ইসিয়েনিন্

বিদায়, হে সখা, বিদায়ের ক্ষণ মানো,

হে প্রিয় আমার, বুকেরই মধ্যে রবে।

এ-বিদায় সে তো ললাটলিখনই জানো

নিশ্চিত ফের কোনোখানে দেখা হবে।

বিদায়, হে সখা, বাড়াবো না হাত, কব না ক’ বরাভয়

খেদ করো না ক’, মোছো ললাটের শোক, –

মৃত্যু জানো তো নতুন কিছুই নয়,

তবে বাঁচাটাও Ñ নতুন বলে না লোক।

আট লাইনের এমন কাব্যপঙ্ক্তি তো কোনো কবি লিখতেই পারেন। মৃত্যু নিয়ে জল্পনা তো থাকতেই পারে। রোম্যান্টিক, স্মৃতিময়। রবীন্দ্রনাথ কি যৌবনপ্রারম্ভেই লেখেননি ‘মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান’? বাঙালি কাব্যরসিক বিলক্ষণ জ্ঞাত আছেন। কিন্তু দিনচারেক পরে যখন ওই মানুষটি, কবি, বয়স মাত্র তিরিশ, দেখা যায় লেনিন্গ্রাতের আঙ্লির্ত্যা হোটেলের ৫ নম্বর রুমে ঝুলে আছেন তখন আত্মহননের ভবিষ্যদ্বাণী হিসেবে অন্য মাত্রা পেয়ে যায় ওই ছত্র ক’টি।

এমনটা যে হতে পারে ততখানি ভয় কারো মনেই ঠিক বাসা বাঁধেনি। হ্যাঁ, ঠিকই, এটি তাঁর শেষ কবিতা ছিল। কিন্তু লোকে ভাববে কী করে যে ওটিই তাঁর সর্বশেষ কবিতা হবে! শুধু এ কবিতাই নয়, ইদানীং বেশ কিছুদিন ধরে তাঁর কবিতায় মৃত্যু ভর করেছিল। লেওনিদ্ লেওনভ্ বলেছেন : ‘নিজের অন্তিমকালের প্রসঙ্গ তাঁর লেখাতে সবখানেই থাকত, প্রতিটি পঙ্ক্তিতে সেই আর্ত স্বর : প্রয়োজন ছিল শুধু কান পেতে শোনার। কিন্তু আমরা বধির হয়েছিলাম…।’ বন্ধু কবি, পণ্ডিত, বোহেমিয়ান ভাদিম্ শের্শেনিয়েভিচ্ মন্তব্য করেছিলেন : ‘কবিতার সর্বত্র শুধু একটি থিম আনাগোনা করতে দেখি Ñ আসন্ন অনিবার্য মৃত্যুর প্রসঙ্গ। আমরা মনে করেছি, এ কেবলই এক কাব্যকৌশল, আর শেষ পর্যন্ত কিনা মর্মান্তিক সত্য হয়ে দাঁড়াল…।’ গ্রিগোরি উস্তিনফ্, প্রায় সার্বক্ষণিক বন্ধু,বেদনায় ও বিরক্তিতে লিখেছেন : ‘রিয়াজানী কায়দাতেই ইসিয়েনিন্ মারা গেল, সেই-যে সোনালি চুলের তরুণটিকে বরাবর জেনে এসেছি।’

রিয়াজানী কায়দা Ñ সে তো হতেই পারে। কন্স্তান্তিনভা গ্রাম তো রিয়াজান্ অঞ্চলেই, মস্কোর দক্ষিণ-পুবে। পাশ দিয়ে ওকা নদী বয়ে গেছে। বড়ো অহংকার ছিল ছেলেটির নিজস্ব ভূমিজ উৎস নিয়ে। বন্ধু-বান্ধবরাও তা জানত। তাঁর অমন অসহায় শোকার্ত মৃত্যুর পরে একজন বলেছিলেন, ‘এমনভাবে গলায় দড়ি দিয়ে মরা Ñ এ কেবল মেয়েদের পক্ষেই সম্ভব আর গাঁয়ের ছেলেদের পক্ষে।’ হয়তো অন্যান্য মৃত্যুর ছায়া কাজ করেছিল তাঁর স্মৃতিতে : কবির মৃত্যু হয় ডুয়েলে, যেমন পুশ্কিনের, লিয়ের্মন্তফের; কবির মৃত্যু হয় বুকে পিস্তল ঠেকিয়ে, যেমন মায়াকোফ্স্কির। কিন্তু সত্যিই মরতে, অন্তত ফাঁস লাগিয়ে মরতে, চেয়েছিলেন কিনা, তা নিয়ে অনেকেরই সন্দেহ থেকে গিয়েছিল। কারণ ফাঁসিতে ঝুলে পড়তে হলে দড়ির ফাঁস যে-ভাবে তৈরি করে তার ভিতরে মাথা গলিয়ে ঝুলে পড়তে হয়, এ ক্ষেত্রে তেমন ফাঁস ছিল না। গ্রিগোরি উস্তিনফ্ লিখেছেন : ‘লাশের একটা হাত ধরে রাখা ছিল সেন্ট্রাল হিটিং পাইপে। ইসিয়েনিন্ ফাঁস তৈরি করেননি, দড়িটা গলায় পেঁচিয়েছিলেন Ñ যেমন করে লোকে স্কার্ফ জড়ায়। যে-কোনো সময় লাফিয়ে নেমে পড়লেই হয়, এমন। কিন্তু পাইপটা তিনি ধরে রেখেছিলেন কী জন্যে? যাতে পড়ে না যান, সে-জন্যে? নাকি, মৃত্যুর সম্ভাবনা এড়াতে? সবাই বলেছে, ময়নাতদন্তে দেখা গেছে শিরদাঁড়া ভেঙে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। হতে পারে, টুলের ওপরে দাঁড়িয়ে পায়ের ধাক্কায় সরিয়ে দেওয়ার মুহূর্তে নিজের দেহের ভার আন্দাজ করতে পারেননি Ñ ফলে মারা গেলেন স্রেফ অ্যাক্সিডেন্টে, মরণের সাথে খেলতে গিয়ে? একটা রহস্যের সমাধান কিন্তু পাওয়াই গেল না… যে-ডাক্তার ময়নাতদন্ত করেছিলেন তাঁকে জিজ্ঞেস করেছিলাম, মৃত্যুর পূর্বে তাঁর মনের অবস্থা কেমন ছিল তা জানা গেছে কিনা। তিনি উত্তরে বলেছিলেন Ñ ‘বিজ্ঞান এখানে অসহায়। দেহের ত্রুটি-অসংগতি এগুলোই আমরা প্রমাণ করে দিতে পারি, কিন্তু মনের অবস্থাটা তো শেষ নিশ্বাস ত্যাগ করার সঙ্গেই দেহ ছেড়ে চলে যায়।’ আর, ডাক্তারি রিপোর্টে লেখা হয়েছিল : ‘…ছাদের নিচে থেকে লাশ ঝুলছিল, পা ছিল মেঝে থেকে দেড় মিটার ওপরে। মানুষটি যেখানে ঝুলছিলেন সেখানে উলটে পড়ে ছিল একটা ছোট টেবিল, আর তার ওপরের মোমবাতিদানও মেঝেয় পড়ে ছিল। লাশ নামিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখা গেল, ডান হাতে কনুইয়ের ওপরে, হাতের তেলোর দিকটায়, কাটা দাগ এবং বাঁ হাতের কব্জিতে আঁচড়ের দাগ, আর বাঁ চোখের নিচে ছড়ে-যাওয়া। পরনে ছিল ধূসর রংয়ের ট্রাউজার, শাদা শার্ট, কালো মোজা, দামি চামড়ার কালো জুতো।’

সবই ঠিক। কাটা দাগ তো চারদিন আগের, হাত কেটে সেই রক্ত দিয়েই লেখা হয়েছিল ওই আট পঙ্ক্তির কবিতা। আর মানুষটি তো শৌখিনই ছিলেন। পারফেক্ট ড্যান্ডি। বনেদি ঘরানার কেউ নন, গাঁয়ের রাখাল, ফলে রঙ্গরসিকতা-বিদ্রƒপ কি কপালে জোটেনি? তাঁর নামই হয়ে গিয়েছিল ‘পল্লীকবি’, যতই কেননা তিনি ফুলবাবু সেজে থাকুন। ‘পল্লীকবি’ শুনলেই তিনি রেগে যেতেন, অথচ গর্ব ছিল পাড়াগাঁর ব’লে। অদ্ভুত দ্বিধা-বৈপরীত্য।

দুই

সের্গিয়েই আলেক্সান্দ্রভিচ্ ইসিয়েনিন্। ইসিয়েনিন্ বংশে আলেক্সান্দ্রের পুত্র সের্গিয়েই। ডাকনাম সিরিওজা। চাষাভুষোদের গাঁয়ে জন্ম। চোদ্দপুরুষ তো চাষাই এবং গরিবও। লেখাপড়া বেশি কিছু শেখা হয়ে ওঠেনি, কিন্তু দৃষ্টি ছিল প্রখর, স্মৃতি ছিল দূরান্তরী; গ্রামীণ জীবনের শাঁস তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, পরিবেশ ও রুচি প্রচলিত অজস্র গান, গাথা, উপকথা, ছড়া তাঁকে শিখিয়েছিল। রুশ সাহিত্য ও ইতিহাস গভীর মনোযোগ ও অধ্যবসায়ে তিনি পাঠ করেছিলেন।

মস্কোয়, ১৯১২ সালে, ইসিয়েনিন্ যখন চলে এলেন তখন তিনি সতেরো বছরের তরুণ। মাঝখানে বছর কয়েক, ১৯১৪ থেকে ১৯১৮ অবধি, ছিলেন সাংক্ৎ পিতের্বুর্গে (পরে লেনিন্গ্রাৎ); এ সময়েই দেখা হয়েছিল এই দীপ্ত তরুণের সঙ্গে গোর্কির। সাংক্ৎ পিতের্বুর্গে থাকাকালীনই পত্রপত্রিকায় কবিতা বেরুতে শুরু করে; ১৯১৬য় প্রথম কাব্য প্রকাশিত হয় এ-শহর থেকেই। নন্দিত হলেন ‘পল্লীকবি’ বলে। অক্টোবর-বিপ্লব ঘটল চোখের সামনে, বিপ্লবকে আবাহন করলেন দীর্ঘ এক কবিতায় : ই নো নি য়া। বিপ্লবের ফলে কৃষিজীবনের অপার সম্ভাবনায় উল্লসিত হয়েছিলেন, কিন্তু শিল্পবিস্তারের অনিবার্য ফসল নগরসংস্কৃতির প্রসারে তিনি বিন্দুমাত্র খুশি হননি। তাঁর মুখের উপরে ধীরে ধীরে পালটে যেতে থাকে চিরচেনা রুশ গ্রামের রূপ; হৃদয়ের ক্ষত দাগ ছড়িয়ে রাখে কোমল, বিষণ্ন, স্মৃতিভার কবিতায়। রুশ নিসর্গ, প্রেম, হৃদয়ের নৈঃসঙ্গ্য ও যন্ত্রণা Ñ এক কথায়, এই তাঁর কাব্যবলয়। প্রেম ও প্রকৃতির অবিসংবাদিত শ্রেষ্ঠ গীতিকবি তিনি। ইসিয়েনিন্ আবৃত্তি করার সময় আবেগে বেদনায় কণ্ঠস্বর পালটে যাচ্ছে পাঠকের, চোখের কোণে বিষণ্নতা জমছে Ñ বহুবার এমন চাক্ষুষ অভিজ্ঞতা আমার হয়েছে।

ভিতরে এমন নিঃসঙ্গ, স্তিমিত, আচ্ছন্ন, কিন্তু মস্কোর হুল্লোড়ে কাফেজীবনে গা ভাসিয়ে দিয়েছিলেন। প্রতীকী কবি আলেক্সান্দ্র্ ব্লোক্ এবং আন্দ্রিয়েই বিয়েলির প্রভাব যে ছিল তাঁর উপরে, এখন তা কাটিয়ে ওঠেন। এখন তিনি নিজেকে বলছেন ইমেজিস্ট, ঘুরে বেড়াচ্ছেন অচেনা অল্পচেনা তরুণ ইমেজিস্ট কবিদের সঙ্গে। এরপর স্বকীয় প্রতিভাতেই অচিরে এইসব ‘রূপকল্পী’ কবিদের নেতৃত্বে আসীন হলেন। অত্যন্ত বেপরোয়া ছিলেন স্বভাবে। যত সান্নিধ্য সব ভবঘুরেদের সঙ্গে, নেশাখোর, বেশ্যা, মেয়ে-পাগল, জুয়াড়ি, বেহিসেবী, উচ্ছৃঙ্খল লোকজনের সঙ্গে। এই উদ্ধত বোহেমিয়ানিজমেই মজেছিলেন বিখ্যাত মার্কিন নর্তকী ইসাডোরা ডান্কান্ মস্কোয় এসে। কবির গুণমুগ্ধা ইসাডোরা প্রেমে পড়লেন। ১৯২১ সালে বিয়ে হলো, ১৯২২-এ নবদম্পতি সোভিয়েত ভূমির বাইরে চলে গেলেন। অসুখী প্রব্রজ্যায় ইউরোপ ও মার্কিন দেশ ঘুরে বেড়ালেন ইসিয়েনিন্। তখনকারই কোনো এক সময়ে তাঁর সঙ্গে দেখা হয়েছিল গোর্কির বের্লিনে; সেই বিভান্বিত সাক্ষাতে কবির যে-ছবি গোর্কি এঁকেছেন তা ভোলবার নয়। বিয়ে ভেঙে গেল, ইসাডোরা পরিত্যাগ করলেন কবিকে, ১৯২৩-এ দেশে ফিরলেন। এর আগে প্রথম বিয়েও সুখের হয়নি ইসিয়েনিনের; তখন বিয়ে করেছিলেন জিনাইদা রেইখকে যিনি পরে প্রথিতযশা মঞ্চপরিচালক ফ্সেভালোৎ মেইর্য়েহোল্ৎয়ের স্ত্রী হন। তৃতীয়বারের জন্য পুনর্বার সংসার বাঁধতে চাইলেন, পাণিগ্রহণ করলেন রুশ সাহিত্যের মহীরুহ লিয়েফ্ তল্স্তোয়ের এক নাতনির। দুর্ভাগ্যবশত এ বিয়েও সুখের হয়নি এবং আত্মহত্যার দিন কয়েক পূর্বে বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

জীবন বয়ে চলল উদ্দাম, অস্থির। কোনো রকমেই সংগতি আসে না জীবনে। কল্পনা ও বাস্তব, ভবিষ্যৎ ও বর্তমান, বাসনা ও ইচ্ছাপূরণে সেতুবন্ধন হয় না। তাঁর সমসাময়িক মায়াকোফ্স্কির মতো দৃঢ়হাতে সাম্প্রতিকের ঝুঁটি ধরেননি তিনি, সর্বদাই দোলাচলে কেঁপেছেন; অন্তর্গত সত্যে স্বীকারোক্তি করেছেন : ‘আমার এক পা সর্বদাই অতীতে রয়ে গেছে, আরেক পায় শক্ত করে ইস্পাতের মজবুত সড়কে চলতে গিয়ে পা ফসকে গেল, আমি পড়ে গেছি।’ যদি ভালো লাগে শৈশবের সান্নিধ্য Ñ ১৯২৪ সালে সে-আশায় ফিরে গেলেন ছেলেবেলার সঙ্গী রিয়াজানের সেই গ্রামে। কোথা সেই গ্রাম! দেখলেন, স-ব পলাতক, শিল্পমুখী জীবনের স্রোত সব পালটে দিয়েছে : মানুষ, প্রকৃতি Ñ সব।

রুশ ভূমিতে ইসিয়েনিন্ প্রিয়তম কবিদের একজন। তাঁর ব্যক্তিগত জীবন কাক্সক্ষণীয় নয়, আদর্শ তো নয়ই; তথাপি সে-দেশে কাব্যপ্রেমিক মাত্রই তাঁর জন্যে হৃদয়ে এক গোপন কুঠরি লুকিয়ে রাখেন। পশ্চিমি সমালোচকরা তো অনেকেই বলেন : মায়াকোফ্স্কি যে ক্রমশ ইসিয়েনিনের উপরে প্রাধান্য পেয়ে গেলেন তা তাঁর কাব্যগুণে যতটা না, তার চেয়ে বেশি স্তালিনীয় অনাচারের বৈগুণ্যে। হয়তো আংশিক সত্যতা এতে আছে। যদিচ আমার ব্যক্তিগত রুচি ও পক্ষপাত ইসিয়েনিনের প্রতি, তবু উভয়ের সিদ্ধির প্রতিতুলনা আমার অতি সীমিত রুশ ভাষাজ্ঞানে করা ধৃষ্টতা হবে। কিন্তু আমি দেখেছি, স্তালিন যুগ থেকে সরকারি প্রসাদ মায়াকোফ্স্কির উপরে বর্ষিত হলেও ইসিয়েনিনের গুণগ্রাহী আনুপাতিকভাবে এখনো সম্ভবত বেশি। মূল কারণ, আমি নিশ্চিত, সের্গিয়েই ইসিয়েনিনের বিষণ্ন ছন্দো-মাধুরী, বিলীয়মান গ্রাম-বনানী ও রুশ ভূ-দৃশ্যের আদিগন্ত বিস্তারকে কাব্যশরীরে বেঁধে রাখা; তাঁর কবিতায় বিশাল অথচ ম্লান মহীরুহের ভীরু ছায়া ভাসে।

স্বপ্নভঙ্গের তীব্র বেদনায় শেষদিকে তিনি চিৎকার করে উঠেছিলেন : ‘কেন আমি আমার গানে জনগণের বন্ধু বলে এত চেঁচাই? আমার কবিতার প্রয়োজন এখন ফুরিয়েছে, আমিও তাহলে এবার চললাম।’ বেঁচে থাকলে দেখতে পেতেন তাঁর কবিতা এখনো কেমন ভাস্বর জনগণের প্রাণে।

তিন

ইসিয়েনিন্ যে মুখ্যত গীতিকবি তার বড়ো প্রত্যক্ষ প্রমাণ, তাঁর অজস্র কবিতায় সুরারোপ করে গাওয়া হয়েছে। তাছাড়া, ছন্দে-বাণীতে-ঝংকারে এমন সুরেলা ও রোম্যান্টিক যে পড়লে ভোলা যায় না তো বটেই, উপরন্তু স্মৃতিধারণযোগ্য Ñ সহজেই মুখস্থ করে ফেলা যায়। আমার অক্ষম অনুবাদে তাঁর বিখ্যাত কবিতা ‘শাগানে’ পাঠকের জন্য উপহার দিলাম :

শাগানে

শাগানে, আমার শাগানে!

উত্তুরে হিম দেশ থেকে আসি’ ভাই

তেপান্তরের গল্প শোনাতে চাই

চন্দ্রিমা রাতে বজরা ক্ষেতের কাঁপনে।

শাগানে, আমার শাগানে।

উত্তুরে হিম দেশ থেকে আসি’ ভাই Ñ

একশ’ চাঁদেরও বাড়া যে সেখানে চাঁদ,

শিরাজও পারে না বিছাতে এমন ফাঁদ,

আমার গাঁয়ের রূপ তো তাহার নাই।

উত্তুরে হিম দেশ থেকে আসি ভাই।

তেপান্তরের গল্প শোনাতে চাই

পাকা ফসলের রং মাখা মোর চুলে

করুক না লেখা তোমার করাঙ্গুলে

কোনোখানে কোনো এতটুকু ব্যথা নাই

তেপান্তরের গল্প শোনাতে চাই।

চন্দ্রিমা রাতে বজরা ক্ষেতের কাঁপনে

ভাবো দেখি মোর কুঞ্চিত কেশদাম।

হাস প্রিয়তমা, লাস্যে হয়ো না বাম Ñ

শুধু জাগায়ো না কোনো স্মৃতি মোর মনে

চন্দ্রিমা রাতে বজরা ক্ষেতের কাঁপনে।

শাগানে, আমার শাগানে!

সেথা Ñ উত্তরে রয়েছে লাজুকলতা Ñ

অবিকল তুমি, একইভাবে অনুগতা,

হয়তো এখনো আমারেই ভাবে মনে…

শাগানে, আমার শাগানে। ৎ

০৯.০২.২০০৫