বিশ শতকের ইতালীয় কাব্য

মানবসভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দীকে এযাবৎকালের সবচেয়ে ঘটনাবহুল শতবর্ষ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। ব্যাপক প্রাণহানিকর দুটি বিশ্বযুদ্ধ ছাড়াও মানুষের প্রাণবধে শতাব্দীর অভূতপূর্ব পারদর্শিতার পাশাপাশি মানবকল্যাণে বিশ্বজুড়ে গ্রহণ করা নানারকম উদ্যোগ একদিকে যেমন এর পরস্পরবিরোধী চরিত্রের চমৎকার প্রকাশ ফুটিয়ে তোলে, অন্যদিকে একই সঙ্গে আবার মানবসন্তানের চন্দ্রযাত্রার মধ্য দিয়ে শতাব্দীর সুদূরপ্রসারী বৈজ্ঞানিক অগ্রগতির মুখে পারিপার্শ্বিকতাকে বশে আনার নামে প্রকৃতি-বধের ভয়ংকর খেলায় মানুষের নিয়োজিত হওয়াও শতাব্দীর উলটোমুখী ধারার পরিষ্কার ছবি আমাদের সামনে এঁকে দেয়।

মাত্র বছরপাঁচেক আগে যে-শতাব্দীর যবনিকাপাত, বিস্তৃত প্রেক্ষাপট থেকে পেছনে ফেলে-আসা সেই কালের দিকে ফিরে তাকানোর উপযুক্ত সময় এখনো উপস্থিত কিনা, সেই প্রশ্নে বিতর্কের সুযোগ অবশ্যই আছে। তবে তারপরও ঘটনাবহুল সেই অদূর অতীতের সঠিক মূল্যায়ন করতে হলে মনে হয় শতাব্দীর সম্পূর্ণ ব্যাপ্তির আলোকে এর দিকে চোখ মেলে তাকানোর জুতসই সময় এটিকেই বলা যেতে পারে। কেননা শতবর্ষের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলির সাক্ষী এবং প্রত্যক্ষদর্শীদের অনেকেই যে কেবল জীবিত তা-ই নয়, এমনকী সক্রিয় জীবনও সেই দলের বেশকিছু লোকজন এখন পর্যন্ত যাপন করে চলেছেন। ফলে সে-রকম প্রত্যক্ষদর্শীদের চোখে শতাব্দীর মূল্যায়নের ভিন্ন তাৎপর্য অবশ্যই আগামীর গবেষকদের কাছে মূল্যবান বিবেচিত হবে। সে-রকম বিবেচনা থেকে বিলেতের নামি প্রকাশনা-সংস্থা ঋধনবৎ ধহফ ঋধনবৎ-এর গতবছরের শেষদিকে প্রকাশিত বিশ শতকের ইতালীয় কবিতার সংকলনকে অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ ধরে নেওয়া যেতে পারে।

বৈজ্ঞানিক অগ্রগতি আর মানুষের ভাবনা- চিন্তায় দেখা দেওয়া সুদূরপ্রসারী বিভাজনের মতো বিংশ শতাব্দীর শিল্প আর সংস্কৃতির জগৎও ছিল বহুমুখী ধারার প্রভাবে ব্যাপকভাবে আলোড়িত। কবিতার জগৎও যে দূরে অবস্থানকারী কোনো কিছু ছিল না, শতাব্দীর বিভিন্ন সময়ে লক্ষণীয় নানারকম কাব্য-আন্দোলন থেকে তার সুস্পষ্ট প্রমাণ সহজেই খুঁজে পাওয়া সম্ভব। বরাবরের মতো ইউরোপীয় সাহিত্যের কেন্দ্রস্থলে অবস্থানকারী ইতালির কাব্যেও সে-রকম দ্বিধাদ্বন্দ্ব আর দোদুল্যমানতার কোনোরকম কমতি একেবারেই নেই। সেদিক থেকে জেমি ম্যাককেন্ডরিকের সম্পাদনায় প্রকাশিত ঞযব ঋধনবৎ ইড়ড়শ ড়ভ ২০ঃয ঈবহঃঁৎু ওঃধষরধহ চড়বসং-কে পূর্ণাঙ্গ এক কাব্য-সংকলন এ-কারণে আখ্যায়িত করা যেতে পারে যে, গত শতাব্দীর ইতালির কবিতার ধারার সবরকম প্রবাহকে নির্বাচিত জনাপঞ্চাশেক কবির শ-দেড়েক কবিতার মধ্য দিয়ে সাফল্যের সঙ্গে ফুটিয়ে তুলতে তিনি সমর্থ হয়েছেন।

বিদেশের উৎসাহী পাঠকদের কাছে দুই নোবেল-বিজয়ী কবি ইউজেনিও মনতালে আর সালভাতোরে কুয়াসিমোদোর বাইরে ইতালীয় কাব্যের পরিচয়ের গণ্ডি বলা যায় খুবই সীমিত। ইংরেজি অনুবাদে ওই দুই কবির সঙ্গে মূলত বাংলাভাষার পাঠককুলের পরিচয়, অতি উৎসাহী বিদ্বজ্জন যেখানে হয়তো সীমিত সেই গণ্ডির সীমানা আরো কিছুটা প্রসারিত করে জুসেপ্পে উঙ্গারেত্তি, প্রিমো লেভি কিংবা পিয়ের পাওলো পাসোলিনিকেও তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়ে থাকবেন। তবে বিংশ শতাব্দীর ইতালীয় কাব্য কিন্তু সত্যিকার অর্থে ছিল নানারকম বিপরীতমুখী ধারার অপূর্ব এক সমন্বয়, যার সবটার প্রকাশ লক্ষ করা যায় ঋধনবৎ-এর নতুন সংকলনে।

অত্যন্ত যুক্তিসংগতভাবেই সংকলন শুরু হয়েছে গাব্রিয়েল দা’আনুনযিওর কয়েকটি কবিতা দিয়ে। বিংশ শতাব্দীর সবচেয়ে বর্ষীয়ান ইতালীয় কবিই তিনি কেবল নন, বরং ইতালির কাব্যে আধুনিকতার সূচনাও বলা যায় বিতর্কিত এই কবির বর্ণিল নান্দনিকতা আর ফিউচারিস্ট ধারার সংমিশ্রণে বিশুদ্ধ কাব্যচর্চার পক্ষে বলিষ্ঠ অবস্থান গ্রহণের মধ্য দিয়ে। জেমস জয়েস একসময়ে দা’আনুনযিওকে সমকালীন শ্রেষ্ঠ তিন সাহিত্যিকের একজন হিসেবে গণ্য করলেও কবির উগ্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিজের জীবদ্দশাতেই তাঁকে বিতর্কিত করে তোলে এবং মুসোলিনির বলিষ্ঠ সমর্থক হিসেবে পরবর্তী সময়ে নিজ-মাতৃভূমিতে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়।

বিংশ শতাব্দীর ইতালীয় কাব্যে দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন সহজেই লক্ষ করা যায়। দুটি বিশ্বযুদ্ধ এবং সেই সময়ের মাঝে ফ্যাসিবাদের উত্থান ও যুদ্ধ-পরবর্তী ইতালির সুস্পষ্ট রাজনৈতিক বিভাজন দেশের সাহিত্যের ধারাকে স্পষ্টতই ব্যাপকভাবে প্রভাবিত করে এবং কাব্যের জগৎও স্বাভাবিকভাবেই সেই প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। পিয়ের পাওলো পাসোলিনি, ফ্রাঙ্কো ফোরতিনি কিংবা আংশিকভাবে বার্তোলো কাত্তাফির মতো কবির কাব্য নাগরিক সচেতনতা এবং রাজনৈতিক অঙ্গীকারের সুস্পষ্ট প্রকাশ লক্ষ করা গেলেও অন্যদিকে আবার যে-কোনো ধরনের রাজনৈতিক চেতনার কাব্যিক প্রতিফলনকে অভিশপ্ত আখ্যায়িত করা সান্দ্রো পেন্নার মতো কবিও ইতালির কাব্যে একই সময় সক্রিয় থেকেছেন। ঋধনবৎ-এর সংকলন সীমিত পরিসরে তুলে-ধরা নির্বাচিত কাব্যের সংগ্রহ হলেও বিশ শতকের ইতালীয় কাব্যের এরকম বহুমুখী ধারার সবকটি দিকের পরিষ্কার প্রতিফলন সেখানে খুঁজে পাওয়া যায়। সেদিক থেকে প্রকৃত অর্থে প্রতিনিধিত্বমূলক সংকলন একে বলা চলে।

কাব্যগ্রন্থের সম্পাদক জেমি ম্যাককেন্ডরিক বিভিন্ন সময়ে বিভিন্ন অনুবাদকের করা ইতালীয় কবিতা থেকে নিজের পছন্দের কবিতা

অন্তর্ভুক্ত করে নেওয়ায় ইংরেজি অনুবাদের দিক থেকেও তা সফল এক সংকলনগ্রন্থ হয়ে উঠেছে, যদিও দ্বিভাষিক পাঠ অন্তর্ভুক্ত না-হওয়ায় মূলের সান্নিধ্যে আসার সুযোগ থেকে পাঠকরা এখানে বঞ্চিত। বিংশ শতাব্দীর প্রতিনিধিত্বশীল সেই ইতালীয় কাব্যগ্রন্থের কিছুটা পরোক্ষ স্বাদ কালি ও কলমের পাঠকদের দেওয়ার জন্য ইংরেজি থেকে করা কয়েকটি কবিতার অনুবাদ এখানে সংযোজিত হলো।

সালভাতোরে কুয়াসিমোদো

হঠাৎ নেমে আসে সন্ধ্যা

সবাই নিঃসঙ্গ আমরা সূর্যের তীক্ষè আলো ভেদ করে যাওয়া

পৃথিবীর এই হৃদয়ে:

আর হঠাৎ নেমে আসে সন্ধ্যা।

রাতভর সৈনিকের কান্না

না ক্রুশ না শৈশব না

গোরস্তানের হাতুরি না কোনো

দেবতার স্মৃতি পারে যুদ্ধকে

মুছে দিতে। মৃত্যুর আগে

রাতভর সৈনিকের কান্না, সে বড় কঠিন।

জীবনের বাহুর নিচ থেকে শিখে নেয়া

শব্দের পদতলে হয় পতন তাদের।

ভালোবাসা লিখে নেয় নম্বর সৈনিকের,

কান্নার নামহীন বিস্ফোরণ।

সান্দ্রো পেন্না

ইউজেনিও মনতালের জন্য

রোববারগুলোয় গোধূলির দিকে আমার পথচলা

স্টেডিয়াম ছেড়ে-আসা

জনতার পথের ঠিক উলটো দিকে। তাকাই না আমি

কারও দিকে, দেখি না কিছুই।

কখনও হয়তো-বা গ্রহণ করি কারও হাসি, অথবা কদাচিৎ,

ছুটির দিনের শুভেচ্ছা চিৎকার।

আর আমার মনে পড়ে না কে আমি।

তখন মনে হয় বড় বিশ্রী মরে যাওয়া।

মরে যাওয়া সে যে মহা অন্যায়, যদিও

পড়ে না মনে আমার কে আমি।

কবরখানার বাতি

কবরখানার বাতি, আমাকে বলো না

গ্রীষ্মসন্ধ্যা ভালো নেই।

ভালো আছে

দূরের পানশালার মাতালেরা।

কার্নিসের প্রাচীন সব কারুকার্যের মতো

ঘুরে বেড়ায় ওরা

নতুন তারায় ভরা আকাশের নিচে।

কবরখানার বাতি, শান্ত আঙুল

যাও গুনে নাও ধীর সন্ধ্যাগুলোকে। আমাকে বলো না

গ্রীষ্মরাত ভালো নেই।

প্রিমো লেভি

নিদ্রাভঙ্গের সঙ্কেত

হিংস্র রাতগুলোতে দেখেছি স্বপ্ন আমরা

ঘন নৃশংস স্বপ্ন,

দেখেছি হৃদয় আর শরীর দিয়ে:

ফিরে যাওয়ার, আহারের, আমাদের সেই কথা বলার স্বপ্ন।

যতক্ষণ না প্রভাতের নির্দেশ

উচ্চারিত হতো শান্ত, গম্ভীর:

‘স্তাভাচ’:

আর বুকের ভেতরে চির ধরতো হৃদয়ে আমাদের।

এখন আমরা আবারও পেয়েছি ফিরে ঘর,

উদর পরিপূর্ণ আহারে,

যদিও বলে যাই আমরা সেদিনের গল্প।

সময় হয়েছে এখন। শিগগিরই শুনবো আবার

অদ্ভুত সেই আদেশ:

‘স্তাভাচ’।

জুসেপ্পে উঙ্গারেত্তি

যন্ত্রণা

তৃষ্ণার্ত চাতকের মতো

মরীচিকায় ঢলে পড়া

অথবা সাগরকে পেছনে রেখে উড়ে এসে

চলার আকাক্সক্ষা হারিয়ে

প্রথম ঘন ঝোপে মুখ বোজা

তিতিরের মতো

মৃত্যুই তো কাম্য

অন্ধ সোনালি পাখির

বিলাপের জীবন নয়

স্মরণ

নাম ছিল তার

মোহাম্মদ শেয়াব

যাযাবর আমিরের উত্তরসূরি

না-থাকায়

নিজের কোনো দেশ

ছিল তা আত্মহত্যা

ফ্রান্সকে ভালোবেসেছিল সে

ভালোবেসে বদলে নিয়ে নিজের নাম

মার্সেল পরিচয় ধারণ করলেও

হয়নি সে ফরাসি

এবং যায়নি ভুলে

আপন লোকজনের তাঁবুর জীবন

কফির পেয়ালায় দিয়ে চুমুক

যেখানে শোনেন তারা

কোরানের মধুর সংগীত

নিজের বাধাহীন সংগীতকে

কীভাবে মেলে দিতে হয়

ছিল না

জানা তার

তার শবযাত্রায় যোগ দিয়েছিলাম আমি

আর প্যারিসের পাঁচ নম্বর রু কার্মে’র

জরাজীর্ণ ঢালু গলির

যে-হোটেলে ছিল তার নিবাস

সেখানকার মহিলা ম্যানেজার

শায়িত সে এখন

ইভরির যে-কবরখানায়

প্যারিসের সেই শহরতলি

দেখায় যেন

মেলা ভাঙা দিনের মতো

আর সম্ভবত

আমারই শুধু আছে জানা

একসময় তারও ছিল জীবন