অধরা মাধুরীর অর্কেস্ট্রা

বনলতা সেন

ষাট বছরের পাঠ

 সৈকত হাবিব-সম্পাদিত

কথাপ্রকাশ

ঢাকা, ২০০৪

১৫০ টাকা

কোনো শিল্পের জিতটা তখনই হয় যখন একেবারে সাধারণ মানুষ থেকে বোদ্ধা/পণ্ডিত ব্যক্তি পর্যন্ত তাতে মেতে উঠতে পারেন। যেমন বিভূতিভূষণের পথের পাঁচালী, তারাশঙ্করের কবি। সাধারণ বোধের পাঠক দেখেন তার ভালোলাগার, আপ্লুত হওয়ার দৃষ্টিভঙ্গি দিয়ে; বোদ্ধা দেখেন বিষয়-আঙ্গিকের সমন্বয়, বিষয়ের ওপর লেখকের নিয়ন্ত্রণ, ইতিহাস সমাজতত্ত্বের বিচারে এর বিশুদ্ধতা ইত্যাদি। সর্বোপরি নানান গূঢ়ার্থে এর শিল্পে উত্তীর্ণ হয়ে ওঠার বিষয়গুলো। আমরা একে সরলতার সবলতা বলতে পারি। যেমন, ছোটগল্প হিসেবে রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ Ñ এমন সরল, অথচ পৃথিবীর দুর্বোধ্যতম গল্পের একটি। যে-গল্পের রহস্যে এমন একটা জটিলতা আছে, যা খুলেও খোলে না।

ঠিক এমনি ধরনের এক কবিতা জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’। তাঁর আরেক কবিতা ‘আট বছর আগের একদিনে’র সঙ্গে তুলনা করলে ‘বনলতা সেনে’র ওই জিতটা স্পষ্ট হয়। একই সঙ্গে এই কবিতা মাতিয়ে দেয় সাধারণ বোধের পাঠককে, তেমনি মাতায় পণ্ডিতমান্য, বোদ্ধা পাঠকদের। বলতে পারি, ‘আট বছর আগের একদিন’ আধুনিকতার প্রণোদনা দেয়, আর ‘বনলতা সেন’ দেয় চিরন্তন নান্দনিক অনুভূতির বহুমাত্রিক বিভা। সেই বহুমাত্রিক বিভাকে একটি স্থায়ী রূপ দিতে সৈকত হাবিব সম্পাদনা করলেন বনলতা সেন : ষাট বছরের পাঠ।

আমরা ইদানীং ভুলে গেছি যে শিল্পীর চেয়ে শিল্প বড়। উইলিয়াম ফকনার সুন্দর করে বলেছিলেন, শেক্সপিয়র না লিখলে কেউ না কেউ হ্যামলেট লিখতেন। হ্যামলেটে বা তার সৃষ্ট শিল্পের বাচনে একজন শেক্সপিয়র শেক্সপিয়র হিসেবে টিকে আছেন। সৈকতের এই বইটির প্রচ্ছদেও ‘বনলতা সেন’কে বড় করে দেখা হয়েছে। আর এই কবিতার আলোকেই বুঝতে চাওয়া হয়েছে জীবনানন্দ দাশকে। উলটোটা যদি ঘটে Ñ জীবনানন্দ দাশের কবিতা বলে ‘বনলতা সেন’কে বিচার Ñ তাহলে সন্দেহ হয়, ষাট বছরের এই পাঠ যেটুকু প্রসারতা পেয়েছে ততখানি প্রসারতা পেত কিনা। দুশো বত্রিশ পৃষ্ঠার সুবিশাল এই গ্রন্থের লেখাগুলো ঘুরে-ফিরে একটি কবিতা নিয়ে আলোচনা করলেও আমাদের কাছে তা একঘেয়ে মনে হয় না। বরং অধরা মাধুরীর সন্ধানে সবার প্রয়াস এক অপূর্ব ঐকতানের সূচনা করে।

সৈকত হাবিবের এই সম্পাদনার দুটি দিক লক্ষণীয়। তিনি এ কাজটিকে সীমিত সীমার ভেতরেও যতটুকু সম্ভব বিস্তারিত করেছেন, অন্যটি হলো পুরো বইটিকে তিনি পাঠকের জন্য উপভোগ্য করে তুলেছেন। শুরুতেই আছে গণেশ পাইনের আঁকা বনলতা সেনের ছবি। যে-গণেশ পাইন সম্পর্কে মকবুল ফিদা হুসেনের মতো শিল্পী বলেছেন, ‘গণেশ পাইনের কাজে জীবনবোধ বা সৌন্দর্যচেতনা তত সরল নয়, তাঁর কাজের পরতে পরতে রয়েছে জীবনবোধের জটিল স্তরপরিক্রমা, ঐতিহ্যের অন্তঃসারকে আত্মস্থ করা Ñ সৌন্দর্যের ভাষা।’ … বলেছেন, ‘একটি সহস্রাব্দে একজন গণেশ পাইন থাকলেই যথেষ্ট।’ এবং যে-দুজন শিল্পীকে রবীন্দ্রনাথ-রামকিঙ্করের উত্তর-প্রজন্মের মধ্যে প্রধান হিসেবে ফিদা দেখেন তাঁর প্রথমজন গণেশ পাইন আর দ্বিতীয়জন যোগেন চৌধুরী। সৈকতও গণেশ পাইনের চোখে বনলতা সেনের আঁকা ছবির পরই দিয়েছেন যোগেন চৌধুরীর ছবিটি। ফিদা হুসেন তার সম্পর্কে বলেছিলেন, ‘যোগেনের ছবির অন্ধকার আমাকে গভীর এক চেতনায় মগ্ন করে রাখে। হাজার হাজার বছর ধরে স্থায়ী সেই অন্ধকারে ফুটে ওঠে পাপের ছবি, মানুষের নষ্ট-হয়ে-যাওয়ার ছবি, যে ছবি থেকে, অন্ধকার ছিন্নভিন্ন করে, শেষ পর্যন্ত উঠে আসে সময়। উঠে আসে আমাদের পরিপার্শ্ব।’ …‘তিনি ‘সময়’কে তাঁর কাজের সঙ্গে জড়িয়ে রাখেন। একই সঙ্গে যোগেনের কাজে উত্তর আসে Ñ সময়ের সব বেড়া ভেঙে।’

সৈকত হাবিব এ-দুটি ছবি নির্বাচন করে যথার্থ কাজ করেছেন। কিন্তু যতদূর মনে পড়ে ছবিগুলো রঙিন ছিল, এবং দেশ পত্রিকায় এগুলো মুদ্রিত হয়। তাই তিনি যদি এই ছবি দুটো রঙিন ছাপাতে পারতেন তাহলে বনলতা সেন এই দুই শিল্পীর চোখে যে-রূপে ধরা পড়েছে পাঠকরা তাদের কল্পনার বনলতা সেনের সঙ্গে আরো ভালোমতো মিলিয়ে নিতে পারতেন। সাদা-কালো ছাপায় তার মাত্রা সামান্য কমে গেল বৈকি। তবু সৈকতের নির্বাচন আর ফিদা হুসেনের কথাগুলোর সঙ্গে মেলালে আমরা সত্যিই বনলতা সেনকে আমাদের কল্পনার রঙে নিজের মতো রাঙিয়ে নিতে পারব। বনলতার ভেতরে পাবো ঐতিহ্যের অন্তঃসার- সৌন্দর্যের ভাষা, তেমনি পাবো হাজার বছর ধরে অন্ধকারের গভীর থেকে সময়ের সব বেড়া ভেঙে উঠে আসা বনলতা সেনের অনন্য আবহ। জীবনানন্দ দাশের একটি কবিতাই দারুণ ভিন্নভাবে অথচ গভীর নৈকট্যে আমরা এই দুই শিল্পীর তুলিতে খুঁজে পাবো।

সৈকতের ‘ভূমিকা কিংবা …’ তথা এই বইয়ের সম্পাদনার প্রাককথনবলি কি কৈফিয়ত বলি, তিনি আমাদের কথাই যেন অনেকটা বলে দিয়েছেন, যে-কথাটি গিয়ে মিলেছে স্বয়ং কবি শামসুর রাহমানের কথার সঙ্গে। কী অদ্ভুতভাবে আমরা সবাই এই কবিতা-পাঠের প্রথম অনুভূতিতে সুগভীর ঐক্য অনুভব করি। এক ‘রূপসী রহস্যময়ীর ঘ্রাণ’ আমাদের নাসারন্ধ্রে যেমন টের পাই, তেমনি আমাদের বাঙালি-পরিচয়ের অভিন্ন চেতনার তারগুলোতে এক সুরে বেজে উঠতে দেখি। এ-এক অতুলনীয় অনুভব।

অতঃপর জীবনানন্দ দাশের এই কবিতার মূল পাঠের সঙ্গে কবিকৃত ইংরেজি অনুবাদসহ চারটি ইংরেজি অনুবাদ এবং একটি ফরাসি অনুবাদ। ‘বনলতা সেন : কবিতার নির্বাচিত পাঠ’, ‘আলোচনা প্রতি-আলোচনা’, ‘ব্যক্তিগত-অনুভূতি’, ‘বনলতা সেন : কাব্যগ্রন্থের আলোচনা’, ‘প্রাসঙ্গিক আলোচনা,’ ‘প্রাসঙ্গিক : মহাপৃথিবী, ‘খণ্ডপাঠ : বিভিন্ন গ্রন্থ ও রচনা থেকে’, ‘সম্পর্কিত চিঠিপত্র : কবির লেখা’, এবং তিনটি পরিশিষ্ট, যথাক্রমে – ‘বিভিন্ন পর্যায়ে বনলতা সেন-এর অন্তর্ভুক্তি’, ‘সম্পর্কিত ঘটনাপঞ্জি’, ‘বিজ্ঞাপন’ – এইভাবে ১২টি অংশে ৪৩টি পূর্ণ আলোচনা, ১০টি খণ্ড আলোচনাসহ এ-সম্পর্কিত চিঠিপত্র, ঘটনাপঞ্জি, বিজ্ঞাপন ‘বনলতা সেন’ কবিতা সম্পর্কে এক বিরাট বৈচিত্র্যময় অনুভব আমাদের মনে সৃষ্টি না হয়ে পারে না।

সংকলনের প্রথম লেখাটি আবদুল মান্নান সৈয়দের। এই কবিতার তিনটি স্তবককে তিনি বলেছেন, এক অনিঃশেষ ফোয়ারা – অনন্ত কাব্যোৎসার। প্রথম স্তবকে কবির আত্মপরিচয়, দ্বিতীয় স্তবকে দয়িতা-পরিচয়, তৃতীয় স্তবকে উভয়ের সংঘট্টজনিত এক পরিণাম, এক স্বপ্নোচ্চারণ – স্বপ্নই এখানে সত্য, সেই হিসেবে সত্যোদ্ঘাটনও বটে- এইভাবে স্তবকগুলোকে আবদুল মান্নান সৈয়দ শনাক্ত করতে চেয়েছেন। মোহাম্মদ রফিকের ‘বনলতা-উপাখ্যান’ লেখাটি আমাদের এই কবিতার সূত্র ধরে হাজার বছর ভ্রমণ করায়। ইতিহাস, পুরাণ ভেঙে ভেঙে আশ্চর্য এক ঢেউ ভেঙে পড়ে আমাদের বোধের তীরে। অতি সংক্ষেপে বিশ্বসাহিত্যের উজ্জ্বলতম কিছু অংশের পাঠও তিনি সম্পন্ন করান। মঞ্জুষ দাশগুপ্ত কবিতাটিকে নিশ্চিতভাবেই আত্মজৈবনিক কবিতা হিসেবে উল্লেখ করেছেন। জীবনানন্দের কারুবাসনা উপন্যাসটির কয়েকটি উদ্ধৃতি দিয়ে তিনি বিষয়টি স্বচ্ছ করেছেন। সেখানে কবির কিশোরবেলার বনলতা নামের একটি মেয়ের কথা বলা আছে। অ্যাডগার অ্যালান পো-র ‘হেলেনের প্রতি’ কবিতাটি ‘বনলতা সেন’ লিখতে কবিকে কতটুকু প্রভাবিত করেছিল, কতটুকু সাদৃশ্য আছে বোদলেয়ারের ‘চুল’ কবিতাটির পঙ্ক্তিবিশেষের সঙ্গে Ñ তা-ও তিনি নিয়ে এসেছেন আমাদের কাছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘শেষ লেখা’ গল্প, মানিক বন্দোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির কিছু অংশের সঙ্গে প্রতিতুলনাও করেছেন। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের যিশুপাগল ও নন্দিনীর সম্পর্কসূত্র থেকে ‘বনলতা সেন’ কবিতার অভ্যন্তরীণ থিমটিকে যাচাই করেছেন। আহমদ রফিক তাঁর লেখাটিতে বনলতা সেনের আদলে জীবনানন্দের নায়িকাদের গড়ে ওঠার দিকটি দেখিয়েছেন। পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় আধুনিক ভাষাতাত্ত্বিক কবিতা-আলোচনায় কবিতার পুরো টেক্সটকেই একটি বাক্য হিসেবে দেখার প্রচেষ্টার সঙ্গে তাল মিলিয়ে পুরো কবিতাটি যে একটি বাক্যের ভেতরে নিবন্ধিত তা দেখাতে চেয়েছেন।

‘ঐতিহ্য’ ও ‘বনলতা সেন’ লেখাটিতে শঙ্করানন্দ মুখ্যোপাধ্যায় বোদলেয়ার, অ্যালান পো, মধুসূদন, রবীন্দ্রনাথের রোমান্টিক কাব্যঐতিহ্যের ধারায় ‘বনলতা সেন’কে এনেও শেষে বলেছেন একে কোনো ইজমের মধ্যে ধরা যায় না। এ কবিতায় কতরকম ইজম আছে তার চেয়ে বড় কথা এই কবিতা চিরকালের কবিতা।

এই সংকলনের সবচেয়ে দীর্ঘ লেখাািট আবু তাহের মজুমদারের ‘হাজার বছর ধরে … পৃথিবীর পথে’। ১৩টি পরিচ্ছেদে ভাগ করা প্রায় কুড়ি পৃষ্ঠার এই লেখাটিতে জীবনানন্দের পথিকচিত্তের সঙ্গে ওয়াল্ট হুইটম্যানের পথিকচিত্তের মিল থেকে শুরু করে স্তবকের পর

স্তবকের বিশ্লেষণ করে ইতি টেনেছেন এই বলে যে, নান্দনিক প্রশান্তি এই কবিতা নিয়ে আসে। ‘বনলতা সেন’কে বলেছেন একটি সমুন্নত বা ভাবগরিমাপূর্ণ বা সাবলাইম কবিতা।

সুব্রত অগাস্টিন গোমেজ তাঁর লেখায় পাঠকের মোহাবেশ ভাঙা এই কবিতায় স্বদেশ ও স্বকালের কাছে একজন কবির মোক্ষলাভের মুহূর্তকে চিহ্নিত করেছেন। বিনয়কুমার বন্দ্যোপাধ্যায় তাঁর লেখাটিতে ইয়েটস ও জীবনানন্দ দাশের যথাক্রমে ‘সেলিং টু বাইজেনটিয়াম’ এবং ‘বনলতা সেনে’র প্রতিতুলনা করেছেন। অনিলকুমার রায় অ্যালান পো-র ‘হেলেনের প্রতি’ কবিতাটির সঙ্গে চিত্রকল্পের স্থানান্তর ঘটিয়ে বিম্বিত করেছেন ভিন্ন তাৎপর্য। কারণ জীবনানন্দ পো-র কবিতার অনুকরণ তো করেনইনি, বরং তার স্বকীয়তা তাঁর মতো করেই বিভাময় হয়ে আছে এই কবিতায়। ফরিদ কবির বনলতা সেনকে দাঁড় করিয়েছেন তাঁর কাঠগড়ায়। তিনি বলেছেন, ‘বনলতা সেন’ কবিতায় আচ্ছন্ন বাঙালি পাঠক যদি এই কবির ‘ঘোড়া’ বা ‘সপ্তক’ কবিতায় নিজেদের ভালোলাগাকে খুঁজে পেত তাহলে বাংলা কবিতা বর্তমানের একঘেয়েমি কাটিয়ে আরো বর্ণিল ও বৈচিত্র্যময় হতো। মাসুদুল হক তার লেখাটিতে নানান রকম ডায়াগ্রাম, ছক ইত্যাদি দিয়ে কবিতার অন্বয়, সাংগীতিক ও নন্দনতাত্ত্বিক দিকগুলো বিশ্লেষণ করেছেন। আহমেদ স্বপন মাহমুদের শিরোনামের ভেতরেই তাঁর লেখার ধারাটি উপস্থিত। ‘বনলতা সেন : বিশ্বায়নের কবিতা, বিরোধ ও নিষ্পত্তির কবিতা’ শিরোনামে পুঁজিতান্ত্রিক অস্থির বিশ্বের কাউন্টার পয়েন্ট হিসেবেই তিনি কবিতাটিকে দেখেছেন।

‘বনলতা সেন : কবিতার নির্বাচিত পাঠ’ শেষ হলো আহমেদ স্বপন মাহমুদের লেখাটির মাধ্যমে। এরপরে ‘আলোচনা প্রতি-আলোচনা’ অংশটি। জগন্নাথ চক্রবর্তী ‘জীবনানন্দ নিঃসঙ্গতা ও বনলতা সেন’ লেখাটিতে এই কবিতাকে বলেছেন জীবনানন্দের কাব্যের চাবিকাঠি। এই কবিতা অস্তিত্বের বোধে পীড়িত সংবেদনশীল মানুষের নিঃসঙ্গতার স্বরূপ। একই শিরোনামে দিলীপকুমার চক্রবর্তীর লেখাটি জগন্নাথ চক্রবর্তীর লেখাটির যুক্তিখণ্ডনের সূত্রে লেখা। তিনি এ-কবিকে নিঃসঙ্গতা বা নিঃসংযোগ-বোধের কবি না বলে নিস্তব্ধতা বা নৈঃশব্দের কবি বলতে আগ্রহী।

‘বনলতা সেন’ নিয়ে ‘ব্যক্তিগত অনুভূতি’ অংশের শামসুর রাহমান, সুরজিৎ দাশগুপ্ত, ইকবাল আজিজ, জাকির তালুকদার, হামিদ কায়সারের লেখাগুলোর সঙ্গে পাঠকের নিজের ব্যক্তিগত অনুভূতিটি নিঃসন্দেহে গড়ে উঠবে। প্রতিটি লেখাই খুব উপভোগ্য।

‘বনলতা সেন : কাব্যগ্রন্থের আলোচনা’ অংশটি বুদ্ধদেব বসু, আবুল হোসেন, সুভাষ মুখোপাধ্যায়, হুমায়ুন আজাদের মতো লেখক-কবিদের লেখায় সমৃদ্ধ।

‘প্রাসঙ্গিক আলোচনা’ অংশে সঞ্জয় ভট্টাচার্য, পিয়ের ফালোঁ এস জে, ক্লিনটন বুথ সিলি, নরেন গুহ, দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, যশোধরা বাগচীর লেখাগুলো এই সংকলনের সবচেয়ে উল্লেখযোগ্য লেখা।

সম্পাদক সৈকত হাবিব শুরুতেই বলে নিয়েছেন সংকলনের অনেক লেখা সরাসরি বনলতা সেন নিয়ে নয়। তাঁর এই কবিতার বৈশিষ্ট্য বা কাল-চিহ্নায়ন করতে ‘প্রাসঙ্গিক আলোচনা’ ও ‘প্রাসঙ্গিক : মহাপৃথিবী’ এতে সংকলিত হয়েছে। ‘প্রাসঙ্গিক : মহাপৃথিবী’ অংশে সংকলিত হয়েছে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, মৃণালকান্তি মুখোপাধ্যায়, গোপালচন্দ্র রায়ের লেখা।

‘খণ্ডপাঠ : বিভিন্ন গ্রন্থ ও রচনা থেকে’ অংশে ১০টি লেখা বিভিন্ন কবি, লেখক, সমালোচকের এই কবিতা সম্পর্কে নানান ধরনের দৃষ্টিকোণে আমাদের সচকিত করে।

১০টি চিঠি নিয়ে ‘সম্পর্কিত চিঠিপত্র: কবির লেখা’ অংশে আমরা জীবনানন্দকে দারুণ অন্তরঙ্গভাবে পাই। বিশেষ করে এই চিঠিগুলো সংকলন করে সৈকত হাবিব পাঠকদের বিশেষ ধন্যবাদের পাত্র হয়ে রইলেন।

তিনটি পরিশিষ্টতে Ñ‘বিভিন্ন পর্যায়ে বনলতা সেন-এর অন্তর্ভুক্তি’, ‘সম্পর্কিত ঘটনাপঞ্জী’, ‘বিজ্ঞাপন’ বনলতা সেন কবিতা ও এই কাব্যগ্রন্থের গুরুত্বকে শেষ পর্যায়ে আরেক দফা তুলে ধরেছে। ১৯৪২ সালের ডিসেম্বর মাসে জীবনানন্দ দাশের তৃতীয় কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশিত বইটি কেবল তাঁর কবিজীবনেই নয়, বাংলা সাহিত্যেও বিশেষ গুরুত্ব বহন করে। অতি বিখ্যাত কবিতা বলেই নয়, এই কবিতার প্রসারতা বা বিস্তৃতি ইতিহাস, ভূগোল পেরিয়ে আবার ব্যক্তির মনের গাঢ় গভীর তলে স্থাপিত হওয়ার বিষয়টি এত এত ব্যাখ্যা-বিশ্লেষণের পরও সমাপ্ত হয় না। কারণ এই কবিতা থেকে পাওয়া অনুভবের কোনো অনুবাদ হয় না। যেমন অনুবাদ হয় না স্বপ্নের, প্রকৃত একটি প্রেমের, কোনো প্রগাঢ় প্রেমময় রতিলীলার। ‘বনলতা সেন’ তেমনি অধরা একটি কবিতা, পুরোটুকু কোনোদিন ধরা হবে না। তবুও সৈকত হাবিব এই গ্রন্থটির মাধ্যমে কবিতাটিকে আমাদের আয়ত্তের অনেকটা নিকটবর্তী করে তুলেছেন। এই একটি কবিতায় তন্ত্র-মন্ত্র-অন্ত্র ব্যাখ্যা-ব্যবচ্ছেদের মাধ্যমে আমাদের সামনে কেবল জীবনানন্দ দাশের কাব্যজগৎই নয়, বিশ্বকবিতার অপরূপ রূপময়ী জগতের দুয়ার খুলে যায়।