা রেডি করে টেবিলে দিতে ব্যস্ত। সোহেল খেয়াল করে হুসনা মাঝে মাঝে চোখ মুছছে। আচমকা ওর মনে হয় বেড়ালটা বোধহয় মরে গেছে। ও মায়ের মুখোমুখি হয়।

মিশি কই?

তাহেরুন্নেসা প্রথমে কিছু বলে না। পরে বলে, খুঁজে দেখো না কোথায়।

আমি দেখেছি কোথাও নেই, লীলা দৃঢ়কণ্ঠে বলে।

তখন আজমত আলি রুটি-ভাজির প্লেটটা ছুড়ে ফেলে দিয়ে বলে, আমি জানতে চাই ইলার বেড়ালটা কোথায়? আমি ওকে কথা দিয়েছি যে, বেড়ালটা আজ ওকে দেব।

দেবে? তাহেরুন্নেসার কণ্ঠে বিদ্রƒপ।

আমি জানতে চাই বেড়ালটা কোথায়?

আজমত আলির নিশ্চুপ কণ্ঠ আজ ভীষণ তীক্ষè।

এসো দেখবে কোথায়?

তাহেরুন্নেসার সঙ্গে সবাই বাথরুমের পেছনে গিয়ে দেখে বড় গামলার নিচে মিশির মরা দেহটা চাপা দিয়ে রাখা হয়েছে।

সোহেল চেঁচিয়ে বলে, এভাবে লাশ গুম করে রেখে তুমি সংসারের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে চাও মা?