সংগীত সংগীত
আবদুশ শাকুর
মাওলা ব্রাদার্স,
ঢাকা, ২০০৫
২৫০ টাকা
সংগীতের সঙ্গে আবদুশ শাকুরের যোগাযোগ বেশ নিবিড়। তিনি নিজে একজন সংগীতশিল্পী; সংগীত সম্পর্কে তাঁর ভাবনা-চিন্তার পরিচয়ও আমরা বিভিন্ন সময়ে পেয়েছি। পত্রপত্রিকায় তাঁর সংগীত-বিষয়ক লেখা পড়ে মনে হয়েছে সংগীতের অনুভব-অনুসন্ধিৎসায় তিনি বেশ মনোযোগী, সংগীত-ভাবনা তাঁর বেশ গভীর, – তাঁর সংগীত-চিন্তায় স্বকীয়তাও আছে। বিগত কিছুদিন ধরে পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর পনেরোটি রচনার সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে সংগীত সংগীত বইটি।
প্রথমেই, ‘মৌলিকসংগীত ও যৌগিকসংগীত’ প্রবন্ধে আবদুশ শাকুর সাংগীতিক পরিভাষা নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেছেন। নির্বচনীয় হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীত ও বাংলা কাব্যসংগীতের নামকরণের সমস্যাটি তাঁকে ভাবিয়েছে, যেমন ভাবিয়েছিল রবীন্দ্রনাথ, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় ও দিলীপকুমার রায়কে। কাব্যসংগীতকে রবীন্দ্রনাথ কথা ও সুরের সমন্বয়ে সৃষ্ট একটি পৃথক সংগীতরূপ হিসেবে ভেবেছিলেন। এই দুয়ের সমন্বয়ে যে-সংগীতের জন্ম তাতে কথা ও সুরের আনুপাতিক প্রাধান্য কার কতটা ও কীভাবে হবে – তা বেশ গুরুত্বপূর্ণ। বাংলা সংগীতের ঐতিহ্যে বাণীর প্রাবল্য সুরের সার্বভৌমত্ব অনেকটা হরণ করে নেয় – এই চিন্তা রবীন্দ্রনাথকে বেশ ভাবিয়েছিল। এই নিয়ে ধূর্জটিপ্রসাদের সঙ্গে রবীন্দ্রনাথের যে পত্র-বিতর্ক ও আলোচনা হয় তা বেশ কৌতূহলোদ্দীপক ও গুরুত্বপূর্ণ। এই নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে দিলীপকুমারেরও মতানৈক্য ছিল। দিলীপকুমার তো ১৯৫২ সালে মহাজাতি সদনের এক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গাইতে অনুরুদ্ধ হয়েও তাতে সম্মত হননি – রবীন্দ্রসংগীতে গায়কের
সুরবিহারে যথেষ্ট স্বাধীনতা নেই বলে। সুর ও বাণীর এই মেলবন্ধনে কার অধিকার কতটা, এ নিয়ে তর্কের শেষ নেই। এই তর্ক-বিতর্কের পটভূমিতে আবদুশ শাকুর হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীত ও কাব্য-সংগীতের নামকরণের বিষয়টি বিবেচনা করেছেন। এই প্রসঙ্গে তিনি হিন্দুস্থানি ও বাংলা কাব্যসংগীতের বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন, বিভিন্ন প্রামাণ্য সূত্রের প্রসঙ্গ টেনেছেন। বলা যায়, বাংলাসংগীতের একটি সংক্ষিপ্ত বিবর্তন-ইতিহাসও এই আলোচনায় উঠে এসেছে। হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীতকে অনেকে শুদ্ধসংগীত নামে অভিহিত করতে চান। এই ব্যাপারে শাকুর একটি আপত্তি উত্থাপন করেছেন। কারণ শুদ্ধাশুদ্ধের মানদণ্ড প্রয়োগ করলে অশুদ্ধ সংগীতের ধারণাটিকে আমলে আনতে হয়। শাকুরের সংগত প্রশ্ন – কোনো সংগীত কি অশুদ্ধ হতে পারে, বা অশুদ্ধ হলে তা কি সংগীত নামের গৌরবে অভিষিক্ত হতে পারে? হিন্দুস্থানি সংগীতকে উচ্চাঙ্গসংগীতও বলা হয়, সেইক্ষেত্রেও নিম্নাঙ্গের সংগীতের ধারণাটি অপরিহার্য হয়ে ওঠে। মিশ্রসংগীত ও অমিশ্রসংগীত – এই বিকল্পের কথাও ভেবেছেন শাকুর। কিন্তু এখানে আমাদের মনে একটি প্রশ্ন জাগে। মিশ্রসংগীত বললে শ্রোতা বা পাঠক কাব্যসংগীতকেই বুঝবেন এমন নিশ্চয়তা কোথায়? আজকাল প্রাচ্যদেশীয় সংগীতের সঙ্গে পাশ্চাত্যসংগীতের যে-মিশ্রণ ঘটানো হচ্ছে – সংগীতের পরিভাষায় যেটি ফিউশন নামে চালু হয়ে গেছে – মিশ্রসংগীত বললে তা-ই কি অনেকের মনে পড়বে না; অন্তত এই তর্কের পটভূমি সম্পর্কে অজ্ঞ কারো কাছে? তবে এই প্রস্তাবনায় লেখক শেষ পর্যন্ত অবিচল থাকেননি। আরেকটি বিকল্পের সন্ধান তিনি দিয়েছেন। কাব্যসংগীত শেষ পর্যন্ত তাঁর বিবেচনায় যৌগিকসংগীত
আর হিন্দুস্থানি শাস্ত্রীয়সংগীতকে তিনি অভিহিত করতে চান মৌলিকসংগীতরূপে। রাগসংগীতের উৎসের কথা বিবেচনা করে একে পরিশীলিত লোকসংগীত নামে অভিহিত করতেও তাঁর আপত্তি নেই। তবে, এই ধরনের আলোচনায় প্রচলিত অভিধাগুলো যে একেবারেই পরিহার করা যায় না, শাকুরের রচনাতেই তার প্রমাণ আছে। ‘শুদ্ধসংগীত’ শব্দটি তাঁর বিবেচনায় অগ্রহণযোগ্য হলেও এই পরিভাষা তাঁকেও ব্যবহার করতে হয়েছে। শুদ্ধসংগীত, শুদ্ধতমসংগীত – এই শব্দগুলো তিনি তাঁর কয়েকটি প্রবন্ধে ব্যবহার করেছেন, ‘উচ্চাঙ্গসংগীতে’র প্রয়োগও বেশ চোখে পড়ে। নামকরণ নিয়ে এই চর্চায় একটি বুদ্ধিবৃত্তিক তৃপ্তি হয়তো আছে, কিন্তু এটার কি খুব একটা প্রয়োজন ছিল? সংগীতের প্রচলিত পরিভাষাগুলো ইতোমধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, এগুলোর ঈপ্সিত অর্থ নিয়ে সংগীত অনুরাগীদের তেমন কোনো সংশয় আছে বলেও জানি না; সেইক্ষেত্রে এই তর্কের প্রয়োজনীয়তা বা উপযোগিতা নিয়ে আমাদের মনে কিছুটা দ্বিধা কাজ করে বইকি। আরেকটি প্রশ্ন এই প্রসঙ্গে উত্থাপন করা যেতে পারে। হিন্দুস্থানি সংগীতের সঙ্গে বাংলা কাব্যসংগীতকে তুলনীয় বিবেচনা করে নামকরণের যে ‘সমস্যা’ সম্পর্কে আলোচনা করা হয়েছে তা কি খুব একটা যৌক্তিক? বাংলা কাব্যসংগীতের সঙ্গে তো তুলনা করা যেতে পারে উত্তর-ভারতীয় কাব্যসংগীতের – যার অভিব্যক্তি ঘটেছে গজলে, ভজনে। এই তুলনা যদি শুধু নামকরণেই সীমাবদ্ধ থাকত তবে এই প্রশ্ন সংগত হতো না, কিন্তু বাংলা কাব্যসংগীতে সুরের আপেক্ষিক গৌণতার প্রসঙ্গটি যখন এসে যায়, তখন এই প্রশ্ন অনিবার্য হয়ে ওঠে। শাকুরের মতে, গজলের তুলনায় আমাদের কাব্যসংগীতে শব্দের দাপট বেশি, গজলে সুরের
যে-বিস্তার ঘটানো যায় বা হয়, বঙ্গীয়সংগীতে সেই স্বাধীনতা অনেকটাই সীমিত। শব্দের আড়ম্বর সুরের স্বাচ্ছন্দ্যকে অনেক সময় হরণ করে নেয়। এই পর্যবেক্ষণ যে একেবারেই অমূলক, তা নয়। তবে গজলে বাণীর যে সরল সৌন্দর্য তাতে শ্রোতা নিমগ্ন হন না, শুধু সুরের ঐন্দ্রজালিক জগতে বিহার করেন এমন কথাও বোধহয় অতি সরলীকরণের পর্যায়ে পড়ে। গজলের বাণীতেই শ্রোতা প্রাথমিকভাবে মুগ্ধ হন, সুরে নিমগ্ন হওয়াটি তার উপরি পাওনা; উপরি হলেও অকিঞ্চিৎকর নয়, এটা মানতে হবে। ‘চুপকে চুপকে রাত দিন আঁসু বাহানা ইয়াদ হ্যায়’ এই গজল গাওয়ার সময় যোগ্য-গায়ক সুরের মায়া বিস্তার করেন নানাভাবে, কিন্তু এর বাণীই যে শ্রোতাকে আপ্লুত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে, তা অস্বীকার করা যাবে কি? কিংবা ‘এ তনু মুণ্ডনা রে মুণ্ডনা রে মুণ্ডনা, আখের মিট্টি মে মিল যানা/ মিট্টি কহে কুম্ভারকো, বে তু কিউ খোড়ে মুঝকো/ একদিন অ্যায়সা আবেগা ম্যায় গারুঙ্গা তুঝকো’ – কবীরের এই ভজনটি ভীমসেন যোশীর মতো যোগ্য শিল্পীর কণ্ঠে শোনার সময়ও কি এর বাণীর দার্শনিক-ঔদাস্য কম আবেদন সৃষ্টি করে? বাংলা গানে সুরের অধিকার কি সবসময়েই খর্ব হয়? ‘রাধা চলেছে মুখটি ফিরায়ে কাঁদে শ্যামের বাঁশরী’ – মান্না দে-র গাওয়া এই গানে কি কথাকে ছাপিয়ে ওঠে না সুর? আবদুশ শাকুরই বাংলা গানে সুরের প্রাধান্যের কথা উল্লেখ করেছেন অন্যত্র। ‘স্বর সুর শব্দ সংগীত’ প্রবন্ধে শাকুরের উক্তি – ‘রবীন্দ্রকথার মতো শ্রেষ্ঠতম বাণীও আমরা ভুলে যাই, ভুলি না কেবল রবীন্দ্রসুর।’ একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরির মিছিল থেকে ভেসে আসা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি শোনার পর তিনি এর বাণী পাঠ করে দেখলেন, তাতে মনে দোলা লাগলো না, ঈষৎ সুরসংবলিত আবৃত্তি করেও মনে নাড়া খেল না, অবশেষে সুরসহযোগে পুরো গানটি গাওয়ার পরই গানটির প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘হ্যাঁ, এইবার মনে দোলা লাগলো, সাড়া জাগলো; নাড়া খেলো – বরং মথিতই হলো – চিত্ত।’ পরে, এর ময়নাতদন্ত করে আবদুশ শাকুরের মনে হয়েছে, ‘ভাষা-শহীদানের অমর স্মৃতি-জাগানিয়া গানখানি এভাবে আমাকে স্বর, সুর, শব্দ ও সংগীতের পারস্পরিক সম্পর্কসমূহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়ে স্বরূপ দর্শন করিয়ে দিলো তাদের যার যার জয়মান অবস্থানের।’ তাহলে কি নজরুলের কথাতেই বলা যাবে, ‘সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে?’ এই সম্পর্কে বোধহয় স্বতঃসিদ্ধ কোনো নিয়ম নেই। ক্ষেত্রবিশেষে কখনো সুর, কখনো বাণী প্রধান হয়ে ওঠে। আবার কখনো সুর ও কথার মধ্যে গড়ে ওঠে সমান সখ্য। রবীন্দ্রনাথ যাকে বলছেন, ‘হর-গৌরীর মিলন’।
‘স্বর সুর শব্দ ও সংগীত’ শীর্ষক দ্বিতীয় প্রবন্ধেও শাকুর শুদ্ধসংগীতে বাণীর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। শাস্ত্রীয়সংগীতে কথা সুরের অনুগামী হয়েই থাকে। অনেক শাস্ত্রীয় সংগীতকার অবশ্য শুদ্ধসংগীতেও কথাকে স্পষ্ট উচ্চারণে পরিবেশনের ওপর জোর দিয়ে থাকেন। শাকুর এই প্রসঙ্গে যথার্থই বলেছেন, ‘উচ্চাঙ্গসঙ্গীতে কথা বা চীজ প্রায়শই কবির রচনা নয়, গায়কের রচিত সংগীতের সহায়ক বন্দিশমাত্র। এসব সাদামাটা শব্দের সাংগীতিক রূপবদ্ধ গানকে ধরিয়ে দেবার পর অকিঞ্চিৎকররূপে পড়ে থাকে পেছনে, সামনে চলে সুরের লীলা, রাগসৌন্দর্য রূপায়ণের স্বরবিলাস।’ এই বক্তব্যের সমর্থনে শাকুর সংগতভাবেই হাজির করেছেন রবীন্দ্রনাথকে, যিনি সুর ও কথাকে এই ক্ষেত্রে তুলনীয় করেছেন, ঝর্ণা ও তার নিচের নুড়িকে। ঝর্ণা তার চলার পথে নুড়ির স্পর্শে সাংগীতিক অনুরণন সৃষ্টি করে বটে, তবে ঝর্ণার চলার ছন্দটিই মুখ্য, নুড়ির অবস্থান অনেকটাই গৌণ। তবে, সার্থক কবির উৎকৃষ্ট বন্দিশ তো উপেক্ষণীয় নয়, বন্দিশের উৎকর্ষ অনেক ক্ষেত্রেই খেয়ালের পরিবেশন সৌকর্যকে প্রতিষ্ঠিত করে। তাই তো রক্ষণশীল ওস্তাদদের কাছ থেকে একটি রাগের ভালো বন্দিশ আদায় করার আশায় শিক্ষার্থীরা চাতকের মতো প্রতীক্ষা করেন।
সংগীত পরিবেশনায় গায়কের স্বাধীনতা কতটা স্বীকৃত বা ঈপ্সিত? এই প্রশ্ন অনেক সংগীত-পিপাসুর মতো শাকুরকেও উদ্বেলিত করেছে। গায়ককে শাকুর অভিহিত করেছেন সংগীতের তৃতীয়পক্ষরূপে। প্রথমপক্ষ ও দ্বিতীয়পক্ষ এখানে যথাক্রমে – শাকুরের ভাষায় – কথাকার ও সুরকার, আর তৃতীয়পক্ষ হলো রূপকার। তাঁর মতে এই রূপকার তৃতীয়পক্ষ হলেও সংগীতে ‘রূপকারই সুপ্রীম, চূড়ান্ত শিল্পী’। কথাটা উপেক্ষণীয় নয়, কথা ও সুরের প্রকৃত অভিব্যক্তি ঘটে গায়কের কণ্ঠে। এই যে গুরুত্বপূর্ণ পক্ষ, যিনি সংগীতের রূপকার তাঁর স্বাধীনতা কি একেবারেই অগ্রাহ্য? প্রশ্নটি নিয়ে বিচার করতে গিয়ে শাকুর রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের ক্ষেত্রে গায়কী-স্বাধীনতার একটি আপেক্ষিক তুলনা করেছেন। ১৩৪৮ সালের ২২ শ্রাবণ আনন্দবাজার পত্রিকা ‘সম্মুখে শান্তি পারাবার’ গানটির স্বরলিপি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের কথা শাকুর উল্লেখ করেছেন। একই গানের সুরের ভিন্নতা বা বিকৃতি-প্রয়াস নিয়ে উৎকণ্ঠিত বিশ্বভারতী কর্তৃপক্ষ ১৯৫৪ সালে রবীন্দ্রসংগীতের প্রামাণিক সুরের ব্যাপারে সুসংহত নিয়ম আরোপের উদ্যোগ গ্রহণ করেন। বিশ্বভারতীর এই অভিভাবকত্ব অনেকের কাছেই হয়তো খবরদারি মনে হয়েছে, তবে এর ফলে রবীন্দ্রসংগীতের শুদ্ধতা যে অনেকাংশেই রক্ষিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মনে পড়ে, ১৯৭২ কী ’৭৩ সালে দেবব্রত বিশ্বাসের একটি রবীন্দ্রসংগীত পরিবেশনা সম্পর্কে সন্তোষ কুমার ঘোষ ‘কার গান কার সুরে’ শীর্ষক একটি তীব্র কটাক্ষপূর্ণ ও আক্রমণাত্মক মন্তব্য-রচনা লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায়। এই সূত্রে তীব্র বাদ-প্রতিবাদ হয়েছিল গায়কী-স্বাধীনতা নিয়ে। বিশ্বভারতীর কর্তৃত্বপরায়ণতায় তো দেবব্রত বিশ্বাস এতটাই অভিমানক্ষুব্ধ হয়ে উঠেছিলেন যে, নিজেকে তিনি ব্রাত্যজন বিবেচনা করেছিলেন, তাঁর পরিবেশিত সংগীতকে বলেছিলেন রূদ্ধসংগীত। আবার রবীন্দ্রসংগীতের কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাম্প্রতিককালের অনেক শিল্পী স্বাধীনতার নামে যে-ধরনের স্বেচ্ছাচারিতা করছেন তাতে
বেশ ক্ষুব্ধ হতে দেখেছি সুচিত্রা মিত্রের মতো শিল্পীকে – রবীন্দ্রসংগীতকেই যিনি জীবনের ধ্রুবতারা-জ্ঞানে অবিচল নিষ্ঠায় সাধনা করে চলেছেন।
এই তুলনায় পরিবেশনায় অনেক স্বাধীনতা পান বলে নজরুলসংগীত শিল্পীরা বেশ তৃপ্ত। তবে, নজরুলসংগীতের সুরবিকৃতির প্রশ্ন যে একেবারেই ওঠেনি তা তো নয়। এমনকী বাংলা সংগীত জগতের কৃতী-গায়ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কয়েকটি নজরুলগীতিকে অনেকেই ‘মানবেন্দ্রগীতি’ বলে কটাক্ষ করে থাকেন। সমালোচকদের অভিযোগ, মানবেন্দ্র অনেক সময়েই নজরুলসংগীতের আবহ ও আমেজ নষ্ট করে দেন। এই তর্কের মীমাংসা বোধহয় এভাবে হতে পারে – গায়কী-স্বাধীনতা পেতে পারেন যোগ্য অধিকারীই। সাধারণ মানের শিল্পীরা মেনে চলবেন প্রামাণিক নিয়ম।
নজরুলসংগীত নিয়ে শাকুর দীর্ঘ আলোচনা করেছেন ‘লণ্ঠন নন ঝাড়লণ্ঠন’ শীর্ষক দীর্ঘ প্রবন্ধে। ‘নজরুলসংগীতের গতিক্রিয়া’ নামে একটি নাতিদীর্ঘ রচনাও এই বইতে আছে। উল্লিখিত দ্বিতীয় প্রবন্ধের শুরুতেই শাকুরের একটি মারাত্মক অসতর্কতা চোখে পড়ল। তিনি লিখেছেন, ‘ “কালের পুতুল”-গ্রন্থে সংকলিত “মডার্ন বেংগলি মিউজিক অ্যান্ড নজরুল ইসলাম”- শীর্ষক ইংরেজিতে লেখা এক রচনায় বুদ্ধদেব বসু তাঁর
স্বভাবসুলভ অনাগল মন্তব্যের ধারায় বাজে কথার মধ্যে একটি কাজের কথা বলেছেন।’ বুদ্ধদেব বসুর কথা অনাগল কিনা কিংবা সেগুলো বাজে কিনা এই প্রশ্ন নয়, প্রশ্নটি হলো, ওই বইতে সংকলিত প্রবন্ধটি কি ইংরেজিতে? বুদ্ধদেব বসুর ইংরেজি রচনাটি সংকলিত হয়েছে তাঁর An Acre of GreenGrass -এ, কালের পুতুলে নয়। এ-ধরনের অসতর্কতা শাকুরের বইয়ের অনেক জায়গাতেই আছে।
ওই দুটি প্রবন্ধে আবদুশ শাকুর নজরুলসংগীতের বৈচিত্র্য ও বৈভব নিয়ে বেশ দীর্ঘ আলোচনা করেছেন। নজরুলের সৃষ্টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি নজরুলের জীবন ও মানসের পরিচয়ও তুলে ধরেছেন। এজন্য জানা ও অজানা অনেক তথ্য তিনি একসঙ্গে পরিবেশন করেছেন। তবে তাঁর এই দুটি প্রবন্ধের মূল উদ্দেশ্য নজরুল ও তাঁর সৃষ্টি সম্পর্কে বিভিন্নজনের অবমূল্যায়নধর্মী মন্তব্যের বিরুদ্ধে যুক্তি উত্থাপন করে নজরুল-প্রতিভার প্রকৃত মূল্যায়ন করা। নজরুলের কাব্যিক ও সাংগীতিক সামর্থ্য সম্পর্কে গোড়াতে অনেকের উন্নাসিকতাপ্রসূত অবজ্ঞা ছিল। এর প্রমাণ হিসেবে শাকুর বুদ্ধদেব বসু, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়সহ অনেকের রচনা থেকে দীর্ঘ উদ্ধৃতি দিয়েছেন। নজরুল-প্রতিভার স্বীকৃতিমূলক বক্তব্যের জন্য আশ্রয় নিয়েছেন রবীন্দ্রনাথ, মোহিতলাল মজুমদার, পবিত্র গঙ্গোপাধ্যায়, আবদুল কাদির প্রমুখের। বলা যায় শাকুর নজরুলের প্রকৃত মূল্যায়নের জন্য প্রাপ্ত রসদগুলো খুব সার্থকতার সঙ্গে ব্যবহার করেছেন। নজরুলসংগীতের ভাব, বিষয় ও সুর-বৈচিত্র্যের বিস্তারিত আলোচনা করেছেন তিনি। রবীন্দ্রসংগীতের তুলনায় নজরুলসংগীতে অধিকতর স্বাচ্ছন্দ্যবোধ করেন সম্পন্ন গায়ক-গায়িকারা – একথা প্রতিষ্ঠার জন্য তিনি সাক্ষী মেনেছেন আশা ভোঁসলেকে। একথা অস্বীকারের উপায় নেই, উচ্চাঙ্গসংগীতে পারদর্শী শিল্পীরা নজরুলের গানকে বেছে নেন, এতে তাঁদের গায়কী মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করতে পারে। তবে নজরুলসংগীতের সামর্থ্য প্রতিপন্ন করার জন্য রবীন্দ্রনাথের সঙ্গে তার তুলনা কি আবশ্যক? তাকে বিচারের জন্য আপেক্ষিক মানদণ্ড প্রয়োগের এই অপরিণত মানসিকতা থেকে কি আমাদের মুক্তি নেই? নজরুল তাঁর স্বীয় প্রতিভাবলেই প্রতিষ্ঠিত। আবদুশ শাকুর উর্দু সাহিত্য পাঠ করেছেন, একটি বহুল উদ্ধৃত উর্দু কবিতার চরণ এই প্রসঙ্গে উল্লেখ করার লোভ সামলানো গেল না : – উও শামা কৌন বুজায়ে যিসে রৌশন খোদা করে – নজরুল-প্রতিভার দীপ্তি তো আজ অস্বীকার করার জো নেই কারোরই।
রবীন্দ্রসংগীত সম্পর্কে দুটো প্রবন্ধ আছে বইতে – ‘রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে রবীন্দ্রনাথ’ ও ‘মহাবাগ্গেয়কার রবীন্দ্রনাথ ঠাকুর’। রবীন্দ্রনাথকে তিনি মহাবাগ্গেয়কার নামে অভিহিত করতে চান। যিনি বাক্ ও সুর সৃষ্টিতে পারঙ্গম তাকে বাগ্গেয়কার বলেছেন বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে। এই সংজ্ঞা মেনে নিয়ে শাকুর রবীন্দ্রনাথকে বলেছেন বাগ্গেয়কার। ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় তাঁকে বলেছেন ভারতবর্ষের মহত্তম বাগ্গেয়কার। রবীন্দ্রনাথের এই অভিধাটি যুক্তিগ্রাহ্য করার জন্য শাকুর রবীন্দ্রনাথের সংগীত সাধনা ও তাঁর সৃষ্টি-সম্পদের একটি দীর্ঘ পর্যালোচনা করেছেন। এই প্রসঙ্গে তিনি ভারতীয় সংগীতের একটি কালানুক্রমিক পরিচয়ও তুলে ধরেছেন। ভারতীয় সংগীতের ঐতিহ্যে রবীন্দ্রনাথকে উপস্থাপন করে তিনি রবীন্দ্রনাথের সংগীত-প্রতিভার মূল্যায়ন করেছেন। রবীন্দ্রনাথের সংগীত-সৃষ্টি ও সাধনার বিভিন্ন পর্বের পরিচয়ও নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন শাকুর। কিশোরী চট্টোপাধ্যায়, শ্রীকণ্ঠ সিংহ, বিষ্ণু চক্রবর্তী, যদু ভট্টাচার্য – এঁদের গান শুনে শুনে রবীন্দ্রনাথের সংগীতশিক্ষার সূত্রপাত। এই রবীন্দ্রনাথই কালে কালে সংগীতকে কীভাবে আত্মস্থ করেছেন, দেশ-বিদেশের সংগীত-বৈশিষ্ট্য নিয়ে কীভাবে নিজের সংগীত-সৃষ্টিকে সমৃদ্ধ করেছেন তার একটি সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল আলোচনা করেছেন আবদুশ শাকুর ‘মহাবাগ্গেয়কার রবীন্দ্রনাথ’ প্রবন্ধে। রবীন্দ্রনাথের সাংগীতিক বৈশিষ্ট্য সম্পর্কে শাকুরের উপলব্ধি ও উপসংহার এরকম : ‘রবীন্দ্রসঙ্গীত শীর্ষক সঙ্গমটির ত্রিবেণী হল : ইউরোপীয় সঙ্গীত, হিন্দুস্তানী সঙ্গীত, এবং বাংলার লোকপ্রচলিত সঙ্গীত।’
কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের গীতসূত্রধরসার গ্রন্থের একটি পরিচয়ধর্মী আলোচনা আছে ‘কোচবিহারের নিরুপম উপহার : কৃষ্ণধনের গীতসূত্রসার’ প্রবন্ধে। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের এই বইটির আলোচনাসূত্রে কৃষ্ণধনেরও একটি পরিচয় তুলে ধরেছেন লেখক। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় আজকাল অনেকেই বিস্মৃত হয়েছেন। অথচ উনিশ শতকে একজন সম্পন্ন শিল্পী এবং সংগীতজ্ঞ হিসেবে তাঁর বেশ খ্যাতি ও প্রতিষ্ঠা ছিল। মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক মঞ্চায়নের প্রথম রজনীতে অভিনয় করেছিলেন তিনি। বেলগাছিয়ার মঞ্চে অভিনীত সেই নাটকের দর্শকদের মধ্যে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজেন্দ্রলাল মিত্র, যতীন্দ্রমোহন ঠাকুর ও গৌরদাস বসাকের মতো বিশিষ্টজনেরা। কণ্ঠসংগীতের সঙ্গে তিনি সেতার ও পিয়ানোর চর্চা করেছিলেন। মাত্র একুশ বছর বয়সে স্টাফ নোটেশনের অনুকরণে রেখামাত্রার সংগীতলিপি সংবলিত বঙ্গৈকতান (১৮৬৭) গ্রন্থটি রচনা করে তিনি সংগীত-রসিকদের প্রশংসাধন্য হয়েছিলেন। ইউরোপীয় সংগীত-লিপি পদ্ধতি ভারতীয় সংগীতে প্রথম প্রয়োগের কৃতিত্ব তাঁরই। রাগসংগীতে হারমনির (ঐধৎসড়হু) পথিকৃৎও তিনি। গীতসূত্রসারের পরিচিতিমূলক এই রচনায় শাকুর কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের সংগীত-বিষয়ক চিন্তার পরিচয় তুলে ধরেছেন। গীতসূত্রসারের সন্ধান যারা পাননি, তাদের জন্য শাকুরের এই আলোচনা বেশ উপকারী বিবেচিত হবে সন্দেহ নেই।
‘কর্ণাটক সংগীত বনাম হিন্দুস্তানী সংগীত’ ও ‘কর্ণাটক সংগীত সনাতনপন্থী’ এই দুটো প্রবন্ধে লেখক দক্ষিণ ভারতীয় সংগীতের কিছুটা পরিচয় তুলে ধরেছেন। আমাদের এই অঞ্চলে উত্তর-ভারতীয় সংগীতের বিস্তার ও প্রাধান্যের ফলে দক্ষিণী সংগীতের সঙ্গে আমাদের ততটা পরিচয় নেই। উত্তর ও দক্ষিণ-ভারতীয় সংগীত – দুটো পৃথক ধারারূপে কবে থেকে চিহ্নিত হয় এ-নিয়ে সংগীত-গবেষকগণ অনেক আলোচনা করেছেন। দাক্ষিণাত্যের শাসক ভুল্লোকামাল (১১১৬-১১২৭ খ্রিষ্টাব্দ) দক্ষিণী সংগীতকে ‘কর্ণাটক’ অভিধা দিয়েছিলেন এরকম তথ্য জানাচ্ছেন শাকুর। সেইক্ষেত্রে দ্বাদশ শতকেই ভারতীয় সংগীতের দুটো ধারা বিশিষ্ট হয়ে উঠেছিল, এটা মানতে হবে। সংগীত-গবেষক উৎপলা গোস্বামী ভারতীয় উচ্চাঙ্গ সংগীত গ্রন্থে উল্লেখ করেছেন, চতুর্দশ শতকের আগে ভারতীয় সংগীতকে উত্তর ও দক্ষিণ-ভারতীয় সংগীতের গীতি, রাগ ও বাদ্যের গতি ও বিকাশ একই রকম ছিল। চতুর্দশ শতকে ভারতীয় সংগীতের সঙ্গে পারস্য সংগীতের মিথস্ক্রিয়ায় উত্তর-ভারতীয় সংগীতের যে-নবরূপপ্রাপ্তি ঘটে, তারই ফলে সংগীতের উত্তর-দক্ষিণ স্বাতন্ত্র্য সূচিত হয়। কালে কালে এই দুটি ধারা দুটি সংগীত-রীতিতে পরিণত হয়েছে। উৎপলা গোস্বামী চালুক্য রাজাদের সময়ে রচিত সোমেশ্বরের মানসোল্লাস (১১৩১) গ্রন্থে এই উত্তর-দক্ষিণ বিভাজন খুঁজে পাননি। এমনকী শার্ঙ্গদেবও তাঁর সংগীত রত্মাকরে এই বিভাজনের উল্লেখ করেননি। এ-সম্পর্কে স্থির সিদ্ধান্তের জন্য আরো প্রামাণ্য তথ্য ও সূত্রের সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন সংগীতজ্ঞের সূত্রে লেখক দক্ষিণী সংগীতের রূপ-কাঠামোর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন, তাতে অনেকেই উপকৃত হবেন। তবে তাঁর এই প্রয়াস আরো বিস্তারিত ও সমৃদ্ধ হলে ভালো হতো।
‘হিন্দুস্তানী সংগীত সারগ্রাহী’, ‘সঙ্গীতশাস্ত্রী দেবদেবী’, সেতারের খেয়ালিয়া ওস্তাদ বিলায়েত খাঁ’ – এই সংক্ষিপ্ত রচনাগুলোতে শিরোনামানুযায়ী বিষয়গুলোর পরিচয় আছে।
গ্রন্থভুক্ত রচনার সবগুলো সমমানের নয়। বক্তব্যের পুনরাবৃত্তিও আছে অনেক। নানা সময়ে, বিভিন্ন পত্রপত্রিকার জন্য, রচিত বলেই এই দুর্বলতা রয়ে গেছে – এটা বোঝা যায়। সংগীতের বানানে লেখক সমতা রক্ষা করতে চাননি। এমনকী সূচিপত্রেও কোনো প্রবন্ধের শিরোনামে লেখা হয়েছে সংগীত, আবার কোনো প্রবন্ধের শিরোনামে ব্যবহৃত হয়েছে সঙ্গীত। এই অসতর্কতা পরিহার্য ছিল।
আমাদের দেশে সংগীত সম্পর্কে গভীর মননধর্মী রচনা বিরল। সেইক্ষেত্রে আবদুশ শাকুরের এই কাজ প্রশংসনীয়। তিনি তাঁর মত নির্দ্বিধায় প্রকাশ করেছেন। তাঁর সব মতের সঙ্গে সকলেই একমত হবেন, এটা প্রত্যাশিত নয়; তবে সংগীত নিয়ে তাঁর উৎসাহ, অভিনিবেশ, অনুসন্ধিৎসা ও অধ্যয়নের স্বাক্ষর এই সংগীত সংগীত বইটি যে সংগীত-উৎসাহীদের মনোযোগ দাবি করে, সে-কথা মানতে হবে। তবে,
এ-ধরনের মননশীল প্রয়াসে
যে-ধরনের সতর্কতা ও সংহতি প্রয়োজন তার অভাবে এই বই পড়তে গিয়ে পাঠককে কিছুটা হোঁচট খেতে হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.