কবিতার আসা-যাওয়া

কাব্যদেহে দোল খায় যেন অনবদ্য শব্দের সংগীত

হৃদয়ে অবাক সুর, বুকভরা স্বপ্নের বাগানে ফোটে ফুল

পৃথিবীর অনবদ্য বকুল তলায় খুঁজি, ঝরে পড়া কুঁড়ি

কবিতা কন্যার হৃদয়-মথিত মুঠোবন্দি অকিঞ্চিৎ ধন।

ছন্দের বাগানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শব্দমালা গান

বুকের অলিন্দে ঝুলে থাকা সবগুলি মুগ্ধ পারিজাত

করতলে রাখা স্বপ্ন গল্প সংগীতের নিটোল মুদ্রার শব্দাবলি

ভালবাসা দিয়ে গাঁথা বাগানের সবটুকু সাহসের কুঁড়ি, আর

নদীজলে ভেসে ওঠা পৌরাণিক সাহসের সমন্বয়ে সুরের আগুন।

এতকিছু মিলেমিশে গড়ে ওঠা এক পৌরাণিক গৃহে

বেড়ে ওঠা কবিতার শরীর কাঁপায় সুন্দরের অনঙ্গবেদনা

পৃথিবীর বুকে ঢেউয়ের ডিঙি নৌকা নিরন্তর নাচে অবিরাম ;

অবশেষে একদিন সমুদ্র মন্থন শেষে মিলায় পাতালে!

এভাবে কবিতাকন্যা পৃথিবীর বুকে আসে আর যায় এভাবে কবিতা-দেহে সত্যাসত্য চিরদিন আসে আর যায়।