‘কোথায় যাচ্ছো আবু কায়সার?
কোথায় যাচ্ছো আবু কায়সার!
কোথায় যাচ্ছো তুমি এই ভর দুপুরে!
না কেউ নেই, মজনু, বিশু অথবা সুভাষ বোস
নুরু? না সেও নেই
কবরে পুরানো ঘাস মরে গেছে কবে
আনন্দময়ীতে এখন চেনা-অচেনা মুখের ম্রিয়মাণ আড্ডা
আর আমি রোগশয্যায় শুয়ে শুয়ে উনিশ’শ ষাট সালের
লৌহজং নদীর তীরে বকুলফুল কুড়াতে চাই
হঠাৎ মনে হয় এখন তো দু’হাজার সাল।
আবু কায়সার, তুমি নির্বাসনে, আমি রোগশয্যায়।
দু’হাজার সাল অচেনা গন্ধ নিয়ে এসেছে, খুব অচেনা।’
২০০০ সালে লেখা আমার এই কবিতার শেষ দুলাইন অর্থের দিগন্তকে প্রসারিত করে চিরসত্য হয়ে থাকবে, কবিতা লেখার সময় তা ভাবিনি। আমার শৈশব-কৈশোরের সার্বক্ষণিক সঙ্গী, যৌবনের ঘনিষ্ঠ বন্ধু, বহু স্মৃতির পটভূমিকায় যার সান্নিধ্যের বহুমাত্রিক উপস্থিতি আমার নস্টালজিয়ায় আক্রান্ত হবার জন্য যথেষ্ট, সেই কবি আবু কায়সার, আমার বন্ধু নীলু নির্বাসন থেকে আর ফিরে এলো না। চিরনির্বাসিত হয়ে চিরদিনের জন্য চলে গেল এমনি এক অচেনা ভুবনে, যেখান থেকে কেউ কোনোদিন আর ফিরে আসে না। নাকি তাঁর মৃতদেহ নন্দীর বেতকার মৃত্তিকামায়ের কোলে ফিরে আসার মধ্য দিয়ে ফিরে এলো বন্ধু আমার, তার প্রিয় টাঙ্গাইলে।কবিতায় উল্লিখিত মজনু, বিশু, সুভাষ বোস (বাচ্চু), নূরু অথবা যাদের নাম নেই সেই মন্টু তরফদার, আবু কায়সারের সবচেয়ে কাছের মানুষ, ঘনিষ্ঠজন যারা তাদের দুজন মারা গেছে, দুজনের খবর জানি না, একজন অরুণ ঘোষ (বিশু) এখনো বেঁচে আছে। মধ্যরাতের টাঙ্গাইলের রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে :
‘তোমরা শুনেছ, পঞ্চাশ-ষাটের দশকের টাঙ্গাইলবাসী শুনেছ, ছোট্ট টাঙ্গাইল শহর দাপিয়ে বেড়ানো, আমাদের দুরন্ত দামাল ছেলের সেই দলের একজন, সেই আবু কায়সার আর নেই। সেই বিন্দুবাসিনী স্কুল, আকুর-টাকুরপাড়ার কেইছা ঠাকুরের জঙ্গলে গুহা খুঁড়ে আড্ডা দেয়া, আমাদের পঞ্চম বাহিনীর একজন, নিশীথ রাতের অন্ধকারে পুরনো শ্মশানঘাটে, ভূত দেখার জন্য মাছ নিয়ে বসে থাকা দলের সাহসী একজন, অন্যের বাগানে হানা দিয়ে আম, পেয়ারা আর ডাব পেড়ে খাওয়া দুরন্তদের একজন, আধুনিক কবিসঙ্ঘের সদস্য, সাহিত্যতাড়িত একজন, অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর অভিযানের অন্যতম একজন সদস্য, আমার বন্ধু নীলু তোমাদের কবি আবু কায়সার হারিয়ে গেছে, সে আর আসবে না।’
আজকের কবি আবু কায়সারের রোমাঞ্চকর বালকবেলার কিছু ছবি, আমাদের অনেক স্মৃতি সে নিজেই রেখে গেছে তার অসামান্য রচনা কিশোর-উপন্যাস রায়হানের রাজহাঁসে। আলমগীর খান মেনুর কী মনে পড়ে পঞ্চম বাহিনীর কথা, আকুর-টাকুরপাড়ার সেই গভীর জঙ্গলে যেখানে বন্যশূকর, বাগডাসা থাকত, একবার একটা বাঘ মারা পড়েছিল সেখানে, গুহা খুঁড়ে আড্ডা দেয়ার কথা! সেই তীর-ধনুক আর গুলতি নিয়ে বিজনদের দলের সঙ্গে মারামারি করার কথা। আবু কায়সারের আহত হবার কথা!
বিন্দুবাসিনী স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হবার পর প্রথম যে-ছেলেটির সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল তার নাম আবু কায়সার। ক্লাসের ভালো ছাত্রদের একজন উজ্জ্বল শ্যামলা আবু কায়সারের সঙ্গে আমার ঘনিষ্ঠতার অন্যতম কারণ ওর ব্যক্তিত্ব এবং বইপড়ার প্রতি প্রচণ্ড নেশা। আমরা দুজনেই কলকাতার দেবসাহিত্য কুটির আর অন্যান্য প্রকাশনীর অ্যাডভেঞ্চার ও ডিটেকটিভ বইয়ের পোকা। মাসিক শুকতারা, শিশুসাথী পত্রিকার গ্রাহক আমরা দুজনেই। দেবসাহিত্য কুটিরের পূজাবার্ষিকী হাতে পেলে কাড়াকাড়ি পড়ে যায়!
হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত, মানিক, সুন্দর বাবু, বাঘা, বিমল কুমার, রামহরি, নীহার রঞ্জনের কিরিটি, কিরিটি রায়, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, শিবরাম চক্রবর্তী, অথবা বাংলা সাহিত্যে হাসির চরিত্র হিসেবে চিরস্মরণীয় টেনিদা, হাবুল সেনদের চারমূর্তির চরিত্র আমাদের দুজনের মুখস্থ।
কাগমারী সম্মেলনে মওলানা ভাসানীর প্রথম স্বাধীনতার বীজমন্ত্র পাকিস্তানকে ‘আসসালামু আলাইকুম’ জানানোর সেই সাহসী উচ্চারণ আমাদের স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়। আমরা কয়েক বন্ধু মিলে গঠন করলাম ‘রয়েল বেঙ্গল ক্লাব’। কায়সারের হাতের লেখা মুক্তার মতো, ছবিও আঁকে চমৎকার। সে রয়েল বেঙ্গল টাইগারের মাথা-আঁকা স্বাধীন বাংলার একটি পতাকা বানিয়ে ফেলল।
তীর-ধনুক আর গুলতি দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হলো। বিন্দুবাসিনী স্কুলের টিনের ঘর ভেঙে বিল্ডিং তৈরি হবে। বালু আর ইটের স্তূপ অনেক। ট্রেঞ্চ খুঁড়ে যুদ্ধের মহড়া। আমরা দুজন দুপক্ষের সেনাপতি। আমার হাতের ইটের ঢিলে কায়সারের মাথা ফেটে দুভাগ। কপাল বেয়ে নামলো রক্তের ধারা। পরদিন ব্যান্ডেজ বাঁধা মাথা নিয়ে সে স্কুলের পরীক্ষায় অংশ নিল। এই বিন্দুবাসিনী স্কুলের সেই মাঠেই কিন্তু ১৯৭১ সালে মওলানা ভাসানী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আর কাদেরিয়া বাহিনীর অস্ত্রসমর্পণ হয়েছিল এ-মাঠেই। কায়সার আর আমি দুজনেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। সক্রিয় রাজনীতি না করলেও স্কুল-জীবনে আবু কায়সার ছাত্র ইউনিয়নের সদস্য ছিল। পঞ্চাশের দশকে মরহুম কবি মীর আবুল খায়েরকে সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক ও রফিক আজাদকে সহ-সভাপতি করে টাঙ্গাইলে জন্ম নেয় ‘আধুনিক কবি সঙ্ঘ’। কবি মীর আবুল খায়েরের মৃত্যুর পর দীপক আজাদ সভাপতি হয়। কৃষ্ণানন্দ সাহা রায় যুগ্ম-সম্পাদক ছিল। আবু কায়সার তখনো কবিতা লেখার চেয়ে গদ্য লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। পরবর্তীকালে সে চমৎকার সব কবিতা লিখেছে। হয়েছে কবি আবু কায়সার। মার্জিত নাগরিক-রুচি আবু কায়সারের প্রতিটি কবিতায় একটি অন্য ধরনের বৈদগ্ধ এবং স্বাতন্ত্র্য এনে দিয়েছে। এটি ছিল তার স্বভাবের অন্তর্গত বৈশিষ্ট্য, অনেকের মতো কৃত্রিম নয়।
লেখার ব্যাপারে আবু কায়সার ছিল অসম্ভব পরিশ্রমী। এখানে তার কোনো আলস্য ছিল না। ঢাকার প্রবাস-জীবনের শুরুতে সে আমার এবং বর্তমানে বিএনপির মহাসচিব ও মন্ত্রী মান্নান ভূঁইয়ার সঙ্গে ৫০ নং রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত আমার কল্লোল মুদ্রায়ণের একটি রুমে একই সঙ্গে থাকত। তখন সে মাসিক ঝিনুকে চাকরি করত। আমরা সবাই তখন অর্থাভাবে দু-এক বেলা না-খেয়ে থাকতাম। বাড়ি থেকে যে-টাকা পেতাম ছাত্র ও শ্রমিক রাজনীতি করার কারণে মাসের অর্ধেক না যেতেই সব খরচ হয়ে যেত। কল্লোল মুদ্রায়ণে তখন আন্ডারগ্রাউন্ড জীবনে অভ্যস্ত কাজী জাফর আহমেদ, হায়দার আকবর খান রনো, রাশেদ খান মেননসহ অনেক নেতাকর্মীর রাত্রিযাপন এবং যাতায়াত ছিল। টাঙ্গাইলের শ্রমিকনেতা মতিন ভাই, সাংবাদিক ও রাজনীতিক রমিনুজ্জমান রইজ, আবু কায়সার, গৌতম বিশ্বাস, রাশেদ খান মেনন, আমি এবং মান্নান ভূঁইয়া ছিলাম স্থায়ী বাসিন্দা। আবু কায়সার প্রায় সারা জীবনই দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেছে। যখন কিছু টাকা হাতে পেয়েছে তখনই তা নিমিষে উড়িয়ে দিয়েছে কোনো শখ মেটাতে।
আমরা যখন রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়তাম, তখন আবু কায়সার মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে শুয়ে লিখত। অক্টোপাসের আলিঙ্গন। অ্যাডভেঞ্চার বইসহ তার অনেক লেখা এই কল্লোল মুদ্রায়ণে ছাপা হয়েছে। আমি যখন শান্তিনগর আমীনবাগের মেসে থাকি, তখন সে চরম অর্থাভাবে ধুঁকছে। হঠাৎ রাস্তায় দেখা। পরদিনই চলে এলো আমার মেসে। আবার দুবন্ধু এক বিছানায়। আশির দশকের শেষদিকে সে যথারীতি আবার বেকার। তখন আমি পুরানা পল্টন থেকে প্রকাশিত সাপ্তাহিক নয়াযুগের সম্পাদক। চলে এলো একদিন। কাজী জাফর আহমদ তখন উপ-প্রধানমন্ত্রী। কায়সারের কথা বললাম। বললেন, তোমার নয়াযুগে নিয়ে নাও। পরে আমি একটি ব্যবস্থা করব। আবার দুবন্ধু এক জায়গায়। অবশ্য মাত্র তিন-চারমাস পরই কায়সার অন্য পত্রিকায় চলে যায়।
কায়সার সাংবাদিকতা করেছে দীর্ঘদিন। লিখে গেছে নিরলসভাবে। তার সংসারের ব্যয় মেটাতে তাকে লিখতে হয়েছে। শুধু সাংবাদিকতা এবং লেখার ওপরই বছরের পর বছর নির্ভর করেছে তার সংসারের খরচ। অনেক ইচ্ছা পূরণই সম্ভব হয়নি অর্থাভাবে। আমরা দুজন কৈশোর এবং যৌবনের স্বপ্ন-বাস্তবায়নে যেতে পারিনি আফ্রিকার গহীন অরণ্যে, কোনো সাফারিতে। জীবনের বাস্তবতা আমাদের শার্লক হোমস অথবা বিমলকুমার হতে দেয়নি। কিন্তু কায়সারের লেখায় আমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ পেয়েছে। কূহকের দ্বীপ, কাফ্রির কাটা হাত অথবা ইনকারাজার গুপ্তধনে আমাদের স্বপ্নের অভিযাত্রা।
একবার চিঠিতে একটি বইয়ের দুটি চরিত্রের কথা উল্লেখ করে কায়সার আমাকে লিখেছিল, ‘ওরা দুজন আমাদের বালকবেলার সেই আমরা।’
রায়হানের রাজহাঁস লেখা শেষ করে মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে আমাকে গোটা বইটি পড়ে শুনিয়েছিল সে। শুনতে শুনতে সূর্য উঠে গেল। আমি স্তম্ভিত বিস্ময়ে বললাম, ‘নীলু, কী, লিখেছিস তুই! এ যে নাগরিক পথের পাঁচালি।’ বইটি কায়সার পরে অনেক পরিমার্জিত করে ছেপেছিল। কিন্তু আমার মনে হয়েছে পরিমার্জনার আগে অনেক বেশি বাস্তব ও মাটির কাছাকাছি ছিল চরিত্রগুলো। রায়হানের রাজহাঁস আমাদের কিশোরবেলার কাহিনী। কবিতায় নাগরিক চেতনা ও শিল্পবোধ আবু কায়সারকে বাংলাদেশের অন্য কবিদের থেকে নিজস্ব স্বাতন্ত্র্যের আলোকে চিহ্নিত করেছে। ঢাকার প্রবাস-জীবনে ফেলে- আসা স্মৃতির শহর টাঙ্গাইল, বাল্যস্মৃতি ওকে কুড়ে কুড়ে খেয়েছে। গত বছর আমার টাঙ্গাইলের বাসায় এসে অনেকক্ষণ কাটিয়েছিল। খাওয়া-দাওয়ার পর স্মৃতি-রোমন্থন। বেদনামিশ্রিত ধরা-গলায় কায়সার বলল, ‘বুলবুল, তুই কত সুখী! তোর অনেক পরে আমি ঢাকা গিয়েছি। তুই আমার আগেই আমাদের স্মৃতির শহরে ফিরে এলি। আমি নির্বাসনে রয়ে গেলাম। এবার চাকরি ছেড়ে মীরের বেতকায় চলে আসব, আমার গ্রামে। একটা সুন্দর ছোট্ট বাড়ি বানাব। তারপর জীবনের শেষকটা দিন কাটাব অতীতের স্মৃতি রোমন্থন করে। আর দুজন মিলে একটি কিশোর উপন্যাস লিখব। আর আমরা কয়েকজন স্কুল-জীবনে যে-হাতে লেখা মাসিক শতদল কিশোর পত্রিকা বের করতাম ওই নামে একটি কিশোর পত্রিকা বের করব।’
গত ১ মে ২০০৫ আমার বড় ছেলে সুমনকে নিয়ে সন্ধ্যার আগে পৌঁছলাম প্রথমে নন্দীর বেতকা, পরে মীরের বেতকায়। প্রথমে কবি মাহমুদ কামাল এবং তারপরেই পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদের টেলিফোনে খবরটা জেনেছি। দুসপ্তাহ ধরে আমি শয্যাশায়ী। তাই আমার বড় ছেলে সুমন আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কায়সারের বড় ছেলের নামও সুমন।
সন্ধ্যার আগে আগে পৌঁছলাম কবরস্থানে। মাটি খোঁড়া শেষ হয়েছে একটু আগে। এবার কায়সারের শ্বশুরবাড়িতে, যেখানে লাশ রাখা হয়েছে। কাপড় সরিয়ে মুখটা দেখলাম। এই কায়সার, সেই কায়সার! পঞ্চাশের দশকের সেই কিশোর কায়সার আমার চোখের সামনে। ওর কপালে সেই বিশেষ চিহ্নের মতো কাটা দাগ – যাকে ও বলত জয়টিকা।
কানের কাছে কয়েক গোছা চুলে পাক ধরেছে। কায়সার তুই চলে গেলি। এরকম তো কথা ছিল না। সেই বারো বছর বয়স থেকে কত স্মৃতি!
মনে আছে টাঙ্গাইলের এসডিও অরবিন্দবাবু, তুই আর আমি রাতের অন্ধকারে ইদিলপুরের আরণ্যক গ্রামে গারো মেয়েদের নাচ দেখেছিলাম জিপ গাড়ির হেডলাইট জ্বালিয়ে। ফিরে এসে তুই লিখেছিলি সেই কবিতা – ‘ইদিলপুর কতদূর।’
আমাদের সঙ্গে ছিল টাঙ্গাইল সমাচার পত্রিকার মহিলা সম্পাদিকা ‘দিলু’। তারপর দিলু একদিন আত্মহত্যা করল। মনে আছে আমার কবিতার বই সূর্যের গানের (অপ্রকাশিত) পাণ্ডুলিপি তৈরি করার সময় তুই প্রথম কবিতা লিখে আমাকে পড়তে দিয়েছিলি! বললি, ‘আমার লেখা, লিখলাম!’
রাতের অন্ধকারে মীরের বেতকা মাদ্রাসা মাঠে তোর ছোটভাই কমল, মাসুম, খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, কথাসাহিত্যিক রাশেদ রহমান, এম এ ছাত্তার উকিল – আমরা তোর লাশ সামনে নিয়ে দাঁড়িয়ে আছি। অন্ধকার ঘিরে আছে আমাদের। ওপরে তারাজ্বলা আকাশ, নিচে জানাজার জন্য অপেক্ষমাণ বেশকিছু মানুষ।
একজন মুক্তিযোদ্ধা কবির মৃতদেহ ঢেকে দেয়া হয়েছে লাল সূর্যখচিত সবুজ পতাকায়। পুলিশ অপেক্ষা করছে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাতে। কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিদ্যুৎ চলে গেছে। ইউএনও আর পুলিশের গাড়ির হেডলাইট জ্বালিয়ে লাশের কফিনকে আলোকিত করা হলো। জাতীয় পতাকা-ঢাকা লাশের কফিন। পুলিশের অস্ত্রসহ অভিবাদন।
আজ এই তারাজ্বলা আকাশের নিচে গাড়ির হেডলাইট জ্বালিয়ে শেষ অনুষ্ঠান…। আজ আর ইদিলপুরের অরণ্যে গারো মেয়েদের নাচ নয়। কায়সার, একটু পরে আমরা তোকে অচেনা ভুবনে রেখে চলে যাবো। তুই কি আজ একটি নতুন কবিতা লিখবি? ‘ইদিলপুর কতদূর’ ছিল তোর কবিতার শিরোনাম। নতুন কবিতার শিরোনাম কী হবে! টাঙ্গাইল, হে প্রিয় শহর আমার। হে আমার বাল্যের সখা, স্মৃতির শহর, তুমি কি জানো! সেই নীলু, সেই আবু কায়সার, সেই পঞ্চাশের দশকের শহর দাপিয়ে বেড়ানোদের একজন, তোমার আদরের সন্তান আবু কায়সার চলে গেছে, আর আসবে না।

Leave a Reply
You must be logged in to post a comment.