দীনতার ঘরে এসো

গালে হাত রেখে বসে আছে ইতিহাস

পোড়া বাংলার বিষণ্ন দাওয়ায়;

মুখ ঢেকে আছে বেআব্রু-পঙ্কিলে

ছেঁড়া-বসনের দিন।

মেঠোসাধারণ বসে আছে নতমুখ

কাফনে মোড়ানো চেতনার শবদেহ;

আহত দোয়েল বিপন্ন শাপলা ও

সূর্যের মুখ কালো।

এমন প্রহরে দীনতার ঘরে এসো

স্বল্প আলোয় জননীর পাশে বসি;

মেঘে-মেঘে বাঁধি সজলমিলনসেতু

সংকট পারাবার।