শঙ্খ ঘোষ
স্বপ্নই দেখেছি তবে। বাস্তবে তো এমন হবে না!
অধস্তন দিনগুলি হঠাৎ উড়েছে ডানা মেলে
তোমার পায়ের কাছে সমর্পণে, নিরহংকারে –
তুমি আছো মেঘেরই মতন আসন্নবর্ষণ, ঘন।
কখনো-বা স্নান দেবে তারই প্রতীক্ষায় থেকে থেকে
জড়িয়ে নিয়েছে তার সমস্ত পুরোনো অবসাদ
সব গ্লানি, মনোভার, শরীরের সব ক্ষতজ্বালা।
তোমার পায়ের কাছে উড়ে গিয়ে বলেছে সে : এসো,
এসো প্রত্যাগত হও – কী এমন ভুল ছিল বলো –
যা ছিল তা ধুয়ে দাও – শুরু যদি থাকে, আছে শেষও।

Leave a Reply
You must be logged in to post a comment.