যখন উজ্জ্বল আলোগুলো হঠাৎ নিভে যায়
আমাদের খড়কুটো অবিশ্বাস স্ফীত হয়
অনেক ওপরে উঠে যাওয়া গ্যাসবেলুনের
ফেটে যাওয়ার আগে কী ঘটে যখন
শহরের সেরা ধনী লোকটা
উচ্চাঙ্গসংগীতের মানে বোঝে না!
অবহেলা তার সীমা ছাড়িয়ে গেলে
টান-টান হয়ে থাকা ধৈর্য ছিঁড়ে যায়;
যখন বহুতল ভবনের ছাদ থেকে
গলিপথের খিস্তি-খেউড়ের ভেতর এসে পড়ে
অপ্রস্তুত চাঁদ, তখন কী ঘটে
নিঃসঙ্গ পথিকের মাথার ভেতর, তুমি বলো!

Leave a Reply
You must be logged in to post a comment.