আচ্ছা, আপনি কি একজন বলবান ব্যক্তি?
কেন বলুন তো!
না, এই আপনার গাঁট্টাগোট্টা চেহারাটার জন্যই বলছি।
অ। তা হ্যাঁ, আমাকে বলবান বলতে পারেন। সেটা দোষেরও কিছু নয়। তবে শুনে আমার ভারি লজ্জা হয়।
কেন মশাই, কেন? বলবান হওয়াটা কি লজ্জার ব্যাপার?
দেখুন, বল বা জোর একটা নিরপেক্ষ ব্যাপার এবং প্রয়োগসাপেক্ষ। শক্তি বা জোরের প্রয়োগ না হলে সেটাকে শক্তি বলে চেনা যায় কি?
সেটা অবশ্য ঠিক কথাই। কিন্তু গায়ে জোর থাকাটা একটা ভরসারও তো কথা মশাই। এই ধরুন এখন যদি আমি স্ট্রোক হয়ে কেলিয়ে পড়ি, আপনি বলবান লোক, আমাকে পাঁজাকোলা করে খানিকটা নিয়ে যেতে পারবেন, ঠিক কিনা। কিন্তু আপনার কিছু হলে, আমি দুবলা মানুষ, চেঁচিয়ে লোক জড়ো করা ছাড়া কিছু পেরে উঠবো না।
আরে, সেটাও তো জোর। গলার জোর। মনের জোর, চরিত্রের জোর, বাক্যের জোর, কত রকমেরই তো জোর হয় মশাই। কোনটা ফ্যালনা বলুন তো? তবে আমার মনে হয় গায়ের জোরটাই হলো সবচেয়ে কমন জিনিস, ও দিয়ে তেমন কিছু হয় না।
আপনি হিন্দি ঝাড়পিটের ছবিগুলো দেখেন না বোধহয়।
কখনও কখনও।
ওসব ছবিতে তো গায়ের জোরটাই আসল। যে যত ঢিসুম ঢিসুম চালাতে পারে সে-ই তত বড় হিরো।
আহা, সিনেমা আর জীবন কি এক হলো?
তা অবিশ্যি ঠিক। তবে আপনি গায়ের জোরকে যে-রকম খাটো করছেন জিনিসটা তত ফ্যালনা ব্যাপার নয় কিন্তু।
করছি কী আর সাধে! আমাদের হলো ব্যায়ামবীরদের বংশ। ঠাকুরদার বাবার আমল থেকে আমাদের বাড়িতে কুস্তির আখড়া, জিম, এসব বহাল আছে। ঠাকুরদা তো বুকে হাতি তুলে নাম করেছিলেন। বাবা জ্যাঠা কাকা মিলে সাতভাই। সবাই নানা কম্পিটিশনে মেলা কাপ-মেডেল জিতেছেন। ধুন্ধুমার চেহারা সব। আমরা খুড়তুতো জ্যাঠতুতো মিলে একুশজন ভাই। দু-চারজনকে বাদ দিয়ে সবাই দেহশ্রী। আমাকে আর কী দেখছেন, আমার দাদা আর ভাইদের দেখলে চোখের পলক ফেলতে পারতেন না।
আহা, শুনেই ভালো লাগছে। স্বাস্থ্য নেই বলেই না এই সমাজে সেকেন্ড গ্রেড সিটিজেন হয়ে বেঁচে থাকতে হচ্ছে মশাই। স্বাস্থ্য থাকলে কার পরোয়া? দাপটের সঙ্গে কলার তুলে ঘুরে বেড়াতাম।
আমারও আগে আপনার মতোই বিশ্বাস ছিল। বহরমপুরে আমাদের পৈতৃক বাড়ি ব্যায়াম-বাড়ি নামেই বিখ্যাত। যাকে বলবেন সে-ই দেখিয়ে দেবে। লোকে খাতিরও করে খুব। এক পাড়ায় পরপর আট-দশখানা বাড়িতে আমরা শরিকেরা ছড়িয়ে আছি। প্রায় সবাই ব্যায়ামবীর। এমনকী বাড়ির মেয়েরা অবধি।
আহা, মন জুড়িয়ে গেল। আপনাদের বোধহয় গ্যাস অম্বলও হয় না, না?
না মশাই, গ্যাস অম্বল কাকে বলে তাই আমরা জানি না।
নমস্য মানুষ মশাই, আপনারা। আমরা তো গ্যাস অম্বলেই শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা, আমাশয়, গেঁটে-বাত বা হার্টের ব্যামো এসবও বোধহয় আপনাদের হতে নেই?
না, অসুখ-বিসুখ আমাদের হয় না। ডাক্তার-বদ্যিদের সঙ্গে আমাদের দেখা-সাক্ষাৎ কমই হয়।
তবেই বলুন, স্বাস্থ্য কত বড় সম্পদ!
একদিক দিয়ে দেখতে গেলে স্বাস্থ্যকে সম্পদ বলা যায় বটে, কিন্তু ওই যে বললাম, সব কাজেরই উদ্দেশ্য হলো প্রয়োগ। ঠিকমতো প্রয়োগ করা না গেলে সম্পদ দিয়ে লাভ কী মশাই?
সে তো ঠিকই। তবে প্রয়োগ করতে অসুবিধে কী বলুন? এই আপনার মতো বাঘা চেহারা নিয়ে বেরোলে লোকে সমঝে কথা বলে, গুণ্ডা বদমাশরা তফাৎ থাকে, পাঁচজনে ফিরে তাকায়। স্বাস্থ্য থাকলে তা দিয়ে অনেক কাজ বাগানো যায় মশাই। পুলিশে অ্যাপ্লাই করলে আপনার চাকরি তো বাঁধা।
চাকরি! না মশাই, আমাদের বংশে চাকরির রেওয়াজ তেমন নেই। ইদানীং দু-চারজন চাকরি-বাকরি করছে বটে, তবে বহরমপুর শহরে আমাদের দত্ত পরিবারের বহুকালের পুরোনো ব্যবসাপত্তর রয়েছে। তা ধরুন শরিকদেরটা নিয়ে আমাদের অন্তত কুড়িখানা বড় বড় দোকান। ইলেকট্রনিক গুডস থেকে কাপড়জামা, মনোহারি থেকে অফসেট প্রিন্টিং প্রেস কোন ব্যবসা আমাদের নেই? তবে ইদানীং যেমন আমার ছোটভাই ইনজিনিয়ারিং পাশ করে আমেরিকার ইন্ডিয়ানায় চাকরি নিয়ে চলে গেছে। এরকম আরো দু-চারজন কেউ মিলিটারি বা পুলিশের ভালো পোস্টে, কেউ ইউরোপে, কেউ বোম্বাই সিনেমায় কাজকর্ম করছে ঠিকই, তবে পারিবারিক ব্যবসাই আমাদের আসল জিনিস।
বাঃ বাঃ, বাণিজ্যে বসতে লক্ষ্মী, তা বহরমপুর ছেড়ে আপনি কলকাতায় কেন? আর কলকাতার এত জায়গা ছেড়ে এই শীতের বিকেলে ঢাকুরিয়া লেকের ধারে শুকনো মুখে বসে বিকেলবেলাটা কাটিয়ে দেওয়ারই বা মানে কী?
মনটা ভালো নেই দাদা। বসে বসে ভাবছি, পেল্লায় স্বাস্থ্য আর প্রচুর টাকা থাকলেই হয় না, মানুষের আরো কিছু চাই। আর সেটাই আমার নেই।
একটু খোলসা করে বলতে কি আপত্তি আছে? যদিও আমি আপনার চেনা-পরিচিত কেউ নই, নিতান্তই লেকের ধারে আলাপ, তবু মশাই, নিজের মুখেই বলি, স্বাস্থ্য না থাকলেও আমার একটু বোধবুদ্ধি আছে। আপনাকে দেখে বড্ড ভালো লাগল বলেই গায়ে পড়ে কথা কইছি। দরকার হলে দুটো পরামর্শও তো দিতে পারি।
আমাদের পরিবারে বয়োজ্যেষ্ঠদের সম্মান করার রেওয়াজ আছে। ব্যায়ামবীর হলেও আমরা দুর্বিনীত নই। আপনাকে দেখে বিবেচক মানুষ বলেই মনে হচ্ছে। জানেন তো, ব্যায়ামবীরদের মাথাটা আগে তেমন খেলে না।
আহা, সেটা তো হতেই পারে। সব দিক ডেভেলপ করে তোলা কি সোজা! বডি ডেভেলপ করলে বুদ্ধিও ডেভেলপ করবে, এমন কোনো কথা নেই। ঘটনাটা কী বলুন তো।
বহরমপুরে আমাদের প্রতিবেশী হলেন হিঁদারাম বিশ্বাস। কায়স্থ,আমাদের লতায়-পাতায় আত্মীয়। আমি ব্যবসার কাজে কলকাতা আসছি বলে তিনি আমাকে এসে বললেন, তাঁর মেয়ে সোমাও কলকাতায় যাবে, তাকে যেন আমি সঙ্গে করে নিয়ে গিয়ে ব্রেবোর্ন কলেজের হস্টেলে পৌঁছে দিই। কারণ ইদানীং নাকি একটা বাজে টাইপের ছেলে সোমার পেছনে লেগেছে। তাই মজবুত একজন চলনদার থাকা ভালো।
বটে! তা মেয়েটি কেমন?
সোমা! সে তো চমৎকার মেয়ে। দেখতে যেমন, লেখাপড়াতেও তেমন, নাচগান জানে।
বাঃ, একেবারে রাজযোটক!
কিসের রাজযোটক?
আপনার কথা ভেবেই বললাম।
দূর মশাই, আমাদের বংশে আবার নারীচিন্তা নিষেধ। আমরা ছেলেবেলা থেকেই ব্রহ্মচর্য প্র্যাকটিস করি। প্রেম-ট্রেমের রেওয়াজই নেই। ছুটকো ছাটকা দু-চারটে প্রেমের বিয়ে হয়নি তা নয়, কিন্তু বিয়ের ব্যাপারে আমরা বাপ-দাদার ওপরেই নির্ভরশীল। আমাদের আর যা-ই থাক, নারীঘটিত দোষ পাবেন না।
আহা, ব্যাপারটা দোষেরই-বা কী? যাকগে, বলুন।
সন্ধের দিকে লংলাগোলা থেকে শেয়ালদায় নেমেই ট্যাক্সির লাইনে যাওয়ার সময় শেয়ালদার ওই ভিড়ের মধ্যেই গোটা চারেক ছোকরা হঠাৎ মাটি ফুঁড়ে উদয় হয়ে আমাদের ঘিরে ফেলল, দুটো ছোকরা আমার পিঠে আর পেটে পিস্তল ঠেকিয়ে বলল, হিরো হওয়ার চেষ্টা করলে কিন্তু ফুঁড়ে দেবো। আর দুই ছোকরাও সোমার দিকে পিস্তল বাগিয়ে স্রেফ হাত ধরে এক ঝটকায় একটা গাড়িতে তুলে ফেলল। আমি রি-অ্যাক্ট করার আগেই তারা হাওয়া।
বলেন কী! এ তো অ্যাবডাকশন।
তাই তো বলছি, গত বিশ বছর ধরে নিষ্ঠার সঙ্গে শরীরচর্চা করার পর একটা অবলা মেয়েকে রক্ষা করতে না পারলে স্বাস্থ্যের ওপর কী ভরসা থাকে, বলুন! খবর পেয়ে হিঁদারাম বাবুও এসে গেছেন। তিনিও বললেন, ছিঃ ছিঃ, তোমার ওপর যে আমার ভরসা ছিল হে!
পুলিশে জানাননি?
হ্যাঁ, আমার খুড়তুতো দাদা কলকাতা পুলিশের গোয়েন্দা অফিসার। ওই কাণ্ডের পরই মোবাইলে তাকে ফোন করি।
তা সে কী করল?
শুনলে আমার ওপর আপনার ঘেন্না হবে।
আহা, বলেই দেখুন না।
আমার দাদা পূর্ণেন্দু দত্ত খবর পেয়েই অ্যাকশনে নামে এবং মাত্র আধঘণ্টার মধ্যে পার্ক সার্কাসের একটা বাড়ি থেকে সোমাকে রেসকিউ করে আনে এবং হস্টেলে পৌঁছে দেয়। চারজনই অ্যারেস্টেড।
বাঃ, সমস্যা তো তবে মিটেই গেছে!
না, সমস্যাটা তো সেখান থেকেই শুরু।
আবার সমস্যা কিসের?
আত্মগ্লানির। বিশ বছরের সাধনা আর অধ্যবসায় যে দুটো পিস্তলের নলের সামনে ব্যর্থ হয়ে গেল মশাই! সোমাকে যে আমি রক্ষা করতে পারিনি, আমার যে স্বাস্থ্যের সঙ্গে সাহস, বুদ্ধি, চাতুর্য, গতিবেগ কোনোটাই ডেভেলপ করেনি সেটা ভেবেই আজকাল মনমরা হয়ে লেকে এসে বসে থাকি। আমার পরিবারে নাকি আমাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমার গোয়েন্দা দাদাও আমার বিশেষ প্রশংসা করেনি। বড্ড আত্মগ্লানি হচ্ছে মশাই। মনে হচ্ছে সেদিন লড়াই করে পিস্তলের গুলিতে প্রাণ দিলেই বোধহয় ভালো হতো।
প্রাণ দিলে ভালো হতো? বলেন কী মশাই! প্রাণ গেলে আর আমাদের থাকেটা কী? এখন কি আর হিরোইজমের যুগ আছে? শিভালরি দেখাতে গিয়ে মারা পড়লে যে এই কাঁচা বয়সেই জীবনে যবনিকা পড়ে যেত! কত কৌশল করে মানুষ কোনোরকমে প্রাণটুকু রক্ষা করে চলতে চেষ্টা করছে! আপনি বীরত্ব না দেখিয়ে তো বুদ্ধিমানের কাজই করেছেন।
না। ওটা কাপুরুষোচিত কাজ হয়েছে। নিজেকে তাই আমি ক্ষমা করতে পারছি না। নিজের স্বাস্থ্যের জন্য আমার লজ্জাও হচ্ছে।
উঁহু, উঁহু, আপনার এই অ্যাটিচিউডের মধ্যে একটা ফ্যালাসি আছে। পরিস্থিতি, পরিবেশ বিচার না করে যারা শুধু আবেগের বশে কাজ করে ফেলে তারা অবিমৃশ্যকারী। আপনি গুণ্ডাদের হাতে খুন হলে আপনার গোয়েন্দা দাদা পূর্ণেন্দুকে খবর দেওয়া হতো না এবং সোমাকেও উদ্ধার করা যেত না। সবদিক বিচার করলে আপনি সঠিক কাজই করেছেন।
আপনি বিবেচক লোকের মতোই কথা বলছেন। কিন্তু তাতে আমার বুকের জ্বালা জুড়োচ্ছে না মশাই। লজ্জায় আমি বহরমপুরে ফিরতে পারছি না। সবাই যে আমাকে দুয়ো দেবে! এর চেয়ে মরে শহীদ হওয়া অনেক ভালো ছিল।
আচ্ছা, এ ব্যাপারে সোমা দেবীর রি-অ্যাকশন কী?
জানি না। উদ্ধারের পর তার সঙ্গে যোগাযোগ করিনি। রি-অ্যাকশন তো ভালো হওয়ার কথা নয়। সে নিশ্চয়ই আমাকে এখন ঘৃণা করে।
সোমা যে আপনাকে ঘৃণা করে তা কী করে বুঝলেন?
করারই কথা কিনা, কাপুরুষকে কে না ঘৃণা করবে?আহা, কাপুরুষ ছাড়া পুরুষই যখন দেশে নেই, তখন ঘৃণা করে গেলেই তো হবে না। ঘেন্নাপিত্তি ঝেড়ে এইসব কাপুরুষকে নিয়েই তো কাজ চালিয়ে যেতে হবে। তাই না! এবার একটা কথা জানতে চাইলে অপরাধ নেবেন না।
আজ্ঞে না, বলুন না কী জানতে চান।
আপনার দাদা পুলিশের গোয়েন্দা পূর্ণেন্দু সম্পর্কে।
তিনি খুব ভালো অফিসার। এফিসিয়েন্ট, সাহসী।
পুলিশ সম্পর্কে আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। আপনার দাদা পূর্ণেন্দুকেও অশ্রদ্ধা করছি না। কিন্তু খবর পাওয়ার মাত্র আধঘণ্টার মধ্যে পার্ক সার্কাসের একটা নির্দিষ্ট বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করার গল্পটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দুনিয়ার কোনো পুলিশ ডিপার্টমেন্টেরই এরকম সাংঘাতিক এলেমের কথা শুনিনি। উনি কি অন্তর্যামী?
দেখুন, পুলিশ অনেক সময়ে যথেষ্ট বিস্ময়কর কাজ করে ফেলে।
সে তো বটেই। কিন্তু এটা যে প্রায় আষাঢ়ে গল্প।
না, আষাঢ়ে গল্প নয়। হীরা নামে যে-ছেলেটা সোমার পিছনে লেগেছে সেই ছেলেটা সম্পর্কে সোমার বাবা আগে থেকেই দাদাকে খবর দিয়ে রেখেছিল। হোমওয়ার্ক করাই ছিল। সোমাকে যে হীরার লোকজনই তুলে নিয়ে গিয়েছিল সেটা অনুমান করেই দাদা অ্যাকশন নেয়।
হীরা কি খুব মস্তান টাইপের ছেলে?
তাই তো শুনি।
আপনি কি তাকে দেখেছেন?
ন্না!
সোমার কি তার প্রতি কোনো দুর্বলতা আছে?
না মশাই, থাকলে তো বাঁচতুম।
তার মানে?
তার মানে এইসব ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে হতো না।
খুব বেশি ঝুট ঝামেলা তো হয়নি। একটা অ্যাবডাকশনের চেষ্টা হয়েছিল এবং সেটা ভেস্তেও গেছে। আপনার এত মন খারাপ করে থাকার তেমন কোনো কারণ নেই কিন্তু।
ওই যে বললাম, আত্মগ্লানি, ঘটনা সামান্য হলেও তার ভিতর দিয়ে একটা সত্যের তো উদ্ভাস ঘটল। টের পেলাম, শরীরের জোরের তেমন দাম নেই। মনের জোরই আসল।
সে তো একশোবার। মনের জোরের অভাবেই না আমার কত-কী হয়ে উঠল না। আমার তো মনে হয় দুনিয়ার শতকরা নব্বই ভাগ লোকেরই মনের জোর নেই। ওসব নিয়ে ভাববেন না। আমার মনে হয় সোমাকে আপনার একবার ফোন করা উচিত ছিল। সোমার কি মোবাইল ফোন আছে?
থাকবে না কেন? ওসব আজকাল সব ছেলেমেয়েরই থাকে। কিন্তু সোমাকে ফোন করার দরকারটাই-বা কী?
এই ঘটনায় আপনার সম্পর্কে তার মনোভাব কী, সেটা কি জানা দরকার নয়?
সেটা খুবই খারাপ হওয়ার কথা। গাল বাড়িয়ে থাপ্পড় খাওয়ার কি কোনো দরকার আছে?
সোমা সম্পর্কে আপনার কি কোনো বিরাগ আছে?
বিরাগ অনুরাগ কোনোটাই নেই। আমি ব্রহ্মচারী মানুষ। নারীচিন্তা করতে অভ্যস্ত নই।
ব্রহ্মচারী হলেও একজন বিপন্ন নারীকে রক্ষা করতে পারেননি বলে আপনার তো অনুতাপ হচ্ছে দেখছি। ওই অনুতাপ থেকেই অনুরাগ এসে পড়ে অনেক সময়ে।
না না, ওসব নয়।
দেখুন মশাই, আমি একজন ক্রিমিন্যাল ল’ইয়ার, ক্রাইম নিয়ে আমার নিজস্ব কিছু রিসার্চ ওয়ার্কও আছে। তাই বলছিলাম, অ্যাবডাকশনের ঘটনাটা বড্ড সাজানো এবং আনপ্রফেশনাল মনে হচ্ছে।
আপনি বোধহয় খুবই ভালো ল’ইয়ার। কারণ, আমার গোয়েন্দা দাদা, সোমার বাবা এবং আত্মীয়-স্বজনরাও একই কথা বলছে। বলছে, সোমাকে এড়ানোর জন্য এটা নাকি আমারই একটা ষড়যন্ত্র।
বলেন কী? আপনার সঙ্গে কি সোমার বিয়ে টিয়ের কথা চলছে?
হ্যাঁ, এবং সেটাই হয়েছে মুশকিল। বিয়েতে আমি রাজি নই। কিন্তু আমার পরিবার থেকে প্রবল চাপ। তার ওপর এই ঘটনা।
যারা ধরা পড়েছে সেই কালপ্রিটরা কী বলছে?
তারাই তো আমাকে ডুবিয়েছে। তারা বলছে তারা হীরার লোক নয়।
তবে কার লোক? আপনার?
হ্যাঁ, তবে এটা অবশ্যই একটা ষড়যন্ত্র।
তাই বলুন। ষড়যন্ত্র যারই হোক, বড্ড কাঁচা কাজ হয়েছে। পাকা অপরাধীরা এত সহজে ধরা পড়ে না। পুলিশকে একটু গা ঘামাতে হয়।
তাহলে আপনারও ভোট ওইদিকে?
না, না। আমি আপনার দিকেই। বলছি কী, সোমাকে একটা ফোন করুন।
কী বলব বলুন তো।
কিছু না-ই বা বললেন। সোমা তার ফোনের স্ক্রিনে আপনার নম্বরটা দেখে নিশ্চয়ই চিনবে!
তা চিনবে।
তখন সে হয়তো নিজেই কথা বলবে। আপনি চুপ করে থাকলেও।
বড্ড লজ্জা করছে যে।
অতি সুলক্ষণ! অতি সুলক্ষণ! এটাই তো চাইছিলাম এতক্ষণ!

Leave a Reply
You must be logged in to post a comment.