তোমার বুড়ো হাড়ে এখন

গজিয়েছে ঘাসপাতা

আর নিশ্বাসেরা ঘুরতে ঘুরতে

চলে গেছে কোন অমরায় –

তোমাকে মনে পড়ে বীরুমাসী!

আজো জানালায় রোজ দেখি

আটপৌরে শাড়ির ঝলক –

চুড়ির শব্দে চুপচাপ দাঁড়াও আড়ালে;

সুরো-কাঞ্চনীদের ঝুপড়ি ঘরে

গিয়েছি তোমার সাথে

তাদের জীর্ণ চৌকাঠ আর দাদামশায়ের

বুকভাঙা কাশি এখনো ভুলিনি;

তোমার উঠোন আজ মোটরের কারখানা

চারপাশে সুলুকসন্ধানী মানুষজন –

আকাশ-ছোঁয়া দালানকোঠা

তোমার সবুজ লাউয়ের মাচা

লাউ-সুদ্ধ নিয়েছে গিলে দুর্মুখ সময়;

তোমার হাত ধরে গিয়েছি বুড়ির মেলায়

বেলা দশটায় চার আনার মর্নিং-শো –

ভোরবেলা মীরাদের জামতলার

আবছা আঁধার ঠেলে গেছি

রানুদের কলাবতী বনে;

তোমাকে মনে পড়ে বীরুমাসী –

তুমি ধোপাপাড়ার সন্ধ্যার শঙ্খধ্বনি

মীরাদের তুলসীতলার প্রদীপ

বাল্যসখীদের সাথে খুনসুটি আর

পেয়ারাতলায় এক্কাদোক্কা খেলায় মগ্ন

মনভোলা শিশু -;

তুমি চৈত্র-সংক্রান্তির হর-গৌরীর নাচ

টুলোরানীর ফেরি-করা সুস্বাদু বরফি;

তুমি খরতপ্ত মাঠে ঝরা-পাতাদের

বাউকুড়ানি-ভূত;

অকূল বিস্ময়ে-ভরা সেইসব রাঙা দিন

উড়ে গেছে দূর কোন হাঁসের ডানায় –

বীরুমাসী তোমাকে ভুলিনি।