নিভৃতচারিণী একাকী এলফ্রিয়েদা

ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক বইমেলায় একটি পত্রিকার স্টলে হঠাৎই চোখ পড়েছিল জার্মানির প্রথম সারির দৈনিক পত্রিকা ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনের প্রথম পাতায় ২০০৪ সালের সাহিত্যে নোবেল জয়ী এলফ্রিয়েদা ইয়েলিনেকের বিশাল একটি রঙিন ছবির ওপর। দেখেছিলাম আর্ত দুটি নীল চোখ Ñ খানিকটা বিষাদমাখা। টুকটুকে লাল রঙের লিপস্টিক দিয়ে পাতলা ঠোঁটদুটি নিখুঁতভাবে আঁকা। চৌকো মুখের সঙ্গে সামঞ্জস্য রেখে কপালের ওপর থেকে বাদামি রঙের চুলগুলো ফুলিয়ে-ফাঁপিয়ে পেছনদিকে টেনে বাঁধা। কণ্ঠকে ঘিরে বুকের ওপর পড়ে-থাকা ঘিয়ে রঙের মসৃণ একটি শাল। ছবিটি দেখে মনে হয়েছিল তাঁর হেলাফেলা ভাবের ভেতরেও সচেতন ভিন্ন একটি ভাব লুকিয়ে রয়েছে। তাঁর ব্যক্তিত্বের অনেকখানিই যেন ওই ছবিতে ধরা পড়েছিল। তিনি যত কথাই বলুন না কেন Ñ যেভাবেই বলুন না কেন Ñ এসবের ভেতর থেকে তাঁর নিজস্ব একটি বিশেষ উচ্চারণ স্পষ্ট হয়ে ওঠে। স্টকহল্মের সুইডিশ অ্যাকাডেমি নোবেল পুরস্কারের কথা ঘোষণা করতে গিয়ে ৫৮ বছর বয়সী এই ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক সম্পর্কে বলেন, ‘তাঁর লেখা উপন্যাস ও নাটকে রয়েছে স্বর ও প্রতিস্বরের এক সংগীতময় প্রবাহ। ভাষাগত দিক থেকে উৎকর্ষ-অর্জনের অদম্য লক্ষ্য নিয়ে লেখা তাঁর রচনায় তিনি সমাজের গতানুগতিক অযৌক্তিক অস্বাভাবিকতা, ক্ষমতাবানদের পক্ষে দুর্বলদের দমিয়ে রাখার বিষয়গুলো তুলে ধরেন।’

অস্ট্রিয়ার এই আভাঁ-গার্দ লেখিকা রাজনীতি-সচেতন গদ্যের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক Ñ শাসন-শোষণ, নারীকে খাটো করে দেখা, স্যাডোমেসোকিজম, যৌন-নিপীড়নের বিষয়ের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন। মানুষের জন্যে যাঁর এত ভাবনা Ñ যাঁর জন্যে নোবেল পুরস্কারের গৌরব-মুকুটটি নির্ধারিত হয়েছে Ñ সে-মানুষটি কিন্তু জন-কোলাহল থেকে দূরে থাকতে চান। বিশাল সমাবেশ, উৎসব, ভিড়-ভাট্টা একেবারেই পছন্দ করেন না। অভিনেত্রী গ্রেটা গার্বোর মতো তিনিও বলেন, তিনি চান একাকিত্ব। স্টকহল্মে নিজ হাতে পুরস্কার নেওয়া থেকেও বিরত থেকেছেন সে-কারণেই। জার্মানির একটি নামী পত্রিকা ডি ৎসাইয়ে এক সাক্ষাৎকারে তিনি তাঁর ভালো-লাগার কথা বলতে গিয়ে বলেন, তাঁর ভালো লাগে রহস্য-উপন্যাস ও আধুনিক ফ্যাশন।

এলফ্রিয়েদা ইয়েলিনেকের জন্ম আলপ্স পর্বতমালার পাদদেশে অস্ট্রিয়ার শটাইয়ারমার্ক অঞ্চলের মুরৎসুশ্লাগে নামে স্বাস্থ্যকর ছোট একটি শহরে, ১৯৪৬ সালের ২০ অক্টোবর। তাঁর মা অলগা ভিয়েনার অবস্থাপন্ন ঘরের মেয়ে ছিলেন। দীর্ঘদিন ছিলেন একটি বিশাল কোম্পানির বিভাগীয় ম্যানেজার। চেক-ইহুদি বংশোদ্ভূত তাঁর বাবা ড. ফ্রিডরিখ ইয়েলিনেক ছিলেন রসায়নবিদ। সাধারণ এক শ্রমিক-পরিবারে তাঁর জন্ম। বড় হয়েছেন ভিয়েনাতেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তিনি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ উৎপাদনক্ষেত্রে কাজ করছিলেন বলে নাৎসি-অত্যাচার ও হয়রানির হাত থেকে রেহাই পেয়েছিলেন। কিন্তু তাঁর পরিবারের বেশ কয়েক ডজন সদস্যকে নাৎসি ধ্বংসযজ্ঞ হলোকাস্টের শিকার হতে হয়েছিল। ইয়েলিনেকের মা ছিলেন কড়া, মেয়েকে নিজের মতো করে বড় করতে চাইতেন। শৈশবে তাই তাঁকে রোমান ক্যাথলিক কনভেন্ট স্কুলের বাধানিষেধের চাপের মধ্যে পড়তে হয়েছে। মা চাইতেন মেয়ে সংগীতজগৎ মাত করে দেওয়ার মতো কোনো ভূমিকা রাখুক। অল্পবয়সেই তাই তাঁকে পিয়ানো, অরগান, গিটার, ভায়োলিন, ভায়োলা ও রেকর্ডার বাজাতে শেখানোর ব্যবস্থা করেন। ইয়েলিনেক ভিয়েনা কনজারভেটরিতে অরগান-বাদিকার ডিপ্লোমা নিয়ে স্নাতক সম্মান লাভ করেন। পরে অবশ্য তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে নাটক ও শিল্প-ইতিহাস-বিষয়ে লেখাপড়া করেন। সে-সময়ে ক্রমশ কবিতা ও গদ্যরচনার দিকে ঝুঁকে পড়েন। ষাটের দশকে ছাত্র-আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ার পর তাঁর মধ্যে পরিবর্তন ঘটে। তিনি শ্রেণিভেদ, পুরুষ-কর্তৃক নারীর নিপীড়ন, নারী-পুরুষের অন্তর্লীন ক্ষমতার লড়াই এবং রাজনীতির তীব্র সমালোচনা করেন। তিনি মনে করেন, সাহিত্যের কাজ সবলকে নিয়ে নয়, মূলত দুর্বল, দলিত, অবহেলিত, মর্যাদাহীন, অনুল্লেখ্যদের নিয়ে। তাই দুর্বলের অব্যক্ত কথা ব্যক্ত করতেই তিনি উন্মুখ। সচেতনভাবেই উন্মোচন করেন অন্ধকার-জগৎকে, আঘাত করেন ভোগসর্বস্ব বুর্জোয়া সমাজকে।

আমেরিকার লাফায়েত কলেজের বিদেশী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপিকা মার্গারেট লাম্ব ফাফেলব্যার্গার বলেন, ‘ইয়েলিনেকের লেখায় পাওয়া যায় অস্ট্রিয়ার একনায়কতান্ত্রিক কাঠামো এবং সমাজের ক্রমোচ্চ শ্রেণিবিভাগের কথা। ইহুদি-বিদ্বেষের কারণে যাঁরা ভুগেছেন এবং ধিকিধিকি জ্বলেছেন-পুড়েছেন তিনি তাঁদের অন্তরের গভীরে প্রবেশ করেছেন খুঁড়ে খুঁড়ে। ফাফেলব্যার্গার ইয়েলিনেকের ওপর প্রচুর লেখালেখি করেছেন। ১৯৯০ সালে তাঁর অভিসন্দর্ভের জন্য তিনি লেখিকার দীর্ঘ সাক্ষাৎকার নেন। নোবেল পুরস্কারলাভের আগে ইয়েলিনেক জার্মানভাষী জগতের বাইরে তেমন পরিচিত ছিলেন না। ইয়েলিনেকের লেখা অস্ট্রিয়ার সাহিত্য-ঐতিহ্যের মধ্যে গভীরভাবে প্রোথিত। তাঁর মধ্যে লক্ষ করা যায় রবার্ট সুসিলের বিষাদ এবং ফ্রানৎস কাফকার রসবোধ। সম্ভবত ইয়েলিনেক আমেরিকায় ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন ১৯৮৮ সালে অনূদিত তাঁর উপন্যাস দ্য পিয়ানো টিচারের জন্য। মূল উপন্যাসটির নাম ডি ক্লাভিয়ার শিপলারিন অর্থাৎ ‘পিয়ানো বাদিকা’, রচিত হয় ১৯৮৩ সালে। নোবেল পুরস্কার পাওয়ার পর ওয়াশিংটন পোস্টে তাঁর ওপরে লেখা রচনাটির শিরোনাম ছিল ‘পিয়ানো টিচারের লেখিকা সাহিত্যে নোবেল জয় করে নিলেন’। ১৯৯২ সালে এই উপন্যাসটির চিত্ররূপ দেওয়া হয়। মিশায়েল জানেকে পরিচালিত এ-ছবিতে ফরাসি অভিনেত্রী ইসাবেলা হুপার্ট মূল চরিত্র এরিকা কহুটের ভূমিকায় সার্থক অভিনয় করেন। ২০০১ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র-উৎসবে তিনটি সেরা পুরস্কার অর্জন করে নেয় এ ছবি। ইয়েলিনেককে এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতির স্বাদ। এ উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে কর্তৃত্বপরায়ণ মা ও মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে। নোবেল কমিটি এই গ্রন্থটিকে আত্মজীবনীভিত্তিক বলে বর্ণনা করলে ইয়েলিনেক এ-নিয়ে আলোচনা করতে চাননি। তিনি চান না যে, এ কাহিনীকে কেউ আত্মজীবনীমূলক ভাবুক। যদিও এতে সে-ধরনের কিছু উপাদান রয়েছে। এ উপন্যাসের নায়িকা এরিকাও তাঁর মতোই অরগান এবং পিয়ানো শিখতে শিখতেই বেড়ে উঠেছে এবং তাকেও অনেকাংশেই চালিত করেছে একজন কর্তৃত্বপরায়ণ মা।

জার্মানির বহুলপরিচিত সাহিত্য-সমালোচক মার্সেল রাইনকি বলেন, জার্মান ভাষার আরো একজন লেখিকা নোবেল পুরস্কার পাওয়ায় তিনি আনন্দিত। ইয়েলিনেক সম্পর্কে তাঁর মন্তব্য, ‘এলফ্রিয়েদা ইয়েলিনেক একেবারে ভিন্ন, চরম প্রগতিশীল লেখিকা। সে-কারণে তিনি অত্যন্ত বিতর্কিত।’

ইয়েলিনেক নিজের লেখা সম্পর্কে বলেন, ‘আমি ভাষার ধ্বনি নিয়ে খেলা করি। আর তাই তা অনুবাদ করা প্রায় অসম্ভব। প্রতিটি ভাষারই নিজস্ব চেহারা এবং ফিঙ্গারপ্রিন্ট আছে, যা অন্য আর কোনো ভাষার মতো নয়। ভাষা নিয়ে লেখক যে খেলা করেন তারচেয়ে লেখার বিষয়টি অনুবাদ করা অনেক সহজ। কিন্তু সাহিত্যের শ্রেষ্ঠ কাজ করতে গেলে বিষয় এবং ফর্ম দুটোরই মিলন ঘটতে হবে। বর্তমানের গতানুগতিক ভাষায় লিখতে আমি উৎসাহ বোধ করি না। তাহলে তা হবে পুরনো বোতলে নতুন মদিরা ঢালবার মতো।’

ইয়েলিনেক জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কুর্ট ভাল্ডহাইমসহ অস্ট্রিয়ার রাজনীতিবিদদের তীব্র সমালোচনা করেন তাঁরা নিজেদের এবং অস্ট্রিয়ার নাৎসি অতীতকে স্বীকার করতে ব্যর্থ হয়েছেন বলে। তাঁদের প্রতি তাঁর জ্বালাময়ী আক্রমণের জন্য স্বদেশে তাঁকে অপাঙ্ক্তেয় করে রাখা হয়েছিল। অস্ট্রিয়ার ডানপন্থিরা, যাদের তিনি তীব্রভাবে প্ররোচিত করেছিলেন এবং মধ্যবিত্ত শ্রেণি, যাদের তিনি উপহাস করেছিলেন, তাদের কাছে তিনি ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন।

১৯৬৮ সালে স্নায়ুচাপের কারণে সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ইয়েলিনেক। বছরখানেক বাবা-মায়ের সঙ্গে থাকেন, বাড়ির বাইরে কোথাও যানওনি সেভাবে। তার পরের বছর তাঁর বাবা মনস্তাত্ত্বিক ক্লিনিকে মারা যান। তারপরই তিনি ছাত্র-আন্দোলনে যোগ দেন। ১৯৭৪ সালে তাঁর রচিত বেতার নাটক ‘যখন সূর্য ডোবে তখন দোকান বন্ধ করার সময়’ ডি প্রেসে পত্রিকা বছরের সবচেয়ে সফল নাটক বলে ঘোষণা করে। ওই সময়ে তিনি অস্ট্রিয়ার কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৭৪ থেকে ১৯৯১ সাল অবধি সদস্য থাকার পর ১৯৯১ সালে পার্টির প্রেসিডেন্ট সুজানে জোন এবং ভালটার জিলবারমাইয়ারের সঙ্গে একই সময়ে পার্টি ত্যাগ করেন। ১৯৭৫ সালে জার্মান-পাঠকদের মধ্যে সাড়া জাগায় ‘অদ্ভুত, কী অদ্ভুত সময়’। জার্মানিতে তিনি তাঁর দ্বিতীয় বাসভূমি খুঁজে পেয়েছিলেন তখন। ১৯৭৪ সালে গটফ্রিড হুয়েন্সবের্গের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হুয়েন্সবের্গ ষাটের দশকে রাইনার ডেরনার ফাসবিল্ডারের গোষ্ঠীভুক্ত ছিলেন, ফাসবিল্ডারের ছবির জন্য সংগীত রচনা করতেন। পরে মিউনিখে একটি ইনফরমাটিক কোম্পানিতে যোগ দেন। ইয়েলিনেক অস্ট্রিয়ার ভিয়েনা ও জার্মানির মিউনিখ দুই জায়গাতেই থাকেন।

১৯৬৯ থেকে ২০০৪ সাল অবধি তিনি সব মিলিয়ে ২৫টি পুরস্কার অর্জন করেন সাহিত্যকর্মের জন্য। যার মধ্যে ১৯৯৮ সালে গিওর্গ বুখনার পুরস্কার, ১৯৮৬ সালে হাইনরিশ বোয়েল পুরস্কার, ২০০২ সালে হাইনরিশ হাইনে পুরস্কার এবং ২০০৪ সালে ফ্রানৎস কাফকা পুরস্কার পান। কিন্তু এতসব পুরস্কারের শীর্ষে যে-নোবেল পুরস্কার সেটি নিজহাতে নেবার জন্য তিনি স্টকহল্ম যাননি। নোবেল অ্যাকাডেমির স্থায়ী সম্পাদক জোরাস এঙ্গডাল জানান, ১৯০১ সালে নোবেল পুরস্কারের সূচনা থেকে এ অবধি এই প্রথম ব্যতিক্রমীভাবে একজন নোবেল-বিজয়ী ভিডিওতে তাঁর ৪৫ মিনিটের বক্তব্য রেখেছেন। ভিয়েনায় নিজের বাড়িতে এই ভিডিওটি রেকর্ড করা হয়। নোবেল-বিজয়ীদের মেডেল, ডিপ্লোমা ও ১.৩ মিলিয়ন ডলারের পুরস্কার গ্রহণের সময় বিশেষ ভাষণ দেওয়ার রীতি ঐতিহ্যগতভাবে চলে আসছে। ইয়েলিনেক বলেন, এক ধরনের সমাজ-আতঙ্কে ভোগেন বলেই জনসমাবেশে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। অনুষ্ঠানে তিনি উপস্থিত না থাকলেও ভিডিওতে তাঁর ছবি ও কণ্ঠস্বরের মধ্য দিয়ে অতিথিরা তাঁর জোরালো বক্তব্যের কাছাকাছি যেতে পেরেছিলেন। তাঁর বক্তব্যে মূলধারার বাইরে গিয়ে লেখার যন্ত্রণার বিষয়ে আলোকপাত করেন তিনি।