অনাহারে ছিলে অগুনতি বছর, মাস, দিন
কেউ ফিরে তাকায়নি কখনো। বর্ষার আলপথে
কাদা ভেঙে গরিবের প্রতিনিধি
যায়নি কখনো তোমাদের রুগ্ণ দেশগাঁয়ে।
এভাবেই চলছিল চুপচাপ
টেবিলের নিচে ঢাকা ছিল অন্ধকার,
কোথাও কখনো কোনো ক্ষোভ নেই, আর্জি নেই
দাবি নেই বিপক্ষের, হৈচৈ নেই, চোখের সামনে
এভাবেই সব ছিল ঠিকঠাক।
অনাহারে ছিলে, অনাহারে আছো, আর
তোমাদের অনাহারে থাকাটা তো খুব স্বাভাবিক
যদি পেটভরে দুবেলা খাবার জোটে
সেটাই খবর হবে, জবর খবর!
কিন্তু দেখো মাঝে মধ্যে ভুল করে
অন্যথাও হয়, সংবাদ বৈচিত্র্য খোঁজে
বাস্তব জীবন থেকে তুলে আনে
জীবনের অন্য ছবি,
তোমাদের পৌঁছে দেয় শীততাপনিয়ন্ত্রিত ঘরে ঘরে।
অনাহারে ছিলে, তাই পেলে এমন প্রচার
সংবাদপত্র জুড়ে ছবি ও খবর, সাক্ষাৎকার
তোমাদের নিয়ে হৈচৈ টিভির চ্যানেলে,
প্রাইম টাইমে ছিলে রেডিওর সংবাদ প্রবাহে।
কিছু পেতে হলে, কিছু দিতে হয় আগে
অনাহারে ছিলে দীর্ঘদিন, পেয়েছ প্রচার;
প্রচারের মহিমাও তোমাদের অভিভূত করে
আর, তোমাদের খবর করে, শিরোনামে এনে
অনেকেই করে খেল খুব।

Leave a Reply
You must be logged in to post a comment.