সেইসব প্রতিশ্রুতি ঝিমিয়ে পড়েছে
সাতাশ বছর আগে যে-সকল প্রতিশ্রুতি আমাকে দিয়েছ
ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ওড়ে, মাথা নিচু করে থাকে উত্তর এখন।
কোনো কোনো প্রশ্ন ঠিক প্রশ্ন নয়, উত্তর-ও এড়ানো সুকঠিন।
কোনো কোনো প্রশ্ন নিয়ে ঘর করো, সেটাই উত্তর।
নিরেট মগজ তুমি খুঁজেছিলে, ‘মূল্যবোধ দুর্ঘটনা’,
নবতম আবিষ্কার, ‘এটাই কমেডি
যারা ভেবে ভেবে সারা, ট্র্যাজিডি নিছক অনুভূতি।’
অনেকেরই মতো তুমি বোঝাপড়া করে নিলে, দূরে ঠেলে দিলে
বহুত জরুরি কাজ, বিনিময়ে বেছে নিলে ছেঁদো কথা
এবং চমক।
এদেশ ভাষণপ্রিয়, শব্দে শব্দে সরিৎসাগর।
ইতালি তোমার ডাকে উঠে আসে, সাড়া দেয় মালয়েশিয়াও।
ফিলিপিন-ও দূরে নয়, মার্কিন বাণিজ্যজীবী, বেরুটের রাত
নির্বিবাদে উঠে আসে, ব্রিটেনের ছেঁড়া চটি, সেসব নিয়েই
তুমি ভেবে ভেবে খুশি, সাজিয়ে দিয়েছ প্লেট কাঁটাচামচের উঁচুতলা,
শিকলে কল্পনা বাঁধা, ডেকে ডেকে নিয়ে এলে, বিরল চমক।
একদিন একা হবে, কথা নেই, সেদিন বিস্ময়
তোমার দস্তানা ভরে, প্রতিশ্রুতি আরামে ঝিমোয়।
কারা ভাগ করে নেবে তোমার অসুখ?

Leave a Reply
You must be logged in to post a comment.