আঠারো

সীতারামপুরের দিকে চলে যাওয়া রাস্তার মুখে কয়েকটা দোকানপাট। একটা চায়ের দোকানও আছে। দোকানের সামনের বেঞ্চে বসে দুজন রাজনীতিঅলা আওয়ামী লীগ বিএনপি চালিয়ে যাচ্ছে। দুজনের হাতেই চায়ের কাপ। কথার তালে চায়ে চুমুক দিতে ভুলে যাচ্ছে। যেন চায়ে চুমুক দেয়ার ফাঁকে একজন আরেকজনকে কুপোকাত করে ফেলবে, জিতে যাবে। সেই সুযোগ কি দেয়া যায়, নাকি দেয়া ঠিক হবে!

দোকানদার লোকটা পড়েছে মহা ফাঁপরে। না আওয়ামী লীগ সাপোর্ট করতে পারছে, না বিএনপি। দুজনেই তার খরিদ্দার, কাকে রেখে কার পক্ষ নেবে। এজন্য অযথা হাসি হাসি মুখ করে একবার আওয়ামী লীগের দিকে তাকাচ্ছে আরেকবার বিএনপির দিকে। আর মনে মনে সমানে গালাগাল করছে।

চায়ের দোকানের পাশেই একটা মুদি দোকান। সেই দোকানে কোনও খরিদ্দার নেই। নূরানী চেহারার একটা লোক বসে আছে ক্যাশবাক্সের সামনে। পরনে টেটরনের সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি। মাথার বাবরি চুল ধবধবে সাদা। দাড়ি যতদূর লম্বা হওয়া সম্ভব হয়েছে। দাড়ির রংও মাথার চুলের মতোই। বিকেলের বিষণ্ন আলোয়কোনদিকে যে তাকিয়ে আছে তা বোঝা যায় না। হাতে সিগ্রেট জ্বলছে। নীলু তার দিকে তাকাতেই আনমনা ভঙ্গিতে সিগ্রেটে টান দিল, কিন্তু নীলুকে খেয়াল করল না।

লোকটির সবকিছুই সাদা বলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ একটা ভাব এসেছে। কিন্তু এরকম চেহারার লোকেরাও সিগ্রেট খায় নাকি! রবীন্দ্রনাথ কি সিগ্রেট খেতেন? পান বিড়ি চা বা অন্যকোনও নেশা কি রবীন্দ্রনাথের ছিল? চরস গাঁজা ভাঙ আফিম! রফিক আজাদের ভাষায় স্কটল্যান্ডের সোনালি শিশির, অর্থাৎ হুইস্কি কিংবা ওয়াইন, রবীন্দ্রনাথ কি এসব কখনও ট্রাই করেছেন! কই শোনেনি তো নীলু! কোথাও পড়েওনি। অন্যরকমের একটা নেশা রবীন্দ্রনাথের ছিল, প্ল্যানচ্যাট করা। মাঝে মাঝে প্ল্যানচ্যাট করতেন তিনি, বিখ্যাত আত্মাদের সঙ্গে যোগাযোগ করতেন। এই নিয়ে একটা বইও লেখা হয়েছে ‘রবীন্দ্রনাথের পরলোকচর্চা’। বেশ মজার বই।

রবীন্দ্রনাথকে নিয়ে তেমন কোনও খারাপ কথা কখনও শোনেনি নীলু। শুধু একটুখানি একটা শুনেছিল। কেতকী কুশারি ডাইসন একটা বই লিখেছেন ‘রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে’। আর্জেন্টিনার মেয়ে ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের হৃদয়ের সম্পর্ক ছিল। তাঁকে নিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন –

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে ওকাম্পোর সান্নিধ্যে কিছুদিন ছিলেন কবি। এই নিয়ে শঙ্খঘোষ সুন্দর একটি বই লিখেছিলেন ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’। সেই বইটি নীলু পড়েছে। কিন্তু কেতকীর বইটা পড়া হয়নি। বহু গবেষণা করে বইটা তিনি লিখেছেন। ওই বইয়ের কোথায় নাকি লেখা হয়েছে রবীন্দ্রনাথ একদিন উদাস ভঙ্গিতে ওকাম্পোর স্তন ছুঁয়ে দিয়েছিলেন।

শুধু এইটুকুই।

এ এমন কী অন্যায় কাজ? কী খারাপ কাজ?

তবে মুদি দোকানের রবীন্দ্রনাথটির হাতে সিগ্রেট দেখে নীলুর খুব সিগ্রেট খেতে ইচ্ছে করল। কত আগে একটা সিগ্রেট খেয়েছে। সেই যে তালুকদার ফিলিং স্টেশানের শেডের তলায় বসে।

আরে না, তখনও তো সিগ্রেট খাওয়া হয়নি। সিগ্রেট খেতে ইচ্ছে করছিল, চা খেতে ইচ্ছে করছিল। ওই ইচ্ছে পর্যন্তই, খাওয়া হয়নি। পরিবেশটা এমন øিগ্ধ ছিল, চা সিগ্রেট খাওয়ার কথা ভুলেই গিয়েছিল নীলু। গান গাইতে শুরু করেছিল, ‘আমায় থাকতে দে না, আপন মনে’।

তারপর কি সিগ্রেট একটা খেয়েছিল নীলু, নাকি? মাইক্রোবাসে বসে?

ধুৎ মনে নেই। দুপুরের পর থেকে এমনসব নাটকীয় ঘটনা ঘটতে শুরু করল। সবকিছুর মূলে ওই টয়লেটে যাওয়া। আল্লাহ যে মানুষের শরীরটা এমনভাবে কেন তৈরি করেছেন! একদিক দিয়ে গ্রহণ আরেকদিক দিয়ে বর্জন। যে যত ভালোভাবে এই গ্রহণ বর্জনের কাজটা চালিয়ে যেতে পারবে সে তত সুখী মানুষ। এই অর্থে নীলু আজ সুখে ছিল না। তার একটু অনিয়ম হয়ে গেছে। যাকগে এই অনিয়মের ফলে অভিজ্ঞতাটা মন্দ হচ্ছে না। ঘটি মেয়েটা তো ভালোই ছিল। তবে ওই খোকন লোকটা মহা খাতারনাক। ওর কারণেই শেষ পর্যন্ত জম্পেশ একটা নাটক নীলুকে করতে হলো।

সবকিছু মিলিয়ে আজ মনে হচ্ছে নাটকেরই দিন। এই যে মুদি দোকানে একটা রবীন্দ্রনাথ বসে আছেন একে দেখেও তো নাটক করতে ইচ্ছে করছে নীলুর। এ্যাকটিং করে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে।

বেশ একটা ভাব নিয়ে নীলু এসে মুদি দোকানটার সামনে দাঁড়াল। বিনয়ে একেবারে গলে গিয়ে বলল, আপনার পা দুখানা দিন গুরুদেব।

মুহূর্তে উদাসীনতা ভেঙে খান খান হয়ে গেল লোকটির। ভ্যাবাচ্যাকা খেল। কী কইলেন?

না, খারাপ কিছু বলিনি। আপনার পা দুখানা চেয়েছি।

পাও চাইছেন?

জ্বি।

ক্যান? আমার পাও দিয়া আপনে কী করবেন? নিজের পাও আমি আপনেরে দিমু কেমতে? কাইট্টা দিমুনি?

নীলু অমায়িক হাসল। আরে না গুরুদেব। আপনি আমার কথার অর্থটা বোঝেননি। আমি আপনার পা কেটে নিতে চাইছি না। আপনার পা দুটো একটু ছোঁব। অর্থাৎ কদমবুসি করব।

লোকটিও এবার হাসল। বুজছি বুজছি, সেলাম করবেন। আইজ কাইল অনেকেই আমারে পায়ে হাত দিয়া সেলাম করে। নেন, আপনেও করেন।

বসে থেকেই পা দুখানা লম্বা করে এগিয়ে দিল লোকটি। নীলু মনে মনে প্রমাদ গুনল। মাল তো দেখি হেব্বি চাল্লু! না, এই জিনিসের পায়ে হাত দেয়া যাবে না। রবীন্দ্রনাথের মতো চেহারা ধরার রহস্যটা উদ্ঘাটন করতে হবে।

বাড়িয়ে দেয়া হাত দুখানা গুটিয়ে নিল নীলু। না না গুরুদেব আপনার পায়ে হাত দেয়া ঠিক হবে না। একদম ঠিক হবে না।

লোকটি বলল, ক্যা?

আপনার এত পবিত্র পা আমার এই নোংরা হাতে ছোঁয়া অন্যায় হবে। ঘোরতর অন্যায়।

নোংরা হাত অর্থ কী? হাই¹া আইছেননি?

নীলু লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল।

লোকটি তার পা দুখানা টেনে নিয়ে বলল, সাপান দিয়া হাত ধুইতেপারেন নাই?

না, চান্স পাইনি।

বুজছি, বেটাইমে ধরছিল। আজাগা কুজাগায় সারছেন। তয় বাজান, মাইনষের শইলতো, এমুন হইতেই পারে। এইটা কিছু না। সাপানের কামডা আপনে মাটি দিয়াও সারতে পারতেন। মাটিতে হাত ঘইষ্যা ভালো মতন ধুইয়া ফালাইলেই হইত। মাটিই হইতাছে খাটি, মাটিই হইতাছে আসল জিনিস। মাটির উপরে কোনও জিনিস নাই। আমাগ এই দেহ মাটির, আমরা যা খাইয়া বাইচা থাকি তা তৈয়ার হয় মাটি থিকা, মরণের পর মাটির দেহ আমগ চইলাও যায় মাটির তলে। তয়, কন বাজান মাটির থিকা খাটি আর কিছু আছে!

নীলু বুঝে গেল লোকটি মারফতি লাইনের। দেশগ্রামে এরকম লোক দুচারজন থাকেই। তবে মারফতি লাইনে আজকাল মনে হয় সুবিধা নেই। পেট চলে না। লোকটি এজন্য মুদি দোকান দিয়ে বসেছে।

নীলুর বেশ মজা লাগছিল। আজকের দিনটা সত্যি অসাধারণ। তার দুটো প্রিয় সাবজেক্টের একটি রবীন্দ্রনাথ আর একটি বিক্রমপুর। আর আচমকা এভাবে বিক্রমপুরে এসে মেদিনী মণ্ডল গ্রামে সে পেয়ে গেল রবীন্দ্রনাথে মতো দেখতে একজন মুদি দোকানদার, যে কিনা মারফতি লাইনের লোক।

রবীন্দ্রনাথও কি মারফতি লাইনের লোক ছিলেন না? নয়তো কেন লিখেছিলেন ‘আপনাকে এই চেনা আমার ফুরাবে না’।

নীলু বলল, বেয়াদবি মাফ করবেন গুরুদেব। আমি একটু নালায়েক টাইপের। আপনার নামটা জানি না।

আমার নাম বাজান সেন্টু। সেন্টু মস্তান।

আপনার ব্রান্ড কী?

জ্বে?

না মানে যে বস্তুটা সেবন করছেন, অর্থাৎ কী সিগ্রেট খাচ্ছেন?

ও, এইটা হইল বাজান ইস্টার সিকারেট। খাইবেন?

জ্বি।

সেন্টু মস্তান ক্যাশবাক্সের একপাশে রাখা প্যাকেট খুলে একটা সিগ্রেট এগিয়ে দিল। নীলু বিনীত ভঙ্গিতে সিগ্রেটটা নিল।

এই দোকানটির সামনেও চায়ের দোকানের কায়দায় একটা কাঠের বেঞ্চ পাতা। একপাশে টিনের বেড়ার সঙ্গে ঝুলছে একটা দড়ি। দড়ির মাথাটা জ্বলছে। বিড়ি সিগ্রেট ধরাবার ব্যবস্থা। নীলু সেই দড়িতে সিগ্রেট ধরিয়ে বলল, এখানে একটু বসব গুরুদেব?

জ্বে জ্বে। বসেন।

নীলু বসল। সিগ্রেটে বড় করে একটা টান দিল। চারদিকে জানুয়ারি মাসের কুয়াশাজড়ানো বিকেল। চায়ের দোকানে এখনও সেই দুজন একই কায়দায় রাজনীতি করছে। নীলু ভুলে গেল জয়িতাদের সঙ্গে নিতান্তই মজা করার জন্য এখানটায় সে নেমে পড়েছে। তার যাওয়ার কথা মাওয়ার ইলিশ কাউন্টারে। যদি ব্যাগটা পাওয়া যায়। এখন সে কথা তার মনেই পড়ছে না। সেন্টু মস্তানের মুখোমুখি বসে স্টার সিগ্রেট টানতে টানতে সে যেন অন্য জগতের মানুষ হয়ে যাচ্ছে। সেন্টু মস্তান নামের লোকটিকে তার আবিষ্কার করতে ইচ্ছে করছে। কেন এমন রবীন্দ্রনাথের মতো চেহারা ধরেছে সে। কী তার জীবন বৃত্তান্ত, কী তার জীবন দর্শন!

এত সস্তা সিগ্রেট নীলু অনেকদিন খায়নি। গলায় বেশ লাগছিল, টানে টানে মাথাটাও কেমন টালমাটাল হয়ে যাচ্ছিল। তবু অদ্ভুত এক আনন্দ হচ্ছে। এই সিগ্রেটের সঙ্গে এককাপ চা হলে আরও জমবে।

নীলু বলল, চা সেবন করা যাবে গুরুদেব?

সেন্টু মস্তানের স্বর একটু বদলাল। হ যাইবো না ক্যান, যাইবো। তয় তার আগে আপনেরে বাজান একখান কথা কই, আমার তরিকাটা মনে হয় আপনে ধরতে পারেন নাই। নাম শুইনা আপনে মনে হয় আমারে হিন্দু মনে করছেন। সেন্টু হিন্দুগ নাম। তয় আমি হিন্দু না। মোসলমান। বিক্রমপুর একসমায় হিন্দুগ জাগা আছিল দেইখা এহেনকার অনেক মোসলমানের নামঐ হিন্দুগ লাহান। আমার বাপের নাম আছিল হাফেজ…

তার আগে গুরুদেব চায়ের কথাটা বলেন। সেবন করতে করতে আপনার তরিকাটা বোঝার চেষ্টা করব।

সেন্টু মস্তান বেশ একটা হাঁক দিল। জনাবালি, দুই কাপ চা দে। ফাসকেলাশ কইরা দিস।

সেন্টুর হাঁকে চায়ের দোকানের রাজনীতি মুহূর্তের জন্য বন্ধ হলো। ফাঁপরে পড়ে থাকা দোকানদার জনাব আলী দুকাপ চা বানাবার কাজ পেয়ে ব্যস্ত হয়ে গেল।

সেন্টু বলল, তয় যেইডা কইতেছিলাম, মন দিয়া শোনেন। হাফেজ হইল মোসলমানের নাম। কোনও হিন্দুর নাম হাফেজ হয় না। তয় হাফেজ সাবে তার বেবাক পোলাপানের নাম রাখল হিন্দুগ নাম। ছানা সেন্টু মিন্টু মাখন কমল বিমল। মিন্টু আছিল আমার ছোড। বহুত দিন আগে ঢাকায় থাকতো, গাউছিয়া মার্কেটের নিচের তালার এক জুতার দোকানে কাম করতো। কী এক অসুখে পঙ্গু হইয়া গেল। বুজলেন বাজান, তারবাদে দেশে আইয়া পড়ছিল। বউ পোলাপান লইয়া বড় কষ্টের জীবন। বর্ষাকালে সীতারামপুরের চকে গেছিল শাপলা উডাইতে। ছোট্ট একখান কোষা নাও লইয়া গেছে। আতুর লুলা মানুষ। উপুর হইয়া শাপলা টান দিতে গিয়া পানিতে পইড়া গেল। ছোডকালে খুব ভালো সাতর জানতো। আর দেখতে যা সোন্দর আছিল না। পঙ্গু হইয়া যাওনে সাতর দিতে পারল না। পানিতে ডুইব্বা মইরা গেল। দুই দিন পর মিন্টুর লাশ পাওয়া গেছে।

জনাব আলী দুহাতে দুকাপ চা নিয়ে এলো। নীলুর হাতে প্রথম কাপটা দিতেই বিনীত ভঙ্গিতে নীলু সেই কাপ সেন্টুর হাতে ধরিয়ে দিল। তারপর নিজের কাপে চুমুক দিয়ে দেখে সেন্টু সেই আগের মতো উদাস হয়ে আছে। ভাইয়ের মৃত্যুর কথা বলতে বলতে চেহারা দুঃখী হয়ে গেছে।

নীলু চায়ে চুমুক দিয়ে বলল, চাটা সেবন করুন গুরুদেব। সেবন করতে করতে বলুন।

সেন্টু চায়ে চুমুক দিল। কইতে চাইলাম কী, কইয়া ফালাইলাম কী? বাজান, তার আগে আসল কথাটা আপনের কাছ থিকা জানন উচিত। আপনে কে? কোন গেরামের পোলা?

মিথ্যে কথা নীলু অনায়াসে বলতে পারে। মিথ্যে বলাটাকে সে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এখন সেই ক্ষমতাটা কাজে লাগাল। আমি গুরুদেব আপনার এলাকারই সন্তান। আমাদের বাড়ি হচ্ছে কুমারভোগ কিন্তু এলাকায় আমার কখনও আসা হয়নি। আমার বাবা ছিলেন কাজির পাগলা হাইস্কুলের ছাত্র। তবে দেশের সঙ্গে তিনিও কোনও যোগাযোগ রাখেননি। কাজির পাগলা থেকে ম্যাট্রিক পাস করে ঢাকা পলিটেকনিকে পড়াশুনা করেছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এখন সিটি করপোরেশনের ওভারসিয়ার। তবে ভদ্রলোক কিছুদিন ধরে অসুস্থ। সাতটা ব্লক ছিল হার্টে। বেঙ্গালোরে গিয়ে বাইপাস করিয়েছেন। যে ডাক্তার কাজটা করেছেন তার নাম শেঠি। ইন্ডিয়ানরা শেঠিকে ভগবান মনে করে। এ পর্যন্ত আট হাজার হার্টের অপারেশন করেছেন। একজনও মারা যায়নি। এরকম লোককে ভগবান বলবে না তো কী বলবে বলুন গুরুদেব!

সেন্টু মুখ কালো করল। এই ভগবান কথাটা থিকাই আসল কথায় আসি। এই যে আপনে আমারে গুরুদেব বলতাছেন এইটা আমার নাপছন্দ বাজান। এইসব গুরুদেব মুরুদেব কয় হিন্দুরা। মোসলমানরা গুরুরে কয় ওস্তাদ আর নাইলে হুজুর। আর ওই যে সেবন না কী জানি কথাডা কইলেন ওইটা হইল গাজাখোরগ কথা। গাজা খাওনরে অরা খাওন কয় না কয় সেবন, সেবন করা। আমি বাজান হিন্দুও না, গাজাখোরও না। আমার লগে বাজান এইহগল কইয়েন না।

জ্বি আচ্ছা।

এইবার আপনের বাপের কথা কন। কী জানি কইতে চাইতাছিলেন।

নীলু চায়ে চুমুক দিল। এর মধ্যে বেশ কয়েক চুমুক চা সে খেয়েছে। কিন্তু এই প্রথম মুখ বিকৃত করল। তার আগে আর একটা কথা বলি গুরুদেব।

আবার গুরুদেব?

নীলু হাসল। এটা বলার কারণ আছে। আপনি রবীন্দ্রনাথের নাম শুনেছেন?

কন কী বাজান, তার নাম কে না শুনছে। ছোডকালে আমি তার কবিতাও পড়ছি। ওই যে ‘আমাদের ছোটনদী চলে বাকে বাকে’।

রবীন্দ্রনাথকে তার শিষ্যরা গুরুদেব বলতো। আপনার চেহারার সঙ্গে রবীন্দ্রনাথের চেহারার খুব মিল। এজন্য আপনাকে আমি গুরুদেবই ডাকবো। এখানে হিন্দু মুসলমান কোনও সমস্যা না। গুরুদেব, আপনার বাড়ি কোন গ্রামে?

এই গেরামেই বাজান। মেদিনী মণ্ডল।

তাহলে আপনি হচ্ছেন গিয়ে মেদিনী মণ্ডলের রবীন্দ্রনাথ।

সেন্টু হাসল। আপনি বাজান তুখ্খাড় (তুখোড়) পোলা। কন, আপনের যা মন চায় কন।

আগে চায়ের কথা বলি, তারপর বাবার কথা।

কন, কন।

এই চাটা গুরুদেব খুব খারাপ। এত পচা চা আমি জীবনে খাইনি। এই চায়ের তুলনা মাদি ছাগলের…

বুজছি, বরকির মুতের লাহান।

জ্বি। একদম ওরকম। তবে ঠেকায় পড়লে ওই জিনিস খেতেও মন্দ লাগে না।

একচুমুকে চা শেষ করে কাপটা নামিয়ে রাখল নীলু। বাবার কথা বলে এই চ্যাপ্টারটা শেষ করছি গুরুদেব। তাহলে আমার কথা শেষ। শুনবো শুধু আপনার কথা। অপারেশনের পর বাবা খুব দুর্বল হয়ে গেছেন। আমি তার একমাত্র ছেলে। আমার মধ্য দিয়ে নিজের সব স্বপ্ন আজকাল দেখছেন বাবা। নিজে যা না পারছেন আমাকে দিয়ে করাচ্ছেন। একদা কাজির পাগলা হাইস্কুলের ছাত্র ছিলেন। সেই স্কুলের শতবর্ষ পূর্তি হচ্ছে। তাঁর খুব ইচ্ছে ছিল এই অনুষ্ঠানে আসার। হার্টের কারণে আসতে পারলেন না বলে আমাকে পাঠিয়েছেন। আমার আসার কথা ছিল কাল সকালে। কাল থেকেই তো প্রোগ্রাম। কিন্তু আমি একদিন আগেই চলে এলাম। এলাকাটা একটু ঘুরেটুরে দেখব। মাইক্রোবাস নিয়ে এসেছি। সঙ্গে আরও লোকজন আছে। মানে আমার এক নানা আর দূরসম্পর্কের এক বড়ভাই। বড়ভাইর নাম খোকন। আর একটা অন্যায় কাজও করে ফেলেছি। শুনলে আপনি হয়তো রাগ করবেন গুরুদেব।

নীলু লাজুক মুখ করল। আমি বিবাহ করে ফেলেছি।

সেন্টু অবাক হলো। রাগ করুম ক্যান বাজান! বিয়া করন তো ভাল। বশ্বের কালে বিয়া করতে হয়। এইটাই আল্লাহ পাকের বিধান।

জ্বি তা আমি জানি। তবে আপনার রাগ করার কারণ হলো আমি একটা হিন্দু মেয়ে বিয়ে করেছি। সে যেমন সুন্দর, তার নামটাও তেমন সুন্দর। জয়িতা। জয়িতাও আছে মাইক্রোবাসে। তারা কুমারভোগ চলে গেছে। আমি এখানে নেমেছি এলাকাটা ঘুরে দেখার জন্য। ঘুরেটুরে দেখে একটা রিকশা নিয়ে কুমারভোগ চলে যাব। তবে আমার যে কী সৌভাগ্য, এখানে না নামলে আপনাকে আমি কোথায় পেতাম বলুন তো গুরুদেব।

সেন্টু অপলক চোখে নীলুর দিকে তাকিয়ে ছিল। নীলু থামতেই মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, পয়লা চিনতে পারি নাই। অহন আপনেরে আমি চিনছি। (চলবে)