আমি যেদিকেই ঘুরি সেদিকেই তুমি, দিক্পাল!
ইমানের মক্কা তুমি, বেইমানিরও তুমিই হারাম,
অন্তরে বাহিরে, সাঁই, সর্বথাই তোমার বারাম,
সকলই নফল হেথা – জীবন মরণ আনফাল!
কলম ছুড়িল কে-বা? জিব্রাইল নাকি বিলজিবাব?
হাতের তালুতে নয়, ধমনী-শিরায় ভাগ্যরেখা –
দেহের চৌহদ্দি ঘিরে হরফের গহরা পরিখা,
ডিএনএ-ভিয়েনে পাকে এককাট্টা বরকত-আজাব।
মাথার উপরে এক পড়ো-পড়ো পাহাড় রাখিয়া
হরুফে মোকাত্তেয়াত পাহারা বসায়ে সবখানে
অজস্র আরশিতে তুমি গড়িলে আরশ আসমানে
নুরানি মুখানি তব কোটি-কোটি মুখোশে ঢাকিয়া –
ঝরিছে জবুর আলো-অন্ধকারে কোলিও-কোলিও;
রায়েনা কইয়ো না, বান্দা, শুধু উনজোরন! বলিয়ো!

Leave a Reply
You must be logged in to post a comment.