রাতটা রাত হয়ে পেকে ওঠার পর, যখন পাড়ার সদাব্যস্ত রাস্তাটিও চলে গেছে গভীর ঘুমে, তখন রত্না-কুটিরের মধ্য-পঞ্চাশের পার্টটাইম রাজনীতিক-কাম-ব্যবসায়ী ভুঁড়ির ওপর হাত বুলোতে বুলোতে মৃদু সেক্স অনুভব করেন।

গরম নিশ্বাস ফেলে তিনি পার্শ্ববর্তিনীর বুকের ভাঁজে মুখ লুকোলেন। ভাতের ধোঁয়ার মতো ভেজা ভেজা পরিচিত গন্ধে নাক ভরে উঠল। তার স্ত্রীটি চর্বি-গোশতে ভরপুর এক বিপুল-মহিলা – যিনি শরীরে ডায়েবেটিসের উর্বর বীজতলা তৈরি করে নানারকম রোগ-ব্যাধির বীজ-চারা রোপণে সদাই ব্যস্ত। এখন পরচর্চা, ধর্মচর্চা আর গৃহকর্ম সামলে-সুমলে যেটুকু ফুরসত মেলে তাতে শরীরখানা মেরামতের আপ্রাণ চেষ্টা চলে।

তার দেহাকৃতির বিশালত্ব নিয়ে একটা চাপা দুঃখ আছে মনে। এই যে ভাসানো কুমড়ো-চর্বিপেট – সর্বদাই যাকে মনে হয় আটমাস, আটমাস, থ্যাবড়া স্তনদুটো পেন্ডুলামের মতো ঝুলে আছে পেট বরাবর, সহসা তাকালে মনে হয় যেন-বা দুটো বাদুড় মহানন্দে ঝুলে আছে বাদামের ডালে, চেহারা-ছবির বিষয়টিও ঢাকা পড়েছে গৌণতার পরদায় – কপালে অমসৃণ ভাঁজ, চোখদুটো রক্তশূন্য ঢ্যাবাঢ্যাবা, বেরিয়ে এসেছে কণ্ঠার হাড়, মধ্য-সিঁথির দুপাশটাই বড় বেশি ফাঁকা, যেন পায়ে হাঁটা আলপথ থেকে পরিণত হয়েছে প্রশস্ত রাজপথে। ওদিকে দু-দুবার রুটক্যানেলের পরও বেড়াহীন হয়ে গেছে মূল্যবান মাড়ি। অথচ একদিন কী ছিল না এই মূল্যবান দেহে। জুয়েলারি দোকানের সাজানো তাকের মতো ঝকমক ছিল সবকিছু। সেই চোখকাড়া হিরে-জহরতের আকর্ষণে তখন মানুষটা দিবানিশি গুনগুন করত কানের কাছে। এখন কেমন একটু পালাই পালাই, যেন এসব পুরনো অলংকারে আর কোনো আকর্ষণ নেই তার, বরং খুব তুচ্ছ কুমোরের হাতে তৈরি অচ্ছ্যুৎ কাদামূর্তির দিকেই যেন একটু মুগ্ধতার টান। তা হোক-না টান, মানুষটা তো এখন নখ-দাঁতহীন ঠুঁটো বাঘ। শিকার মুখে তুলে খাবার শক্তিটুকু পর্যন্ত নেই। তখন দাদু যেমন নাতনির এখানে-ওখানে কাতুকুতু দিয়ে নির্মল খেলায় মাতেন, সে-মতো বৃদ্ধ বাঘ লোলচর্মে একাকার হয়ে বিগত-যৌবনার একদা ভয়ংকর স্পর্শকাতর ভূখণ্ডে নানারকম হামাহামির পর যেমন সাড়া জাগাতে ব্যর্থ হন, তেমনি নিজেও পরিণত হন আমূল বরফ-মানবে।

কিন্তু এই ব্যর্থতার শোক অশ্রু হয়ে ভেজায় না বিপুলার চোখ। তিনি অনাবিল প্রশান্তিতে মুহূর্তেই হারিয়ে যান গভীর ঘুমের দেশে। ঘুম মানেই তার কাছে নিরাপদ এক সুখের ভ্রমণ। নিত্যদিনের রোজ-নামচার দিকে তাকালে এই সুখ-ছবির মোটামুটি একটি দৃশ্য এঁকে নেয়া যায়।

ঘুমপ্রিয় এই মহিলাটি সাত-সকালে উঠেই দাসীদের তৈরি লুসি, তরকারি, ফল আর কফি খেয়ে মেয়েকে নিয়ে গাড়িতে রওনা হন স্কুলে। বড় ছেলে আর মেয়ে সভ্য দুনিয়ার দুই মেরুতে বউ-বাচ্চা নিয়ে থিতু হবার পর কোলের ছোট মেয়েটাই এখন বড় অবলম্বন। এই মেয়েটা তেরো-চোদ্দ যাই পেরোক না কেন, এখনো সে আশ্চর্যরকম খুকি। তার পিরিয়ডের হ্যাপা সামলাতে হয় চাকর-দাসীদের। আসলে মেয়েটি অতি যুক্তিসংগতভাবে মায়ের বেবি-সংস্করণ। মেয়ের হাত-পায়ের গড়ন আর চর্বির ঝেল্লা যে অকালপক্বতার আভাস দিচ্ছে, তা নিয়ে মা উদ্বিগ্ন নন মোটেই। উঠতি বয়সের মেয়েরা ভালো-মন্দ আহার না করলে শরীর টেকে না। শেষে কুড়িতে বাচ্চা বিয়োতে গিয়ে আমসি হয়ে যায় শরীর। পরে কিনা স্বামীদের বদ- নজর পড়ে রাস্তাঘাটের স্বাস্থ্যবতী মেয়েলোকগুলোর দিকে।

ঝকঝকে লোহা-গাড়িতে সাত-সকালে মেয়েকে নিয়ে স্কুলে ছুটলেও তাকে একটু সাজসজ্জা করতেই হয়। তার চুলগুলো কুড়ামুড়া। এ-ধরনের চুলের একটা আলাদা নাম আছে। বিউটি পার্লারের নাক-বোঁচা মেয়েটি একবার বলেছিল কথায় কথায়। তো এই কুঁকড়ামুকড়া চুলটা একটু ফাঁকার টানে বলেই কায়দা করে না-ফাঁকালে চলে না। এটি তিনি কয়েকদিন পরপর করে আসেন বিউটি হ্যাভেন থেকে। ক্লিনজিং, ফ্রেশনিং, ম্যানিকিওর, পেডিকিওর, ময়শ্চারাইজিং, কন্ডিশনিং এসব টুকটাক নিয়েও ছুটতে হয় সেখানে। তবে বিদেশী ছেলে-বউর ধাঁচে হঠাৎ তিনি স্টিম-বাথ আর সুইমিংয়ে মত্ত হয়েছেন। সপ্তাহে তিনদিন পালা করে এটি করতে হয়। এই হেলথ ক্লাবের প্রেসিডেন্ট তার স্বামীর বন্ধু বলে ওখানে তার কিছুটা প্রভাব চলে এসেছে। ওখানের একটি মেয়েকে দিয়ে তিনি কিছু বাড়তি সার্ভিস নেন। এই যেমন সাবান, তোয়ালে, জুস আর খাবার-টাবার এগিয়ে দেওয়া আর কী। এজন্য তিনি সামান্য ঘুস-টুসও উপহার দেন। এসব কারণে কিনা কে জানে, কিছুটা বাঁকা-চোখে তাকানো আর চাপা হাসি টের পান তাকে নিয়ে। মুখে না বললেও এটি বুঝতে পারেন সহজে। অথচ তিনি যখন গেঞ্জি আর ট্রাউজার (বিদেশীদের মতো নেংটু হয়ে তো নয়) পরে ঝাঁপিয়ে পানিতে নামেন, অমনি দশচক্ষু বিদ্ধ করে তাকে। মহিলাদের চোখ হলো মাছির মতো। সেদিন স্পষ্টত কানে এলো – ‘এইরে হাতির জলকোল শুরু হলো।’ কে বলল কথাটি? তিনি তীব্রচোখে তাকালেন মহিলাদের দিকে। না, সবাই এমন নেকু নেকু ভাব করে আছে যেন – ছিঃ আপু, আমলা অমুন কতা আপনালে কইতে পালি!

স্কুলের গার্জেনদের ওয়েটিংরুমে তিনি মাঝে মাঝে হানা দেন আকস্মিকভাবে। যখনই যান, তাকে ঘিরে মুহূর্তেই একটা জটলা জমে ওঠে। তিনি হেসে হেসে সবার কুশল জানতে চান।

‘কী গো ঋতুর মা, তোমার শরীর কেমন, দাঁতের ব্যথা কমেছে?’

‘আর বলবেন না আপা। কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু টাকার শ্রাদ্ধ।’

‘আরে অভির আম্মু না, চেনাই তো যায় না। গলার সেটটা নতুন নিলেন নাকি? কত ক্যারেটের? কীরকম দাম পড়ল? এই যে নীলুর মা, মেয়ের পড়াশোনা কেমন হচ্ছে? ওর প্রাইভেট টিউটর যেন কে? নোট-টোটের খবর কী? কী হে লাবণ্যর মা, তোমরা নীলফামারী না কোথায় যেন গেছিলে বেড়াতে। তোমার বাপের বাড়ি কোন ডিস্ট্রিক্ট?’ একনাগাড়ে কথাগুলো বলে ছোট্ট রুমালে মুখ মুছলেন।

ভিড়ের মধ্যে ঝর্ণা যার নাম, সে একটু রসিক টাইপের। এতক্ষণ উশখুশ করছিল কিছু বলবে বলে,এবার সুযোগ পেয়ে চোখ নাচিয়ে বলল, ‘আপা, খুব স্লিম লাগছে আপনাকে। ব্যাপার কী বলেন তো?’

‘ব্যাপার তোমাকে বোঝাচ্ছি ফাজিল মেয়ে। তা স্বামী-সোহাগিনীর মুখখানা অতো ঢলো ঢলো দেখাচ্ছে কেন? খবর-টবর হলো নাকি কিছু?’

একটা হাসির রোল উঠল। ঝর্ণা লজ্জায় লাল হলো একটু। কিন্তু সে দমবার পাত্রী নয়।

‘হ্যাঁ, খবর তো হয়েছে। আপনি শোনেননি বুঝি? এবার কী খাওয়াবেন বলেন।’

বাক-পটিয়সী বিপুলাও কম যান না। তিনি হাত নাচিয়ে বললেন, ‘খেতে যখন চাচ্ছো, তা একবারে সবাই গিয়ে ‘সাত’ খাইয়ে আসব। এখন হাবিজাবি খেয়ে মুখ নষ্ট করবে কেন?’

মুখে যাই বলুন, না কেন, তিনি যখন স্কুলে যান, কিছু খাবার-খাদ্য হাতে ধরে নিয়ে যান। আজও ব্যাগ খুলে নারকেল-নাড়ু বের করে দিলেন সবার সামনে। খেতে খেতে কথার খই ফুটল। অনেক নতুন কথা হলো। কিছু পুরনো চর্বিত-চর্বন, কুৎসা, রান্না-বান্না, শাড়ি-গহনা, কেনাকাটা, ঘরবাড়ির সংবাদ, বাচ্চাদের পড়াশোনা, পরীক্ষা-প্রস্তুতি, কে কী নোট পড়াচ্ছে – সবমিলিয়ে আলোচনা যখন টগবগিয়ে উঠেছে, হঠাৎ একটু রহস্যের ঢিল ছুড়লেন খোশনূর মজিদ।

‘এই আপা, ঘটনা কিছু শুনেছেন?’

‘কী ঘটনা?’ বাতাসে নাক টেনে রহস্যের গন্ধ পেলেন।’

‘কিছ্ইু জানেন না মনে হচ্ছে। এখানে আর মেয়েটেয়ে পড়ানো যাবে না।’

‘কেন, কী হয়েছে। আরে বাপু, খুলেই বল না।’

‘কী আর বলব। ভারি শরমের কথা। এখানের একটা ছাত্রী প্রাইভেট পড়ত ক্লাস-টিচারের কাছে। তা সুযোগ পেয়ে অই বদমাশটা ফুঁসলে প্রেগ্নান্ট করে দিয়েছে মেয়েটাকে। এ নিয়ে মহা কেলেংকারি। শেষ-পর্যন্ত অথরিটি বাধ্য হয়ে সাসপেন্ড করেছে কালপ্রিটটাকে। ভাবা যায়…!’

‘ছিঃ, ছিঃ, ছিঃ, চলো জুতা মেরে আসি ছুঁচোটার মুখে। আমি বাপু মেয়েকে কোনো পুরুষ টিউটর দিয়ে পড়াচ্ছিনে। কুত্তার স্বভাব তো জানো, গুয়ে চাটা না-দিলে…।’

অবশেষে সব দোষ গিয়ে পড়ে পুরুষের ওপর। এবং সাম্প্রতিককালে যেসব নারী নির্যাতন আর কেলেংকারি ঘটেছে তার বিশদ বর্ণনা রেজিস্টার জুঁই পর্যন্ত এসে শেষ না হতেই হঠাৎ পাশ ফিরে রিতা খন্দকারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললেন, ‘তোমার হাজব্যান্ডের খবর কী? স্বভাব-টভাব বদলেছে কিছু?’

‘ওই আছে একরকম।’

‘আছে মানে কী, ও তোমার সঙ্গে যেটা করে এটা তো রেপের শামিল। পিরিয়ড পর্যন্ত মানে না…।’

‘আর বলবেন না, ও একটা কুত্তা।’

দুজনের ফিসফিসানি অন্যদের পছন্দ হলো না। মিসেস মজুমদার গলা খাঁকারি দিয়ে বললেন, ‘এই আপা, রাখেন তো ফিসফিস, আপনার বালাদুটোর ডিজাইন কিন্তু দারুণ হয়েছে। তা মেয়ের কাছে কবে যাচ্ছেন সুইডেনে?’

‘আরে, ওর বাচ্চা হবার সময় তো ওখানেই ছিলাম। এখন রিন্টু বায়না ধরেছে সামারে গিয়ে ওদের সঙ্গে থাকতে হবে নিউইয়র্কে। আমার বাপু রোগা শরীর। এতো দৌড়ঝাঁপ সয় নাকি। এদিকে মেয়ের পরীক্ষা সামনে। বলেছি, তোরা বরং দেশ থেকে ঘুরে যা। তা কে শোনে কার কথা। লারা আর রিন্টু মিলে বাবাকে পটিয়ে ফেলেছে। এখন উনিও কোমর বেঁধে নাচছেন। দেখি কী করা যায়…।’ ছেলের গর্বে বিপুলার চোখ ঝিলিক দিয়ে উঠল। স্কুলের ছুটির সময় হওয়ায় আলোচনায় ছেদ পড়ে যায় হঠাৎ।

দিনের ক্রিয়াকর্মগুলো গভীর ঘুমের ভেতর স্বপ্ন হয়ে ফিরে আসে বিপুলার কাছে। তিনি কথনসুখে কখনো বিড়বিড় করেন, কখনো-বা হাসেন, যে-কারণে স্বামী তো বটেই, মেয়েও মায়ের এই কু-অভ্যাসটির ঘোর-বিরোধী। মেয়েটা রজঃপ্রাপ্তির পর আলাদা শোয়। তার আলাদা ঘর। স্বামীরও ভিন্ন ব্যবস্থা। কিন্তু রাত গভীর হলে বাঘ যেমন শিকার ধরতে বের হয়, মানুষটাও তদ্রƒপ সুড়ুত করে ঢুকে পড়েন স্ত্রীর মশারির ভেতর। কখনো অভ্যর্থনা হয় সহাস্যে। কখনো বিরক্তির চূড়ান্ত – ‘বুড়া-বয়সে ভীমরতি। যাও, ঘুমাও গিয়া…।’

আজকের নিশি-যাত্রা পুরোপুরি ব্যর্থতায় ঢাকা। ধারাবাহিক এই লজ্জা তাকে প্রচণ্ড হতাশায় ফেলে দিয়েছে। সীমাহীন ক্ষোভ আর দুঃখে বিছানা-কাঁটায় ছটফট করছেন গলাফাঁস গরুর মতো। হায়, বিধাতা তাকে এতকিছু দিয়েও এই বিশেষ শক্তিটুকু হালে কেড়ে নিয়েছেন। মাঝে মাঝে মনে হয়, তার যাবতীয় বিত্ত-বৈভবের বিনিময়ে এটা যদি ফিরে পেতেন। অনেকটা সেই প্রিয়ার গালের তিলের জন্য সমরখন্দ লিখে দেবার মতো। প্রতিবার ব্যর্থতার পর এই ভাবনাটা তার হয়। নিজেকে মনে হয় অতি তুচ্ছ নখ-দন্তহীন একটি রাস্তার নেড়ি কুকুর – যার কোনো খাবারই কামড়ে খাবার শক্তি নেই। অথচ দুধ-সাদা আদ্দির পাঞ্জাবির নিচে তার ঘাড়-গর্দান আর পেটের স্বাস্থ্য যখন প্রদর্শিত হয়, সেখানে কোনো দুর্বলতার ঘাটতি আছে বলে মনে হয় না। মাঝে মাঝে আড়-চোখে তার তরুণ ড্রাইভারের হাতের পেশি লক্ষ করেন। নব্য-বিবাহিত এই ছোঁড়া কেমন দুর্নিবার শক্তিতে বউটাকে পেষে এটা ভেবে পুলকিত হন। এবং আশ্চর্য ঘটনা হলো, তিনি অবচেতন মনে এই নিম্নবেতনভুক্ত গরিব ছোঁড়াটিকে যারপরনাই ঈর্ষার চোখে দেখতে শুরু করেছেন। ফলে অকারণেই ছেলেটির কাজকর্মে খুঁত বের করে হুমকি দেন চাকরি খাবার। আর এই বাজারে চাকরি গেলে বন্ধ হয়ে যাবে বউ নিয়ে লটরপটর করা। তখন বাপু কোথায় থাকবে তোমার ইয়ের তেজ। এ-ধরনের ভাবনার ভেতর এক ধরনের তৃপ্তি ফিরে আসে নিজের ভেতর। এই যে একজনের সুখ কেড়ে নেওয়া এবং ফিরিয়ে দেবার অমোঘ শক্তি তিনি ধারণ করেন, এই ক্ষমতার গৌরব কিছুটা হলেও তৃপ্তি দেয় তাকে। তখন মনে হয় জীবনটা একেবারে নিরর্থক নয়।

আজকাল এক ধরনের অদ্ভুত চিন্তা মাঝে মাঝে আচ্ছন্ন করে তাকে। যেমন একটা নেই নেই হাহাকার লক্ষ্য করেন নিজের ভেতর। কিন্তু যখন প্রশ্ন করেন, আচ্ছা আমার নেইটা কী? তখন কিন্তু সদুত্তর মেলে না। ঢাকার অভিজাত এলাকায় চারখানা বাড়ি, শুধুমাত্র ফ্যামিলির জন্যে তিনখানা দামি গাড়ি, দুই-দুটো ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, কার্গো, বাস, ডিস্ট্রিবিউটরশিপ, ইনডেন্টিং, ঠিকাদারি – সব সামলাতে কয়েকশ কর্মচারী রীতিমতো হিমশিম খাচ্ছে। এরপরও তার হাতে আছে প্রচুর ক্ষমতা। তিনি চাইলে টেলিফোন উঁচিয়ে কথা বলতে পারেন যে-কোনো ক্ষমতাধর লোকের সঙ্গে। এই পারাটা কী কম? ক্ষমতার কেন্দ্রে না থেকেও, প্রচুর ক্ষমতা পকেটে নিয়ে ঘুরতে পারার আনন্দ কজনের ভাগ্যে জোটে।

তবে এই হাহাকারের কষ্টটা বিশেষভাবে উঁকি মারে, যখন দেশ-বিদেশের হোটেল-ক্লাবে বন্ধুবান্ধব কিংবা একা চুর হয়ে থাকেন পান-পিপাসায়। বেশির ভাগ বন্ধু, যারা বউয়ের কাছে তুলসীপাতায় ধোয়া, তাদের নেশার পর টেশার জন্যে উঠে যেতে হয় আলাদা ঘরে। এই শালা দ্যাখো না মল্লিকটার দিকে তাকিয়ে, বয়স তো তিনকালে গিয়ে ঠেকল, এখনো ফোকলা দাঁতে দুপাশে দুই ছুকড়ি নিয়ে হাসাহাসি না করলে ওঁর ভাত হজম হয় না। কিন্তু তিনি? শুধু সুরাতেই সুর খুঁজতে হয় তাকে। বন্ধুরা সতী-টতী বলে ক্ষেপায়। সতী না ছাই। ইয়েতে মুরোদ নেই, তার কী বুঝবে শালারা। তোমাদেরও দিন ফুরিয়ে এলো বলে। তখন বুঝবে কত ধানে…।

ঘুমহীন ঘুমের এই যন্ত্রণা আর ভাললাগে না। সেই ব্যর্থতার শোক এখন কিছুটা কাটিয়ে ওঠা গেছে। তিনি স্থির করেছেন এভাবে যেচে ছোট হবার কোনো মানে হয় না। বরং এই অস্থিরতা কাটানোর জন্যে একটু মন দেবেন ধর্মকর্মে। এলাকায় তার নাম-সুনাম যথেষ্ট। রাতদিন এটাসেটা আবদার নিয়ে লোকজনের আনাগোনাও বিস্তর। বিত্তবৈভব আর ক্ষমতার মধুর আনন্দটুকু তিনি উপভোগ করেন তারিয়ে তারিয়ে। শুধু একটাই কষ্ট, পাথর-চাপা হয়ে রয়ে গেছে মনের কোনায়। তিনি বাবা-মার জন্যে কিছু করে যেতে পারেননি। বাবা ছিলেন স্কুলমাস্টার। অনেক কষ্টেসৃষ্টে লেখাপড়া করিয়েছিলেন তাকে। কিন্তু কলেজে পড়ার সময় হঠাৎ ইরফান পুলিশের ছোট মেয়েকে নিয়ে ভেগে গিয়েছিলেন পটুয়াখালী। তবে চারদিনের মাথায় ঘোর কেটে যায় বিলু মামার হস্তক্ষেপে। কিন্তু বাবা ততক্ষণে তাকে পরিত্যাগ করেছেন পাকাপাকিভাবে। মা অনেক কেঁদেছিলেন। কত স্বপ্ন ছিল মায়ের। ছেলে ডাক্তার হবে। দশজনের একজন হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে সমাজে। কিন্তু সব স্বপ্ন চুরমার হয়ে গেল। একমাত্র ছোটভাইটিও মারা গেল মুক্তিযুদ্ধে। মা স্ট্রোক করে পঙ্গু হয়ে গেলেন চিরতরে। বাবার উঁচু মেরুদণ্ডটাও নুয়ে গেল আরো। চাকরি থেকে বেরোতে-না-বেরোতে ন্যুব্জ হয়ে গেল শরীর। মা চলে গেলেন একরকম বিনা-চিকিৎসায়। বাবা অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও তাঁর জেদ থেকে সরে আসেনসি একবিন্দুও। এমনকী তার পাঠানো টাকা পর্যন্ত ফেরত পাঠিয়েছেন ঘৃণার সঙ্গে। মস্ত-অভিমানে এরপর তিনিও আর যোগাযোগ রাখেননি বাড়ির সঙ্গে। আজ মা নেই, বাবা নেই, তবে সেই নারকেল, সুপুরি, বেল, আতা, লেবু আর আমগাছের যে-ছায়াময় নিসর্গটা ফেলে এসেছেন আজ থেকে বহু আগে, তা এখনো তাকে টানে। কিন্তু স্ত্রী- ছেলেমেয়েরা সেই ফেলে-আসা ছবিটা কেউই ফিরে দেখতে চাইল না। কেন এরকম হয়? তিনি যে-প্রিয় মাটিতে জন্মগ্রহণ করেছেন, তার শিকড়টা ওরা নির্দয়ভাবে উপড়ে ফেলতে পারল! তবে দোষ কী শুধু ওদের? মা-বাবা যেখানে চিরতরে শুয়ে আছেন, সন্তান হিসেবে একটিবারের জন্যেও কী তার সেখানে দাঁড়ানো উচিত ছিল না! অবশ্য বিধাতাই এর একটা সমাধান করে দিয়েছেন নিজের হাতে। মধুমতির ভাঙনে সব আজ হারিয়ে গেছে অতল জলের গর্ভে। পুরনো স্মৃতি ধুয়েমুছে সাফ হয়ে গেছে। শুধু ঢেউয়ের গোঙানি অনুক্ষণ হামলে পড়ে সীমাহীন কর্কশ তাণ্ডবে।

খাট থেকে চুপিচুপি নেমে জানালার কাছে এসে দেখেন এক মস্ত চাঁদ ঝুলে আছে স্কাই-ভিউ টাওয়ারের অ্যান্টেনার ওপর। এক চিলতে মেঘ গড়িয়ে নামলেও চমৎকার আলো হয়ে আছে চারদিকটা। আজ যেন তারাদের বিয়ে। এমন ব্যাকুল উৎসবে মেতে উঠেছে সবাই। অই যে বড় তারাটা – ওটা কী তারাদের বড়ভাই? কেমন উজ্জ্বল আর গম্ভীর গোছের বলেই মনে হলো কথাটা। সারাদিন তাতানো গরমের পর সন্ধ্যায় ধূলিঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছিল সামান্য। কিন্তু তাতে গুমোট কাটেনি মোটেই। এখন অবশ্য বাতাসে ঠান্ডা ভাবটা চলে এসেছে। ছোট্ট যে-মেঘটা দুষ্টু বালকের মতো দৌড়াদৌড়ি করছে সেটা কখন ভেউ করে কেঁদে উঠবে এটাই দেখার বিষয়। এখন বৃষ্টি হলে তিনি নির্ঘাৎ ছাদে গিয়ে ভিজবেন। বৃষ্টিতে ভেজার অন্যরকম একটা আনন্দ আছে গভীর রাতে। যদিও এই অভিজ্ঞতা তার হয়নি কখনো। আজ নিশ্চয় হবে।

বাথরুমে যাবার একটি চাপ বোধ করছিলেন বহুক্ষণ থেকে। ডায়াবেটিস হবার পর প্রোস্টেটেও কিছু সমস্যা দেখা দিয়েছে। বেশি সময় ধরে পানি আটকাতে পারেন না পেটে। রাতেরবেলা চোখ রগড়াতে রগড়াতে বারকয়েক ছুটতে হয় বাথরুমে। খুবই কু-অভ্যাস। কিন্তু উপায় নেই। এখন ভারমুক্ত হতে হতে মনে হলো জীবনটা একেবারে অসুন্দর নয়। রোগশোক-সেক্স সবই জীবনের অনুষঙ্গ। খাওয়া-দাওয়া আর হাগা-মুতার মতো একটা চিরন্তন ব্যাপার। এটা নিয়ে অতো ভাবাভাবির কিছু নেই। বলতে গেলে শূন্যহাতে তিনি এতদূর উঠে এসেছেন। অনেকটা জুয়ার মতো যা মনে হয়েছে ঝাঁপিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে। গালে হাত দিয়ে ভাবাভাবির দলে তিনি নেই। অনেক বড় সিদ্ধান্তে এসেছেন মাত্র এক মুহূর্তের ভাবনায়। তারপর কী হবে সেটা ছেড়ে দিয়েছেন ভবিতব্যের হাতে। সবাই বলে লোকটা জাদুটোনা জানে। যেখানে হাত দেয়, সেখানেই সোনা ফলে। কে জানে এ-কথার ভেতর ন্যূনতম সত্য আছে কিনা। তবে ব্যর্থতা তার অভিধানে নেই, এটা শত্রুও কবুল করবেন।

তার ব্যক্তিগত বাথরুমটি আকারে প্রকাণ্ড । এটা শুধু বাথরুমই নয়, তার থিংকিং-চেম্বারও বটে। ইচ্ছে ছিল জাপানিদের মতো একটা আধুনিক টয়লেট-মেশিন বসাবেন ওখানে, কিন্তু পরে সেটি বাদ দিতে হয় নানা কারণে। তবে যতটুকু করেছেন এর খায়-খামতিও একেবারে কম নয়। প্রশস্ত কমোড, টাইলস, কেবিনেট, স্ক্রিনঘেরা শাওয়ার, গ্লাস, দামি আলো, রিডিং অ্যারেঞ্জমেন্ট, ক্ষুদে ফ্যান, মিউজিক, ফোন, বাথ-টাব, বেসিন, দাড়িকাটার মূল্যবান সরঞ্জাম, পিউমিস স্টোন, ল্যাভেন্ডার ওয়াটার, ওডিকোলন, চন্দন তেল, আফটার সেভ, ফ্রেশনার, স্যাম্পু, সাবান, তোয়ালে ইত্যাদি হরেক মালামালে ঠাসা চমৎকার স্নানঘরটি। এই একটা ব্যাপারে সবার একটু উদার হওয়া উচিত বলে তার ধারণা।

তো এই মধ্যরাতে সেই সজ্জিত বাথরুমের ঝকঝকে বেলজিয়াম গ্লাসে মৃদু আলোয় যে-ভয়ংকর প্রতিকৃতিটি ফুটে উঠল, তা দেখে জ্ঞান হারানোর অবস্থা হলো তাঁর। একটা বীভৎস আকৃতির কুৎসিত শিংঅলা দানব মূলার মতো দাঁত বের করে দাঁড়িয়ে আছে আয়নার ভেতর। ভয়ার্ত-চোখে ছবিটার দিকে আড়চোখে তাকাতেই সেটি হেসে উঠল খলবল করে – ‘কী মিয়াসাব, চিনতে পারিছেন?’

‘না, কে তুই?’

‘মুই মোবারক। অই যে আপনের বিল্ডিংয়ের ছয় তলায় রড-বাইন্ডিংয়ের সময় নিচে পইড়া মরছিলাম…।’

‘অ, তা তুই এখানে এলি কী করে!’

‘ভূতেরা সবতনে যাইতে পারে।’ ভূত চোখ কটমট করে তাকাল।

‘কেন বাবা, এতদিন পর কী উদ্দেশ্যে এসেছিস?’ ভয়ে গলা বুঁজে এলো তার।

‘আইছি সাহেব আপনারে দ্যাকতে।’

‘দেখার কী আছে বুড়ো-মানুষকে!’

‘আছে সাহেব, আছে। আমি মরার পর আমার নতুন বউডারে আপনে কী কইছিলেন?’

‘হেল্প করার কথা বলেছিলাম।’

‘করছিলেন হেল্প?’

‘করব না কেন, তো বউটা তোর পালিয়ে চলে গেল শেষপর্যন্ত।’

‘আপনের ফ্যাক্টরিতে চাকরি দেওনের নাম কইরা তিনমাস ধইরা ধর্ষণ করেন নাই আমার বউডারে?’

‘আহা, এভাবে বলছ কেন। এ-জন্য আমি তাকে সাফিশ্ন্ট পেমেন্ট দিয়েছি।’

‘বেশ কইরেছেন। আপনের বাচ্চা প্যাডে লইয়া বউডা মোর পালাইয়া বাঁচল। তয় ভাতার খাগী যুবতী মাইয়াগো জায়গা সোমসারে নাই। এ-হাত ও-হাত ঘুইরা ওর জায়গা অইল গিয়া নীমতলি। আর আপনের পোলাডা গেইল এতিমখানায়। কী সাহেব, চমকাইয়া উঠলান ক্যা? দ্যাখতে মনে লয় না বাচ্চাডারে?’

ভূত রক্তাভ দাঁত বের করে বিপুল অট্টহাস্যে ফেটে পড়ল। হাসির দমকে রক্তচক্ষু ছিটকে বেরিয়ে আসতে চাইছে কোটরের বাইরে।

তার হাত-পা অস্বাভাবিকভাবে কাঁপছিল ঠক ঠক করে। তিনি হার্টের রোগী। মনে হচ্ছিল ভয়ে দমটম আটকে যাবে। চরকির মতো ভনভনিয়ে ঘুরছিল মাথাটা। দাঁড়ানোর শক্তিটুকু বুঝি হারিয়ে গেছে।

দানবটা কুয়াশার মতো হঠাৎ মিইয়ে গেল দেখে তার ঘাম দিয়ে জ্বর নামল। এ-কী স্বপ্ন, নাকি বাস্তব! সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে কেন? মনে হলো, তার পা-টা পায়ের কাছে নেই। মাথাটা চলে এসেছে পায়ের কাছে। কেমন একটা লণ্ডভণ্ড অবস্থা। অনেক চেষ্টা করেও তিনি পা বাড়াতে পারছেন না। গভীর শিকড় নেমে দেহটা স্থির দাঁড়িয়ে গেল বৃক্ষের মতো।

কিন্তু মানুষ তো বৃক্ষ নয়। সে মানুষ। এবং অতি অবশ্যই একজন দানবও বটে। সকালে সেই দানব-মানুষটির স্থির নিথর দেহ সবাই আবিষ্কার করল বাথরুমের সামনে।