ছিল একটি বাড়ি

আমার একটি বাড়ি ছিল

তিলোত্তমা নাম

তাকে সবাই বলতো স্বর্গধাম –

বইতো নিরবধি

ছোট্ট সরু নদী বাড়ির পাশে,

দিতো ছায়া সৌম্য অশোকতরু,

পাশেই ছিল অনঙ্গেরই একটি-দুটি

দুষ্টু-তরুণ প্রিয়া –

কেন্দ্রচ্যুত ঈষৎ অস্থির,

তাদের ছোড়া তীর

অশোকবনে জাগাতো কম্পন –

কিশোর-প্রেমে তখন ছিল বেশি

ভাবের চেয়েও ভয়ের শিহরণ;

এখন কোথায় বাড়ি!

গুটিয়ে পাততাড়ি – কিশোরকালেই

কেন্দ্র থেকে আমি কেন্দ্রচ্যুত;

নদী থেকে খসিয়ে নিই নাড়ি

অশোকতরু দ্রুত

মনের মাঝে তুলির কালো টানে

মুছে ফেলে রূপের অহংকার –

নদীর কথা না বলাটাই ভালো!

খসিয়ে নিই কেবল নিজেকেই

একটি বাঁধন ছিঁড়ি – একটি গড়ি

একটি থেকে অন্য একটি খেই

কেবল ছুড়ে ফেলি – কেবল ছাড়ি,

নারী আসেন – নারী আকাশপানে

টাকার মতন বাজান ভালোবাসা,

তিনিও কিছু ভাঙেন – তারই সাথে

দিন-রজনী ভাঙে বেবাক কিছু –

খাঁড়া-হাতে সময় ফেরে পিছু।