গুরুচণ্ডালী

গুরু ছিল উঁচুলোক, উঁচু উঁচু ভাষা

নিচু ভাষা মেয়েদের, চণ্ডাল, চাষার

গুরুভাষা গুরুবার গুরু সংকীর্তন

গুরুভারে নুয়ে পড়ে শিষ্যের জীবন।

আমরা চণ্ডাল লোক, গুরুও শিখেছি

ঠুসে দিই চণ্ডালীকে গুরুর গভীরে

যেভাবে আলুর মধ্যে কাঁচালঙ্কা ঠুসি

চণ্ডালিকা গুরুজির ভাষা করে জুসি।

গুরু আর চণ্ডালীর এই ফিউশনে

নিচু লোকেদের মুখে ভাষা জেগে ওঠে

দলিত মেথর মুচি নমঃশূদ্র নারী

গুরুচণ্ডালীতে বলে আনাড়ি খিলাড়ি।

নারী ও শূদ্রের জন্য প্রাকৃত এবং

দলিত দেহাতি হিন্দি, নেটিভ নিগার

অং বং শিখে তবে দিয়েছে কামড়

আজ তারা হাইব্রিড, দিল মাঙ্গে মোর।

আমাদের বর্ণমালা হিংলা বাংরেজি

আমাদের গুরু ছিল পুরুষ ব্রাহ্মণ

মহাগুরু ইংরেজ টম ডিক হ্যারি

গুরুমারা বিদ্যে দিয়ে তাহাদেরই মারি।