আস্তে আস্তে অন্ধ হয় সন্ধ্যাকালে চোখেরা তোমার
আর দুর্নিবার হয়ে ওঠে তব দেখবার বাসনা অপার।
তোমাতে যতই তীব্র হতে থাকে দেখার পিপাসা
ঘন হয়ে আসে তত অন্য যত প্রত্যঙ্গের ভাষা –
প্রশ্নের প্রবল চাপে, মন,
ঘনিয়ে আসতে থাকে উত্তর যেমন!
ভেদ বলে থাকে না কিছুই আর শ্রবণে দর্শনে
আস্বাদে আঘ্রাণে স্পর্শে বাচ্যে আর দ্রাবকে দ্রবণে।
একই তো সে-ভাণ্ড, সেই একই রূপ, আকারও একটাই
অথচ এখন তাতে হায়, এই অবেলায়, এ-ঘোরসন্ধ্যায়
জাগে ঢেউ, শ্রব্য ও অশ্রব্য কূট কোলাহল, তরঙ্গ-আহ্লাদ
এক অঙ্গে মিটে যায় অপর অঙ্গের স্বপ্ন, সাধ।
কেবলই অরূপ হয়ে ঘুরে মরা, রূপের চৌপাশে
কেবলই ছায়ার মতো ঘুরঘুর, কায়ার সকাশে।
মজে গিয়ে দ্রব্যে কামে বস্তু আর বাসনার ভাবে
ভাণ্ড ছেড়ে ভাণ্ডী আর কীভাবে-বা কতদূর যাবে?

Leave a Reply
You must be logged in to post a comment.