বসন্তের দিন যায় কামিনীর গলা কেন মালাহীন?
খোঁপা কেন ফুলহীন রতিকান্ত সখা?
সময়ের ধামা ধরে মোসায়েব কোকিলেরা
পাতাহীন ডালে ডালে নাচে,
কাকের গাজন আজ সবচেয়ে বেশি,
রাজপথে কানাগলি ডাস্টবিন জঞ্জালের সমস্ত রসদ
ওদের দখলে আজ। ওরা কিশলয়ে মুখ গুঁজে বুনে যায় পিকপুষ্ট,
ভাগাড়ের কটুগন্ধে দিনরাত দাপাদাপি করে
কাকগুলো ঝাঁক বেঁধে হয়ে ওঠে হরবোলা কোকিলের ডামি।
ভ্রমরের গুঞ্জরণে মল্লিকার নবরাগে মধুহীন কান্তি জাগে,
লোকালয়ে সারিবদ্ধ মানুষেরা কন্ট্রোলের চাউল প্রতীক্ষা
জমা করে ঘামে,
বসন্তের দিন যায় মোহিনীর কৃষ্ণসভা চারদিকে,
হল্লা করে জীবনের রস খায় হায়েনারা
নব নব আইনের মারপ্যাঁচে,
কোথায় হে ঋতুরাজ নম্রনীল দক্ষিণ বাতাস?
কোথায় তোমার করস্পর্শে জীবনের অযুত মহিমা?
মাধবী, তুমি তো বাসন্তী রঙের শাড়ি পরে উৎসবে গেলে!
নির্বিকার বাজালে নিরোর বাঁশি রোমের আগুন দেখে
গ্রেনেডে মাথার খুলি ওড়ে, বোমার স্পিন্টারে জর্জরিত বুক!
মৃত্যুভয়
সান্ত্রীভয়
বর্গীভয়
রাজভয়
বাজভয়
ভয়ের হুল্লোড়ে আছি গোপালের প্রজা;
বসন্ত, তোমার বন্ধু মদনের মধুরিমা অনুগত রতিদেবী
ঘুমিয়ে ঘুমিয়ে ফিরে গেলে অমরাবতীর হবে না কিছুই,
শুধু হবে আমাদের সময়ের সর্বনাশ
জরিনা সখিনা স্বপ্নকলি বিরহ সন্তাপ
পোড়াবে নিরত কামনার ঘরবাড়ি।

Leave a Reply
You must be logged in to post a comment.