ও কোথায়?
আবার কোথায়, বিবি এখনো ঘুম থেকে ওঠেননি।
চঞ্চল ঘড়ি দেখল, একটু অবাক হয়ে বলল, ও তো তাড়াতাড়ি ওঠে, হোমে তো বেলা পর্যন্ত ঘুমোতে দিত না, শরীর খারাপ হলো?
না, ঘুমোচ্ছে, বাচ্চারা তো বেলা অবধিই ঘুমোয়, যত ঘুমোবে ততো শরীর ভালো থাকবে। তারপর মা-বাবাকে পেয়েছে, সুখে ঘুমোচ্ছে। বলে মুখটিপে হাসল শিপ্রা। হাসির ভেতরে সুখ আছে। কতদিন বাদে এমনভাবে হাসছে তার বউ। চঞ্চল সোফায় গা ছেড়ে দিয়ে শিপ্রাকে বলল, চা হবে?
আবার চা, এখন মেয়ের জন্য কচুরি করছি, কী মাছ?
পাবদা, এক-কাঁটার মাছ, ওর অসুবিধে হবে না।
শিপ্রা বলল, মাছের ডিম!
এই যাহ্! ভুলে গেছি।
টাকা দাও মাসিকে পাঠাচ্ছি, ও মাছের ডিম খেতে চাইছে। হোমে মাছও পেত না, মাছের ডিমও না, শুধু পোলট্রির কালো কুসুমের ডিম আর ডাল, আলুভাজা, কুমড়োর ঘ্যাঁট। ও না হাঁসের ডিমের হলুদ কুসুম দেখে অবাক, কী খুশি তুলতুল!
চঞ্চল বলল, ওকে তোলো।
উঠবে, ঘুমোক না, বাবা ও মেয়ে কী দুষ্টু, সারাদিন তো বাড়ি থাকো না।
তুমি অফিস – সত্যিই এখন যাবে না?
অমর মিত্রনা, ছমাস মেডিকেল লিভ, সারাজীবন তো ছুটি নিইনি, মেয়েরা কত ছুটিই তো নেয়, সব জমে আছে আমার।
শেষের কথাটায় বিষণ্নতা টের পায় চঞ্চল। তাই-ই তো। এই মেয়ে যদি শিপ্রার পেটে আসত, মেটারনিটি লিভ নিতে হতো, তারপর বাচ্চাকে দেখার জন্য অনেকদিন বাড়ি থাকতে হতো, বাচ্চার জ্বরজারি, অসুখ-বিসুখে ছুটি নিতে হতো। সেইসব ছুটি পাওনা রয়ে গেছে বলে শিপ্রা আর অফিস যাচ্ছে না। অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছে বড়কর্তার কাছে। হোম থেকে বাচ্চা নিয়ে এসেছে সে, রীতিমতো কাগজ-পত্তরে সই-সাবুদ করে অ্যাডপ্ট করেছে। সেই বাচ্চার জন্য কি কোনো স্পেশাল লিভের প্রভিশন নেই? চঞ্চল বলল, আমিও ভাবছি ছুটি নেব।
কেন, তুমি কেন, তখন সবাই হাসবে।
হাসুক না, আমারও তো কত ছুটি চলে যেত, যদি আরো আগে আসত ও, আজ অফিস যাবো না, ওর সঙ্গে খেলব।
শিপ্রা আবার মুখ টিপে হাসল। হাসির সঙ্গে ওর দুই চোখের তারা ঝলমল করে ওঠে। সমস্ত শরীরের এক নতুন মুদ্রা যেন দেখতে পায় চঞ্চল। কীরকম বিমর্ষ হয়ে থাকত শিপ্রা। তাকে একদম ছাড়তে চাইত না। ওকে ছাড়া কোথাও যাওয়ার কোনো উপায় ছিল না। একটু দেরি হয় যদি ফিরতে মোবাইলে ঘন ঘন খোঁজ, আর যখন মোবাইল নেয়নি চঞ্চল, বাড়ি এসে দেখেছে উদ্বিগ্ন, ভয়ার্ত শিপ্রাকে। কখনো কখনো চোখে সন্দেহের ছায়াও দেখা যেত না যে, তা নয়।
শিপ্রা বলল, এত কষ্ট লাগে ওর কথা শুনে, ওদের ওখানে সবদিনই ডিম দিত।
কী করবে, অত বাচ্চাকে তো কাঁটা বেছে মাছ খাওয়ানো যেত না।
সব্বাইকে সাতটায় উঠে পড়তে হতো।
আজ যে তাহলে এত বেলা অবধি ঘুমোচ্ছে।
অভ্যাসটা বদলাচ্ছে, মা-বাবার কাছে এসেছে তো।
ওকে তাহলে ডাকি?
না, না, অভ্যাস বদলে যাক, তুমি অফিস যাবে কিনা বলো, ভাত চাপাব?
চঞ্চল সিদ্ধান্ত নিতে পারেনি, তাই কথা বলল না। উঠে বেডরুমে ঢুকে পড়ল। বিছানায় যেন একরাশ কাঠ- গোলাপ পড়ে আছে। সুগন্ধ পাচ্ছে যেন চঞ্চল। এককাত হয়ে ঘুমিয়ে আছে ওদের মেয়ে। সমস্ত রাত মধ্যবর্তিনী হয়ে থাকে তুলতুলি। এই সাতদিন চঞ্চল যেতেই পারেনি শিপ্রার কাছে। আর শিপ্রাও কত উদাসীন হয়ে গেছে, তাকে ডাকেওনি একবার। আগে কী হতো? অত বিমর্ষতার ভেতরেও তার বুকে মুখ গুঁজে ঘুমিয়ে থাকত শিপ্রা। এখন আর তাকে দরকারই হচ্ছে না। বছর কুড়ির অভ্যেস বদলে যাচ্ছে তাদেরও, যেমন বদলে নিচ্ছে এই মেয়ে। সুখে, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে।
চঞ্চল ডাকল, মৌ, শুনছ সোনামণি।
শিপ্রা দরজায় এসে দাঁড়িয়েছে, বলল, ওর নাম তো তুলতুল।
মৌও তো খারাপ নাম নয়।
চাপা গলায় ধমকে উঠল শিপ্রা, ওই নাম কেন, ওই নাম ওকে ভুলিয়ে দিতে হবে, ওই নাম তো আমাদের মেয়ের নাম না।
আহা নামটা তো খারাপ নয়।
খারাপ-ভালো জানি না, ও এখন আমাদের মেয়ে, আমাদের মেয়ের নাম তুলতুল, মৌ ওর আগের নাম, ওকে আগের সব ভুলিয়ে দিতে হবে।
চঞ্চল বেরিয়ে এলো। তাদের ছোট ফ্ল্যাটটা একটু একটু করে বদলে যাচ্ছে। শিপ্রা কত ভোরে উঠছে এখন। উঠে স্নান করে সুদ্ধ হয়ে নেয়। কাচা কাপড় পরে কাজ আরম্ভ করে। আগে এমন হতো না। এখন ফ্ল্যাটটা কেমন গুছোনো, হাতের জিনিস হাতের কাছে। শিপ্রা অবশ্য বলছে, আর কদিন যাক, দেখবে কোনোকিছুই খুঁজে পাবে না, তোমার পেন, রুমাল সব থাকবে মেয়ের কাছে, ওর জন্য একটা পুতুল খেলার বাক্স এনে দিতে হবে। খেলনা ওর ভেতরেই এসেছে কত, আরো আসবে। আত্মীয়-স্বজনও নিয়ে আসছে। চঞ্চল বলল, ভালো লাগছে না অফিস যেতে।
তাহলে যেও না।
কাজও আছে।
তাহলে যাও, না যাও তো তোমার জন্যও কচুরি করি।
না, আমি কচুরি খাব না।
ও মা, সে কী?
অ্যাসিড হয়।
অ্যাসিড, তোমার তো অ্যাসিড হতো না।
তুমিও তো কচুরি বানাতে না, কিনে আনা হতো।
তোমার ওই দোকানের জিনিস আমি মেয়েকে খাওয়াবো!
চঞ্চল বলল, তাহলে আমি বরং অফিস যাই।
যাও, বাড়ি বসে বসে তো আমাদের বিরক্ত করবে, আমরা মা-মেয়েতেদুপুরে কত কথা বলি!
না যাবো না, মেয়েকে নিয়ে খেলব।
খেলবে, কী খেলবে? ও তো পাকা গিন্নি, শুধু পাকাপাকা কথা বলে, কাল দুপুরে বউ সাজাতে হয়েছিল।
তারপর?
শিপ্রা বলল, ক্যামেরার শাটার মেরে দিয়েছি, কী অদ্ভুত মেয়ে, যেই-না ক্যামেরা তাক করেছি, মাথার ঘোমটা ফেলে হি-হি করে হাসতে লাগল। জানো, ও কত রাইম জানে, ছেলে-ভুলোনো ছড়া জানে।
হোমে শেখাত?
বোধহয়। শিপ্রা উন্মনা হলো, তারপর বিনবিনিয়ে বলল, হোমে আর কত শেখাবে, সেই টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার, তার বেশি না, ও না গান জানে।
কী গান! বিস্মিত হলো চঞ্চল, সিনেমার গান, হিন্দি?
উহুঁ, বাংলা গান, কাজল নদীর জলে –
সে-কী, ও তো আমার ছেলেবেলার গান। কে শেখাল?
ওর মা।
তুমি!
ও বলছে আমি, আমিই তো ওর সেই মা।
চঞ্চল থমথমে হয়ে গেল। কাদের মেয়ে কাদের ঘরে এসে উঠল! হোম থেকে বলে দিয়েছে মেয়েটা খুব যত্ন চায়। খুব আদর। খুব মায়া। খুব মমতা। স্নেহ। ওসব না হলে মেয়েটা সব ভুলে যেতে পারবে না। মিশে যেতে পারবে না নতুন মা, নতুন বাবার সঙ্গে। ওর ভেতরে একটা অস্থিরতা আছে। ট্রমা। ওর মা-বাবা অ্যাকসিডেন্টে মারা গিয়েছিল। বছর কেটে গেছে। মা-বাবার মুখ ফেইড হয়ে যাচ্ছে। ওর জন্য এখন চাই খুব শান্ত জীবন। তাহলে অতীতটা আবছা হতে হতে একেবারে মিলিয়ে যাবে।
এখন ডিসেম্বরের প্রথম। কলকাতার গায়ে লাগানো এই পুরোনো শহরতলিতে পাতলা ঠান্ডার স্তর জমে থাকে সকালবেলায়। সেই ঠান্ডা মেয়ের চোখের ওপর মোলায়েম ছোঁয়া দিয়েছে। তাই ঘুমের শেষ নেই। চঞ্চল দরজায় দাঁড়িয়ে দেখছে তার মেয়েকে। কোনোদিন ওই বিছানায় শিশু শুয়ে থাকবে তা কি ভাবতে পেরেছিল তারা? সে আর শিপ্রা তো কম চেষ্টা করেনি। ডাক্তার কম দেখায়নি। তারই বোধহয় অপারগতা আছে। লুকনো অপৌরুষ নিয়ে জন্মেছে সে। ডাক্তার যখন ব্যর্থ হলো, শিপ্রা কত জায়গায় মানত করেছে। পীরথান, মন্দির, বটতলা, অশ্বত্থতলা – কত জায়গায় গেছে। একটা লোক তাকে তাবিজ দিয়েছিল, মিলনের তিথি, নক্ষত্র জানিয়েছিল, এমনকী আসনও বলে দিয়েছিল। শিপ্রা শেষের দিকে মন খারাপ করে বসে থাকত। একদিন তারা দুজনেই কি একসঙ্গে কাঁদেনি অন্ধকারে! চঞ্চলের পিঠে হাত দিল শিপ্রা, বলল, পনেরো তারিখে ফরম দেবে রোজ বাড নার্সারিতে, তুমি ওদিন ফরম তুলবে।
আর? চঞ্চল ঘুরে দাঁড়াল।
আমি কি চাকরি ছেড়ে দেবো?
সে তোমার ইচ্ছে।
ওকে কার কাছে রেখে আমি অফিসে যাবো?
এখন যেও না, তোমার মা বলেছেন তো এসে থাকবেন।
মা কি পারবে? ও যে খুব দুষ্টু।
চঞ্চল বুঝতে পারছিল মেয়েটা এ-বাড়িতে ঢুকে সব যেন এলোমেলো করে দিয়েছে। আগে সকালটা কীরকম নৈঃশব্দের ভেতরে পার হয়ে যেত। কী কোলাহলহীনই ছিল সব। সকাল যেত খবরের কাগজে খুন-জখমের বৃত্তান্ত পড়ে পড়ে। টেলিভিশনে অর্থহীন ছবি, অর্থহীন গান, সেক্স, ভায়োলেন্স নির্বিকার-মুখে দেখে যেত তারা। এখন খবরের কাগজ পড়ে থাকছে, টেলিভিশনও বন্ধ থাকছে।
শিপ্রা বলল, এবার তুলি, এত সময় ধরে ঘুমোলে আমরা কী করব।
তোলো তাহলে।
ওফ্! কী সুন্দর না হয়েছে আমাদের মেয়ে, আমি ওকে পেটে ধরিনি তো কে ধরেছে?
দুই
হোমের খোঁজ এনেছিল শিপ্রা নিজেই। তার সহকর্মী অনুভার মামা ওই হোম থেকে একটা মেয়ে নিয়েছিল অনেকদিন আগে। সেই মেয়ে এখন ক্লাস এইটে। দেখলে কে বলবে নিজের মেয়ে নয়? শিপ্রা একরাত্রে চঞ্চলকে বলেছিল, আমার একটা মেয়ে চাই।
চঞ্চল অবাক হয়েছিল, ক্ষুব্ধও হয়েছিল। সব জেনেও শিপ্রা অমন কথা বলে কী করে? সে কোনো জবাব দেয়নি। পাশ ফিরে শুয়ে ছিল।
তুমি যে কিছু বলছ না?
বিরক্ত হয়েছিল চঞ্চল, বলেছিল, কী বলব, সব তো তুমি জানো।
অত জানি না, আমি একটা মেয়ে চাই, তাকে আমি গান শেখাব, নাচ শেখাব।
তখন এত ব্যর্থ মনে হয়েছিল নিজেকে! ব্যর্থ পুরুষ। শিপ্রার তো উপায় নেই সন্তানধারণের, তবে? তার জন্য অন্য পুরুষ লাগবে। মহাভারতের কুন্তির মতো মা হবে নাকি শিপ্রা, কিংবা পাণ্ডু ও ধৃতরাষ্ট্রের মায়ের মতো করে মা হবে, নাকি তার বউ? নিজেকে মনে হয়েছিল অক্ষম পাণ্ডু, বীজ বপনের মুহূর্তে যার মৃত্যু অবধারিত। সে সরে গিয়েছিল বিছানার অন্য প্রান্তে – শিপ্রা এগিয়ে এসে তার দিকে হাত বাড়িয়েছিল তখন, তাকে ছুঁয়ে বলেছিল, আমি যদি একটা মেয়ে কুড়িয়ে আনি?
সে কী করে হবে? চঞ্চল ঘুরে শুয়েছিল।
তারপর হোমের খবর দিল শিপ্রা। হোমের প্রধানের কাছে আবেদন, আবেদনের তদন্ত, বিচার, কতরকম জেরা। তারা খোঁজ নিতে লাগল কেমন দম্পতি চঞ্চল আর শিপ্রা। তারা কীভাবে রাখবে মেয়েকে। কষ্ট দেবে না-তো? সন্তান বলে নিয়ে কাজের মেয়ে বানাবে না-তো? ওয়ার্কিং পেরেন্টসের বাচ্চা অবহেলায় বড় হয়, অবহেলা হবে না-তো? সব প্রশ্নের সমাধান করে তবে মেয়েকে জিতে নিয়েছে তারা। ওই যে মেয়েকে নিয়ে খেলছে শিপ্রা। চঞ্চল সোফায় কাত হয়ে দেখছে শিশুর আনন্দ। শিপ্রা শেখাচ্ছে, তুলতুল শিখে নিচ্ছে। সাড়ে তিন বছরে মেয়ের জীবন আরম্ভ হলো। আগে যা জেনেছে সব ভুল।
শিপ্রা জিজ্ঞেস করল, তাহলে পিসির নাম কী হলো?
কোন পিছি?
তোমার তো একটাই পিসি সোনামণি।
তুলতুল বলল, কী জানি কী হবে?
তার বলার ধরনে খিলখিল করে হেসে উঠল শিপ্রা, বলল, তার নাম সুজয়া।
তুলতুল বলল, না, বড়পিছি।
বড়পিসির নাম সুজয়া, মনে রাখতে হবে।
তুলতুল বলল, আর তোমার নাম?
তাহলে আমার নাম মা।
না তোমার নাম কী?
বলছি তো মা, গৌতম কার নাম?
কাকাই, গোতম কাকাই। বলে
তুলতুল মাথা দোলাতে লাগল।
বাহ্, এই তো ঠিক বলেছিস সোনা, বল দেখি বাবার নাম?
তুলতুল বলল, বাবা লায়।
না, না বাবার নাম কী? শিপ্রা জিজ্ঞেস করে।
তোমার নাম কী? বলে ওঠে তুলতুল।
ওরে দুষ্টু, তুমি শোধ নিচ্ছো, বলে শিপ্রা ধরতে যাবে মেয়েকে তো, সে ঝাঁপ দিয়ে পড়ল বাবার কোলে, সেখান থেকে ডেকে উঠল, মা হলো ছিপ্পা লায়।
লায় না রায়।
তুলতুল বলে, লায় না লায়।
মেয়ের মুখের কথা শুনে নতুন বাবা-মা আনন্দে ঝলমল করে উঠতে থাকে। শিপ্রা মেয়েকে টেনে নিজের কোলে নিয়ে বলল, এবার বলো দেখি জয়িতা কে?
মাথা নাড়ে তুলতুল, কেউ না।
আচ্ছা বলো দেখি অঞ্জু কে?
খিলখিল করে হেসে ওঠে মেয়ে, বলে, তুমি।
আমি কী রে, তোর কাকিমা।
না তুমি।
না-রে তোর কাকিমা।
এবার তুলতুল একটু ধন্দে পড়ে যায় যেন। কথাটা সে আমোদ করার জন্য যেন বলছিল না। বিহ্বল চোখে সে মায়ের দিকে তাকিয়ে থাকে। বড় বড় দুই চোখের মণি ঘন কালো, সাদা অংশটিতে নীলচে ভাব গভীর, নাক ঈষৎ চাপা, দাঁতগুলো কুলিকুলি করে সাজানো। তার মুখখানিতে যেন মঙ্গোলয়েড ছায়া, সেই ছায়ার ভেতরে যে কী অপার্থিব সৌন্দর্যের আলো। চঞ্চল নেমে এসে তার টোপা গালে আঙুল ছোঁয়ায়, বলল, তোর মা তো শিপ্রা।
কোনো কথা বলল না মেয়ে। থমথমে মুখে বাবাকে দেখতে লাগল। তার মাথার ঘন কালো চুলের ভেতরে হাত দিয়ে চঞ্চল আবার বলল, মায়ের নাম শিপ্রা।
ছিপ্পাও আঞ্জুও।
আঞ্জু কে? শিপ্রা হতচকিত, এ কার নাম?
চঞ্চল বলল, থাক না। সে বুকের ভেতরে টেনে চেপে ধরে মেয়েকে, বলল, একটা রাইম বলো দেখি সোনা?
জ্যাক অ্যান্ড জিল?
হ্যাঁ রে, তোর মা তোকে যেটা শিখিয়েছে।
শিপ্রা বলল, না, আমি তো জ্যাক অ্যান্ড জিল শেখাইনি।
না তুমি বলেছিলে। শিপ্রার দিকে আঙুল তুলে বলল তুলতুল।
আমি তোকে টুইঙ্কিল টুইঙ্কিল –
ওটাও জানি এটাও জানি, জনি জনি ইয়েস পাপা/ ইটিং সুগার, নো পাপা…
শিপ্রা অবাক, বাহ্ রে, তুই কত জানিস?
অনেক। দুহাত তুলে বলল মেয়ে, নম্বর দাও।
নম্বর! হা হা করে হেসে ওঠে চঞ্চল।
সেদিন রাতে তুলতুল ঘুমোলে মধ্যবর্তিনীকে একটু সরিয়ে দিয়ে কদিন বাদে শিপ্রা আবার এলো চঞ্চলের কাছে, ফিসফিস করে বলল, ওসব আমি একটাও শেখাইনি।
তবে যে বলে যাচ্ছে?
আঞ্জু কে? শিপ্রা চাপা-গলায় জিজ্ঞেস করে।
কে আবার আমাদের অঞ্জু, ওর কাকি।
ও যে বলছিল আঞ্জু, আমার এক বন্ধুর নাম ছিল আঞ্জুমান।
না, না, অঞ্জু।
আঞ্জু হলেই বা কী? শিপ্রা বিড়বিড় করে, কিন্তু সে কে?
কে আবার, শিশুর খেয়াল, যা হয় বলে দিল।
শিপ্রা ফিসফিস করল, ও যে বলল মা।
ওসব ভেবে লাভ কী, ওর মা তো কেউ ছিলই। চঞ্চল বলে।
শিপ্রা কেমন যেন কুঁকড়ে গিয়ে জড়িয়ে ধরে চঞ্চলকে, বলে, ওকে নম্বর কে দিত?
ওর আবার নম্বর; তখন তিন বছর, ওই বয়সে নম্বর বোঝে!
জনি জনি মুখস্থ, কত ছড়া মুখস্ত!
ভালো তো, ঘুমোও। শিপ্রাকে ঘুম পাড়াতে চায় চঞ্চল, বলে, ওসব ভুলে যাও, ও এখন আমাদের মেয়ে।
ওর যে মনে পড়ে যাচ্ছে!
ভুলে যাবে, সব ভুলে যাবে, তোমার কি তিন-সাড়ে তিন বছরের কথা মনে আছে?
শিপ্রা বলল, ভয় করছে, যদি কেউ দরজায় এসে দাঁড়ায়, হাত বাড়িয়ে বলে, দিয়ে দাও, আর ও চিনতে পেরে জনি জনি বলতে বলতে ছুটে যায়?
চঞ্চল জড়িয়ে ধরে শিপ্রাকে, চুমু খায় গালের ওপর, চোখে, ব্লাউজের ওপর দিয়ে স্পর্শ করে স্তন, আস্তে আস্তে বলল, হোম জানাবেই না – কাকে দিয়েছে, কে নিয়েছে।
খবর কি বেরিয়ে যায় না?
চঞ্চল বলল, ওর মা-বাবা তো নেই।
যদি থাকে?
কী-সব বলছ, তারা অ্যাকসিডেন্টে…
আমার ভয় করছে, হোম যে সত্যি কথা বলছে, তা না-ও হতে পারে।
তুমি চুপ করে ঘুমোও।
শিপ্রা বিনবিনিয়ে বলল, তুমি দ্যাখো, ও আসার পর থেকে মনেহচ্ছে বুকে যেন দুধ আসছে, ব্লাউজ ভিজে লাগে যেন, আমি মা হয়ে গেছি সত্যি সত্যি।
আবেগে গলে যায় চঞ্চল, শিপ্রাকে বুকের উপর চেপে ধরে চাপা গলায় বলতে থাকে, মা তো হয়েছই, আমি বাবা হয়েছি, বুকে তো দুধ আসবেই, দেখি দেখি।
না, ওসব আমার সোনামণির জন্য, তুমি আর পাবে না।
তাহলে এবার ঘুমোও, নাকি জেগে থাকবে, তাহলে মেঝেয় যেতে হবে।
না, না, আমি মা হয়ে গেছি, আমার সব সাধ মিটেছে, কিন্তু আমার মনে হচ্ছে ওকে সব ভোলান কঠিন, ওর ব্রেইন খুব শার্প, শুধু আমাদের চিনতে পারেনি, ভেবেছে সত্যিই আমরা ওর…, একটা কাজ করলে হয়, আমার একটা নাম আঞ্জু হোক, তুমি আঞ্জু বলে ডেকো, ও যে যেমন বদলে আমাদের মতো হয়ে যাবে, আমরাও তো বদলে ওর মতো হয়ে যেতে পারি।
চঞ্চল কথার জবাব খুঁজে পাচ্ছিল না। তারা সত্যি সত্যি হয়ে উঠবে ওর সত্যিকারের মা-বাবা। শিপ্রা বলছে ওর আগের মা হয় অঞ্জু না হয় আঞ্জু – আঞ্জুমান হতে পারে, অঞ্জলি হতে পারে। চঞ্চলের শীত করে এলো। তেরো-চোদ্দ মাস আগে অ্যাকসিডেন্টে ওর মা-বাবা দুজনেই একসঙ্গে – আঞ্জুমান কিংবা অঞ্জলি আর তার স্বামী একসঙ্গেই মারা যাওয়ার পর আত্মীয়রা কিছু টাকা দিয়ে ওকে হোমে রেখে যায়। কেমন আত্মীয় তারা? ভাবতে গেলেই মায়ায় চোখ ভারি হয়ে আসে যে। শিপ্রা তাকে আঁকড়ে ধরল আবার, কথা বলছে না যে?
শিপ্রাকে আবার চুমু খায় চঞ্চল, বলে, ঘুমোও না সোনামণি, তুমিই যে তুলতুল হয়ে যাচ্ছ, মাঝরাত্তিরে যত আবোল-তাবোল কথা।
তিন
ওকে খুব সাবধানে বড় করে তুলতে হবে। ওর ভেতরের ট্রমা তাহলে কেটে যাবে। অ্যাকসিডেন্টে ও বেঁচে গিয়েছিল একা। কী করে বেঁচেছিল? শিপ্রার মনে হয় তার কোলে আসার জন্যেই হয়তো ওর বেঁচে থাকা।
শিপ্রা ওকে শেখাচ্ছে –
‘ওপারেতে কালো রং।
বৃষ্টি পড়ে ঝমঝম।।
এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে।
গুণবতী ভাই আমার মন কেমন করে ॥’
মেয়ে বলছে, আমিও জানি।
বল দেখি কী জানিস?
মেয়ে বলল, বিষ্টি পড়ে তাপুর-তুপুর নদেয় এল বান…
বাহ্রে মা-মণি, তুই কত জানিস, কে শেখাল তোকে?
তুলতুল তর্জনী দেখায়, তুমি।
আমি, কবে?
অনেকদিন আগে।
ভয় করে শিপ্রার, প্রসঙ্গ বদলে দেয়, জিজ্ঞেস করে, দিদার নাম কী?
ছায়ালানি।
বাহ্, ঠিক বলেছিস, আচ্ছা বল দেখি এটা কোন জায়গা?
বলানগল – শুনে শিপ্রা মেয়েকে কোলে তুলে আদর করে, তুই তো সব শিখে গেছিস তুলতুল, বলানগল! বরানগর! শুনতে কী ভালোই না লাগে! সে গুনগুন করে ডাক দেয়, তুলতুল রে তুলতুল, বাবার নাম?
বাবা।
বাবা ভালো না মা ভালো?
তুমি ভালো। বলতে বলতে তুলতুল ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। শিপ্রা তাকে চেপে ধরে শিহরিত হয়ে উঠতে থাকে। এও যে এক অদ্ভুত আনন্দ। তাহলে পেটে ধরার আনন্দ কত না! নমাস পেটের ভেতর লালন, তখন যে কী হয় শিপ্রা তা খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়েছে জা অঞ্জুর কাছে। প্রশ্নের ধরনে অঞ্জুও অবাক। অ্যাডপ্ট করছ দিদি, ওসব জেনে হবে কী? কী হবে তা অঞ্জু টের পাবে কী করে? অঞ্জু তো আর কৃষ্ণনগর থেকে কোনো পুতুল কিনে আনেনি। মাটির পুতুল প্রাণ পেলে কেমন হয় তা শিপ্রা জেনে যাচ্ছে। মেয়েকে নিয়ে বিছানায় কাত হয় শিপ্রা, বলে, আর না, এবার ঘুমোও।
না ঘুমোব না। বলে মেয়ে উঠে বসে।
কেন ঘুমোবি না?
ঘুমোতে ভালো লাগে না।
শুনে শিপ্রা হেসে ফেলে, তারপর মেয়েকে বুকের কাছে টেনে বলে, এই তুলতুল শোন, কোথায় ছিলি রে তুই এতদিন।
তুলতুল শুনে অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি কোথায় ছিলে মা?
আমি তো এখেনে।
আমিও এখেনে। মেয়ে তর্জনী দিয়ে বিছানা দেখায়।
এই তুলতুল, অঞ্জু কে রে?
তুলতুল হেসে বলে, তুমি আঞ্জু।
আঞ্জু ভালো না আমি ভালো?
জানি না যাও। মাথা ঝাঁকায় মেয়ে, তারপর বলে, তা আবাল হয়?
শিপ্রা চোখ বোঁজে। ঘুম ছেয়ে আসছে শরীরে। সে মেয়েকে টেনে বুকের কাছে শুইয়ে বলে, আমার নাম শিপ্রা, সে কি অন্য কেউ।
না তুমি আঞ্জু, তুমি ছিপ্পা! বলতে বলতে তার বুকে মুখ গোঁজে মেয়েটা।
চার
চঞ্চল হোম থেকে ঘুরে এসেছে। একা একা হোমে গেল কেন সে? তারা তিনজনেই যেতে পারত। দেখিয়ে আনতো মেয়েকে। চঞ্চল বলল, এমনি গেল, খেয়াল হলো তাই চলে গেল।
কী বলেছে হোমের ম্যাডাম?
যা বলছে বলুক, বলতে বলতে সব ভুলে যাবে।
ভুলছে মনে হয় না। শিপ্রা বলল।
ভুলছে, ভুলবেই তো, না ভুললে বড় হবে কী করে?
শিপ্রা বলল, ওরা সব জিজ্ঞেস করল, হোমে ওকে খুব ভালোবাসত, ওরা আর আসবে না দেখতে?
না, ওকেও নিয়ে যাওয়ার দরকার নেই, ভুলে যাক হোমের কথা।
শিপ্রা জিজ্ঞেস করে, তুমি সব বললে?
বললাম।
কী বলেছ বলো দেখি।
চঞ্চল বলল, আমি গিয়েছিলাম ওই আঞ্জু না অঞ্জুর খোঁজে।
কথাটা শোনামাত্র শুকনো খড়ের উপর যেন আগুন পড়ে, আচমকা ক্রুদ্ধ হয়ে ওঠে শিপ্রা, কে আঞ্জু, আঞ্জু না অঞ্জু, তুমি তার খোঁজ করলে কেন?
না, এমনি।
এমনিই বা করবে কেন, আমিই ওর মা।
জানি তো, সমস্ত জীবন তুমিই ওর মা হয়ে থাকবে।
গর্জে উঠল শিপ্রা, তাহলে আঞ্জু কে, কী-সব বলছে দুধের শিশু, তা মনে রেখে যেতে খোঁজ নিতে?
চঞ্চল টের পেল শিপ্রার ভেতরে ঘা লেগেছে, সে বলল, আমি তো খোঁজ পাইনি, ওরা খোঁজ দেবেও না, বারণও করল।
করবেই তো, আমাকে না বলে তুমি কক্ষনো যাবে না কোথাও, সন্ধেবেলায় বাড়ি ফিরে আসবে, ওর পাস্ট খুঁজে বের করে আমাদের কী সুখ হবে?না না, ঠিক আছে, তুমি শান্ত হও, মেয়ে কই?
ভেতরের ঘরে খেলছে একা একা, খেলুক, দুপুরে খুব ঘুমিয়েছে। শিপ্রা শান্ত হয়ে গেছে, আবার বলল, তুমি ওই আঞ্জুর খোঁজ করতে গেছ হোমে, আমাকে ও দুপুরে আঞ্জুমা বলে একবার ডেকে উঠল, আমি কী করি বলো দেখি।
তুমি সাড়া দেবে না, তুমি বলবে তুমি হলে শিপ্রা।
সেও তো বলে, কিন্তু আঞ্জু নামটা ও তো ভুলছে না।
ভুলবে, সবে তো এসেছে ঘরে।
শিপ্রা বলল, আমার ভয় করে – ও কখন কী বলে ওঠে।
কী বলবে?
ওর মা-বাবার কথা।
বলুক, বলতে বলতে একদিন আর বলবে না।
শিপ্রা বলল, সেই মা-ই তো আসল মা, পেটে ধরেছে, বুকের দুধ খাইয়েছে, রাত জেগেছে, ও রাতজাগানি ছিল কিনা কে জানে।
চঞ্চল চুপ করে শুনছে শিপ্রার গুনগুন। আসলে নতুন অতিথির ভেতর ডুবে গেছে নতুন মা শিপ্রা, তাই তাকে নিয়ে ওর নিত্যনতুন উদ্বেগ। জন্মাবার পর যে-সময় মা-বাবা উদ্বিগ্ন হয়ে থাকে দিনে-রাতে, সেই সময়টায় তো তারা একে পায়নি। জ্বরজারি, কাশি, সর্দি, ট্রিপল অ্যান্টিজেন – কতরকম যে ব্যাপার থাকে শিশুর জন্মের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে, তার কোনোটাই তো তারা ভোগ করেনি। কিন্তু উদ্বেগেও যে সুখ আছে, তা থেকে বঞ্চিত হবে কেন শিপ্রা! তাই নানারকম উদ্বেগ সে তৈরি করছে নিজে নিজে। ছেলেমেয়ে মানুষ করা কি বিনা উদ্বেগে হয়?
শিপ্রা বলল, চলো কোথাও ঘুরে আসি।
গেলে হয়, পাহাড়ে বা সমুদ্রে।
কিন্তু! শিপ্রা থেমে গেল, দাঁতে ঠোঁট কামড়ে ধরল, বিনবিন করে বলল, এমন যদি হয়, ওকে নিয়ে হয়তো বেড়াতেই গিয়েছিল ওর মা-বাবা।
এবার বিরক্ত হলো চঞ্চল। শিপ্রা অদ্ভুত এক উদ্বেগের ভেতর নিজেকে ফেলে দিচ্ছে, সে একটু চাপা গলায় ধমক দিল শিপ্রাকে, অফিস ছুটি নিয়ে বাড়ি বসে বসে এইসব ভাবছ?
না, কিন্তু সত্যি তো হতে পারে।
তুমি যে এরপর মেন্টাল পেশেন্ট হয়ে যাবে।
শিপ্রা বলল, আমি না কাল একটা দুঃস্বপ্ন দেখেছি, হোম তোমাকে বলল না কোথায় হয়েছিল অ্যাকসিডেন্ট? জানিয়ে দিলে আমরাই না-হয় জেনে থাকতাম, বলতাম না কাউকে।
তুমি না রাগ করলে হোমে যাওয়ার জন্য?
একেক সময়ে একেক রকম মনে হচ্ছে, সারাদিন ওকে নিয়ে কাটাচ্ছি।
এরকম মনে হলে তো চলবে
না, সবকিছু জানতে হবে না, না জানলেও জীবন চলে যাবে, তুমি খবরদার এসব নিয়ে ভাববে না। একটু জোরে কথাটা বলল চঞ্চল, ধমকেই উঠল, এরপর তো তুমিই সমস্যা জটিল করে তুলবে।
না, না – ও যে আঞ্জু -।
আবার ওই কথা! চঞ্চল রেগে যায়, তুমি থামবে!
ঠিক তখনই ঝাঁপিয়ে দুজনের মধ্যে এসে পড়ল তুলতুল। কখন যে ঘুম থেকে উঠেছে – তারা কেউ টের পায়নি। কচি-গলায় চিৎকার করে ওঠে তুলতুল, এই বাবা, এই লোকটা, খবদ্দাল তুমি মাকে বকবে না।
আমি তো বকছি না। চঞ্চল নিজেকে সংবরণ করল।
না বকছিলে তো, দেখি দেখি তোমাকে মালি। বলতে বলতে ক্ষিপ্রবেগে সরে গিয়ে টি-পয় থেকে পেপার-ওয়েট তুলেছে মেয়ে, কালক্ষেপ না-করে দুর্বল-হাতে ছুড়ে দিয়েছে চঞ্চলের দিকে। দিক্ভ্রষ্ট হয়ে তা কাচের শো-কেসে আছড়ে পড়তেই ঝনঝন করে ভেঙে পড়ল কাচ। কী করলিরে তুই, কী করলি? বলতে বলতে শিপ্রা গিয়ে ধরেছে মেয়েকে।
লোকটাকে মালবো। বলতে বলতে ঝটকা মেরে শিপ্রার কাছ থেকে বেরিয়ে কচি হাত নিয়ে সে ঝাঁপিয়ে পড়ল চঞ্চলের ওপর। আর বকবে মাকে, মালবে মাকে?
মারব কীরে, ওরে তুই কী বলিস?
তুমি কেন বকলে মাকে, তোমাকে মালব।
আর মারিস না মা, লাগছে। চঞ্চল মেয়েকে ধরল।
না, ছালো, কেন বকলে মাকে, কেন, এই লোকটা। বলতে বলতে কেঁদে উঠল তুলতুল, মা যদি চলে যায়, মাকে কেন বকলে তুমি। কাঁদতে কাঁদতে নরম-হাতে বারবার আঘাত করতে লাগল চঞ্চলকে।
শিপ্রা স্তম্ভিত-চোখে মেয়েকে দ্যাখে, খুব নরম গলায় বলে, বাবাকে মারে না সোনা।
শিপ্রার কথা শুনতে পায় না মেয়ে। তা দেখে শিপ্রার দুচোখও ভরে এলো জলে। চঞ্চল অবাক হয়ে মেয়েকে দেখতে থাকে। যত ক্রোধ ছিল ওর ভেতর সব উপরে দিচ্ছে একটু একটু করে।
মেয়েকে জোর করে টেনে নিল শিপ্রা, বলল, আর না, আমি যাবো না রে, কোথাও যাবো না।
তুলতুল হাপুস-নয়নে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বাবাকে বলে, মা আল চোখ খুলবে না, মা চলে যাবে। কেন তুমি মাকে বকলে, কেন মাললে, মা আকাছে গিয়ে তালা হয়ে যাবে, মা গো!
মেয়ে কাঁদছিল। মেয়ের কান্না শুনছিল মা-বাবা দুপাশে বসে। শিপ্রার অস্বস্তি হচ্ছিল। কিছুই হয়নি, তবু এমন করছে কেন তুলতুল? কী-সব বলছে? ওর মা গিয়েছিল কোথায়? আকাশে? চমকে ওঠে শিপ্রা। তার মানে মরে গিয়েছিল একা একা? দুজনে, মা-বাবা একসঙ্গে নয়? নাকি এসব ও বানাচ্ছে। হোমের অন্য কেউ বলেছিল হয়তো। অন্য বাচ্চা। কে জানে? থাক, ওসব কথা ভুলে যাওয়া দরকার। ভোলাতেই তো আর একটা মা এসেছে ওর কাছে। কিন্তু কী হয়েছিল সেই মায়ের? শিপ্রার যে জেনে নিতে ইচ্ছে হচ্ছে খুব। আহা রে! মা আকাশের তারা হয়ে গেলে তুই হোমে চালান হয়ে গেলি? নিষ্ঠুর লোকটা তোকে রাখল না। শিপ্রা আর ভাবতে পারে না, বেদনায়, মায়ায়, ভালোবাসায় তার দুই বুক টনটন করে ওঠে। দুধ জমে জমে এতই ভার হয়েছে বুকদুটো, যেন এখনই ফেটে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে সমস্ত শরীর। না পেরে শিপ্রা মেয়েকে টেনে নিয়ে বুকের আঁচল ফেলে ব্লাউজের হুক খুলে মেলে ধরল নিজেকে, চাপা গলায় বলল, আর কেঁদো না, এই তো আমি এসে গেছি।
তখন চঞ্চল, সেই লোকটা ঘাড় হেঁট করে বসে। কেউ না জানালেও সব তো জেনে নিতেই হচ্ছে। এতটা জানা কি ভালো? তবু তার ভাগ্য ভালো, সেই নিষ্ঠুর লোকটার নামটা ভুলে গেছে তাদের মেয়ে তুলতুল। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে সে দেখল শিপ্রার বুকে মুখ দিয়ে ঘুমিয়ে পড়ছে মেয়ে। সবদিক শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে।

Leave a Reply
You must be logged in to post a comment.