সরু অই আইলের পথ ছিঁড়ে ছিঁড়ে

এখানে এসেছি আজ শীতের ঋতুর শেষে

সেখানে দুঃখী মায়েরা স্বপ্নদিন শেষ করে

দু-হাতে তুলে দিত নিজের বুকের দুধ;

কত দূরের দিগন্তঘেরা দক্ষিণ হাওয়া

কুঁড়েঘরের উপর লতানো লাউয়ের ডগা

সমস্ত উঠোনে ছড়িয়ে পড়ত –

টিয়েপাখির ঠোঁটের কামরাঙা রোদ,

এইখানে ছায়া ফেলে আসে বাঁকা চাঁদ

জাতাকল ঘুরে তৈরি মায়াবী পিঠেপুলি,

ঘুমে জাগরণে ইস্কুলের ঘণ্টা বেজে উঠলে

এখন পকেটে মুড়ি নিয়ে দড়িবাঁধা প্যান্ট পরে

একটি ছেলে হেঁটে যায় ছবি আঁকা প্রকৃতির দিকে

সেই ল্যান্ডস্কেপ ফিরে ফিরে এখনও দেখি।

২৩/০৪/০৫