যতোবারই স্থির করি ছেলেটাকে বলবো না কিছু
তার চেয়েও অধিকবার বলে ফেলি তাকে
এই মিহির এইদিকে আয়
কি হয়েছে শুনি,
যতোবারই তার কাছে যাই
সে বলে মিথ্যে সবই মিথ্যে।
কি সত্য, কি মিথ্যে, বলে না কিছুই
তবু, তার কাছে গিয়ে জেনে নিতে চাই
সত্য হোক, মিথ্যে হোক,
তাকে আজ বলে যেতে হবে।
মনে মনে ভাবি আমি কি সেই নিরূপায় মাছি
যে, মানুষের ঘায়ের গন্ধে বারবার ফিরে আসে
মানুষের ঘায়ে
আমিও কি সেই মাছি হয়ে ফিরে আসি
মিহিরের কাছে!
তারপরেও কেন যেন বলি, বলো শুনি, কিছু হয়েছিলো কিনা?
আমার একুশ বছরের ছেলে,
ঘরের দেয়ালে লিখে দিলো,
মুক্তিযুদ্ধ হয়নি কখনো এদেশে।

Leave a Reply
You must be logged in to post a comment.