একজন জনকের স্বপ্ন

বড় আয়নায় একটি প্রতিচ্ছবি। কাঁচাপাকা ধূসর চুল ছেঁটে রাখা কানের ওপরে। চিবুকের দুপাশে কুঞ্চন। ভ্রƒ নিচে নেমে এসেছে, চোখদুটো কোটরে। কালো ভ্রমরের মতো নাকি চোখ ছিল তার – তা কই, কোথায়? ছায়া ছায়া নি®প্রভ দৃষ্টি। তিনি অনেকদিন পর হঠাৎ বিস্মিত হয়ে প্রতিচ্ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। কার প্রতিচ্ছবি? কে এমন করে ঝুঁকে আছে আয়নার ওপর? কী দেখছে সে, কাকেই-বা? আশ্চর্য! কতদিন পরে তিনি এমন করে নিজেকে দেখলেন। হ্যাঁ, প্রায় চল্লিশ বছর পর তিনি যেন আজ নিজেকে আবিষ্কার করলেন নতুন করে। কোথায় ছিলেন তিনি এতদিন – চল্লিশ বছর? হ্যাঁ, চল্লিশ বছর কী করলেন তিনি, কোথায় ছিলেন? ছিলেন – এখানেই ছিলেন। সন্তান, সংসার, জীবন ধারণের যুদ্ধ – এইসব নিয়েই তো ছিলেন। নির্বাহিত জীবনের এই সময়টার হিসাব তো কেউ রাখতে পারে না বা রাখে না। তিনিও রাখেননি। হিসাবের মধ্যে তখন একটি বিষয়ই বিপুলভাবে থাকে – সন্তানদের মানুষ করার স্বপ্ন। তাঁরও তাই ছিল। ছোট্ট একটি মিষ্টি মেয়ে, তার মাথাভরা ঘন চুল, ডাগর টানা টানা চোখ, পাখির মতো মিষ্টি করে কথা বলত। সাদা ফ্রকের ফ্রিল উড়িয়ে উড়িয়ে নাচত উঠোন জুড়ে, গান গাইত – ঠিক যেন দোয়েল। আর সন্ধ্যাবেলা কোলে বসে বলত, সেই যে রাজকন্যা – বেলদুলুনির গল্প বলো মা, বেলের মধ্যে রাজকন্যা ঘুমোয় কী করে মা, কেমন করে থাকে মা বেলের ভেতর? ততক্ষণে চাঁদ উঠেছে আকাশে। গাছের ছায়ারা উঠোন জুড়ে, আল্পনা দেয় জোছনা, ডুমুরের পাতা কাঁপছে বাতাসে, দূরের গাছে একটি পাপিয়া চিৎকার করে ডেকে ওঠে – ‘চোখ গেল চোখ গেল।’ মা মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে কপাল থেকে চুল সরিয়ে বেলদুলুনির গল্প বলেন। একসময় রাজকন্যাকে বেল থেকে বের করে রাজপুত্রের পঙ্খীরাজে চড়িয়ে দিলে হাততালি দিয়ে মেয়েটি বলত, পঙ্খীরাজ ওই উড়ে যায় মা, উড়ে যায়। তখন তারাভরা আকাশ দেখাত মেয়েটি। হিন্দুপাড়া থেকে খোল-করতালের সঙ্গে ভেসে আসত সংকীর্তনের সুর। সন্ধ্যারাত্রির আপ্লুত আকাশকে তখন খুব কাছের মনে হতো। সেই মেয়েটিও তো এখন চল্লিশ বছরের হয়ে গেছে প্রবাসে – আপন সংসারে। আর ছিল চাঁদের মতো ঝকঝকে ছেলেরা। তারাই বা কোথায় এখন? কোলের ভেতর, বুকের ভেতর তাদের ছোট ছোট নিষ্পাপ, কোমল হাত-পা! কী মিষ্টি সব পায়ের গন্ধ! তারাও নিমগ্ন এখন আপন আপন সংসারে। এইটাই তো নিয়ম। জীবন বাজি রেখে মা মানুষ করে সন্তানদের। আপন সাধ্যের সবটুকু দিয়ে যে-মধুচক্রটি রচনা করেন মা সেই চক্রের মধু নিঃশেষে বিলিয়ে দিতে হয় নিজের চারিপাশের আলো-বাতাস বন্ধ করে, অন্ধকারের কোনায় কোনায় জমে ওঠা পিপাসা বা কান্নাকে গলাটিপে চুপ করিয়ে দিয়ে। জীবন ক্ষইয়ে জীবনকে জীবন দেয়া – তার প্রশান্তি বটে বইকী! কী আশ্চর্য সব অনুভূতি! কী আশ্চর্য সব বাসনা তাদের নিয়ে! কী আশ্চর্য সব স্বপ্ন! কেমন আশ্চর্যভাবে মজে ছিলেন সেই স্বপ্নে – জড়িয়ে জড়িয়ে পায়ে পায়ে পেরিয়ে এসেছেন কতো কাঁটাঝোঁপ, অনেক ঢেউয়ের উত্তাল নদী, জলহীন নিষ্করুণ খড়ায় শুকিয়ে-ওঠা নির্মম কাঠি-খোঁচার মতো বিঘ্ন-বিপত্তি, কেমন সব বড় বড় বাধার প্রাচীর। কেমন তুচ্ছ হয়ে গিয়েছিল জীবনের, যৌবনের স্বপ্ন-সাধ। তবে তখন অপার করুণার মতো ছিল আকাশের নীলসাগর, মেঘ-বৃষ্টি-ঝড়, বৃক্ষ-পাখি ও পৃথিবীর আশ্চর্য সব ছবি – প্রতিদিনে প্রতিক্ষণে কতো কতো ছবির বিচ্ছুরণ – কী বিশাল প্রান্তর, পদ্মার জল, মনোরম বিকেল-সন্ধ্যা রাত্রি-ভোর, চাঁদ-তারা, গান আর রবীন্দ্রনাথ। এও তো প্রাপ্তি ছিল। অশেষ করে রেখে দেবার মতো এমন কত ধন ধীরে ধীরে অপরিহার্য হয়ে উঠল কেমন করে কোথা দিয়ে – আজ তারও হিসাব মিলবে কি? মিলবে না। না মিলুক, কিছুই তো ফেলার নয়। এও তো জীবনেরই ধন, জীবনেই রয়েছে। এই যে এই মুহূর্তে এখন তাঁর এত পাওয়ার কথা মনে হচ্ছে, এও কি কম? কম তো নয়ই, বোধহয় এইটিই তাঁর সর্বোত্তম পাওয়া। তিনি এখন প্রতিচ্ছবিটির দিকে তাকিয়ে থাকতে থাকতে উজ্জীবিত হয়ে ওঠেন। তাঁর খুব ভালো লাগে। জানালার বাইরে দুটি নারকেল গাছের মাথা দেখা যায় – শিরশিরিয়ে পাতা কাঁপে। একটি পাতার মাঝ বরাবর দুটি টিয়ে বসে আছে – মৃদু দোল খাচ্ছে বাতাসে। পাখিরা কি বৃদ্ধ হয়? তিনি কখনো বৃদ্ধ পাখি দেখেন নাই। কেউ কি দেখেছে? পাখিরা বৃদ্ধ হলে তাহলে কোথায় যায়? বনে চলে যায় কি – গভীর বনে সবুজ পাতার আড়ালে মৃত্যুর লজ্জা চাকতে – মৃত্যুবরণের অসহায়ত্ব আর তার কাছে করুণ পরাজয়ের অসম্মান ঢাকতে? কেউ কি পাখিদের লজ্জিত সেই মৃতদেহ দেখেছে? তিনি, তহমিনা, আবার আয়নার সামনে দাঁড়ান। কৈশোরের নিটোল কদমফুলটি পাপড়ি মেলে – মৃদুগন্ধে বৃষ্টির ফিনকি চোখে-মুখে। দুচোখ জলে ভরে যায়। ঝাপসা হয়ে যায় আয়নার প্রতিচ্ছবি। তিনি, মা – ও মা বলে ফুঁপিয়ে ওঠেন – কতো বয়স হবে এখন মায়ের? আশি, পঁচাশি। কতদিন তাঁকে ভুলে আছেন তিনি, কী করে, কেমন করে?

দীর্ঘ চল্লিশ বছর পর তহমিনা একটি ছোট লাইনের ট্রেনের কম্পার্টমেন্ট থেকে ধীরে ধীরে নামেন। স্টেশন এবং তার চারপাশের পরিবেশ কেমন মলিন ও শ্রীহীন মনে হয় তাঁর কাছে। পুবদিকে তাকালে বিশাল মাঠ, দু-তিন মাইলের মধ্যে চারিপাশে কোনো গ্রাম নেই, শুধুই ধানক্ষেত, দু-একটি বট-পাকুড় আর তালগাছ। স্টেশনের পুবদিকে তাঁর গ্রাম। স্টেশনটি প্রায় ফাঁকা। তিনি হাতের ব্যাগটি পায়ের কাছে নামিয়ে এদিক-ওদিক তাকালেন – কীভাবে যাবেন? আগের দিনের সেই ব্যবস্থা তো আর এখন নেই – মোষে-টানা সৌখিন ছই-চাপানো গাড়ি, ভেতরে বেশ পুরু করে বিছানো খড়ের ওপর কম্বল বা শতরঞ্চি পাতা, আরাম করে বসে গাড়োয়ানের সঙ্গে কথা বলতে বলতে মাঠের বুক চিড়ে সেই যাওয়া। টিকিটঘরের আড়াল থেকে একটি রিকশাভ্যান বেরিয়ে এসে তাঁর সামনে দাঁড়ালে তিনি তাতে উঠে বসেন – সামনে বিপুল মাঠ। প্রান্তরটি এখন তাঁর সামনে তার ভাঁজ খুলে খুলে দেয়। তিনি সামনে তাকিয়ে চুপচাপ বসে থাকেন – তাঁর সামনে এখন বারো বছরের তহমিনা ছুটে ছুটে রেলস্টেশন থেকে বাড়ি ফেরে। তার ফ্রকের ঘেরের মধ্যে বাতাস ঢুকে তা ফুলে ফুলে উঠলে সে হাঁটছে না উড়ে উড়ে চলছে বোঝা যায় না। তার ছোট হাতে বাবার বড় ছাতাটি ধরে রাখতে কষ্টই হচ্ছে, কিন্তু মেঘভাঙা রোদের দাপটে ছাতাটি মাথায় ধরে রাখতেই হচ্ছে। চারিপাশের মাঠটি এখন রোদের ঝলাসে নেতিয়ে পড়েছে। পথের পাশে রেলপাটি, কাঁটানটে, হাতিশুঁড়, কুকুরশোঙার পাতাগুলো ঝিমিয়ে আছে। তহমিনা নিচু হয়ে হাত দিয়ে রেলপাটির পাতাগুলো একটু নেড়ে দেয় – ঘন একটি বুনো গন্ধ মুহূর্তে বাতাসকে জাগিয়ে দেয়। সামনে দু-তিন মাইল কাঁচা সড়ক। ভিজেমাটি রোদের আতসে এখন ভাপ ছড়ায়। পথের পাশে ঝোঁপে-ঝাড়ে ছোট ছোট হলুদ প্রজাপতি টক্কর খায়, সরু সরু ঘাস-ফড়িংগুলো জ্যামিতিক আঁকিবুকিতে ঘুরেফিরে ওড়ে। মেঘভাঙা রোদ অমিত তেজে এখন সারা মাঠ দাপিয়ে বেড়ায়। তহমিনা রিকশাভ্যানের ছাউনির মধ্যে বসে আছেন। চালকটিও তাঁকে কিছুই জিজ্ঞেস করে না, তিনিও কথা বলেন না, কারণ বোধহয় আজকের মাঠটি তাঁর সামনে নেই। তাঁর সামনে এখন ছোট্ট তহমিনা ছাতার নিচে হাঁটছে, না উড়ছে, নাকি বাতাসে ভেসে ভেসে গ্রামমুখী দৃশ্যে এবং অদৃশ্যে চলে যাচ্ছে। ভেজামাটির সুগন্ধের মধ্যে একটি নাগরদোলা ওঠানামা করে। তহমিনা বাড়ির দিকে যায় – মাঠের বিপুল ব্যাপ্তিতে নিশ্বাস নিতে নিতে তার কেবলই মনে হয় – এই প্রান্তর, এই প্রকৃতি, ওই পাকুড়গাছটির সীমানা, ওই বাগানঘেরা পুকুরের পাড়, ওই শ্যাওড়ার ঝোঁপ, ওই বাবলার মেঘবরণ হালকা ছায়া তার জীবনমরণের সঙ্গী – একে ফেলে সে কোথাও যাবে না। এই মুহূর্তে রিকশাভ্যানে তহমিনার মুখে হাসির বিদ্রƒপ-কুঞ্চন – কোথাও যাবো না! কী আশ্চর্য প্রতিজ্ঞা! কোথায় ছিলে তাহলে এই চল্লিশ বছর? হাসির কুঞ্চন সারা মুখে ছড়িয়ে পড়ে, তারপর মুখের সমস্ত মাংসপেশি বিকৃত ঠোঁটের দুপাশে – গলাঅব্দি টনটন করে ওঠে। কে নিষ্ঠুর হাতে নিংড়োচ্ছে তাকে এমন করে? মাঠ ক্রমাগত পেছনে সরে যায়। তহমিনা স্পষ্ট চেয়ে চেয়ে দেখেন ছোট্ট তহমিনার ফ্রকের ঘেরে মাঠের উদ্দাম বাতাস তাকে ঠেলে ঠেলে ওপরের দিকে ওঠাচ্ছে, সে হাঁটতে গিয়ে মাটিতে পা পাচ্ছে না ঠিকমতো, যেন উড়ে উড়ে যাচ্ছে। এই সময় তার পায়ের ছোঁয়ায় একটি হেলে-সাপ পড়িমড়ি দৌড়োয়। তহমিনা ভয়ে লাফিয়ে ওঠে, ছাতাটি উলটে যায়। সে একটি চিৎকার দেয়। মাঠটি এখন নির্জন। চিৎকারটি নিজের কাছেই ফিরে আসে। সকালে বৃষ্টির পর যারা মাঠে কাজ করতে এসেছিল তারা এখন বাড়ি ফিরে গেছে। দুপুরের ট্রেন মানে আড়াইটার ট্রেন। এখন সময়টি প্রায় বৈকাল-পূর্ব। ধীরে ধীরে রোদের আক্রোশ কমতে থাকবে এবং মাঠটি আবার জীবন্ত হতে থাকবে বৈকালিক কাজে আবার যারা মাঠে আসবে তাদের সঙ্গে। একঝাঁক হো-টি-টি মাথার ওপর দিয়ে উড়ে যায়। কটি চিল অনেক ওপরে চক্কর দিয়ে ওড়ে উদাস আকাশের কাছাকাছি। ছাতাটি বন্ধ করে সে একবার আকাশের দিকে তাকায়, প্রান্তর তাকে আলিঙ্গন করে। সে পথের ওপরেই উলটে-পালটে নেচে নেয়। সেখানে কোনো গান ছিল কি? কৈশোরকালের সেই দিগন্ত-বিস্তৃত মাঠের নৈঃশব্দ্যে কোনো সংগীত বেজেছিল কিনা আজ আর তা মনে করতে পারেন না। বায়ুতরঙ্গে অশ্রুত সংগীত প্রজাপতির নিঃশব্দ ডানার রঙে, বাতাসে সাঁতারকাটা ফড়িঙের বিহ্বল ঘূর্ণিতে, আকন্দ ফুলের মাথায় নীল ভ্রমরের গুনগুন মধুপানে – পৃথিবীর আনন্দধারায় সেই কিশোরীকে অন্য এক জগতের স্বপ্নে আচ্ছন্ন করেছিল বইকি! প্রকৃতিতে নির্ভয় শুভলক্ষ্মীর চরণপাতের মর্মরধ্বনি প্রাণে প্রাণে বেজেছিল বুঝি! রিকশাভ্যানটি গড়িয়ে গড়িয়ে গ্রামের দিকে যায়। গ্রাম এখন নীল ধোঁয়ার মতো দিগন্তের গায়ে লেগে থাকে, গাছপালা এখনো স্পষ্ট নয়, শুধু নীল নীল ইশারায় জানায় – ওইখানে তাঁর গ্রামটি আছে। মাঠটি বুক পেতে তাঁকে গ্রহণ করে। ছোট্ট তহমিনা তখনো তাঁর সামনে ভেসে ভেসে যায়। তার ফ্রকের ঘেরের মধ্যে এখনো বাতাস। ভিজেমাটি ফুঁড়ে উপ্ত শিশুর চোখের মতো কতরকম বুনোগাছের মাথায় শিউরে ওঠা দুটি পাতা কাঁপে। বাতাসে রোদ আর ঘামের গন্ধ। তিতির ডাকছে। রাস্তার পাশে থ্যালানো পুকুরটিতে দুটি পানকৌড়ি ডুবছে আর উঠছে – তাদের পিঠে রোদ পিছলে গেলে সাদা বিদ্যুতের আলো জ্বলে ওঠে। সে চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে যায়, তার চারিপাশ দুপুরান্তের আলোয় প্লাবিত হয়, মাঠের সবুজ গন্ধে তার বুকের ভেতর একই সঙ্গে ভালোলাগা এবং শূন্যতা জড়াজড়ি করে। সে মাথা উঁচু করে বুকভরে নিশ্বাস নেয়, তারপর তাকায় দিগন্তছোঁয়া নির্জন মাঠের দিকে। দূরের হরিবোল দীঘির একক বটগাছটি এবং এলোমেলো ঝোঁপঝাড়ের দিকে তার দৃষ্টি পড়লে সে চোখ ফিরিয়ে নেয়। ওই দীঘির বিভীষিকার গল্প তার জানা আছে – পুকুরের পানিতে জল-শেকল, ঝোঁপে ঝোঁপে অগণিত সাপের জড়াজড়ি এবং আরো অনেক নাম না-জানা শিকারিপশু – বাঘ, সিংহও আছে – তাকে ভয় পাইয়ে দেয়। সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াবার চেষ্টা করেই স্থিত হয় কারণ দীঘিটি অনেক দূরে – সিংহরা তাকে দেখতে পাবে না। বারো বছরের ছোট্ট প্রাণীটি ধুকপুক করে উঠে আবার স্থিত হয়।

আজ সকালটি বৃষ্টিমুখর ছিল। বাবা তাকে ডেকে বলেছিলেন, একটি চিঠি নিয়ে জেলাশহরে যেতে পারবি? সে অবাক এবং খুশি হয়। তাদের উঠোনটিতে বৃষ্টির পানিতে জেগে থাকা ঘাসের মাথাগুলো আনন্দে কাঁপে। সেদিকে তাকিয়ে সে হ্যাঁ-সূচক ঘাড় কাত করে। তার হাসি-হাসি উদ্ভাসিত মুখটির দিকে তাকিয়ে বাবা বুঝি স্বপ্নে ডুবে যান, অনেকক্ষণ কথা বলেন না। তারপর বলেন, কোর্টে গিয়ে আমাদের উকিলকে চিঠিটি দিয়ে দুপুরের ট্রেনে চলে আসবি। যাবার ট্রেনের সময় একঘণ্টা পরে, যা মোটা দেখে একটি ফ্রক পরে আয় – বাতাসটা ঠান্ডা। স্বল্পভাষী বাবা চিঠি লিখতে কাগজ-কলম নিয়ে বসেন। বাড়িতে এতগুলো ভাই থাকতে বাবা তাকে কেন এই বৃষ্টির মধ্যে জেলাশহরে পাঠাচ্ছেন? জেলাশহরের রাস্তাঘাট – বিশেষ করে কোর্টপাড়াটি তার ভালো করেই চেনা। বাবা তাকে প্রায় সবসময় সঙ্গে রাখেন, নিয়ে যান সব জায়গায় – জেলাশহরে তো কতবার। কলকাতার হাইকোর্ট ভবন, চাঁদনির চক, হগ সাহেবের বাজার – তার পাশে হোটেল ‘নিজামে’ কাচ লাগানো টেবিলে মাংসের চপ খেয়ে এসেছে আর একবার গ্র্যান্ড হোটেলের মাঝখানে পুর দেওয়া জোড়া লাগানো পাউরুটি – তাকে নাকি স্যান্ডউইচ বলে – খেয়েছে, লেমোনেডের বোতলে মার্বেলের শব্দটা এখনো কানে বাজে। মেয়েটিকে সঙ্গে করে ঘুরে বেড়ানো বাবার খুব অভ্যাস ছিল। দূরস্থিত স্মৃতিতে তার মনে পড়ে গভীর নিশুতি – রাতে সে বাবার কাঁধে মাথা রেখে বাড়ি ফিরছে – ঘুম-ঘুম স্বপ্নে বাবার আবৃত্তি – ‘কোথারে লক্ষ্মণ ভাই এ বিপত্তিকালে’ …আরো কী কী সব কথা এখন আর মনে পড়ছে না, কিন্তু তিনি ‘সীতা সীতা’ বলে খুব আর্তচিৎকার করেছিলেন। একটু বড় হয়ে সে দেখেছে বাবার সখের যাত্রাপার্টিতে ‘সীতা’ নামক নাটকে বাবা রামের ভূমিকায় মঞ্চে আসতেন লক্ষ্মণ আর সীতাকে সঙ্গে করে গেরুয়া বস্ত্রে তীর-ধনু পিঠে, – বনবাসে যাচ্ছে রাম। কোথাও বনের চিহ্নমাত্র ছিল না। ফাঁকা মঞ্চের চারপাশে হ্যাজাকের উজ্জ্বল আলোয় গ্রামবাসীদের চকচকে মুখ কী করে গভীর অরণ্যে, পঞ্চবটি বনের মধ্যে হারিয়ে যায়! নদীর তীরে কুটিরটি পশু-সঙ্কুল। কুটির প্রান্তে দাঁড়িয়ে থাকে জটাজুটধারী রাবণ। মঞ্চে কোনো কুটির ছিল না। তবু ‘হায় সীতা হায় সীতা’ সারা বন কাঁপিয়ে বনবালারা বিলাপ করে কেঁদে কেঁদে যায়। মঞ্চে উজ্জ্বল আলোর মধ্যে কেঁপে ওঠে অরণ্যের গভীর অন্ধকার। অনুভবে এতটুকু ফাঁক থাকত না কোথাও। উচ্চারণের আবেদন স্পষ্ট ছবি রেখে রেখে দৃশ্যপট পালটিয়ে সরযুর তীরে পঞ্চবটি বন যাত্রামঞ্চে সজাগ হয়ে উঠত, সুঁচিমুখ একাগ্র মগ্নতায় ডুবে থাকত চারিপাশ।

সে ফ্রক পরে তৈরি হয়ে দাঁড়ায় বাবার সামনে। বাবা তাকে একটি চিঠি আর তাঁর সুন্দর বাঁটের সৌখিন ছাতাটি ধরিয়ে দেন। সে মুখ নামিয়ে শুধু বলে, দুপুরের ট্রেন ধরতে না পারলে? হাসিমুখে বাবা বলেন, তাহলে রাতের ট্রেনে চৌকিদার যাবে স্টেশনে। এসময় মায়ের ঝাঁঝালো কণ্ঠস্বর শোনা যায় – কী বানাতে চায় মেয়েকে? বাড়িতে এতগুলো ছেলে থাকতে – সবকিছু সৃষ্টিছাড়া, মরণ আমার! মা আরো কী কী বলেন বোঝা যায় না, গজগজানিটা শুধু শোনা যায়। ঝুপ ঝুপ বৃষ্টির মধ্যে সে পায়ের পাতা ডোবানো পানিতে উঠোনে নামে। সে ভয় এবং হাসিল্যাপ্টানো মুখে মায়ের দিকে একবার তাকায়। মায়ের মুখে একই সঙ্গে রাগ, গর্ব ও স্নেহ গলে গলে পড়ে। সে আর পেছন ফেরে না। বাড়ির সীমানা পার হয়ে কাঁচা সড়কে উঠবার আগে আলপথ। দুপাশের জমিগুলো তাদেরই। প্রথম জমিটিতে আখ লাগানো হয়েছে। আখের পাশে পাশে পুঁইশাকের চারাগুলো মোটা-সতেজ বেড়ে উঠছে। প্রথম বৃষ্টির ছোঁয়ায় তাদের সবুজ জীবন যেন ফেটে পড়ছে। পাতাগুলো বুক চিতিয়ে বৃষ্টিতে ভিজছে এবং বাতাসে থিরথির করে কাঁপছে – নাচছে। আলপথের থ্যালানো অল্প অল্প খালে-ডোবে ডুবে-থাকা ঘাসের কোমল স্পর্শ তাঁর খুব ভালো লাগে। ছাতার ওপরে বৃষ্টির বিড়বিড় শব্দে এবং বৃষ্টির ধোঁয়ায় আলের কোণে শরের ঝোঁপ এবং পাশের তেঁতুল ও আমগাছের বাগানটিকে অলৌকিক দেখায়। আমের বাগানটি সবসময়ই তার কাছে স্বপ্নাচ্ছন্ন, কারণ ভাইদের কাছে শোনা গল্পে সে জানে বাগানঘেরা পুকুরটির পাড়ে উঠলেই তেঁতুলের শেকড়ের বিশাল খোঁড়লে একটি বিকট অজগরের দেখা মিলতে পারে – সে কুণ্ডলী পাকিয়ে থাকবে তার বিশাল মাথাটি কুণ্ডলীর ওপর রেখে। মাঝে মাঝে লিকলিকে জিভ বের করে হদিস নেবে কে যায় বা কী যায়। সে এখন ভয়ে এবং অনিবার্য কৌতূহলে ধীরে ধীরে অগ্রসর হয়। তার বুক ও পা ঈষৎ কেঁপে ওঠে। অজগর ওই গ্রামপ্রান্তে কী করে আসবে তা তার জানা নেই বা কোনো হিসাবের মধ্যেও নেই, কিন্তু এসময় শিশুপাঠের ‘অ’-এ অজগর আসছে তেড়ের ভয় তাকে পরিপূর্ণ গ্রাস করে ফেলে। তখন পুকুরে ফুটে থাকা লাল টকটকে শাপলাগুলো বা বৃষ্টিক্ষতচিহ্ন তিরতিরে ঢেউগুলো তার মন কাড়ে না বা চারিপাশে ঢালুপাড়ের গা-বেয়ে সবুজ কার্পেটের মতো ঝকঝকে ঘাসও তার চোখে পড়ে না। সে সারা গায়ে কাঁটা-দেয়া ভয় ও শিহরণ নিয়ে বাগানটি পার হয় এবং ঢালুপাড় বেয়ে শিরীষগাছের গোড়ায় আবার আরেকটি আলপথের সূচনায় পা রাখে। আলপথ কখনো আঁকাবাঁকা হয় না – সরল বা জ্যামিতিক কোনা ভেঙে ভেঙে চলে। স্টেশনটি এখনো অনেকদূরে। ওই তো কেবলমাত্র সে গ্রামের প্রান্ত ছাড়িয়েছে। বৃষ্টি পড়ছে এখনো ঝিরঝির করে। একটু দূরে কাঁচা সড়কটি বুক চিতিয়ে ভিজছে। তাকে আলপথে আরো কিছুটা যেতে হবে, তারপর বড় ডাঙ্গার ভালুকের মতো শ্যাওড়া ঝোঁপটি পার হতে হবে। ঝোঁপের একেবারে গা-ঘেঁষে তার পথ আর কে না জানে ওই ভালুক-ঝোঁপের আশেপাশে গর্তে মুখ বের করে থাকে চন্দ্রবোড়া সাপগুলো। ওইসব জায়গা একা একা পার হওয়া কত যে ভয়ের আর শিহরণের তা এ-গাঁয়ের আর একটি মেয়েও জানে না। কারণ গ্রামের মেয়েরা কেউ একা একা এ-পথ মাড়ায় না। এখন মাঠটি সরব। সারারাত্রি বৃষ্টিধারায় যে-জমিগুলো পা-ডোবানো পানি ধরে রাখতে পেরেছে, শুধু সেই জমিগুলোই আজ লাঙল দেবার উপযোগী। সেই জমিগুলোতে কৃষককুল লাঙল দেবে, মাটি গর্ভধারণের প্রস্তুতি নেবে। কৃষকের সবল মুঠির চাপে লাঙলের ফলা মাটির গভীর অন্ধকার ফুঁড়ে প্রবেশ করবে আরো গভীরে, আরো অন্ধকারে। তার সজীব গন্ধে মাঠ পরিপূরিত হবে, বীজধানের চারা নাচবে বাতাসে হিলহিলিয়ে, চাষির ছাতি উঠবে ফুলে। সে মাঠের ওইসব সাজ সাজ রব দেখতে দেখতে ডাঙ্গা পেরিয়ে কাঁচা সড়কে ওঠবার পগাড়ে পা রাখে। সিঁথির মতো সাদা রাস্তা, বৃষ্টিতে একটু পিছলে। দুপাশে ছোট ছুরির ফলার মতো একধরনের খয়েরি রঙের শক্ত ঘাস, নাকছাবির মতো ছোট ছোট হলুদ ফুল, দু-চারটে কুকসিমা বা কুকুরশোঙা – পায়ের ঘষা পেলেই উগ্র বুনো গন্ধে ঘুমন্ত বাতাসকে যেন জাগিয়ে দেয়। এখনো বৃষ্টি ঝরছে অল্প অল্প। ছাতার বাঁটটি কাঁধে হেলিয়ে সে দূরের দিকে তাকায়। স্টেশনের লালঘর দেখা যায় – বৃষ্টির বাষ্পে অস্পষ্ট। সামনে কাঁচা সড়ক সোঁপাটে ভিজছে। সে এবার তার বুকে পা রাখে। দুপাশে বনকুলের ঝোঁপ। এখানেও নাকি চন্দ্রবোড়া সাপের রাজ্যপাট। ভাইরা বলেছে, তারা কিলবিল করে বেড়ায়, কিন্তু কেউ কোনোদিন দেখেনি তাদের। মানুষের সাড়া পেলেই নাকি তারা দুদ্দাড় গর্তের মধ্যে ঢুকে যায়। সে চলতে চলতে আড়চোখে গর্ত দেখতে চায়, কিন্তু একটি গর্তও তার চোখে পড়ে না। আসলে শোনাগল্পে অনেক স্বপ্ন মিশে যায়, মিশে যায় না-বলা কতো ছবি, যে-ছবি পৃথিবীর কোথাও থাকে না। ঠাকুরমার ঝুলির সেই সাপের মণিটি, যার আলোয় অজগরের অন্ধগলধঃকরণ দৃশ্যটি সুস্পষ্ট দেখা যায় সেই মণিটি কোনোদিন চাক্ষুষ হবে না, তবু মণিটি আছে আমাদের মধ্যে, চিরকাল থাকবে – আমরা মনে মনে তাকে রাখি, রাখতে ভালোবাসি। শরতের কোনো বিকেলে রোদের তরলসোনার মধ্যে পৃথিবী আনন্দে টলমল করে উঠলে সেই মণিটি বুঝি আমরা পেয়ে যাই। এ পর্যন্ত সে কারুর মুখোমুখি হয়নি। না মানুষের, না তার গল্পে শোনা অন্যান্য জীবজন্তু বা অলৌকিক কোনো অবয়ব – হতে পারে পরী বা জিন অথবা আর কিছু। আর কিছু যে কী তা সে জানে না, তবে মনে হয় আরো অনেককিছু। কতটা সময় বাকি আছে ট্রেন আসবার তা সে বুঝতে পারছে না, তবে সেজন্যে চিন্তা নেই কারণ ট্রেনের অস্তিত্ব টের পাওয়া যাবে উত্তরদিকে তাকালে। এই প্রান্তরের উত্তরকোনা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তার কালো ধোঁয়ার নিশানই বলে দেবে বীরদর্পে মহাসমারোহে সে আসছে – পেটের মধ্যে নিয়ে আসছে অনেক মানুষ – তাদের অনেক রকমের চেহারা – উদ্বেগে-আনন্দে-আশঙ্কায়-বেদনায় ঠাসাই করা মানুষ জেলাশহরে উগ্রে দেবে বলে। সে আসবে প্রথমে ঝিকঝিক তারপর ঝমঝম শব্দতরঙ্গে ভীষণ নিশ্বাসের গরম উদ্গার তুলে। না, উত্তরের আকাশে এখনো কোনো ধোঁয়ার চিহ্ন নেই। এঁটেল কাদার নিচে শক্ত মাটি কেবলই পা পিছলোয়। আঙুল চেপে চেপে হাঁটতে হচ্ছে। ছাতাটি শক্ত করে ধরে পা টিপে টিপে সে দ্রুততর হতে চেষ্টা করে। স্টেশনের নুড়িতে পা ঠেকলে সে আশ্বস্ত হয়। পা ধুয়ে সে স্টেশন-মাস্টারের ঘরে ঢোকে, বলে, ‘টিকিট দেন – বদ্দোমান।’ স্টেশন-মাস্টার ঘটাংঘটাং করে টিকিটে তারিখ ফেলে বলে, বাবা কই? একলা? বা-বাঃ। কখন ফিরবে মা? উত্তর শোনার আর সময় হয় না – টরে টক্কা, টক্কা টক্কা টরে টেলিগ্রাম বাজে। বেশ মজা লাগে। অনেক দূরের শব্দ ঝিক-ঝিক ঝিক-ঝিক। ট্রেন আসছে। জেলাশহর – গ্রামের মানুষদের স্বপ্নের শহর। রকমারি জিনিস। কতো অচেনা মানুষ – মানুষের ঢল। অচেনা শব্দ-গন্ধ – তাদের কাছে রূপকথার রাজ্যের মতো। তারা কোনো কাজে জীবনে একবার জেলাশহরে গেলে সারাজীবন সেই গল্প সে করে মজলিশে। শহর থেকে কিনে আনা শিঙের চিরুনিখানির দাঁড়া ভেঙে গেলেও ফেলা চলে না, স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে ছবিটি বাঁচিয়ে রাখা। সেও এখন স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে বাড়ি ফিরছে। আকাশ এবং পৃথিবী যেখানে মিশেছে সেখানে নীলরঙ ছাড়া কিছুই দেখা যায় না। যতই গ্রামের কাছাকাছি যাওয়া যায় ততই স্পষ্ট হয় প্রথমে উঁচু গাছগুলো – তাল শিমুল। ধীরে ধীরে জাগে গ্রামপ্রান্তের কুটির বা আখের ক্ষেত। পেয়ালা উপুড়-করা আকাশের ঠিক মাঝখানের মাঠ পার হয়ে সে এখন দ্রুত বাড়ি ফিরছে। মা কী নামাজপড়া শেষ করেছে? ওই যে তাদের কোঠাঘরের টিনের চাল দেখা যায়, দুটি তালগাছ পাশাপাশি – ওইটি তাদের বাড়ির নিশানা। বাড়িতে এখন দুপুরের খাওয়া-দাওয়া শেষ – কাক-কুকুরের হুড়োহুড়ি চলছে বোধকরি। ভাত-তরকারির এঁটো গন্ধ এবং ছাঁচতলায় ছড়িয়ে ফেলা হাড় বা মাছের কাঁটা নিয়ে হুলো আর কাকেরা ঝাপটা-ঝাপটি করছে। দৈনন্দিনের এ-ছবি সে এখন আন্দাজ করে। মায়ের লালপাড় শাড়িঘেরা মুখ, বড় টানাটানা চোখ – মিষ্টি করে হাসলে মাকে খুব সুন্দর দেখায়। রাগলে মায়ের মুখ লাল হয়ে যায়। তার হাসি পায়। সে চলতে চলতে আপনমনে হেসে ফেলে – রাগ করলে মাকে একদম মানায় না। মা রাগ করে বেশিক্ষণ থাকতেও পারে না, একটু পরেই হাতে তালমিছরি বা বাতাসা গুঁজে দেয় কথা না বলে। গ্রামপ্রান্তের পুকুরটির পাড়ে পৌঁছে সে একটি ছোট্ট লাফ দিয়ে তেঁতুলপাতা ছিঁড়ে মুখে দেয়। টক রসে মুখটি ভরে যায়, তারপর এক দৌড়ে আখের জমির পাশে। আখের পাতার ধারালো কিনারা তার হাতে লাগলে চুলের মতো সরু একটি লাল দাগ পড়ে এবং বিড়বিড় করে জ্বলে ওঠে। হাত বুলোতে বুলোতে সে এইমাত্র পেছনে ছেড়ে আসা পথটির দিকে তাকায়। তার ছোট্ট একটি নিশ্বাস পড়ে। তার ভেতরের নির্জনতায় আজকের সারাদিনের মাঠ বাগান জেলাশহরের বিচিত্র সব গন্ধ-শব্দের স্মৃতি তাকে উন্মনা করে, তখন তার মধ্যে নিটোল একটি কদমফুল ধীরে ধীরে পাপড়ি মেলতে থাকে। মৃদুগন্ধের স্বপ্নে তার ছোট্ট শরীরখানা পলিমাটির মতো গলে গলে যায় যেন। তার খুব ভালো লাগে। পথের কাদা পায়ে জড়িয়ে থাকে জুতোর মতো। শিমুলগাছটির নিচে দাঁড়িয়ে সে পা-দুটো ভালো করে ঝেড়ে নেয়, কাদাগুলো খসে যায়। এখন বালি আর কাঁকড়-মেশানো তাদের বাড়ির পথ – একান্ত নিজেদের। পথটির পাশে কোনো গাছ নেই, ঘাসও নেই। ন্যাড়া পথটি সোজা ঢুকেছে তাদের খামারে। খামারের পুবপ্রান্তটি সবুজ কার্পেটের মতো ছুঁয়ে থাকে ভেতর বাড়িতে যাবার দেউড়ির গোঁড়ায়। বাড়ি ঢুকতেই মা হেসে বলে, এলি? কী কী দেখলি? সে সলজ্জ হেসে বলে, সবকিছু। বাবা কিছুই বলেন না। মেয়েকে তাকিয়ে দেখেন। বাবার চোখের সামনে তখন ঋজু-সতেজ কৈশোর-উন্মুখ একটি গাছ – সবুজ প্রাণবন্ত হিলহিলে ডালপালা ছড়ায়, পাতায়-ফুলে-ফলে নিবিড় এবং স্বপ্নাচ্ছন্ন। বাবা মেয়েটির ভিতর লুকোনো কদমফুলটির সুবাস পান, তিনি স্বপ্নে স্বপ্নে মগ্ন হন। সেই বাবা এখন আর নেই। খুবই হঠাৎ করে তহমিনার রিকশাভ্যানটি থেমে যায়। সামনে সারিসারি ঘরওয়ালা একতলা লম্বা একটি পুরনো দালানবাড়ি – কালের স্পর্শ তার সারা অঙ্গে। চুনকাম কবেই উঠে গেছে, মাঝে মাঝে কালো ইট বের হয়ে আছে – সবুজ শ্যাওলা তাদের গায়ে। গাছপালাহীন জায়গাটি তিনি ঠিক চিনে উঠতে পারেন না। হঠাৎ চোখে পড়ে দালানের এককোণের গায়ে-লাগানো প্রশস্ত জায়গাটিতে একটি দ্রোণফুলের ঝাড়। চকিতে তিনি স্থাপিত হন তাঁর গ্রামের স্কুলের সামনে – এই তাঁর ছোটবেলাকার হাইস্কুল। তিনিই একমাত্র ছাত্রী ছিলেন, পড়েছিলেন অষ্টম শ্রেণি পর্যন্ত। তারপর তিনি জেলাশহরের স্কুলে চলে যান। এখন তাঁদের বাড়ির পথটি তিনি ঠাহর করতে পারেন। বলেন, মীর্জাবাড়ি যাও। বাড়ির সদর দরজাটি ঠেলতেই খুলে যায়। তিনি ভেতরে ঢোকেন, খুব আস্তে করে ডাকেন, মা। তারপর গলা তুলে ডাকেন, ও মা! ঘরের ভেতর থেকে থপথপ করে একজন বেরিয়ে আসেন। মায়ের মুখের আদলে ভারি ঝোলানো চিবুক। বলিরেখায় আঁকাবাঁকা লাগে সে-আদল। কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, কে গো তুমি? আমি চিনতে পারচি না।

মা, আমি তহমিনা।

কোন তহমিনা, আমার মেয়ে তহমিনা? চিনতে পারছি না যে! করুণ অসহায় কণ্ঠ ভেঙে ভেঙে যায়। তহমিনার মিনার ভাঙে, আকাশ ভাঙে। স্থবির দাঁড়িয়ে যায় সময়। স্তব্ধ। কেউ কথা বলতে পারে না। তহমিনা বারান্দায় উঠে মায়ের কাঁধে মাথা রেখে মাকে জড়িয়ে ধরেন। দুটি স্তম্ভ থরথর করে কাঁপে। কেউ কাউকে ছুঁতে পারে না, কারুর নাগাল পায় না কেউ।

তহমিনা সারাগ্রামটি ঘোরেন – অচলায়তন জনপদ। তাঁর বয়সের মেয়েরা যারা বেঁচে আছে তারা তাদের ক্ষয়ে যাওয়া দাঁত আর ভেঙেপড়া কোমড় কোনোরকমে সোজা করে দাঁড়ায় – বলে, তু তো বেশ আচিস। তোকে চিনতে পারচি তবে তোকে আন্কা লাগচে, ল্যাকাপড়া শিখে কেমন যেন চেহারা হয়েছে তোর। তু নাকি চাকরি করিস, ম্যালা মাইনে পাস, লয়? কী চাকরি করিস। বাপ্রে তু অপিসার? দারোগার চাইতে বড় লিকিন? তু ব্যাটাছেলেদের কান কাটলি, বুন। একজন পাশ থেকে বলে ওঠে, মেয়ে মানুষের অতো বাড় ভালো লয়।

রাত নামে। নিঝ্ঝুম গ্রাম। মরা চাঁদের মিঁইয়ে যাওয়া জ্যোৎস্না ছুঁয়ে যায় ছাঁচতলার মাটি, পাঁচিলে লতানো ছায়ায় এঁকেবেঁকে লাউলতা, সন্ধ্যার ঝিঙেফুল ম্রিয়মাণ মুখবুজে ঝুঁকে আছে লতায় – সকালেই ঝরে যাবে। তহমিনার ঘুমভাঙা চোখে ভোরের আকাশ নিমগ্ন এখনো তারায় তারায়। তাঁর নি®প্রভ চোখ, তাঁর চন্দ্রহীন কপাল, চিবুকের দুপাশে গড়ানো আঁকাবাঁকা ফাটল, জলহীন নদীর মতো এখন খটখটে শূন্য। পিতার স্বপ্ন-সফল কন্যা দাঁড়িয়ে এখন মাতৃভূমির একান্ত নিলয়ে। সহচর কেউ ছিল কি? সহচরী? কেউ আজ কোথাও এতটুকু ঢেউ তোলে না। মায়ের ঘুমন্ত শরীর বিছানায় ঢলঢলে কাদার মতো লেপটে পড়ে আছে। বিমর্ষরাত্রি অনির্দেশ্য শূন্যতা ছাড়া কিছুই দেখায় না। জ্ঞান-গরিমার মহান মহিমা এখন সেই শূন্যতায় এতটুকুও আলো ধরাতে পারে না। তবু তহমিনার পাথর-চোখ সূর্য ওঠার জন্যে অপেক্ষা করে।