উনিশ শতকের বাংলায় তখনও গানের চর্চা আটকে ছিল বাবু-বিবির বাসনায় আর পূজা-প্রেমের অন্তর-লীলায়। ষাটের দশকের শেষধাপে শিল্প-সাহিত্য-সংস্কৃতির পালে লাগল নতুন হাওয়া। সে-হাওয়ায় সংগীতচর্চার পাশাপাশি নাট্যরচনায় মাতলেন ঠাকুরবাড়ির নতুনদা – জ্যোতিরিন্দ্রনাথ। লিখলেন সরোজিনী বা চিতোর আক্রমণ নাটক। অগ্রজের এই নাট্যসূত্রেই গীতিকারের অভিষেক হলো অনুজ রবীন্দ্রনাথের। সালটা ১৮৭৫। রবীন্দ্রনাথের বয়স তখন চোদ্দ। নাট্যকারের বয়ানে :
রাজপুত মহিলাদের চিতাপ্রবেশের যে একটা দৃশ্য আছে, তাহাতে পূর্ব্বে আমি গদ্যে একটা বক্তৃতা রচনা করিয়াছিলাম। যখন ঐ স্থানটা পড়িয়া প্রুফ্ দেখা হইতেছিল, তখন রবীন্দ্রনাথ পাশের ঘরে পড়াশুনা বন্ধ করিয়া চুপ করিয়া বসিয়া বসিয়া শুনিতেছিলেন। গদ্য-রচনাটি এখানে একেবারেই খাপ খায় নাই বুঝিয়া, কিশোর রবি একেবারে আমাদের ঘরে আসিয়া হাজির। তিনি বলিলেন – এখানে পদ্যরচনা ছাড়া কিছুতেই জোরবাঁধিতে পারে না। প্রস্তাবটা আমি উপেক্ষা করিতে পারিলাম না…। কিন্তু এখন আর সময় কৈ? আমি সময়াভাবের আপত্তি উত্থাপন করিলে, রবীন্দ্রনাথ সেই বক্তৃতাটির পরিবর্তে একটা গান রচনা করিয়া দিবার ভার লইলেন, এবং তখনই খুব অল্পসময়ের মধ্যেই… গানটি রচনা করিয়া আনিয়া আমাদিগকে চমৎকৃত করিয়া দিলেন। [জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি,
বসন্তকুমার চট্টোপাধ্যায়, পৃ ১৪৭]
জ্বল্ জ্বল্ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ,
পরাণ-সঁপিবে বিধবা-বালা।
জ্বলুক্ জ্বলুক্ চিতার আগুন
জুড়াবে এখনি প্রাণের জ্বালা।
শোন্, রে যবন! শোন্ রে তোরা!
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে,
সাক্ষী রলেন দেবতা তার
এর প্রতিফল ভুগিতে হবে।
জ্যোতিদাদার সুরবিস্তারে রবীন্দ্র-গান হলো সংলাপের অনুষঙ্গ। প্রতিবাদী প্রতিবোধে অনিবার্য সে-গান ‘সে-সময়ে পথে-মাঠে-ঘাটে সর্বত্র গীত হতে থাকে’। অভিনেত্রী বিনোদিনীর অভিনয়স্মৃতিতে –
রাজপুত ললনারা গাইতে গাইতে চিতারোহণ করছেন। সে দৃশ্যটি যেন মানুষকে উন্মাদ করে দিত। তিন-চার জায়গায় ধূ ধূ করে চিতা জ্বলছে, সে আগুনের শিখা দু’তিন হাত উঁচুতে উঠে লক্লক্ করছে। …লাল রঙের শাড়ী পরে কেউবা ফুলের গয়নায় সেজে, কেউবা মালা হাতে নিয়ে এক এক দল রাজপুত রমণী, সেই ‘জ্বল্ জ্বল্ চিতা…’ গাইতে গাইতে চিতা প্রদক্ষিণ করছে, আর ঝুপ্ করে সেই আগুনের মধ্যে পড়ছে। …তখন যে কি রকমের একটা উত্তেজনা হ’ত তা লিখে ঠিক বোঝাতে পারছি না।
[আমার কথা ও অন্যান্য রচনা, বিনোদিনী দাসী, সৌমিত্র চট্টোপাধ্যায় ও নির্মাল্য আচার্য-সম্পাদিত, পৃ ১০১-১০২]
এই গানের সূত্রেই যেন রবীন্দ্রনাথ এলেন, দেখলেন আর জয় করলেন বাংলার সংস্কৃতি-সমাজকে। সেই শুরু।
শুরুরও যেমন শুরু থাকে, তেমনি রবীন্দ্রনাথের ছন্দ-গাথা জীবন শুরু হয়েছিল এরও কিছু আগে। গৃহশিক্ষক জ্ঞানচন্দ্র ভট্টাচার্যের তাড়না ও প্রেরণায় ম্যাকবেথের ভাষান্তরে। সে-কাজেই প্রথম প্রকাশ পেয়েছিল গীতিছন্দের দখলদারি। শেকস্পিয়রের ডাইনি সংলাপ –
Double, double, toil and trouble;
Fire burn and cauldron bubble,
Fillet of a fenû snake,
In the cauldron boil and bake;
Eye of newt, and toe of frog,
Wool of bat and tongue of dog,
Adder’s fork and blind-worm’s sting,
Li“ard’s leg and howlet’s wing
For a charm of pow’rful trouble,
Like a hell-broth boil and bubble.
যেন সজীব হয়ে ওঠে তেরো বছরের রবি-ভাষ্যে –
দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ খেটে
কাজ সাধি আয় সবাই জুটে।
দ্বিগুণ দ্বিগুণ জ্বলরে আগুন
ওঠরে কড়া দ্বিগুণ ফুটে।
জলার সাপের মাংস নিয়ে
সিদ্ধ কর কড়ায় দিয়ে।
গির্গিটি-চোক ব্যাঙ্গের পা,
টিকটিকি ঠ্যাং, পঁ্যাঁচার ছা।
কুত্তোর জিব, বাদুড় রোয়াঁ
সাপের জিব আর শুওর শোঁয়া
শক্ত ওষুধ কোরতে হবে
টগবগিয়ে ফোটাই তবে।
সরোজিনীর মঞ্চসাফল্যে রবীন্দ্রনাথের ‘প্রমোশন্’ হলো। জ্যোতিরিন্দ্র উবাচ :
সরোজিনী প্রকাশের পর হইতেই, আমরা রবিকে প্রমোশন্ দিয়া আমাদের সম-শ্রেণীতে উঠাইয়া লইলাম। এখন হইতে সঙ্গীত ও সাহিত্যচর্চ্চাতে আমরা হইলাম তিনজন – অক্ষয় (চৌধুরী), রবি ও আমি। [জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি,
বসন্তকুমার চট্টোপাধ্যায়, পৃ ১৫১]
এবার সেই জ্যোতিদাদার সাথসঙ্গেই শুরু হলো অভিনয়ের পাঠ। ১৮৭৭-এর দ্বিতীয় ভাগে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অভিনীত হলো এমন কর্ম আর করব না। নাট্যকার ও পরিচালক জ্যোতিরিন্দ্রনাথ। নায়ক অলীকবাবুর ভূমিকায় অভিনেতা ষোলো বছরের রবীন্দ্রনাথ। তাঁর অকপট স্বীকারোক্তি :
নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে প্রকাশ হইবার পূর্বে জ্যোতিদাদার ‘এমন কর্ম আর করব না’ প্রহসনে আমি অলীকবাবু সাজিয়াছিলাম। সেই আমার প্রথম অভিনয়। …তখন নবযৌবনের নব নব উদ্যম নূতন কৌতুহলের পথ ধরিয়া ধাবিত হইতেছে; তখন সকল জিনিসই পরীক্ষা করিয়া দেখিতে চাই, …তখন লিখিতেছি,গাহিতেছি, অভিনয় করিতেছি, নিজেকে সকল দিকেই প্রচুরভাবে ঢালিয়া দিতেছি… সেদিন এই-যে আমার শক্তিকে এমন দুর্দাম উৎসাহে দৌড় করাইয়াছিলেন, তাহার সারথি ছিলেন জ্যোতিদাদা।
[জীবনস্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর, ‘রবীন্দ্র রচনাবলী’ ১০, পৃ ৯১]
সতেরো বছরের রবীন্দ্রনাথ মেজদা সত্যেন্দ্রনাথের সঙ্গে পাড়ি দিলেন বিলেতে। দেড় বছরের প্রবাসশেষে দেশে ফেরেন বাবার আদেশে। বিলেতযাত্রা ছিল ব্যারিস্টারি পড়ার কারণে – ‘কথা ছিল, পড়াশুনা করিব, ব্যারিস্টার হইয়া দেশে ফিরিব’। বিধি বাম। প্রবাসে আইনের ছাত্রকে নিতে হলো গায়কের ভূমিকা। এক পরিচিতার স্বামীর মৃত্যুতে শোকসভায় গাইতে হলো বেহাগ রাগের বিলাপগীতি। সদ্যবিধবার অনুরোধে পুনরাবৃত্ত হলো সে-ভূমিকা। ক্লান্তিকর সে-অভিজ্ঞতাকে ভর করে গায়ক রবীন্দ্রনাথকে মাঝে মাঝে শ্রোতার আসনেও বসতে হয়েছে। গানশোনার পর্বে বিখ্যাত গায়িকার গান হাস্যকর লাগলেও ‘পুরুষ গায়কদের’ গানে স্বস্তিবোধ করলেন। শুনতে শুনতে মনের মধ্যে জারিত হতে থাকে পাশ্চাত্য সংগীতের বৈচিত্র্য।
প্রবাসকালেই লিখলেন কাব্য ভগ্নহৃদয়। কাব্যের ভূমিকায় মেলে নাট্যচেতনার দোলায়মানতা :
এই কাব্যটিকে কেহ যেন নাটক মনে না-করেন। নাটক ফুলের গাছ। তাহাতে ফুল ফুটে বটে, কিন্তু সেই সঙ্গে মূল, কাণ্ড, শাখা, পত্র, এমনকি কাঁটাটি পর্যন্ত থাকা চাই।
আইনের বদলে সাহিত্য আর সংগীতকে সাথি করে দেশে ফিরে মেতে উঠলেন নাট্যসৃজনে। রবীন্দ্র-স্মৃতিচারণে :
বৎসরে একবার দেশের সমস্ত সাহিত্যিকগণকে একত্র করিবার অভিপ্রায়ে আমাদের বাড়িতে ‘বিদ্বজ্জন সমাগম’ নামক এক সভা স্থাপিত হইয়াছিল। সেই সম্মিলন উপলক্ষে গানবাজনা আবৃত্তি ও আহারাদি হইত।
দ্বিতীয় বৎসরে দাদারা এই সম্মিলনে একটি নাট্যাভিনয় করিবার ইচ্ছা করিলেন। কোন্ বিষয় অবলম্বন করিয়া নাটক লিখিলে এই সভার উপযুক্ত হইবে তাহারই আলোচনাকালে দস্যু রত্নাকরের কবি হইবার কাহিনীই সকলের চেয়ে সঙ্গত বলিয়া বোধ হইল। ইহার কিছু পূর্ব্বেই আর্য্যদর্শনে বিহারীলাল চক্রবর্ত্তী মহাশয়ের সারদামঙ্গল সঙ্গীত বাহির হইয়া আমাদের সকলকেই মাতাইয়া তুলিয়াছিল। এই কাব্যে বাল্মীকির কাহিনী যেরূপ বর্ণিত হইয়াছে তাহারই সঙ্গে দস্যু রত্নাকরের বিবরণ জড়াইয়া দিয়া এই নাটকের গল্পটা একরূপ খাড়া হইল। তাহার পর জ্যোতিদাদা বাজাইতে লাগিলেন, আমি গান তৈরি করিতে লাগিলাম এবং অক্ষয়বাবুও মাঝে মাঝে যোগ দিলেন।
[জীবনস্মৃতি (পত্রিকাপাঠ), প্রবাসী, মাঘ ১৩১৮]
কলকাতায় তখন মঞ্চ-নাটক এবং যাত্রা-নাটকের পাশাপাশি ‘অপেরা’, ‘গীতিকা’, ‘গীতাভিনয়’ এবং ‘গীতিনাট্য’ রীতিতে বহু নাট্যকর্ম পরিবেশিত হতে থাকে রঙ্গমঞ্চে। সে-ধারায় সমকালীন ‘ইটালিয়ান অপেরা’র পরিযায়ী প্রভাবও অস্বীকার করা যায় না। কোথাও গানের বাহুল্য আবার কোথাও পুরোপুরি গানেগানেই ছিল নাট্যবিস্তার। সে-পরম্পরায় ১৮৮০-র এপ্রিল মাসে জ্যোতিরিন্দ্রনাথের উদ্যোগে ঠাকুরবাড়িতে অভিনীত হলো মানময়ী গীতিনাট্য। মদন আর বসন্তের ভূমিকায় রবীন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথ।
‘লও এই লও’ গাইতে গাইতে টিনের তলোয়ার নিয়ে যেরকম দ্বন্দ্বযুদ্ধ করেছিলেন তা’ দেখলে এখনকার ছেলেমেয়েরা হেসে গড়াগড়ি যাবে। [জীবনকথা, ইন্দিরা দেবী চৌধুরানী,
অনাথনাথ দাস-সম্পাদিত, এক্ষণ, শারদীয় ১৩৯৯, পৃ ৩৭]
এই অভিনয়ের সঙ্গে সঙ্গেই জ্যোতিদাদার উৎসাহে রবীন্দ্রনাথ মেতে উঠলেন আপন রচনায়। ১৮৮১-তে গীতিনাট্যের আধারে প্রকাশ পেল বাল্মীকি প্রতিভা। গানেগানেই রচিত হলো সংলাপ। কাব্যের সঙ্গে মিলল সুরের নতুন প্রবাহ –
আইরিশ মেলডীজ্ বিলাতে গিয়া কতকগুলি শুনিলাম ও শিখিলাম কিন্তু আগাগোড়া সব গানগুলি সম্পূর্ণ করিবার ইচ্ছা আর রহিল না। অনেকগুলি সুর মিষ্ট এবং করুণ এবং সরল, কিন্তু তবু তাহাতে আয়র্লন্ডের প্রাচীন কবিসভার নীরব বীণা তেমন করিয়া যোগ দিল না। …এই দেশী ও বিলাতী সুরের চর্চার মধ্যে বাল্মীকি-প্রতিভার জন্ম হইল। ইহার সুরগুলি অধিকাংশই দিশি, কিন্তু গীতি-নাট্যে তাহাকে তাহার বৈঠকি মর্যাদা হইতে অন্য ক্ষেত্রে বাহির করিয়া আনা হইয়াছে; …বাল্মীকি-প্রতিভার অনেকগুলি গান বৈঠকি গান ভাঙা, অনেকগুলি জ্যোতিদাদার রচিত গতের সুরে বসানো – এবং গুটিতিনেক গান বিলাতী সুর হইতে লওয়া…। বস্তুত, বাল্মীকি-প্রতিভা পাঠযোগ্য কাব্যগ্রন্থ নহে – ইহা সঙ্গীতের একটা নতুন পরীক্ষা… য়ুরোপীয় ভাষায় যাহাকে অপেরা বলে বাল্মীকি-প্রতিভা তাহা নহে – ইহা সুরে নাটিকা; অর্থাৎ সঙ্গীত ইহার মধ্যে প্রাধান্য লাভ করে নাই, ইহার নাট্যবিষয়টাকে সুর করিয়া অভিনয় করা হয় মাত্র – স্বতন্ত্র সঙ্গীতের মাধুর্য ইহার অতি অল্প স্থলেই আছে। [জীবনস্মৃতি,
রবীন্দ্রনাথ ঠাকুর, ‘রবীন্দ্র রচনাবলী’ ১০, পৃ ৮৯]
বন্দি বালিকার উদ্দেশে বনদেবীদের গান –
মরি ও কাহার বাছা, ওকে কোথায় নিয়ে যায়
আহা, ঐ করুণ চোখে ও কাহার পানে চায়…
রচিত হলো আইরিশ গানের আধারে –
Go where glory waits thee
But while fame elates thee,
Oh! still remember me.
ভাষায় নয়, দু-গানের মিল শুধু সুরে। আইরিশ কবি ও লোকগীতি-সংগ্রাহী ঞযড়সধং গড়ড়ৎব (১৭৭৯-১৮৫২) ওৎরংয গবষড়ফরবং নামে একটি সংকলন প্রকাশ করেন ১৮০৭ সালে। সংকলনে বহু প্রাচীন আইরিশ লোকগীতির সুর লিপিবদ্ধ করেন তিনি। কিন্তু মূল গানগুলির কাব্য-কথা অনেক ক্ষেত্রেই আপন রচনায় বদলে নেন। গানটির গীতিকার যদিও ঞযড়সধং গড়ড়ৎব, সুরটি অবশ্য প্রাচীন আইরিশ গান ‘গধরফ ড়ভ ঃযব ঠধষষবু’ অনুসৃত। তেমনই ১৮৭৬-এ রচিত নাবিকের গান ‘ঘধহপু খবব’ রবি-রূপান্তরে হয়ে উঠল দস্যুদলের বন্দনা-গীতি। সেখানে গানের ধুয়ো ছাড়া মিল শুধুই সুরের ব্যবহারে :
Of all the wives as eÕer you know,
Yeo ho! lads! ho! yeo ho! yeo ho!
ThereÕs none like Nancy Lee, I trow,
yeo ho! Lads! ho! yeo ho! yeo ho!
রবি-রচনায় :
কালী কালী বলো রে আজ –
বলো হো, হো হো, বলো হো, হো হো, বলো হো!
নামের জোরে সাধিব কাজ –
বলো হো হো হো, বলো হো, বলো হো!
মূল গানটির রচয়িতা Frederic E. Weatherly (১৮৪৮-১৯৩৩) ছিলেন একাধারে গীতিকার, অক্সফোর্ডের অধ্যাপক, ব্রিস্টলের আইনজীবী এবং আইন-গ্রন্থের রচয়িতা। সুরকার Stephen Adams (১৮৪৪-১৯১৩)-এর আড়াল-নামে Michael Maybrick ছিলেন গায়ক, সুরকার এবং অর্গানবাদক [বিলাতী গানভাঙা রবীন্দ্রসংগীত, অনুরাধা পালচৌধুরী, পৃ ৯৮-৯৯]। পাশাপাশি জ্যোতিদাদার ‘দস্তুরভাঙা গীতবিপ্লবের প্রলয়ানন্দে’ দস্যুমন আশ্রয় নিল ‘শঙ্করা’ রাগিণীতে :
সর্দারমশায় দেরি না সয়,
তোমার আশায় সবাই বসে।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধ কষে।
রবীন্দ্র-ভাবনায় :
গীতিনাট্যে, যাহা আদ্যোপান্ত সুরে অভিনয় করিতে হয় তাহাতে, স্থান-বিশেষে তাল না থাকা বিশেষ আবশ্যক। নহিলে অভিনয়ের স্ফূর্তি হওয়া অসম্ভব।
[‘সংগীত ও ভাব’, রবীন্দ্রনাথ ঠাকুর, সংগীতচিন্তা, পৃ ১২]
তাই বালিকার ক্রন্দন-গীত –
হায়, কী দশা হল আমার
কোথা গো মা করুণাময়ী, অরণ্যে প্রাণ যায় গো।
আধারিত হলো পিতা দেবেন্দ্রনাথের সূত্রে পাওয়া ফারসি গানের। একতালে বাঁধা ভৈরবী রাগিণীর সে-গান –
হাল মে রবে রবা
তু আপনে ফজল করি, দমমে রবসাঁই।
রবীন্দ্র-গানটি রাগবিস্তারে রচিত হলো ‘গান্ধার-ষড়জে’। দৃশ্যদাবিতে উপস্থাপিত হলো মুক্তছন্দে। পরিবর্তনে রবীন্দ্রনাথের যুক্তি :
আমরা যখন রোদন করি তখন দুইটি পাশাপাশি সুরের মধ্যে ব্যবধান অতি অল্পই থাকে, রোদনে স্বর প্রত্যেক কোমল সুরের উপর দিয়া গড়াইয়া যায়, সুর অত্যন্ত টানা হয়। আমরা যখন হাসি – হাঃ হাঃ হাঃ হাঃ, কোমল সুর একটিও লাগে না, টানা স্বর একটিও নাই, পাশাপাশি সুরের মধ্যে দূর ব্যবধান, আর তালের ঝোঁকে ঝোঁকে সুর লাগে। দুঃখের রাগিনী দুঃখের রজনীর ন্যায় অতি ধীরে ধীরে চলে, তাহাকে প্রতি কোমল সুরের উপর দিয়া যাইতে হয়। আর সুখের রাগিনী সুখের দিবসের ন্যায় অতি দ্রুত পদক্ষেপে চলে, দুই-তিনটা করিয়া সুর ডিঙাইয়া যায়। …তালও ভাব প্রকাশের একটা অঙ্গ। …অতএব ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তালও দ্রুত ও বিলম্বিত করা আবশ্যক… ভাব প্রকাশকে মুখ্য উদ্দেশ্য করিয়া সুর ও তালকে গৌণ উদ্দেশ্য করিলেই ভালো হয়।
[‘সংগীত ও ভাব’, রবীন্দ্রনাথ ঠাকুর, সংগীতচিন্তা, পৃ ১০-১১]
পরের বছর (১৮৮২) বিদ্বজ্জন-সমাগম উপলক্ষেই রবীন্দ্রনাথ রচনা করলেন নতুন গীতিনাট্য কালমৃগয়া। রবীন্দ্র-বয়ানে :
বাল্মীকি-প্রতিভার গান সম্বন্ধে এই নূতন পন্থায় উৎসাহ বোধ করিয়া দুই শ্রেণীর আরও একটি গীতিনাট্য লিখিয়াছিলাম। তাহার নাম কালমৃগয়া। …পরে এই গীতিনাট্যের অনেকটা অংশ বাল্মীকি প্রতিভার সঙ্গে মিশাইয়া দিয়াছিলাম।
১৮৮৮-তে এই ধারার শেষ নাট্যরচনা মায়ার খেলা। মায়ার খেলার নাট্য-আঙ্গিক বাল্মীকি-প্রতিভা এবং কালমৃগয়ার সমগোত্র হলেও ঘটনাস্রোত সরলরেখাস্বরূপ। মূল আবেদন প্রেমের অনাকাক্সিক্ষত বিরহ-বেদনা। তবে গঠনে ভাববৈচিত্র্যের অভাব। রবি-রচনায় :
বাল্মীকি-প্রতিভা ও কালমৃগয়া যেমন গানের সূত্রে নাট্যের মালা, মায়ার খেলা তেমনই নাট্যের সূত্রে গানের মালা। [জীবনস্মৃতি, তদেব, পৃ ৯০]
মায়ার খেলায় কাহিনী-নির্ভরতার চেয়ে মুখ্য হয়ে উঠেছে ‘থিম’-নির্ভরতা। প্রেম-মায়ার বৈপরীত্যই এ-নাট্যের মূল স্রোত। কোনো ঘটনা বা চরিত্রকে ঘিরে নয়, মানব-মানবীর সম্যক অনুভূতি, আবেগ আর মানস-দ্বন্দ্বে গড়ে উঠেছে নাট্যবস্তু। সেখানে গানের সংলাপধর্মিতার বদলে সংলাপ হয়েছে গীতধর্মী।
তাই এত হায় হায়।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।
সখী, চলো, গেল নিশি, স্বপন ফুরালো,
মিছে আর কেন বলো।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সখী, চলো।
প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।
তবে এই গীতিনাট্যের সংগীতরচনায় রবীন্দ্রনাথ দেশি-বিদেশি মিলন-সুরের সাবেক ধারাকেই অনুসরণ করেছেন।
কালমৃগয়া আর মায়ার খেলার মাঝের সময়ে রবীন্দ্রনাথ রচনা করেন প্রকৃতির প্রতিশোধ (১৮৮৪)। নাট্যভূমিকায় নাট্যকারের বয়ান :
এ আমার হাতে প্রথম নাটক যা গানের ছাঁচে ঢালা নয়। এই বইটি কাব্যে এবং নাট্যে মিলিত।
ষোলো দৃশ্যের এ-নাটক মুক্ত পয়ার এবং গদ্যের মিলনে রচিত। সঙ্গে সাথি গান। মুখ্য চরিত্র ‘সন্ন্যাসীর যা অন্তরের কথা তা প্রকাশহয়েছে কবিতায়। সে তার একলার কথা’। গান ব্যতিরেকে বাকি কথা গদ্যে। গানের ব্যবহার যে সবক্ষেত্রেই নাট্যদাবি মিটিয়েছে, তা বলা যায় না। তবে কৃষকগণের গোষ্ঠের গান সমকালীন বাংলা নাটকে এক অনন্য সংযোজন :
হেদে গো নন্দরানী
আমাদের শ্যামকে ছেড়ে দাও।
আমরা রাখাল বালক দাঁড়িয়ে দ্বারে,
আমাদের শ্যামকে দিয়ে যাও।
হেরো গো প্রভাত হল, সুয্যি উঠে,
ফুল ফুটেছে বনে –
আমরা শ্যামকে নিয়ে গোষ্ঠে যাব
আজ করেছি মনে।
কবির আপন কথায় ‘গানটি একটি ছবি, যার রস নাট্যরস’।
এই নাট্যরসের নতুন সন্ধানে পদ্যসংলাপে রচনা করলেন নাটক রাজা ও রানী (১৮৮৯)। কুমার সেন আর ইলার প্রেমকাহিনী ঘিরে এ-নাট্যের বিস্তার। মুখ্যত উপকাহিনীর অঙ্গ হিসেবেই গীত হয় এ-নাট্যের গানগুলি। ইলা বা তার সখীরা এই গানগুলি গায়। কাহিনীনির্মাণে অধিকাংশ গানেরই ভূমিকা নেই। তবে ইলার আত্ম-নিবেদনের গান সমকালীন রঙ্গমঞ্চের ঘেরাটোপ ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল সাধারণের অন্দরমহলে, আবার বারবাড়ির অঙ্গনেও। শেকস্পিয়রের নাট্যরচনাকেই জীবনের প্রথমে আদর্শ মেনেছিলেন রবীন্দ্রনাথ। তারই প্রভাবে যবরমযঃবহবফ ংঢ়ববপয হিসেবে রচিত হলো ইলার গান :
আমি নিশিদিন তোমায় ভালোবাসি
তুমি অবসরমত বাসিয়ো।
আমি নিশিদিন হেথায় বসে আছি
তোমার যখন মনে পড়ে আসিয়ো।
বছর ঘুরতেই (১৮৯০) আপন উপন্যাস রাজর্ষির প্রথম পর্ব ঘিরে রচনা করলেন নাটক বিসর্জন। রাজা ও রানীর মতো পদ্যসংলাপেই বিস্তার বিসর্জনের। রাজা ও রানীর নাট্যভূমিতে ছিল লিরিকের প্লাবন তাই ‘দুর্বল’ হয়েছিল নাটক। ভূমিকাহীন বিসর্জনের উৎসর্গপত্রে রবীন্দ্রনাথের সরল স্বীকারোক্তি :
রক্তমাংস-গন্ধ পেয়ে ক্রিটিকেরা আসে ধেয়ে
চারিদিকে করে কাড়াকাড়ি।
কেহ বলে, ‘ড্রামাটিক’ বলা নাহি যায় ঠিক
লিরিকের বড়ো বাড়াবাড়ি।
‘লিরিক’-নাট্যে এবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রবীন্দ্রনাথ। চিরাচরিত সামাজিক আচার ও প্রথার ওপরে হৃদয়ধর্মের স্থাপনা – এই ভাবাদর্শে রচিত হলো এ-নাট্য। নায়ক জয়সিংহ মাতৃপিতৃহীন। রঘুপতির আশ্রয়ে দেবীমন্দিরে প্রতিপালিত। দেবীর প্রতি ভক্তি আর গুরুর প্রতি বিশ্বাস তার মনজুড়ে। কিন্তু রঘুপতি যখন আপন প্রতাপ অক্ষুণ্ন রাখতে ভ্রাতৃহত্যা, তথা রাজহত্যায় প্ররোচনা দিল তখন তার মনে জাগে দ্বন্দ্ব :
… তুমি
সত্য, গুরুদেব, তোমারি আদেশ সত্য –
সত্যপথ তোমারি ইঙ্গিত মুখে। হত্যা
পাপ নহে, ভ্রাতৃহত্যা পাপ নহে, নহে
পাপ রাজহত্যা!
যতই চিন্তা করে – পথ খুঁজে পায় না – বাড়ে আত্মদাহ। সে-সময়ে তার চোখের সামনে দিয়ে দলে দলে লোক চলেছে নিশিপুরের মেলায় – যারা রোজ মন্দিরে পূজা পাবার আশায় তারই শরণার্থী। সে-মেলায় তার মন পৌঁছতে চায়, কিন্তু গুরু-দায়ে বন্দি সে দেবীমন্দিরে। কল্পিত সঞ্চারে তার মন ভরে ওঠে আকাক্সিক্ষত আনন্দে –
…এ ধরায় কত সুখ
আছে – নিশ্চিন্ত আনন্দসুখে নৃত্য করে
নারীদল, মধুর অঙ্গের রঙ্গভঙ্গ
উচ্ছ্বসিয়া উঠে চারিদিকে, তটপ্লাবি
তরঙ্গিনী-সম। নিশ্চিন্ত আনন্দে সবে
ধায় চারিদিক হতে – উঠে গীতগান,
বহে হাস্যপরিহাস, ধরণীর শোভা
উজ্জ্বল মুরতি ধরে। আমিও চলিনু।
মনে ভাবলেও শরীরী গমন সম্ভব হয় না জয়সিংহের। তার গানে তাই বাউল মনের মর্মকথায় রবীন্দ্রনাথ মেলালেন কীর্তনের সুর। বাউল-কীর্তনের বনেদি বুনোটে দীর্ঘ সংলাপের সাথি হলো গান :
আমারে কে নিবি ভাই সঁপিতে চাই আপনারে
আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে।
তোরা কোন্ রূপের হাটে চলেছিস্ ভবের বাটে,
পিছিয়ে আছি আমি আপন ভারে –
তোদের ওই হাসিখুশি দিবানিশি দেখে মন কেমন করে।
জার্মান গীতিকবি ঐবরহৎরপয ঐবরহব (১৭৯৭-১৮৫৬)-এর মতো ‘যিবৎব ড়িৎফং ষবধাব ড়ভভ, সঁংরপ নবমরহং’ যেন প্রতিধ্বনিত হলো রবিবচনে ‘বাক্য যেখানে শেষ হইয়াছে সেইখানেই গানের আরম্ভ। যেখানে অনির্বচনীয় সেইখানেই গানের প্রভাব। বাক্য যাহা বলিতে পারে না গান তাহাই বলে।’ নাট্যসূত্রে নতুন ভাষা পেল গান। সঙ্গী সুর পেল উপলব্ধি। পুর্ণতা পেল ‘বাণী ও সুরের অর্ধনারীশ্বর রূপ’। এরই ফাঁকে নাট্যদাবিতে নয়, মনের দাবিতে ‘একবার মাঘোৎসবে সকালে ও বিকালে’ অনেক গান ‘তৈরি’ করেছিলেন রবীন্দ্রনাথ। বহু গানের অন্তরে গেয়ে ওঠেন :
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে।
বাসনার বসে মনে অবিরত ধায় দশ দিশে পাগলের মতো, স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে।
প্রসঙ্গকথায় রবি লিখছেন :
পিতা তখন চুঁচুড়ায় ছিলেন। …হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সবকটি একে একে গাহিতে বলিলেন। …গান গাওয়া যখন শেষ হইল তিনি বলিলেন ‘দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তারা পুরষ্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই তখন আমাকেই সে কাজ করিতে হইবে।’ এই বলিয়া তিনি একখানি পাঁচশ’ টাকার চেক আমার হাতে দিলেন। [জীবনস্মৃতি, তদেব, পৃ ৪৪]
সেই স্বীকৃতি প্রসারিত হলো। কালে কালে রবিজীবনে সদাসঙ্গী হলো গান আর বাঙালি জীবনে সদাসঙ্গী হলো রবীন্দ্র-গান। তাঁর মতে, ‘সৃষ্টির গভীরতার মধ্যে যে একটি বিশ্বব্যাপী প্রাণকম্পন চলছে, গান শুনে সেইটেরই বেদনাবেগ যেন আমরা চিত্তের মধ্যে অনুভব করি।’ এই ভাবনাই যেন প্রাণ পায় তাঁর উনিশ শতকের শেষের গানে –
হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল, শুন সবে জগতজনে।
কী হেরিনু শোভা, নিখিলভুবননাথ চিত্ত-মাঝে বসি স্থির আসনে।
তাঁর গানে অন্তঃসলিলার মতো একীভূত হয়ে গেল পূজা-প্রেম-প্রকৃতি। উনিশ শতকেই রবীন্দ্র-গান এমন পর্যাপ্তিতে এসে পৌঁছল ‘যার উপরে আর একটিমাত্র সুরও যোগ করা যায় না’। জ্যোতিদাদার ভাষায় ‘ইহার পরেই রবীন্দ্রনাথের আমল’।

Leave a Reply
You must be logged in to post a comment.