বুকের কাছেই রেখো, জমা করো; একদিন এসে তুলে নেবো।

নেবো নেবো করে, অনেক বৈশাখ খসে গেছে

চৈত্রের বাদামি পাতায়।

আমিও রেখেছি ধরে বুক-বরাবর

এক টুকরো দীর্ঘশ্বাস। সারাক্ষণ হারানোর ভয়।

কথাগুলো যত্নে রাখা খুব দরকার।

পকেট সেলাই করা খুব দরকার।

ঝরে দিন চৈত্রের পাতায়।

একটা পকেটে আর কতই-বা ধরে যায়।

যেতে হবে দর্জির দোকানে;

পকেট সেলাই করে নেবো।

যদিও-বা জানি

যেভাবে উধাও হয় প্রতারণারশত সময়

তার চে’ও বেশি দিন গেছে।

তবু যাই দর্জির দোকানে;

বুকটা সেলাই করে নেবো।

ওই মোড়ে কাকে দেখা গেল!

সেলাইকলের মতো নতমুখে কে ওখানে –

কাকে দেখা গেল! দর্জির দোকানে?