কালসন্ধ্যার কথকতা

খুব কাছাকাছি থেকেও কখনো কখনো উপলব্ধি করা যায় না খুব কাছের একজন মানুষের অন্তস্তলের অবস্থান। উপলব্ধির প্রয়োজনে মাঝে মাঝে কিছুটা দূরে যেতে হয়। কিছুটা দূর থেকে অবলোকন করতে হয় তার সামগ্রিক ত্রিমাত্রিকতাকে, অনুভব করতে হয় সময়ের বিভিন্ন তলে নিজেকে স্থাপন করে। যদিও ধনতান্ত্রিক সমাজব্যবস্থার প্রচণ্ড গতিস্রোতে মনে হতে পারে বিষয়টি বাহুল্য, অপ্রাসঙ্গিক – তথাপিও নির্দ্বিধায় বলা চলে, এর প্রযোজ্যতা ব্যক্তি, বস্তু, সকল নির্বিশেষে। বাহ্যত অপ্রসঙ্গ থেকে যেন প্রসঙ্গের কেন্দ্রাভিমুখী অভিযাত্রা।

সুতরাং নাট্যালোচনার শুরুতেই অপ্রসঙ্গ, তবে নিশ্চিতভাবেই অপ্রয়োজনীয় নয়। মাইকেল মধুসূদন দত্তের বুড় সালিকের ঘাড়ে রোঁ – ১৯৭২ সালে মতিঝিল ওয়াপদা মিলনায়তনে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের নির্দেশনায় এই প্রহসনটি প্রযোজনার মাধ্যমেই মঞ্চ-পদচারণা শুরু করে নাগরিক নাট্য সম্প্রদায়। ১৯৭৩সালের ৩ ফেব্রুয়ারি ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে নাট্যজন আলী যাকেরের নির্দেশনায়, বাদল সরকার রচিত বাকী ইতিহাস মঞ্চায়নের মধ্য দিয়ে নাগরিক নাট্য সম্প্রদায় এই দেশে চালু করে দর্শনীর বিনিময়ে নিয়মিত নাটক মঞ্চায়নের প্রথা – তৈরি হয় নতুন এক কালের বৃত্ত। ক্রমশ তা প্রসারিত হতে থাকে বিভিন্ন বিষয়, আঙ্গিক ও প্রকরণ-কৌশলের সংযোজনে। তাদের মঞ্চ-প্রযোজনাগুলো স্বাধীনতাত্তোর বাংলাদেশের ক্যানভাসে একের পর এক ফুটিয়ে তুলতে থাকে দেশাত্ববোধ, সামাজিক অসংগতি, অস্তিত্ববাদ, বিমূর্ততা, অধিবাস্তবতাবাদ, এপিক, কোলাজ, ট্র্যাজেডি, মিউজিক্যাল কমেডি, অ্যাবসার্ডিটি, সিম্বলিজম, স্যাটায়ার প্রভৃতির চিত্ররূপ। বিভিন্নধর্মী সেইসব প্রযোজনার প্রতিভাসিত সৌন্দর্যের সঙ্গে ক্রমান্বয়ে পরিচিত হতে থাকেন দর্শক-নাট্যামোদীরা – অবশ্যই দর্শনীর বিনিময়ে! তথাপিও কোথায় যেন একটা ‘কী নেই’ অনুভূতিতে মাঝে মাঝেই আচ্ছন্ন হতো নাট্যামোদীদের অন্তস্তল।

২০০২ সাল। নির্দেশক ও সু-অভিনেতা খালেদ খান যেন হৃদয় দিয়ে উপলব্ধি করলেন নাট্যামোদীদের অন্তস্তলের অনুভূতির আকুতি। হাত বাড়ালেন বুদ্ধদেব বসুর পুরাণনির্ভর কাব্যনাটক কালসন্ধ্যার দিকে; মাথা লাগালেন আঙ্গিক ও উপস্থাপন-কৌশল রচনায়। মন-প্রাণ-সত্তা ঢেলে দাঁড় করালেন নাগরিক

নাট্য সম্প্রদায়ের ৩৬তম প্রযোজনা কালসন্ধ্যা। পৌরাণিক বাস্তবতার পথ ধরে এই প্রথমবারের মতো হাঁটল নাগরিক নাট্য সম্প্রদায় – মিটল নাট্যামোদীদের আক্ষেপ – বৃত্তবিন্দু যেন ফিরে এলো কেন্দ্রে – পূর্ণ হলো কালের বৃত্ত এবং সেইসঙ্গে শুরু হলো আলোচ্য রচনার প্রসঙ্গ পরিভ্রমণ।

পরিভ্রমণের প্রারম্ভে সংগত কারণেই যেতে হবে খানিকটা পেছনে, যেখানে রোপিত প্রসঙ্গের বীজ। কালসন্ধ্যার বীজ রোপিত হয়েছিল মহামুণি বেদব্যাস রচিত মহাভারতের ‘স্ত্রী’ পর্বে। কুরুক্ষেত্রে শত সন্তান, সহস্র আত্মীয় হারানোর সংবাদ জ্ঞাত হলেন জন্মান্ধ কৌরবরাজ ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী। তীব্র শোকে আচ্ছন্ন হলো তার মন; বিষাদের করুণ সুর ছড়িয়ে পড়ল তার অস্তিত্বের তন্ত্রীতে তন্ত্রীতে। কিন্তু যখন তিনি অনুভব করলেন শ্রীভগবান কৃষ্ণের শ্রীমুখের উচ্চারিত সত্যের কথা –

অজোহর্পি সন্নব্যয়াত্না ভূতানামীশ্বরোহপি সন্।

প্রকৃতিং প্রামধিষ্ঠায় সম্ভবাম্যাত্নমায়য়া॥৬

যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।

অভ্যুত্থানমধর্মস্য তদাত্নানং সৃজাম্যহম॥৭

পরিত্রানায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।

ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥৮

[শ্রীমদ্ভগবদগীতা : চতুর্থ অধ্যায়; জ্ঞানযোগ]

– অর্থাৎ আমি জন্মরহিত, অবলুপ্ত জ্ঞানশক্তি-স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হইয়াও সমস্ত জগৎ যাহার বশীভূত আমার সেই ত্রিগুণাপ্রিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি।৬

হে ভারত, যখন প্রাণিগণের অভ্যুদয় ও নিঃশ্রেয়সের কারণ বর্ণাশ্রমাদি ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়াবলে যেন দেহবান হই, যেন জাত হই।৭

সাধুদিগের রক্ষার জন্য, দুষ্টদিগের বিনাশের জন্য এবং ধর্মসংস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদিরূপে অবতীর্ণ হই।৮

– তখন তার মনে হলো, শ্রীকৃষ্ণই যদি ত্রিগুণাত্নিকা শক্তি; সর্বভূতের ঈশ্বরের নশ্বর রূপ; ধর্মসংস্থাপনের জন্যই যদি তাঁর নরাদিরূপে অবতীর্ণ হওয়া এই মৃন্ময় পরিপার্শ্বে, তবে কেন তিনি অন্য কোনো শান্তিপূর্ণ পন্থা অবলম্বন না করে রক্তক্ষয়ী এই যুদ্ধকে প্রশ্রয় দিলেন? কোন ধর্মসংস্থাপনের নিমিত্তে বেছে নিলেন তিনি নানা মিথ্যাচারের আশ্রয়? গুরু-নিধন থেকে শুরু করে আত্মার পরমাত্মীয় বিসর্জন – কী হয়নি এই কুরুক্ষেত্রে?

যদি তিনিই শ্রীভগবান – সকলই জ্ঞাত – সকল কিছুর নিয়ন্তা; তাহলে তিনিই কি পরোক্ষে দুর্যোধনের অধর্ম আচরণের কারণ নন? তিনিই কি নন ধর্মপুত্র যুধিষ্টিরের ধর্মবিরুদ্ধ কাজের ইন্ধনদাতা; অর্জুনের ভ্রাতৃহত্যা, স্বজন হত্যার প্ররোচনাকারী? রক্তস্নাত কুরুক্ষেত্রের প্রান্তরে প্রান্তরে স্বজন হারানো মানুষের আর্তনাদ; স্বামীহারা, সন্তানহারা রমণীদের বিলাপে ভারি হয়ে ওঠা বাতাস কী সাক্ষ্য দেয়, এই যুদ্ধ ধর্মসংস্থাপনের? – প্রশ্নবাণে বিদ্ধ করেন গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে। অতঃপর অভিশাপ দেন, ‘তুমি যেমন কুরু-প্রান্তরের বিনাশ ঘটালে, তেমনই তোমার জ্ঞাতিগোষ্ঠীরও ধ্বংসের কারণ হবে তুমি। আজ থেকে ছত্রিশ বৎসর পরে পুত্রহীন-জ্ঞাতিহীন অবস্থায় তোমার অপমৃত্যু হবে।’ – কৃষ্ণ ঈষৎ হেসে উত্তর দিয়েছিলেন, ‘দেবী’ আমি সবই জানি। যা অবশ্যম্ভাবী, আপনার অভিশাপে তাই-ই উক্ত হলো।’

মহাভারতের ‘মৌষল’ পর্বে গান্ধারীর এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়। বুদ্ধদেব বসুর কাব্যনাট্য কালসন্ধ্যার কাহিনী মৌষলপর্ব থেকেই নেওয়া হয়েছে। নাট্যটির রচনাকাল ১৯৬৭-৬৮ এবং গ্রন্থাকারে এর প্রকাশ ১৯৬৯ সালে। যদিও কালসন্ধ্যার কাহিনী দ্বারকাপুরী ও যদুবংশের ধ্বংসকে কেন্দ্র করে, তবুও এর ইঙ্গিতের দিগন্ত আরো বহুদূরে প্রসারিত; এর মর্মে বিরাজমান মানব ইতিহাসের আদি সত্য।

নির্ধারিত কিছু নিয়মের শৃঙ্খলে বাঁধা এই জগৎ সংসারের জীব ও জড় প্রতিটি অস্থিত্ব। শুরু-মধ্য-শেষ; শেষ থেকে আবার শুরু অন্য কোনো নতুনের – এ যেন এক বৃত্তাবদ্ধ অনন্ত অভিযাত্রা। অথচ মধ্যদুপুরে যে-সূর্যটা দৌর্দাণ্ড প্রতাপে শাসন করে সমস্ত আকাশটা, কখনোই সে ভাবে না তার জীবনেও একসময় নামবে সন্ধ্যার কালো অন্ধকার। কুরুক্ষেত্র যুদ্ধের ছত্রিশ বছর পর কালসন্ধ্যার অন্ধকার তার পাখা বিস্তার করল দ্বারকা নগরীর আকাশে। ‘দ্বারকা’ ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য; যাদবকুলের গর্বিত পদাঘাত বুক পেতে নেয় সে-রাজ্যের মাটি।

পূর্বরঙ্গে দেখা যায় দুই যাদববৃদ্ধের কথোপকথন। কথোপকথনে স্পষ্ট হলো শ্রীকৃষ্ণের রাজত্বে আজ ঘোর অনাচার। পাপাচারে মত্ত যাদবকুল। কিন্তু খুব বেশিদিন আগের কথা কি? ছত্রিশ বছর অথচ যেন এই তো সেদিন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, ভীষ্মের অনুশাসন, মৈত্রীর স্বাক্ষর। অশ্বমেধ, বানপ্রস্থে গেলেন বৃদ্ধেরা, কৃষ্ণ স্থাপন করলেন ধর্মরাজ্য, সাম্যনীতি। সকলেই ভেবেছিল এইরকম শান্তি-শৃঙ্খলায় কেটে যাবে দিন। কিন্তু এভাবে খুব বেশিদিন কাটল না। মদ আর মদিরায় আকণ্ঠ নিমজ্জিত হলো যাদব বীর, – যাদের হাতে দ্বারকার শান্তিরক্ষার দায়িত্ব; সুশাসন প্রতিষ্ঠার রাজদণ্ড। যাদবকুল-স্ত্রীরাও দূরে রইল না ভোগ-বিলাসের স্রোত থেকে। প্রতি মুহূর্তে ন্যায়নীতির সীমারেখা অতিক্রম, অবিরাম যথেচ্ছাচারে অতিষ্ঠ হয়ে উঠল ব্রাত্যজনেরা। রাজপথ মুখরিত হয়ে উঠল সাধারণের পদভারে; কম্পিত হলো দ্বারকার বাতাস প্রাকৃতজনের প্রতিবাদে। প্রতিরোধ-প্রতিশোধের দীপ্ত উচ্চারণ যাপিত হলো কৃষ্ণের বিরুদ্ধে; ধ্বনিত হলো ধিক্কার – ‘ধিক্ ধিক্ – কৃষ্ণকে ধিক্। অকর্মা অক্ষম কৃষ্ণকে ধিক্।’

শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী সত্যভামা ও অর্জুন-পত্নী সুভদ্রা অত্যন্ত বিচলিত বোধ করলেন এইরকম নৈরাজ্যকর পরিস্থিতি-অবলোকনে। তারা প্রাণপণে স্মরণ করলেন পার্থসারথী কৃষ্ণকে, যিনি বহুরূপী, বিশ্বরূপী, সব আরম্ভের মন্ত্রী, যন্ত্রী সব দূর সমাপ্তির, যুদ্ধের নেপথ্যনেতা, শান্তির স্থপতি, সাম্রাজ্যের অলক্ষ্য যোজক, মহাজ্ঞানী ভীষ্ম যাঁকে মৃত্যুকালে অর্ঘ্য দিয়েছেন দেবশ্রেষ্ঠ বলে। যাঁর দর্শনমাত্রে শান্ত হবে বিক্ষুদ্ধ জনতা আর বৃষ্ণিবীরগণ দাঁড়াবেন পুনর্জিত মৌলিক গৌরবে।

অন্তরের অন্তস্তলে যে-স্মরণের উৎপত্তি, দেব কিংবা মানব, যে-কারও পক্ষে তাকে উপেক্ষা করা কঠিন। উদ্বেগহীন মুখশ্রী নিয়ে, ধীর-শান্ত পদক্ষেপে, সুন্দর, চিরকিশোর, নির্মেদ, শ্যামল, বসন্তের হরিৎ ভূর্জের মতো কান্তিমান কৃষ্ণ এসে দাঁড়ালেন সত্যভামা, সুভদ্রার সম্মুখে।

কৃষ্ণদর্শনে পুনরায় আশায় মন বাঁধলেন সত্যভামা। কারণ, ‘যখন রাত্রি সবচেয়ে ঘনিষ্ঠ অমায় মগ্ন, তখনই নতুন উষা আসন্ন, প্রস্তুত’। কৃষ্ণকে প্রণাম জানালেন তিনি এবং সুভদ্রা, জানতে চাইলেন, কোথায় লুকিয়ে ছিল এতক্ষণ কৃষ্ণ? সে কি অন্যত্র ছিল? এইমাত্র এলো দ্বারকায়?

কৃষ্ণ জবাব দিলেন, ‘এইমাত্র নাকি বহুপূর্বে কোনো পূর্বজন্মে স্মরণের দিগন্তরেখায় আমি যদুবংশের সন্তান হয়ে কাটিয়েছিলাম দ্বারকায় কয়েকটি দণ্ড, পল?’ তিনি আরো জানালেন যে, ইতোমধ্যেই তিনি শেষ করেছেন তার কর্ম, এরপরের কর্মে অর্জুনের অধিকার। সুভদ্রা, সত্যভামা জানতে চাইলেন ঘটনার বিবরণ। শ্রীকৃষ্ণ জানালেন, সাত্যকি ও কৃতবর্মা পরস্পর পরস্পরকে হত্যা করেছেন আর যাদবকুলের অন্যরা যখন ব্যস্ত একে অন্যকে নিধনে, তখন তিনি তুলে নেন একমুষ্টি এরকা – শ্রীভগবানের স্পর্শে যার প্রতিটি পরিণত হয় বজ্রতুল্য মৌষলে – তাদের আঘাতে সমূলে উৎপাটিত হয় যাদবকুলের প্রতিটি বীর, নিশ্চিহ্ন কুলের অস্তিত্ব। এও নিয়মেরই অংশ, আদিষ্ট, অলঙ্ঘনীয়, আঘাতের প্রত্যাঘাত, ধ্বনিজাত প্রতিধ্বনি। যারা ছিলেন বিশ্রুত বীর তারা অনাবশ্যক এখন, তাই প্রত্যাহৃত। এই ধ্বংস – এও ভালো। এরই সংযোজনে ফিরে এলো বৃত্তবিন্দু, পূর্ণ হলো কালের ঘূর্ণন। বার্তা ইতোমধ্যেই পাঠানো হয়েছে অর্জুনকে। তিনি এসে তার সাধ্যমতো আশ্রয় দেবেন যাদব-বৃদ্ধ ও রমণীদের। এই বলে শ্রীকৃষ্ণ চলে যান সেই পথে – যে-পথে ধায় সর্বজন। নাট্যের প্রথম অঙ্কের সমাপ্তি এখানেই।

দ্বিতীয় অঙ্কের শুরুতেই দ্বারকার রাজপথ; কৃষ্ণ দাঁড়িয়ে। প্রথম অঙ্কের তুলনায় কিছুটা বৃদ্ধ দেখাচ্ছে তাঁকে। এমন সময় অর্জুন প্রবেশ করলেন। তাঁর কাঁধে গাণ্ডির, পিঠে অক্ষয় তূণ, মুখে পথশ্রম ও প্রৌঢ়ত্বের চিহ্ন। চলার ভঙ্গি চেষ্টাকৃত বায়োচিত। বহুদিন পর মিলন হলো দুই সখার। কিন্তু মিলনের সুর যেন আগের মতো নেই; কোথায় যেন প্রতিবন্ধকতার দেয়াল। অর্জুন জানতে চাইলেন, ‘হে কৃষ্ণ, সময়ের উচ্ছিষ্ট যা ছিল, ধবল ও কৃষ্ণবর্ণ মুষিকেরা তাও আর রাখল না বাকি, এই উদ্ভট বার্তার অর্থ কী?’ চারিদিক নীরব-নিস্তব্ধ কেন আজ দ্বারকা নগরী? নগরের বহির্দ্বারে এ কেমন অভ্যর্থনা কুরুক্ষেত্র বিজয়ী পার্থের জন্য – তোরণ, মাল্য, শঙ্খনাদের অনুপস্থিতি কেন আজ? কৃষ্ণ জানান, পরস্পর উন্মাদ-হননে যদুবংশ লুপ্ত আজ; বসুদেব শোকে আর বলরাম যোগাসনে প্রাণত্যাগ করেছেন। গান্ধারীর অভিশাপ আজ অভ্রান্ত বলে প্রমাণিত। নির্মম অথচ অত্যন্ত সত্য সকল সংবাদ শ্রবণ আর তার গুরুত্ব অনুধাবন করে শোকার্ত হন অর্জুন। কৃষ্ণ তখন শোকাতুর অর্জুনকে বোঝান, ‘কেন বা শোক? কার জন্য? কে কাকে সংহার করে? জন্ম থেকে সকলেই মৃত, চিরকাল সকলেই মৃত, জীবিত ও মৃতে কোনো ভেদ নেই।’ অর্জুন জানতে চান, কীভাবে তা সম্ভব? যদি তাই হয়, তবে কেন আজ নিশ্চিহ্ন যাদবগোষ্ঠী, ‘আর তুমি আমি দৃশ্য, শ্রাব্য, স্পর্শনীয় এ-মুহূর্তে, এই দ্বারকায়?’ নিগূঢ় তত্ত্ব উচ্চারিত হয় শ্রীকৃষ্ণের মুখে, সত্যি আমরা দৃশ্য, শ্রাব্য, স্পর্শনীয় এ-মুহূর্তে এই দ্বারকায়। কিন্তু দেখো, এ-মুহূর্ত এইমাত্র মিলিয়ে গেল অন্য এক মুহূর্তে। তার সঙ্গে সঙ্গে তুমি, আমি, আমাদের দৃষ্টি, শ্রুতি, ঘ্রাণসহ বৃক্ষ, জন্তু, নক্ষত্র, নিখিল বিশ্বসহ সেই মিলিয়ে যাওয়া মুহূর্তের সঙ্গি হচ্ছি। যাই হোক সুহৃদ, আমি বিদায় নিচ্ছি তোমার ওপর দ্বারকানগরীর রমণী ও বৃদ্ধদের রক্ষার ভার তুলে দিয়ে। কৃষ্ণ মিলিয়ে যান। অর্জুন মাথা পেতে নেন এই গুরুদায়িত্বের বোঝা; সকল কিছুসহ যাত্রা শুরু করেন হস্তিনাপুরের উদ্দেশে। পথিমধ্যে এক দস্যুদলের আক্রমণ। প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করে অর্জুনের অনুচরবৃন্দ। কিন্তু ব্যর্থ হয়ে যায় তাদের সকল প্রচেষ্টা। লুণ্ঠিত হয়ে যায় কামিনী ও কাঞ্চন কুরুক্ষেত্র জয়ী বীর অর্জুনের চোখের সম্মুখেই। অনন্যোপায় অর্জুন তখন তুলে নেন হাতে গান্তীব। অক্ষয় তূণ। কিন্তু বৃথা। লক্ষ্যভেদে ব্যর্থ আজ নিদ্রাজয়ী। গুড়াকেশ অর্জুন। অবিরাম স্মরণ করতে চেষ্টা করেন দিব্যাস্তের কথা। কিন্তু স্মৃতিশক্তির বিশ্বাসঘাতকতায় বিমূঢ়। বিস্মিত অর্জুনের সত্যোপলব্ধি ঘটে – নিষ্ঠুর কাল ছিনিয়ে নিয়েছে তার শৌর্য-বীর্য; বাকি ছিল যেটুকু – ‘অহংকার’ – তাও আজ ছিনিয়ে নিল নির্মম হাতে। নিঃস্ব, রিক্ত, নির্বাপিত, নষ্টবল অর্জুন ধিক দেয় নিজেকে – ‘ধিক অর্জুন ধিক। ধিক শতবার।’ যবনিকা নেমে আসে দ্বিতীয় অঙ্কের।

মুহূর্তকাল পরেই যবনিকা আবার উঠে আসে। উত্তর-কথনে ব্যাসদেবকে দেখা যায় তার আশ্রমে ভূর্জপত্র ও লেখনী নিয়ে গ্রন্থরচনায় রত। সেখানে প্রবেশ করেন অর্জুন। প্রণাম সহযোগে অন্তরস্থিত ক্ষোভ-আক্ষেপ ব্যক্ত করেন ব্যাসদেব-সম্মুখে। অথচ একজন ব্যাধের হাতে শ্রীকৃষ্ণের দেহান্তরিত হবার সংবাদ প্রদানের মাধ্যমে ব্যাসদেব অর্জুনের হতাশার আগুনে ঘৃতাহুতি দেন। অতঃপর শোকগ্রস্ত, বিষাদগ্রস্ত অর্জুনকে পরামর্শ দেন হস্তিনাপুর ফিরে গিয়ে পরীক্ষিতের রাজ্যাভিষেক সম্পন্ন করে তারা পঞ্চভ্রাতা যেন পাঞ্চালিকে নিয়ে বেরিয়ে পড়েন মহাপ্রস্থানের পথে। এর মধ্যেই এক বৃত্ত পূর্ণ হবে – অন্য এক বৃত্ত এর পরেই। বিদায় নিয়ে চলে যান অর্জুন। ব্যাসদেব আবার নিমগ্ন হন রচনায়। ধীরে ধীরে মঞ্চালোক ম্লান হতে থাকে। নেমে আসে যবনিকা পরিপূর্ণরূপে।

পাশ্চাত্যধারার নাটকের মতো ঘটনার কোনো তুঙ্গ নেই এই কালসন্ধ্যার মহাভারতের ক্ষুদ্রাতিক্ষুদ্র এক অংশের পুঙ্খানুপুঙ্খ সংশ্লেষণ আর বিশ্লেষণের ডুবসাঁতারে ভিন্ন কিছু উপলব্ধির চেষ্টা। দুর্দান্ত এই নাট্যটির বিশ্লেষণে দুইটি সত্য উঠে আসে অবলীলাক্রমে – দুইটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে। একটি হচ্ছে নাট্যটির দার্শনিক সত্য, যেটি উঠে আসে বিভিন্ন সংলাপের মধ্য দিয়ে – দর্শক-শ্রোতাদের পরিচয় করিয়ে দেয় এক অন্তর্বাস্তবতার সঙ্গে, শাশ্বত এক সত্যের সঙ্গে। এই সত্যের সঙ্গে পরিচিতি, জন্ম দেয় নির্বাণ প্রাপ্তির মতো এক বোধ। মনোলোকের অবরুদ্ধ চেতনার স্রোতে ভাসতে ভাসতে আমাদের যেন ঘটে এক সত্য-বোধোদয়।

আর অন্যটি হচ্ছে এর রাজনৈতিক সত্য। যুগে যুগে আর্যরক্তের অন্যায় আচরণে, নিপীড়ন-নিষ্পেষণ, শোষণ-শাসনে অতিষ্ঠ ব্রাত্যজনদের পিঠ একসময়ে দেয়ালে ঠেকে যায়। নেমে আসতে তখন তারা বাধ্য হয় রাজপথে। কী রাজা, কী ঈশ্বর, কোনোকিছুর চোখরাঙানিই তখন আর বেঁধে রাখতে পারে না তাদের সুপ্রাচীন শৃঙ্খলে। শৃঙ্খল ভেঙে তারা প্রকম্পিত করে রাজপথ – উচ্চারিত হয় তাদের কণ্ঠে যুগ যুগ ধরে বুকে চেপে রাখা ক্ষোভের বজ্রধ্বনি। চিররঞ্জিত লাখো কোটি মানুষেরা নিজেদের সকল বিশ্বাস লগ্নি করে কখনো কাউকে অধিষ্ঠিত করে দেবতার আসনে। অথচ সেই গণদেবতা যখন পরিণত হন সীমিতসংখ্যক লোকের দেবতায়; তখনই সেখানে অঙ্কুরিত হয় স্বৈরতন্ত্রের বীজ। ক্রমাগত অবিচার আর স্বেচ্ছাচারের পরিচর্যায় সেই বীজ পরিণত হয় বৃক্ষে – বিস্তারিত হয় শাখা-প্রশাখায়। ঠিক তাই ঘটে দ্বারকায়। কিন্তু দ্বন্দ্ব-বিনা জীবনের স্রোত অসম্ভব। সুতরাং শুরু হয় দ্বন্দ্ব – সংখ্যাগরিষ্ঠ ব্রাত্যজনের সঙ্গে সংখ্যালঘিষ্ঠ আর্যশ্রেণির। সদম্ভে ঘোষণা করে প্রাকৃতজনেরা – ‘যেহেতু অত্যাচার উত্তুঙ্গস্পর্শী, সেহেতু কৃষ্ণ নেই, ধর্ম নেই, সত্য নেই – তাই আজ আমরাই রাজা; আমাদের ইচ্ছেই ঈশ্বর,’ – অতএব অনিবার্যভাবে আর্যজীবনে নেমে আসে কালসন্ধ্যা; অন্যদিকে ব্রাত্যজীবনে উজ্জ্বল হতে থাকে আসন্ন উষার শাশ্বত প্রস্তুতি। আর এর মধ্য দিয়েই যেন পৌরাণিক নাট্যমুহূর্ত স্পর্শ করে সমকাল; পৌরাণিক সময় হয়ে ওঠে আমাদের সময়; পৌরাণিক বাস্তবতার সঙ্গে আমাদের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের রাজনৈতিক বাস্তবতার ব্যবধান লুপ্ত হয়ে যায়। রঙ্গালয়ে রঙ্গমুহূর্ত অবলোকনকারী আমরা নিশ্চিত হই – রাজনৈতিক নেতৃত্ব উপলব্ধি করতে যতই অস্বীকার করুক, তবু সত্য এই যে, পরিণতির অনিবার্যতা নতুন কিংবা পুরান সকল ক্ষেত্রেই অভিন্ন।

কালসন্ধ্যা মূলত এমন একটি কাব্যনাট্য, যাকে দৃশ্যকাব্যে রূপান্তরের প্রচেষ্টা সত্যিকার অর্থেই দুঃসাহসিক। আরো দুঃসাহসিক আলোচ্য নাট্যের ঐন্দ্রজালিক সংলাপের অতলান্ত বোধের জগতের সঙ্গে মঞ্চে সৃষ্ট দৃশ্যজগতের সেতুবন্ধন রচনার আকাক্সক্ষা। সুতরাং নির্দ্বিধায় বলা যায়, সেই আকাক্সক্ষা পূরণ দাবি করে সুচিন্তিত ও সুপরিকল্পিত নির্দেশনার। নাট্য অবলোকন সমাপন্তে নিঃসংশয়ে স্বীকার্য যে, এই বিষয়ে অত্যন্ত আন্তরিক ছিলেন নির্দেশক খালেদ খান। প্রোসেনিয়ামের আয়তক্ষেত্রে সৃষ্ট পৌরাণিক স্থান ও কালের সঙ্গে প্রেক্ষাগ্রহের দর্শকসারির মধ্যে বিরাজমান স্থান ও কালের পার্থক্য কমতে কমতে একসময় যে প্রায় মিলিয়ে গেছে পুরান আর নতুনের সন্ধিক্ষণে – সে-কৃতিত্বের সিংহভাগ প্রাপ্য নির্দেশকের। আরো একটি কৃতিত্ব নির্দেশকের ব্যক্তিগত খাতে যায় – সেটি হচ্ছে শব্দ ও সংগীত পরিকল্পনা; কালসন্ধ্যার পৌরাণিক আবহ ফুটিয়ে তুলতে যার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন নির্দেশক। আবহ-তৈরিতে তিনি ব্যবহার করেছেন নাকাড়া, ড্রাম, মন্দিরা, ছোট ছোট কিছু জায়গায় তারের যন্ত্র আর ফুৎকারযন্ত্র বাঁশি।

শ্রুতিপ্রধান এই কাব্যনাট্যটির দৃশ্যরূপ-পরিগ্রহণ অনেকাংশে নির্ভরশীল ছিল যথাযথ দেহভাষা ও নৃত্যভাষা পরিকল্পনার ওপর। এই ক্ষেত্রে পরিকল্পক আনিসুল হক বরুণ দুর্দান্ত সমর্থন দিয়েছেন নির্দেশককে।

অভিনেতা-অভিনেত্রীদের প্রাণপণ প্রচেষ্টা ছিল হৃদয়গ্রাহী দেহ ও নৃত্যভাষাকে অঙ্গে অভিযোজনের। অর্জুন চরিত্রে গাজী রাকায়েতের উপস্থিতি অনবদ্য। প্রশংসনীয় কৃষ্ণ-চরিত্রে রাজীব দে-র প্রত্যয়ী পরিশ্রম। তথাপিও যে-বিষয়টি নাট্যামোদীদের কিঞ্চিৎ আশাহত

করেছে তা হলো – বাচিক অভিনয়। অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীই যেন প্রযোজনায় চরিত্রাভিনয়ের প্রয়োজনেই সংলাপগুলোকে কেবলমাত্র কণ্ঠস্থ করেছেন; আত্মস্থ নয়। সংলাপ প্রক্ষেপণের কিছু কিছু ক্ষেত্রে বলিষ্ঠতার অভাব এবং উদ্ভাবনের অস্পষ্টতা সামান্য হলেও অসংহত করেছে নাট্যের শিল্পসাফল্য।

শূন্যস্থান বা ঊসঢ়ঃু ঝঢ়ধপব-এর নান্দনিক ব্যবহারের মাধ্যমে মঞ্চ-পরিকল্পক রম্যরহিম এবং মঞ্চসজ্জায় রাজা পরিচয় দিয়েছেন স্বকীয়তা ও সৃজনশীলতার। সাইক্লোরামার ওপর তৈরি একটি বিশাল বৃত্ত; বৃত্তের নিচে তিন-চারটি ধাপ সিঁড়ি বাদ দিলে মঞ্চ ছিল পুরোপুরি শূন্য। ছন্দোবদ্ধ অভিনয়ের সঙ্গে বহু চরিত্রের দেহছন্দের সম্মিলিত স্রোতধারা প্রতিষ্ঠায় মঞ্চে বেশ জায়গার প্রয়োজন হবে – এটি মাথায় রেখেই এই ধরনের পৌরাণিক নাটকের পরিকল্পনা করা হয়েছে।

আলোক-পরিকল্পনায় রুচিশীলতা ও

মুনশিয়ানার পরিচয় দিয়েছেন নাসিরুল হক খোকন। আলো দিয়ে ইমেজ তৈরি করেছেন তিনি মঞ্চস্থিত চরিত্রসমূহের ওপর। প্রচুর পরিমাণে বিভিন্ন রঙের আলোর ব্যবহার ফুটিয়ে তুলতে সাহায্য করেছে কালসন্ধ্যার পৌরাণিক বৈশিষ্ট্যটিকে। মঞ্চস্থিত চরিত্রের মনস্তাত্ত্বিক ও শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলোর রং ও প্রখরতার পরিবর্তন বুদ্ধিদীপ্ত।

নিখিল এই বিশ্বব্রহ্মাণ্ডের যে-কোনো সৃষ্টির যেমন শেষ আছে; আলোচ্য রচনাটির প্রসঙ্গকথনও তেমনই দাঁড়িয়ে তার শেষ প্রান্তে। অতএব অপ্রসঙ্গ পুনরায়; তবে অপ্রয়োজনীয় যে নয়, এই আশ্বাস পুনর্বার। যেহেতু কালসন্ধ্যার এ-যাবৎ মঞ্চায়ন-সংখ্যা খুব বেশি নয়; যেহেতু নাট্যটির প্রযোজক সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায় – সেহেতু অবলোকনকারীদের প্রত্যাশা সামান্য ত্রুটি-বিচ্যুতি অতিক্রম করে সর্বাঙ্গসুন্দর হয়ে উঠবে উপভোগ্য এই নাট্যটির আগামী মঞ্চায়ন; আর এর মধ্য দিয়েই শুরু হবে নতুন বৃত্ত – যার পরিধি, আশা করা যায়, শততম অভিনয় রজনী অতিক্রম করবে।