নায়কের আগমন

শীতের ঘুমে ঠেলা ধাক্কা – এই, শুনছ?

ঘুমের শিশির চোখের পাতায় জড়িয়ে থাকে। ছাড়তে চায় না। তাছাড়া বেলায় উঠলে রোদের ওম ফাউ। আমার এটাই অভ্যেস। ভোরের কুয়াশায় গোবদা জুতো আর মাঙ্কি টুপির মানিকচাঁদ বা গরমের দিনে হাফ-প্যান্টের বুড়ো খোকা সেজে স্বাস্থ্য-উদ্ধারের হ্যাপা আমার নেই। মুখ-মাথা কম্বলে ঢেকে টান টান।

আবার ধাক্কা, এই শুনছ নাকি?

বিরক্ত লাগে। পাশ ফিরে বলি, ঘুমোও। এখন ইচ্ছে করছে না।

তোমার ওই এক চিন্তা, অরিত্রি ঝমঝম করে। বাইরে কে ডাকছে তোমাকে।

এই রাত্রে!

সকাল হয়ে গেছে। জানালা বন্ধ। বুঝতে পারছ না। দেখো না বেরিয়ে।

কম্বল গায়ে জড়িয়ে বারান্দায় আসি। কে?

গুডমর্নিং স্যার।

হ্যাঁ, বলুন।

আমি গোমস।

বলুন, কী দরকার।

চিনতে পারছেন না স্যার। আমি গোমস… মানে আপনার স্পাইডারম্যান।

আমি দ্বিধান্বিত। ফ্লাশব্যাকে অনুসরণ। প্রায় পাঁচ বছরের অন্ধকার স্মৃতি হাতড়ে উজ্জ্বলতায় ফিরি। গল্পের নায়ককে চিনতে পারি। সেই পোড়াতামাটে মুখ। কপালে ভাঁজ। রোগা লম্বা। কিন্তু ফিটফাট। মাথার টুপি খুলে অভিবাদনের উত্তরে বলি, এদিকে কোথাও এসেছিলেন বুঝি।

আপনাকেই মিট করতে এলাম।

দরজা খুলে বসাই। আসছি, বলে চোখে-মুখে ঠান্ডা জলের ঝাপটা। ঘুম উধাও। অরিত্রিকে জানাই সৌজন্যের দুকাপ চা। ফিরে আসি, হ্যাঁ বলুন।

কদিন আগে আপনার স্টোরি শুনলাম।

বাংলা এখনো রপ্ত হয়নি আপনার। গল্পটা তো বছর পাঁচেক আগে লেখা।

বাংলা রিডিং আমার আসে না। আমার পেরেন্টসদের কথা আপনি জানেন। ভাইবোন রিলেশন্সদের দেশে ফিরে যাওয়া। আপনার স্টোরিতে সব লিখেছেন। আমার এক ফ্রেন্ড আছে। সে-ই আমাকে পড়ে শোনাল।

তিনিও লেখেন নাকি!

না, পুরানো কাগজের দোকানদার।

আমি ধন্য। জীবনের এক অনন্য পুরস্কারে আপ্লুত। কথায় বাধা দিয়ে বলি, এক মিনিট।

পাড়ার মোড়ের দোকানে সকালে সিঙ্গারা-জিলিপি ভাজে। ঠোঙায় মুড়ে এনে অরিত্রির হাতে দিই, চায়ের সঙ্গে দিও।

তার চোখের বিস্ময় জানতে চায়, লোকটা কে? আমি নিজে সিঙ্গারা এনে খাওয়াই!

চেয়ারে বসে প্রসঙ্গে ফিরতে বলি, ঠিকানা খুঁজতে অসুবিধা হয়নি তো।

চা আসে। থ্যাংকস, বলে গোমস উঠে দাঁড়ায়। কাপে চুমুক দেয়। বলে, একটু ঘুরতে হলো। কাগজের অফিসে ফোন করে ঠিকানা পেলাম। কিন্তু নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলতে পারল না। আমার স্টোরি তো অনেককেই বলি। কেউ লিখে পেপারে পাবলিশ করবে ভাবিনি। তাই মিট করার ইচ্ছা হলো।

পছন্দ হয়েছে আপনার?

তানিয়া বেগম, মানে আমার ওয়াইফ… যাকে আপনার স্টোরিতে তহমিনা লিখেছেন, ডিপলি মুভড। ছেলের কথা মনে করে অনেক বছর পর খুব কাঁদল। বেশ স্যাডিস্টিক টাচ দিয়ে আপনি ফিনিশ করেছেন।

আপনাদের ভালো লাগবে ভেবে লেখা। ভালো বললে উৎসাহ পাই।

সরি স্যার। ভালো বলতে পারছি না।

কেন!

আপনার স্টোরি অ্যাব্সলুটলি ডিফারেন্ট। ফার ফ্রম রিয়েলিটি। আমার বাচ্চার কথা লিখেছেন। সে আমার ডটার নয়, সান। ওনলি সান, গিয়াস। ওর মা ডাকত গিয়াসুদ্দিন। আপনার স্টোরির মতো বাচ্চা বয়সে সে হারিয়েও যায়নি। ডায়েড বাই অ্যাকসিডেন্ট।

কিছু মনে করবেন না। গল্পের কারণে কিছু অদল-বদল করতে হয়।

কিন্তু এটা আমার লাইফের স্টোরি নয়।

আপনিই তো বলেছিলেন।

আমি মেলায় ঘুরে বেড়াই। রঙিন জরি, ¯িপ্রং পুঁতি দিয়ে মাটির স্পাইডার বানিয়ে বিক্রি করি। আমার হাতের কায়দায় নড়ে চড়ে। অনেকে জানতে চায়। আমি বলতে থাকি। এতে কাস্টমার ইমপ্রেসড হয়। আমার সেল বাড়ে। ছোটদের ভিড়ে পাশে দাঁড়াই। হাতে নিয়ে খেলা দেখাই। বলি, এই স্পাইডার কামড়াবে না।

কিন্তু…

কিন্তু লিখবেন জানলে আপনাকে রিয়েল ঘটনা বলতাম। স্যামথিং ডিফারেন্ট।

আপনার ইংলিশ হেরিটেজ এখনো বোঝা যায়।

ইয়েস। অ্যান্ড আই’ম প্রাউড অফ ইট। কিন্তু আমি ওদেশে ফিরে যাইনি।

কেন?

আমার মা-বাবা এখানকার সিমেট্রিতে মিশে আছে। অ্যান্ড দিস ইজ মাই বার্থল্যান্ড টু।

কিন্তু আপনার ভাইবোন, কাকারা তো ফিরে গেছেন।

তবু আমি যাইনি। বিকজ অফ তানিয়া। সে আমাকে এই দেশের মাটি গাছ নদী চিনিয়েছে। সুইমিং শিখিয়েছে। ক্যানালের জলে বোট ভাসিয়ে মোহনায় নিয়ে গেছে। মাত্র সতেরো বছর বয়সে আমি তাকে বিয়ে করি।

তখন আমি চার্চের স্কুলে সিনিয়র কেমব্রিজ ক্লাসে। চার্চের ফাদার মরগ্যান, আমার গার্ডিয়ানরা খুব অ্যানয়েড ছিল। আমি স্কুল এবং গার্ডিয়ানদের ছেড়ে মুসলিম মহল্লায় চলে আসি। তারা আমাকে ওয়র্মলি রিসিভ করে। ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনও আমাকে রিজেক্ট করে দেয়।

এসব তো আমার গল্পে আছে।

স্টিল ইটস ডিফারেন্ট।

ডিফারেন্ট!

হ্যাঁ, ডিফারেন্ট। তবে আপনার গল্প শুনে আমি অবাক। আপনি জানলেন কেমন করে, ডকের দিকে খালপারের বস্তিতে আমি থাকি। ওই বস্তি, কারখানা, খালপারের অল দোজ ডার্টস। ইভন আমার ঘরের শ্যাবি ফার্নিচার। ড্রাই ব্যাটারির বাক্স? আমার বাড়িতে তো আপনি আসেননি।

এলাকাটা আমার চেনা। তাছাড়া মেলায় কথা বলার সময় আপনার চোখে সব আঁকা ছিল। আমি দেখতে পাচ্ছিলাম।

আপনি তানিয়াকে দেখেননি। অথচ আপনার স্টোরির ওই কনভার্সেসন্। তানিয়া তো এমনই কথা বলে। সব আপনার ফ্যান্টাসি!

গল্পের সব চরিত্রকে তো স্পটে পাওয়া যায় না। পরিবেশ বুঝে, গড়ে নিতে হয়।

রিয়্যালি স্যার, ইউ আর গ্রেট।

কিন্তু আপনি তো বলছেন, গল্প মেলেনি।না। কারণ আমারটা গল্প নয়। আমার লাইফ।

কেমন আছেন বলুন। ব্যবসা কেমন চলছে?

চলছে না।

আপনার স্পাইডার?

বিক্রি হয় না। ছোটরা আর ডল নিয়ে খেলে না। টিভিতে কার্টুন দেখে। কম্পিউটারে গেমস খেলে।

মূর্তি বিক্রি হয় না?

সব পড়ে আছে। দুর্গা কালী লক্ষ্মী। হাফ প্রাইসে দিতে চাই। নো বায়ার। সব নষ্ট হচ্ছে।

আপনাদের পাড়ার দিকে তো পুজো-টুজো হয়।

ছিলাম ক্রিশ্চিয়ান। ধর্ম বদলে মুসলিম মেয়ে বিয়ে করেছি। মুসলিম মহল্লায় থাকি। তাদের বলি, এই বেঙ্গলে আমার জন্ম। আমিও এই দেশের মানুষ। বাঙালি। তারা মানতে চায় না।

আমি স্তব্ধ। কথা বন্ধ। এমন একটা জটিল প্রসঙ্গের মুখোমুখি হতে হবে, বুঝতে পারিনি। গোমসও চুপচাপ। হয়তো কোনো উত্তর চায়। আমি কথা খুঁজে পাই না। অস্বস্তি এড়াতে হঠাৎ প্রশ্ন করি, গল্পের তহমিনা… মানে তানিয়া কেমন আছে?

গোমস মাথা নাড়িয়ে ঝুঁকে বসে। দুই হাতে চোখ-কপাল আড়াল করে। কাঁদছে! আমিও অপ্রস্তুত। বলতে পারি না, কবে… কীভাবে…

খ্যাসখ্যাসে গলায় গোমস বিড়বিড় করে, আই’ভ কিল্ড হার।

সে কী! প্রায় আর্তনাদ করে উঠি।

গোমস ভেতরের দিকে তাকায়। ভারি পর্দায় আড়াল। কিছু বোঝার চেষ্টা করে। হয়তো অরিত্রির চলাচল। বা এই মুহূর্তে তার অবস্থান। একইভাবে মাথা না-উঠিয়ে সে বলতে থাকে, মেলায় বিক্রি নেই। ইনকাম বন্ধ। আমার এডুকেশন নেই। তানিয়ারও না। কোনো ফ্যাক্ট্রিতেও কাজ পাই না। বাট উই আর আ ফ্যামিলি অফ থ্রি। আমাদের হাঙ্গার আছে। উইশেস অ্যান্ড ডিজায়ার্স। বেঁচে থাকা। বাট হাউ!

গোমস আবার নীরব। মাথা তোলে না। তানিয়ার কী হলো উত্তর পেলাম না। গোমস কি কোনো প্রত্যাশা নিয়ে এসেছে! ভাবার অবকাশ না-দিয়ে সে আবার শুরু করে, হঠাৎ দেখি ওল্ডি, মানে তানিয়ার আম্মির মেডিসিন্স আসছে। খানার সঙ্গে মাঝে মাঝে গোস্ত পাই। এক রাতে ঘরে ফিরতে গিয়ে দেখি টু গ্যাংস্টারস আমাদের ঘর থেকে বাইরে আসছে। পেছনে তানিয়া। হ্যান্ডসামলি ড্রেসড। হাসতে হাসতে তাদের সঙ্গে কথা বলছে। কয়েকদিন পরে তিনজন সিম্যানকেও দেখলাম।

ডেলি খানা, ওল্ডির মেডিসিন্স, খানার সঙ্গে গোস্ত পাওয়ার মির‌্যাকল বুঝতে পারলাম। এবং সব বুঝেও প্রটেস্ট করতে পারলাম না। র‌্যাদার আই ইনডালজড। তানিয়ার সুবিধার জন্য আমি লেটে ঘরে ফিরি।

গোমস থামে। আমার দিকে তাকিয়ে বলে, উড ইউ মাইন্ড অ্যানাদার কাপ অফ টি।

নিশ্চয়। ভেতরে এসে অরিত্রিকে অনুরোধ জানাই। ফিরে গিয়ে গোমসের পাশে বসি। দরজার দিকে চোখ রেখে গোমস বলে, তানিয়ার ভিজিটর থাকলে আমি ঘরে ঢুকি না। রাস্তায় দাঁড়িয়ে থাকি। স্মোক করি। আকাশ দেখি। কালো ঝাপসা আকাশ। উইদাউট আ সিঙ্গল স্টার। নেবারসরা জোক করে, আরো দুটো বিড়ি দেবো সাহেব!

তখন আমার মার্ডার করার ইচ্ছা হয়। টু এনিবডি। ইভন তানিয়া। পারি না। আই ব্লিড উইদিন। তানিয়া ওল্ডিকে বারান্দায় বসিয়ে রাখে। শি কাফস। মেয়েকে গালাগাল দেয়, তাবায়েফ খানকি!

ভিজিটররা গেলে আমি ঘরে আসি। ডিনারের ইচ্ছা থাকে না। শুয়ে পড়ি। তানিয়া পোশাক বদলে পাশে শোয়। টায়ার্ড অ্যান্ড এক্সসটেড। আমি অন্যপাশে মুখ ফিরিয়ে শুয়ে থাকি। ঘুমের প্রিটেনশনে চুপচাপ।

তানিয়া ড্রিমসের ঘোরে থাকে। বলে, আরো কিছু টাকা জমাতে পারলে, এই মহল্লা ছেড়ে চলে যাবো। শহরের দিকে টালির ঘর খরিদ করব। সামনে বারান্দা থাকবে। তুমি সেখানে দোকান দেবে। পান সিগ্রেট শিখর সুটখা… ওতেই আমাদের চলে যাবে। তুমি গুসা করো না। আর সাত আটমাস। তারপর… তারপর… বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। ওপাশের ঘরে ওল্ডি কাশতে থাকে। সে প্রব্যাবলি রাতে ঘুমোয় না।

আমারও ঘুম আসে না। ছটফট করি। পাশ ফিরি। নিজেকে ইনকেপেবল মনে হয়। ইউজলেস অ্যান্ড রাবিশ। উঠে পড়ি। ক্যানালের পারে এসে দাঁড়াই। ঠান্ডা হাওয়া। জল অনেক কমে গিয়েছে। আর বোট চলে না। স্বপ্ন ভাসে না। তবু তানিয়া আছে। আমি আছি। হাঙ্গার আছে। তানিয়াকেই সব অ্যারেঞ্জ করতে হয়। আমার ফুড, বিড়ি। ওল্ডির মেডিসিন। ইভন পুরানা বাজার থেকে আমার প্যান্ট লুঙ্গি… ওদের শাড়ি… আমি মাস্তান হতে পারি না। ভিক্ষা চাইতে পারি না। আই কান্ট ডু এনিথিং ফর হার। তানিয়ার পাশেই ফিরে আসি। ঘুমন্ত তানিয়াকে কিস করার ইচ্ছা হয়। বাট আই কান্ট। ওকে আমি টেরিবলি হেট করি। টাচ করতে পারি না… যদিও জানি শি ইজ অ্যাব্সলুটলি আনডান… এখন… এখন আমি কী করি, বলতে পারেন মিস্টার রাইটার… হয়্যার টু এন্ড দ্য স্টোরি…।

আমাকে বিমূঢ় দেখে গোমস এক্সকিউজ মি বলে, হঠাৎ উঠে যায়।