উষ্ণ জোয়ার

বহতা স্রোতের মতো কেবলই তোমার দিকে

ক্রমশ ধাবিত হয় অনিবার হৃদয়ের উষ্ণ জোয়ার।

সর্বস্ব জ্ঞানেতে আমি অকপটে মেনে নিই

শুধু আজ তোমাকেই আমার ঈশ্বর (?)

মুহূর্তমাত্র দেখা, সেইখানে জীবনের এতো আলোড়ন?

রক্তের ভিতরে তোর জমেছিল এতোখানি অচেনা বিস্ময়!

প্রান্তরের বুনো ফুল ফেলে গেছে তুচ্ছজ্ঞানে পথিকের দল;

পরম মায়ার বশে সযত্নে তুলেছি তাকে

আমার মাথার ’পরে এলানো খোঁপায়;

অদৃশ্য গন্ধ ভাসে চতুর্দিকে,

ভরে বুক অলৌকিক অন্তরঙ্গতায়।