ক্রমাগত নাগালের বাইরে চলে যাচ্ছে

সব পথ ভাগ হয়ে যাচ্ছে নানাদিকে।

নানাভাবে ব্যবহৃত হচ্ছে

পথের ঠিকানা – এখন এই দুপুরে – পথে পথে

চিৎকার-হাঁক-ডাক জীবনের নানা ছলনায়

নানাভাবে মানুষ এঁটেছে নানান মুখোশ

বাইরে কুয়াশা-মলিন মাঘের আকাশ

এই সকালে রোদ চলে যাচ্ছে তরতর করে নাগালের

ওপারে – এই মেট্রোপলিটান শহরের

সবকিছুই এখন নাগালের সীমার

ওপারে শেয়ার বাজার নিত্য-ভোগ্যপণ্য, ব্যাংকিং

ধর্ম ও অধর্মের কড়চা – নেই আর

মানুষের এখতিয়ারে!

আমাদের জীবনের সকল চাওয়া, সহজিয়া প্রেম

পলাতকা পাখি উড়ে গেছে দূরে!

তোমার চোখেও দেখি অস্থির – পলাতকা

পাখি এক ডানা ঝাপটায়।

আমাদের আর কিছু নেই সাধ্যের সীমারেখায়

সমস্ত সম্পর্কের সুতো ছিঁড়ে চলে গেছ

তুমিও। – আমাদের হাত ফসকে চিরচেনা

উষ্ণতর হাত খসে যায় – ক্রমাগত বেড়ে যায়

   সীমার দূরত্ব।