এক
চরমে পৌঁছেছিল আত্মবিশ্বাস। স্মৃতি নয়, অভিব্যক্তি ছিল উচ্চাকাক্সক্ষার। জলের কাছে
পৌঁছে যে প্রতিবিম্ব দেখেছিলাম, এতদিন পর বুঝতে পারি নিজের ছিল না। এভাবে কেন
জলও তাহলে ঠকিয়েছিল আমাদের? আমরা তো নিজেদের চিনেছি ওই প্রতিবিম্ব দেখেই।
কত অনায়াসে এখন অস্বীকার করতে পারি সবকিছু। আত্মবিশ্বাস ভেঙে যেতে সময়
লাগে বাইশ সেকেন্ড। ঠিক আগের মুহূর্তে আত্মবিশ্বাস যখন চরমে, আমাদের কাছে কারা
নিয়ে এসেছিল পুনর্গঠনের প্রস্তাব? এসব কিছু উপেক্ষা করেছিলাম … আসলে আমাদের
হাতে সময় ছিল প্রচুর, উচ্চাকাক্সক্ষা বিস্তার পেতে পেরেছিল। এখন গলাজলে দাঁড়িয়ে
জলের ভিতরে কোনো একক প্রতিবিম্ব নয়, দেখতে পাচ্ছি অনেকগুলো মুখ। সবটাই নিজের।
দুই
আলোকস্তম্ভের খুব কাছে জড়ো হচ্ছিল ভাসমান ডানার উচ্ছ্বাস। প্রসারিত জ্যোতির্বলয়
ধেয়ে আসছিল আমাদের দিকেই। যখন জানলাম এসবই আত্মনির্ণয়ের প্রস্তুতিমাত্র,
একমত হয়ে আমরা সকলেই উড়িয়ে দিলাম ডানার একটা করে পালক।
যখন চেতনার কথা ভাবি, কীভাবে আলোকস্তম্ভও ভেঙে পড়ে এক-এক করে। ভেঙে
গেলে আলোকস্তম্ভ থেকেও ক্রমাগত বিচ্ছুরিত হতে থাকে অন্ধকার। আসলে অন্ধকার
থেকেই তো উঠে আসে সবকিছু, জন্মও। যখন নির্মাণ শেষ হলো… আমরা কত
অনায়াসে ডানা হয়ে গেছি।
এক-এক করে পুড়তে শুরু করেছে ডানা। যারা পুড়িয়ে ফেলছিল, তাদের জন্য
অপেক্ষা করেছিল পর্যটনের ক্রান্তি। আমাদের ফেলে-দেওয়া পালক আলোকস্তম্ভের
অন্ধকারে এক-এক করে আবর্তিত হচ্ছিল।

Leave a Reply
You must be logged in to post a comment.