কী এক বেদনার ভারে ভারি হয়ে রয়েছে হৃদয়। ভাবি বহুদিন
তোমার তরঙ্গ থেকে সুখানুভূতির কোনো বার্তা কেন পৌঁছে না
আমার শহরে। দুমড়ে মুচড়ে ছোট হয়ে যাচ্ছে শরীর। কবে হবে
কফিনের ভেতরে যাওয়ার মতো আরো ছোট আরো শীর্ণকায়
সবাই বলছে ডেকে, এই নাকি কবিদের কথা বদলের মহা এক
মুহূর্ত এসেছে। আমার তো কথা নেই। তুমি ছাড়া দেখার বিষয়ও আর
অবশিষ্ট রাখিনি কিছুই। এমনকি উপমা দেওয়ার মতো ঘনঘটা
একে একে খরচ হয়েছে। এখন এই দেখো একটি কলম ছাড়া
পুরুষের প্রতীক হওয়ার আর কোনো নিঃসরণ যন্ত্র বাকি নেই।
তোমার তরঙ্গ তবে ক্ষুদ্র এই দ্বীপদেশ আবর্তন করে ফিরে যাক
তোমাতে আবার। সবারই অতীত থাকে পেছনের দিকে। কিন্তু দেখো, আমার
অতীত ওই উদয় দিগন্তের দিকে, যাকে বলে ভবিষ্যৎ, দ্রুত প্রসারিত।
চেয়ে দেখো উদয়াস্তহীন আমার অতীতে আমি হেঁটে যেতে
অক্লান্ত, অধীর। সব স্বপ্নই আজ দেখো ভয়ংকর সত্য হয়ে
আপেলের মতো দোল খায়। যে ফল ফলে না কোনো
বৃক্ষের শাখায় তুমি শুধু সেই ফল ধরেছো শরীরে।
লালসার অস্ত্রাঘাতে চুরমার আমাদের সাবেক পৃথিবী
এখন লুণ্ঠণ লীলা। বলো প্রিয়তমা, তবে আমার
কলম কেন অগ্নিঝরা গর্জমান পুরুষাঙ্গ হবে না?
লুট লুট লুট। এখন হরির লুট হত্যার বাজারে। প্রাণ যেন
প্রাণাধিক অস্ত্রে পরিণত। শুধু প্রাণ বিস্ফোরণের শব্দে
কান ঝালাপালা। বারুদের বাতাস এসে বলে যায় –
‘শোন খোকা, তত্ত্বপাঠে মগ্ন হয়ে রুদ্ধ করো দ্বার। এখন
দারুণ তাপে পুড়ে ছাই হবে তেলের বাজার। জানো নাকি
আবার জ্ঞানীর দল তত্ত্বতালাশ করে পৃষ্ঠা খুলে বসেছে
টেবিলে। তুমি শুধু দেখে নাও রুদ্ধ দ্বার অন্ধকার ইতিহাসহীনতার
কয়েকটি ঝলসানো পৃষ্ঠা উড়ে আসে মানুষেরই দিকে।
২৬ মে, ২০০৫

Leave a Reply
You must be logged in to post a comment.