তাঁর কাছের মানুষেরা জানতেন কেমন আপনজন ছিলেন তিনি তাঁদের। মনীষী আবুল ফজলের সুযোগ্য সহধর্মিণী হিসেবেই শুধু নয়, নিজের চরিত্রমাধুর্য ও ব্যক্তিত্বের গুণেও পরিচিতজনদের ‘বিনম্র শ্রদ্ধা’ তিনি পেয়েছেন সারাজীবন। আজ, এই দুহাজার পাঁচে, তিনি নেই
হয়ে যাবার পরে আমরা অনেকে সবিস্ময়ে জেনেছি – হ্যাঁ, ছিলেন একজন উমরতুল ফজল – জন্মেছিলেন শহর চট্টগ্রাম থেকে অনেক অনেক দূরে এক ‘নীলনোয়ানো’ গাঁয়ে, বড় বড় দুটি চোখে অপার দেখার এবং ছোট্ট একটি মনে অফুরান আলোর তৃষ্ণা নিয়ে। এবং তাঁর সম্পর্কে আরো অনেক কিছু জানার পরে মনে হলো, আহা, কেন সেই বহমান নদীটিকে দেখা হলো না কোনোদিন! অবগাহন না-হোক, তার তীরে বসে দু-একটি ঢেউ গোনা, তার জলের মতো ঘুরে ঘুরে কথা কওয়া বা তাঁর দু-একফোঁটা জীবনপান করার আনন্দ থেকে কেন বঞ্চিত ছিলাম? মানুষের প্রসাদ থেকে মানুষকে কারা বঞ্চিত করে? এও কি তবে সেই কর্তিত জিহ্বারই অন্যরকম কথকতা?
অসাধারণ মানবিক গুণসম্পন্ন এক উদার পিতার ঘরে জন্মেছিলেন উম্মুল খায়ের, পরে উমরতুল, আরো পরে উমরতুল ফজল। ধর্ম নিয়ে কট্টর বাড়াবাড়ি বা গোঁড়া কড়াকড়ির সাধারণ গ্রামীণ নিয়মটি এ-পরিবারে গ্রাহ্য ছিল না বলে যে-বয়সে গ্রামের মেয়েরা ঘোমটার আড়ালে চলে যায় সে-বয়সে ভাইদের সঙ্গে শার্ট-লুঙ্গি পরে ঝাঁকড়া চুলের উমরতুল পার করেছেন উদ্দাম এক একটি কিশোরী দিন। গ্রামের খোলা আলো-হাওয়া থেকে তার আবেগকাতর কল্পনাপ্রবণ মনটা কেবল মুক্তির স্বাদ খুঁজে বেড়াত। কী আশ্চর্য! পিতার আর্থিক দৈন্য সেই মুক্তিকে বারবার তাঁর হাতের মুঠোয় তুলেদিয়েছে, যদিও সেসব মুক্তি বড় বেদনার মতো তাঁর প্রাণে বেজেছিল বহুবার। একটি অচল টাকা এক কিশোরীর মুখের ওপর চিরদিনের মতো বন্ধ করে দিয়েছিল খাস্তগীর স্কুলের সিংহদুয়ার। মাস-মাইনের ধাতব মুদ্রাটা অচল ছিল বলে পুনরায় টাকা দাবি করেন শিক্ষিকা। বাবা-চাচারা চান অচল টাকার প্রমাণ। মাঝখানে দীর্ঘ ছুটির অবকাশে সে-টাকা আর মেলে না। বড়দের বিশ্বাস-অবিশ্বাসের তর্কে জীবনের হাতে প্রচণ্ড মার খায় ছোট্ট বালিকা। (মনে পড়ে রাজকমল ঝাঁর দ্য ব্ল্যু বেড¯েপ্রড উপন্যাসের কথা। স্কুলের বেতনের ঝনাৎ পয়সা ঘাসের মাঠে হারিয়ে বাড়ি ফিরে মদ্যপ পিতার হাতে নীরবে মার খায় মা-পরিত্যক্ত দুটি ভাইবোন… মর্মমূলে কোথায় যে মিল বাজে!) আবার কাকতালীয়ভাবে স্কুল, স্কুলের শিক্ষক সম্পর্কে সমালোচনা আসে পত্রিকার পাতায়; লেখক সম্পর্কে উমরতুলের চাচাই বটে। কিন্তু ঘরপোড়া কিশোরী আর সিঁদুরে মেঘের দায় নিতে চায়নি। সে-মানুষটির সঙ্গে কোনোরকম আত্মীয়তার সম্পর্ক উমরতুল অস্বীকার করেছিলেন। এইটুকু নির্দোষ মিথ্যার অপরাধে অপর্ণাচরণ স্কুলও তার আর সইল না। দিনগুলি কিন্তু সোনার খাঁচাতেই রইল। এবারে আইডিয়াল হোম। কিছু ভাষাচর্চা, কিছু সেলাই – এমব্রয়ডারি কাটিং আর জরি-চুমকির কাজে অন্যরকম জীবন। শহরের বাড়িটি চাচার বন্ধু আবুল ফজলেরই, আগেও ছিলেন এখানে, তখন দাদি বেঁচে ছিলেন এবং সঙ্গেই ছিলেন। এখন দাদি নেই। নিউস্কিম মাদ্রাসার ছাত্র ছোটভাইটি সঙ্গী। মাথার ওপর অভিভাবক আবুল ফজল, কলেজিয়েট স্কুলের শিক্ষক। সৌম্যদর্শন, স্বল্পবাক, কিন্তু হাসিখুশি আবুল ফজল। প্রথম স্ত্রী গত, দ্বিতীয় প্রসবকালীন নাইওরে, পিতৃগৃহে। স্বল্পবাসের এই অত্যুজ্জ্বল গল্পময় জীবনটি জোনাকির মতো তাঁর স্মৃতিতে আলো-নেভা খেলা খেলেছে সারাজীবন। নইলে ঊর্মি (আত্মজৈবনিক উপন্যাস) আমরা পাবো কী করে? ঊর্মি গ্রন্থাকারে প্রকাশিত হবার পরে আমার কিশোরী-কন্যাকে সেই বই পড়ে কেঁদে কেঁদে ঘুমাতে দেখেছি। চট্টগ্রাম বেতার কেন্দ্রের ‘অনন্যা’ অনুষ্ঠানের পরিচালিকা রওশন আরা আসজাদের সঙ্গে এই বই নিয়ে কোনো একটি অনুষ্ঠানে তর্কে মেতেছি আমি, ঊর্মি উপন্যাস কী উপন্যাস নয় – এই নিয়ে। রেডিও কারা শোনে? কজনে শোনে? আর সেদিন উমরতুল ফজল, রওশন আরা আসজাদ বা ফেরদৌস আরা আলীম তো একই মানুষ ভিন্ন নামে। নইলে তসলিমার মেয়েবেলা নিয়ে এত হৈচৈ, এত আলোড়ন আর উমরতুলের ঊর্মির কপালে ছোট্ট একটি টিপও জোটে না? আজ শুনতে পাই, অন্নদাশঙ্কর রায় এই গ্রন্থের মুগ্ধ পাঠক ছিলেন। ছিলেন আরো অনেকে। থাক সে-কথা।
তাঁর আত্মস্মৃতিমূলক রচনাগুলোকে মূল্যবান গণ্য করেন অধ্যাপক আনিসুজ্জামান। শাকিল আজহারের উমরতুল জীবনীগ্রন্থে (দীর্ঘ শিরোনামে গ্রন্থটির নাম : নারীর মুক্তির কথা : প্রতিবাদী নারী – উমরতুল ফজলের ঊর্মিময় জীবন) তাঁর সম্পর্কে গুণিজনদের উল্লেখযোগ্য কিছু কথা শিরোনামধৃত অধ্যায়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘…স্থায়ী মূল্য পাবে তাঁর আত্মস্মৃতিমূলক রচনা। সেখানে সাহিত্যিক পরিমণ্ডলে তাঁর চিত্তের জাগরণের যে-পরিচয় আছে এবং জীবন ও জগতের প্রতি যে মুক্ত ও মুগ্ধ দৃষ্টির প্রকাশ আছে, তাকে আমি মূল্যবান বিবেচনা করি।’ সত্য হলো এই যে, তাঁর প্রায় সমস্ত রচনাই (সুরতুন্নেসার প্রেম ও বাংলাদেশের গল্প-কাহিনী বাদে) আত্মস্মৃতিমূলক। অন্তত সর্বত্র আছেন তিনি সদাপটে বা সবিনয়ে – না থেকে তাঁর উপায় ছিল না বলেই। একটাই ঘুড়ি, একটাই তার নাটাই, সঞ্চয়ে প্রচুর সুতো – ছেড়েছেন আর ছেড়েছেন। কী আর করবেন, ঘোর সংসারী ছিলেন যে! আমাদের চোখ কপালে তোলা সন্তানসংখ্যা, অল্প আয়ের সংসার, নিমগ্ন জীবন-সাধক সাহিত্যিক স্বামী, তাঁর চোখে যিনি আসমুদ্র সংসারতীরে প্রতিদিনের সূর্যোদয়। এ-মানুষটি কখন লিখবেন, কীভাবে লিখবেন? আমরা ‘স্বামী’ শব্দে বেগম রোকেয়ার প্রবল আপত্তির কথা জানি। মধুমেহ-রোগী স্বামীর নিত্যদিনের পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে তাঁর তিতিবিরক্ত উচ্চারণও শুনেছি। উমরতুলের হামিদা (এক নদী দুই তীর) প্রায় দুশো পৃষ্ঠার উপন্যাসে স্বামী শব্দটিই একনাগাড়ে ব্যবহার করে গেছেন। স্মৃতিকথা বা অন্যান্য রচনায় উমরতুল ফজল নিজেও স্বামীর নাম নেননি কখনো। সম্পর্কের ক্ষেত্রে তিনি কি অত্যন্ত বিগলিত ছিলেন? মেরুদণ্ডহীন? কখনো নয়। যুগল-জীবনেও একক সিদ্ধান্ত প্রয়োজনে নিয়েছেন তিনি। নিজ সিদ্ধান্তে অটল ছিলেন। অন্যদিকে, ‘স্বামী’ শব্দে এবং আপত্তি শব্দেও রোকেয়া কি সম্পর্কের ক্ষেত্রে উদাসীন ছিলেন কখনো? আসলে কোমলে-কঠিনে উমরতুল একরকম, রোকেয়া অন্যরকম। তবে ‘যুগ মানসের অনুবর্তী’ এঁরা কেউই নন। বেগম রোকেয়া তো চিন্তা-চেতনায় অন্তত এক শতাব্দী এগিয়ে ছিলেন। সম্প্রতি গবেষক মালেকা বেগম একটি দৈনিকের সাহিত্য পাতায় উমরতুল ফজলের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি রচনা করেছেন ‘যুগমান মোর অনুবর্তী’ মূল শিরোনামে। অবশ্য তিনিও বলেছেন, ‘শৈশব থেকে নিজের সিদ্ধান্তে অটল থাকতে শিখেছেন তিনি, (উমরতুল ফজল) সারাজীবন অটল থেকেছেন নিজের সিদ্ধান্তে।’ আসলে বয়সে দ্বিগুণেরও বেশি ব্যবধান এবং দ্বি-দোজবরে আবুল ফজলের প্রস্তাব সম্পর্কে বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের ভার পিতা মাহবুবুল আলম কন্যার ওপরেই কেন ন্যস্ত করেছিলেন? কন্যার ওপরে অবিচল আস্থা ছিল তাঁর। পরবর্তীকালে কাছে থেকে যাঁরা তাঁকে দেখেছেন তাঁরাও তাঁর চরিত্রে ‘স্থৈর্য ও দৃঢ়তার মাধুর্যময় মিলন’ লক্ষ করেছেন বরাবর।
তাঁকে জানার জন্যে আমরা তাঁর আত্মজৈবনিক উপন্যাস ঊর্মির দ্বারস্থ তো হতেই পারি। যেতে পারি দাম্পত্য ও প্রেমের একরৈখিক নিবিড় সম্পর্কবৃত্তে গাঁথা এক নদী দুই তীর উপন্যাসের কাছে। এমন অসঙ্কোচে, এমন অকৃত্রিম সহজতায় সেখানেও তিনি ধরা দিয়েছেন যে, হামিদাকে তাঁর চরিত্রের পূর্ণ প্রতিফলন বললে ভুল হয় না, আপত্তিরও কিছু থাকে না। মহাজন হিসেবে ঊর্মিই ধনী, কারণ ঊর্মি দিনে দিনে একটি মেয়ের তিলে তিলে জেগে ওঠার ইতিহাস।
সে-ইতিহাস আমাদের জানিয়ে দেয় যে, আলোময়, অমৃতময় অন্যরকম এক জীবনের হাতছানি উমরতুল কিশোর বয়সেই পেয়েছিলেন। হাঁস-মুরগি ও পুত্র-কন্যাময় জীবন যে জীবন নয়, ধানী জমি ও বিত্ত-বেসাতের প্রাচুর্য যে সুখের অন্য নাম নয়, সে-উপলব্ধি তাঁর ছিল। বিত্তবান পাত্রপক্ষের প্রস্তাব তাৎক্ষণিক দৃঢ়তায় প্রত্যাখ্যান করে বজ্রপাততুল্য আকস্মিকতায় আমরা তাঁকে মুরুব্বিদের স্তম্ভিত করে দিতে দেখেছি। এই কিশোরী তার প্রতি পাশাপাশি বেড়ে-ওঠা জ্যাঠাত ভাই ‘তকীর’ অনুরাগ ও ভবিষ্যৎ স্বপ্নের আশার অঙ্কুরকে কেমন অনমনীয় দৃঢ়তায় উপড়ে ফেলে ক্ষতের জায়গায় কোমল শুশ্রƒষা প্রয়োগ করে ভাইবোনের চিরন্তন সম্পর্কটাকে নিষ্কণ্টক রেখেছে, তা ভাবলে অবাক হতে হয়। তাঁর কিশোরী-মনে দাগ কেটে বসে যাওয়া এক কৃষ্ণযুবকের অশ্রুসজল দৃষ্টিপাত সম্পর্কে সহজভাবে ‘ঊর্মি’কে বলতে শোনা যায় : ভুলটাই যেন মানুষের শোভা। ভুল করে মানুষ জীবনকে উপভোগ করে – সময়ের পাতায় আনন্দকে সঞ্চয় করে রাখে। তাহলে কেন সেই প্রত্যাখ্যান? নিজের প্রশ্নের উত্তরে তাঁর নিজের জবাব : বাবা কত ভরসায় কত নীরব প্রত্যয়ে ‘ফি আমান-ইল্লাহ্’ বলে অন্যের কানভারকরা কথাকে উপেক্ষা করতে পেরেছেন …সেই বিশ্বাসের গৌরব কি নামাতে পারে ঊর্মি -।
প্রবল বিবেচনাবোধ, কঠোর দায়িত্ব ও কর্তব্যবোধসম্পন্ন একটি মেয়ে ভেতর থেকে যাঁর অন্ধকারের ঘুম ভাঙছে প্রতিদিন, কিন্তু বাইরের নারী-শরীরটার বিষয়ে কত যে অসচেতন, সেও এক বিস্ময় বটে। জামা খুলে অনায়াসে গাছের মগডাল থেকে পুকুরে ঝাঁপ দিয়ে ডুবসাঁতারে পাল্লা দেবে বলে প্রস্তুত মেয়েকে দেখে জিভ কেটে আনত-চোখ পিতা হাত ধরে তাকে নিয়ে যায় নিজের মায়ের কাছে। এই মেয়েটির মধ্যে কী দেখেছিলেন পরিণত যুবক আবুল ফজল, যে জীবনের এক পরম দুর্যোগে খুলনা থেকে চিঠি লিখেন তার কাছে? আবার দ্বিতীয় স্ত্রী বিয়োগের পর আড়াই বছরের শিশুর জন্য যথার্থ এক মাতার খোঁজ করেন এরই মধ্যে? এবং বন্ধু-পরিবারে অগ্রজতুল্য উমরতুলের বাবাকেই সে-কথা জানান চিঠিতে। সিদ্ধান্তটি উমরতুলই নিয়েছিলেন এবং তাঁর সুখময় দাম্পত্য জীবন ও তাঁর সন্তানদের আলোকিত জীবন প্রমাণ করে যে, তাঁর সিদ্ধান্তে কোনো ভুল ছিল না।
প্রথমত এবং মূলত কবিই ছিলেন উমরতুল ফজল। ব্যঞ্জনামুখর, অতল দুটি কালো চোখের ভাষায় নিরন্তর যে-কবিতা লেখা হতোসে-কবিতা তাঁর কাছ থেকে আমরা পাইনি, সে আমাদেরই দুর্ভাগ্য। তাঁর কাব্যতৃষ্ণা আধুনিক কবিতার ছিটেফোঁটা জলও কি পেয়েছিল? আর এক দুর্ভাগ্য আমাদের যে, আমাদের মেয়েদের যেসব বনেদি পত্রিকা তাঁকে, তাঁর মতো আরো অনেককে ধারণ ও লালন করেছে আধুনিকতা সম্পর্কে সেসব কাগজ ভয়ংকরভাবে উদাসীন থেকেছে। তাঁর উপন্যাসের নায়িকা লুই আরাগঁর কবিতার অনুবাদ পড়ে ধ্যানমগ্ন নিবিষ্টতায়। কিন্তু নির্বাচনের দায়ভার ছিল না, হাতের কাছে পেয়েছে বলেই পড়া। নির্ঝরের স্বপ্নভঙ্গের আবৃত্তি শোনায় তাঁর নায়ক। কিন্তু সে আর কতটুকু? হ্যাঁ, ছোটচাচার বন্ধু ছিলেন কবি নজরুল। তাঁদেরই ফতেয়াবাদের বাড়িতে বসে কবি লিখেছিলেন, ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি।’ কিন্তু কবিবন্ধু সেই চাচার আকস্মিক মৃত্যুর সময় ঊর্মির বয়স মাত্র আট বছর। তাঁর বিবাহিত জীবনে আমরা দেখেছি কবি নজরুল নন, মানুষ নজরুলই ছিলেন আবুল ফজলের আরাধ্য। ‘সমাজের অচলায়তনের বিরুদ্ধে নজরুলের ক্ষুরধার সমালোচনা, ধর্মান্ধতার বিরুদ্ধে তাঁর বিদ্রোহ কিংবা তাঁর বাঁধভাঙার তীব্র আবেগকে স্বাগত জানিয়েছিলেন আবুল ফজল। আবুল মোমেন জানিয়েছেন (জন্মশতবার্ষিকী-উপলক্ষে লিখিত আবুল ফজল জীবনীগ্রন্থ অনির্বাণ শিখা দ্রষ্টব্য) উপমহাদেশে নজরুলবিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ বিদ্রোহী কবি নজরুল আবুল ফজলেরই রচনা। উমরতুল ফজলের অনেক জানা, অনেক বিশ্বাস, অনেক ভালোলাগা-ভালোবাসার স্বামীর প্রতিধ্বনিই শোনা যায়। ফলে, বিংশতি শিরোনামের ছোট্ট একটি কাব্যগ্রন্থ শুধু তাঁর কবিতাচর্চার সাক্ষী হয়েই রইল। তবু আমরা ভুলে যাবো না যে, ভাষা-আন্দোলনের অভিঘাতপ্রসূত কবিতা লিখেছেন তিনি। আমরা মনে রাখব যে, কবি নজরুল ও আবদুল করিম সাহিত্যবিশারদের উদ্দেশে কবিতায় তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন।
সৃজনশীলতা ছিল আবুল ফজলের, শুরুটা সেভাবেই করেছিলেন। গল্প-উপন্যাস লিখেছেন। তাঁর ‘রেখাচিত্র’ বা ‘দুর্দিনের দিনলিপি’ সুখপাঠ্য গদ্যের সৃজনশীল ভুবনই বটে। উমরতুল ফজল তাঁর বড় বড় চোখদুটিতে চালশে পড়ার দিনে কাগজ-কলম টেনে বসে প্রমাণ করে দিলেন যে, তাঁর ফেলে-আসা দিনগুলো বন্ধ্যা ছিল না কখনোই। ভেতরে ভেতরে চলছিল লেখালেখি, কাটাকুটি। তাঁর গদ্যে, ঘটনা সাজানোতে, চরিত্র আঁকায় কী সংলাপ রচনায় সে-প্রমাণ মেলে। তুলনা অবান্তর, তবু বলতে ইচ্ছে করে জীবনবোধের গভীরতায়, দর্শন-সম্পৃক্ততায় কখনো কখনো আবুল ফজলকে তিনি ছাড়িয়ে গেছেন। সন্তানের শিক্ষা-প্রসঙ্গে তাঁর উপন্যাসের (এক নদী দুই তীর) নায়ক বলে, ‘আমার চেয়ে তোমার মন-মেজাজে গড়ে উঠলে খোকন আরও সুফল পাবে।’ লেখকদের সম্পর্কে তাঁর ধারণা, লেখকদের প্রতি তাঁর অকুণ্ঠ শ্রদ্ধার পরিচয় তাঁর চরিত্রের মুখে সংলাপ হয়ে আসে। তাঁর নায়ক-নায়িকারা টলস্টয়, গোর্কি, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ও রমা রোঁলার উপন্যাস নিয়ে আলোচনা করে। আমরা জানি যে, ‘প্রেমে-প্রেরণায় ধৈর্যে-ক্ষমায়, সহানুভূতিতে-সহিষ্ণুতায়’ স্বামীর জীবন-সাধনাকে পূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর ব্রত ছিল। তাঁর নায়িকাও স্বামীর সকল চাওয়াকে ‘প্রার্থনার মতো পবিত্র’ মনে করে। বন্ধু-স্ত্রীর প্রতি বন্ধুর দুর্বলতা, দুর্বল মুহূর্তে তার অসংলগ্ন আচরণকে তিনি মোকাবিলা করেন আশ্চর্য মানবিকতায় : আপনাকে আমি দোষী বলে অপবাদ দেব না কোনোদিন। আপনি যে সুন্দরের আরাধনা করেন, সেই সুন্দরকে আমিও স্বাগত জানাই। এ-প্রসঙ্গে তাঁর নিজের ভাবনারাও কথা বলে মানবিক উদারতায় : না, এ পাপ নয়, এ হলো একজন মানুষের জীবনের অনুভবের বেদনা, যে-বেদনা তার প্রেমকে প্রাণবন্ত করে, তাকে সাহসী হতে সাহায্য করে …এতে পাপ বলে কোনো কথা নেই। (এক নদী দুই তীর)।
নারীর শক্তি ও দুর্বলতা, দুটি দিক সম্পর্কেই স্পষ্ট ধারণা তাঁর ছিল। জীবনকে উদার, অসঙ্কোচ ও সহজ দৃষ্টিতে দেখার সংস্কারমুক্ত মনও ছিল তাঁর। দেহগত সংস্কার নিয়ে বিশেষ একটা মাথা ঘামাননি। জীবনের সহজ নিয়মে যা ঘটে, যা হয়ে যায় তাকে তিনি অস্বীকার করেননি। স্বতঃস্ফূর্ত চুম্বন তাঁর সুরুতুন্নেসার প্রেমে সহজলভ্য। কিশোরী-নায়িকার কিন্তু মনোদৈহিক কোনো জাগরণ তাতে ঘটে না। সেজন্যে নায়ককে বইয়ের সাহায্য নিতে হয়। গল্পগুচ্ছ, পথের পাঁচালি পড়তে দেয় সে-নায়িকাকে। শৈশবসঙ্গীর প্রতি নায়িকার দুর্বলতা নায়কের প্রেমজনিত ঈর্ষার শিকার হয় না। যুক্তি তাঁর অস্ত্র হয়ে দাঁড়ায়।
সময়ের প্রয়োজনে সৃজনশীল লেখার জগৎ থেকে স্বেচ্ছানির্বাসিত আবুল ফজল মননশীল রচনার দায় গ্রহণ করেছিলেন। ষাটের দশকে সাহিত্য-নিকেতনের (আবুল ফজল ও উমরতুল ফজলের নিবাস) সভাগুলো তাঁর নিছক সাহিত্যসভা ছিল না। উমরতুল ফজলের চোখ-কান-মন ছিল সজাগ-সতর্ক। সেজন্যেই সুফিয়া কামালের ডাকে যখন জেলায় জেলায় মহিলা সংগ্রাম পরিষদ গড়ে উঠছিল তখন এর চট্টগ্রাম শাখার দায়িত্ব গ্রহণে উমরতুল ফজল পরান্মুখ হননি। ১৯৬৯ থেকে তিনি ছিলেন এই পরিষদের আহ্বায়ক সভানেত্রী। তাঁর ডাকে চট্টগ্রামের নারীসমাজ গণতান্ত্রিক আন্দোলনের ঐক্যমঞ্চে মিলিত হন। মালেকা বেগমকে উদ্ধৃত করি : চট্টগ্রাম জেলা মহিলা পরিষদ প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং অব্যাহতভাবে তা পরিচালনার ক্ষেত্রে উমরতুল ফজলের বলিষ্ঠ ও সংগ্রামী নেতৃত্বের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিজের সীমিত গণ্ডির মধ্যে তিনি বস্তিবাসী নারী ও শিশুদের জন্য স্কুল করেছেন, তাদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। প্রথাগত পুরস্কারে বা সম্মাননায় উমরতুল ফজলের মতো মাতা মহীয়সীদের কী আসে যায়? (বলতে মন আনচান করছে – আমাদের নারীসমাজের ‘দরদী, শান্ত ও বিবেচক’ মাতৃসম অভিভাবকদের তিনিই সম্ভবত শেষ প্রতিনিধি) রাঙ-সোনাকে একপাল্লায় ওজন করা হয় বলে পদক-পুরস্কার গ্রহণে বেগম রোকেয়ার তীব্র অনীহার কথা আমরা জানি। তবু পেয়েছিলেন, জীবদ্দশাতেই উমরতুল ফজল স্বীকৃতি পেয়েছেন। উদীচী শিল্পী গোষ্ঠী, ইনার হুইল ক্লাব, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, লেডিস ক্লাব, লেখিকা সংঘ তাঁকে পদক-পুরস্কারে সম্মানিত করেছিল। তিনি পেয়েছিলেন বর্ষবরণ ও বর্ষবিদায় সম্মাননা। লোকান্তরিত হবার পরে তাঁকে শেষ সম্মান জানিয়েছে চট্টগ্রাম নাগরিক শোকসভা, ঐতিহ্যবাহী মুসলিম হলে। জ্যৈষ্ঠের খরগরমে শুরুতে বিদ্যুৎবিহীন হলঘরের মঞ্চে চট্টগ্রামের সর্বজনশ্রদ্ধেয় গুণিজনদের আসনগ্রহণ এবং ঘরভর্তি স্বতঃস্ফূর্ত সমাবেশ, তাঁর প্রতিকৃতি ছাপিয়ে-ওঠা পুষ্পাঞ্জলি নীরব অশ্রুজলে স্মরণ করেছে এই মহীয়সী নারীকে। এই লেখা শেষ করব শাকিল আজহারের পূর্বোল্লিখিত গ্রন্থ থেকে প্রফেসর জামাল নজরুল ইসলামের উক্তির উদ্ধৃতি দিয়ে : আলোকিত জীবনচর্চার যে-ধারা (তিনি) সৃষ্টি করেছেন সে-ধারা অব্যাহত রাখার দায়িত্ব আমাদের সবার।

Leave a Reply
You must be logged in to post a comment.