তুমি কি ফিরে যেতে চাও শালবীথি তলে

তুমি কি ফিরে যেতে চাও শালবীথিতলে –

যেখানে এক ভিন্ন আকাশ, কারোর সান্নিধ্যে

কালের কপোল নীল, নীলাভ অধরে

লিখিয়েছ নাম? জানতো বিষয়টি শুধুই কালের

শম্পার পায়ের দীর্ঘশ্বাস, হু-হু নীরবতা,

সাঁওতালি পথের গ্রীবার পাশে সেই নীলধ্বজ, মৃত্তিকার

গাও ঘেঁষে সুদূরের ঘ্রাণ – হতে পারে অনুভূত

হৃদয়ের দুরূহ সংগীত – খোয়াইয়ের ধার;

পূর্বপল্লি মাঠ – মৃণালিনী হয়ে ছাতিমতলার নিচে

মহর্ষির প্রশান্ত, বিমূর্ত অবয়ব ছুঁয়ে

উত্তরায়ণের উদাসীন প্রাঙ্গণের রাবীন্দ্রিক

পাথরকুচির গান – শ্যামলী বাড়ির পাশে

ক্লাস-ফাঁকে এই সব বেদনাকে টুকে রাখা

কারো পদোধ্বনি – কাঁধে বয়ে সময়ের লাশ,

শ্রাবণলতার সাথে তুমি কেউ এসেছিল

ধ্যানস্থ বুদ্ধের পাশে মামবী সুজাতা ডাকে

আয়, আয় – এখানে বিশেষ জীবন আছে,

অদৃশ্য, অদ্ভুত এক গোপন সেতার –

তোমারি মতন নীল অপার্থিব বিষণ্ন সুন্দর।