মূল : তাবান লো লিয়ং

এখন যে-গল্পটা বলব, তা যদি আমার আগের কোনো গল্পের সঙ্গে মিলে যায়, তার কারণ হতে পারে মনের ভাবপ্রকাশের সীমাবদ্ধতা, যা একই গল্পকে কখনো করুণ, কখনো হাস্যরসাত্মক কিংবা কখনো দুটোর মিশ্রণ বানিয়ে ছাড়ে। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ যে, আমরা যেন আমাদের শিশুসন্তানদের ব্যাকরণের কর্তা-কর্ম-ক্রিয়া ইত্যাদি বিষয়ে যথার্থ জ্ঞানদান করি। বিভ্রান্তি থেকে ভুল বোঝাবুঝি, এমনকী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এবার গল্প শুরু করা যাক।

স্থান আফ্রিকা, দুর্ভিক্ষের সময়। বরং বলা যাক, আফ্রিকাতে তখন দুর্ভিক্ষ চলছিল। এবং যে-আফ্রিকার কথা আমাদের মনে ভেসে ওঠে, তা হচ্ছে কুকু (দক্ষিণ সুদান) আফ্রিকা। কারণটা বলি, এ গল্পের কেন্দ্রে রয়েছে কুকু-ব্যাকরণ। গল্পে বর্ণিত বৃক্ষ ও ফল কাজোকাজি অর্থাৎ কুকুভূমিরই ফসল এবং গল্পে যে-পশুটির কথা বলা হয়েছে সেটিও কাজোকাজির নাগরিক। সে যাক, ওটা ছিল দুর্ভিক্ষের সময়।

এক যে ছিল নারী। ওর স্বামী যে কোথায় গেছে, সেটা স্পষ্টভাবে কেউ জানে না। কিন্তু দুর্ভিক্ষের সময় মায়েরাই অধিকতর নির্ভরযোগ্য। শিশুরাও মায়েদের গলা জড়িয়ে থাকে। আমাদের গল্পের নারীর একটি পিচ্চি শিশু আছে, সম্ভবত কোয়াশিরকর রোগে ভুগছে – ইয়া বড় পেট, ইয়া বড় মাথা, বড় বড় চোখ, লিকলিকে হাত-পা।আবার এসব না-ও হতে পারে। আমি মহিলাকে দেখিনি, কেবল ওর গল্প শুনেছিলাম।

আমরা মেনে নিচ্ছি, গল্পটি পুনরাবৃত্তিমূলক, সম্ভবত যা ঘটেছিল তার দ্বিতীয় কিংবা তৃতীয় নম্বর পুনরাবৃত্তি। যারা এ গল্পে আদিতে বলেছিলেন, তারা এর কাব্যিক মেধা, বুদ্ধিবৃত্তিক প্রতিভাতে হতবাক হয়েছিলেন; কীভাবে বিভিন্ন বস্তুর সম্মিলন একটি অসাধারণ ঘটনার জন্ম দিতে পারে।

(গল্পটি বাহির থেকে দেখা। অথবা ঘটনার যখন পালাবদল ঘটছে, তার আলোকে কথক তার অনুভূতির কথা বলছেন, তার হৃদয়-জুড়ে-থাকা ভাবনার কথা বলছেন – কীভাবে ভিন্ন কুশীলবটিকে প্রতিহত করলেন কিংবা আত্মসমর্পণ করলেন কিংবা তার ঘৃণার উদ্রেক করল। এর মধ্যে আত্মার অংশগ্রহণ নেই। যা করছে হৃদয় – হৃদয় এখানে কর্তা। মনস্কতা বা অন্যমনস্কতা এখানে ভূমিকাহীন। কারণ আপনার মাথা নামক বস্তুটা থাকতেও পারে, না-ও থাকতে পারে। এর সঙ্গে শ্রদ্ধাবোধ, ভাবাবেগহীনতা ও বিবেচনাশূন্যতার নিকট-সম্পর্ক রয়েছে। আপনাকে অবশ্য হৃদয়ের মনস্তত্ত্ব খুঁজতে হবে। কিংবা বলা যায়, আফ্রিকানরা কীভাবে অনুভব করে, আচরণ করে এবং ক্রিয়া-বিক্রিয়া ব্যক্ত করে, তা জানার জন্যে হৃদয়ের হৃদয়তত্ত্ব জানতে হবে।)

হ্যাঁ, আফ্রিকায় তখন দুর্ভিক্ষ চলছে। এক যে ছিল নারী। তার ছিল এক শিশু। শিশুটি কোয়াশিরকর রোগী হোক বা না হোক। মহিলার আরো একটি বয়সে-বড় সন্তান ছিল, যে ওই মানুষ নামের কলসি-পেট বস্তুটিকে দেখাশোনা করত। আমরা ওকে ক্ষুদে মানব বা ক্ষুদে শিশু নাম দিতে পারি। গত দুদিন-দুরাত ওদের কোনো খাবার জোটেনি। আজ ভোরে ওরা দূরের এক গন্তব্যে রওনা দিয়েছে। চার-পাঁচ ঘণ্টার পথ। বাদাম-ফলের খোঁজে। এর রসালো আবরণটা খাওয়া যায়। ভেতরের বিচি থেকে তেল বানানো যায়। এ ফল খেয়ে এখন মানুষ জীবন বাঁচায়। (শুধু এই মা নয়, সবাই তা করছে। সর্বত্র। বৃষ্টি না হওয়াতে ফসল শুকিয়ে গেছে। কেবল শত বছর বেঁচে-থাকা এই গাছগুলোতে ফুল ধরে, বীজ ধরে, খরা সত্ত্বেও।) ওরা এমন একটি ফলবান বাদাম গাছের খোঁজ পেয়ে যায়।

মা তার কোয়াশিরকর রোগক্লিষ্ট শিশুটিকে কোল থেকে নামাল এবং ফল রাখার ঝুড়িটির পাশে বসিয়ে দিল। সে নিজে গাছে ওঠে। ওপর থেকে ফল পেড়ে নিচে ফেলবে। তুলনামূলকভাবে বড় শিশুটিকে, যেটি বোধকরি মেয়ে, মা বলে দিল ফলগুলো কুড়িয়ে যেন বেতের ঝুড়িতে তুলে রাখে। অতঃপর মহিলা গাছ বেয়ে উঠল।

আসল কাজ শুরুর আগে দু-একটি ফল মুখে পুরে চিবোতে লাগল।

তার মেয়েটিও অপেক্ষা করতে লাগল কখন ওর মা ওপর থেকে

বাদাম ফেলবে এবং সেও দু-একটি চিবিয়ে ক্ষুধার ক্ষুরধার মুখকে কিঞ্চিৎ ভোঁতা করার সুযোগ পাবে। একসময় ফল পড়তে শুরু

করলে মেয়েটি একবার এদিকে, আরেকবার ওদিকে ছুটতে ছুটতে ফলগুলো তুলতে লাগল বেতের ঝুড়িতে। গাছের প্রসারিত শাখার

নিচে মেয়েটি এ-প্রান্ত থেকে ও-প্রান্তে দৌড়ে বেড়াল। এ দৌড় চলছে তো চলছেই।

দীর্ঘক্ষণ পরে বড় মেয়েটি লক্ষ করল, পিচ্চিটির মাথা আগের জায়গায় নেই। তৈলাক্ত বৃক্ষকাণ্ডের মতো নরম মসৃণ চকচকে কী যেন এক জিনিসের ভেতর ওর বোনের মাথাটি দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। বড় মেয়েটি ওর মা যে-ডালে দাঁড়িয়ে ফল ছুড়ে দিচ্ছিল, তার নিচে গিয়ে চিৎকার করে জানাল,

মা, ওটা গিলে খাচ্ছে।

কী বলছিস?

ওটা গিলে খাচ্ছে।

ওকে গিলতে দে। গতকাল ওটা কিছু না খেয়ে ঘুমিয়েছিল।

মেয়েটা কী করবে বুঝে উঠতে পারে না। সে ইতোমধ্যে আরো কিছু ফল কুড়িয়ে ঝুড়িতে রাখল। সেইসঙ্গে দেখল যে, শিশুটার মাথা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। এখন ঘাড় অদৃশ্য হয়ে যাচ্ছে।

ও মায়ের দিকে আবার দৌড়ে গিয়ে জানাল,

মা, মা, আমি বলেছিলাম না, ওটা এখনো গিলছে।

বেশ গিলুক না। তোকে কি আমি বলিনি, ওটা কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিল।

মেয়েটি আরো কটি ফল কুড়িয়ে ঝুড়িতে রাখল এবং দেখল, কোয়াশিরকরের রোগঅলা মোটা পেটটি এবার অদৃশ্য হয়ে যাচ্ছে। সে আবার ওর মায়ের কাছে দৌড়ে গিয়ে জানাল,

মা, মা, ওটা সত্যি সত্যিই গিলে খাচ্ছে কিন্তু।

আরে মেয়ে, তোর কী হয়েছে? আমি কি তোকে বলিনি, ওটা গিলতেই পারে কারণ ওটা কাল না গিলে ঘুমিয়ে পড়েছিল। তুই কি বোকা নাকি!

মেয়েটি আবারো বাদাম কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল। ফিরে এসে দেখল, ওর বোনের ছোট ছোট পা দুটো দীর্ঘ ইয়া-বড় থলেটার ভেতর অদৃশ্য হয়ে যাচ্ছে। সে তক্ষুনি তার মাকে জানাতে ছুটল,

মা, ওর গেলা শেষ হয়েছে।

বেশ ভালো, ও বরং ওতে বেঁচে থাকবে।

অবশেষে মা গাছ থেকে নামল। বাচ্চাটাকে কোথাও দেখতে না পেয়ে জিজ্ঞেস করল,

ও কোথায়?

সে ওই জিনিসটার ভেতরে চলে গেছে।

কোন জিনিস?

বড় মেয়েটি হাত দিয়ে দেখিয়ে দিল।

আমাকে বলিসনি কেন?

মা, আমি তোমাকে বলেছিলাম, ওটা গিলছে। তুমিই তো জবাব দিয়েছ, ওটার গেলা উচিত কারণ ওটা গতকাল না গিলে ঘুমিয়েছে।

অজগরটি সম্ভবত দীর্ঘকাল না খেয়ে ঘুমিয়েছিল এবং তখন সদ্য-ভক্ষণ-করা খাদ্যহজমে ব্যস্ত রয়েছে।

তাই বলছিলাম, যদি পিতামাতারা তাদের সন্তানদের সম্পূর্ণ বাক্যগঠনের শিক্ষা না দেন এবং ছেলেমেয়েদের দ্ব্যর্থক কথাবার্তার নজরদারি না করেন, তবে তারা তাদের সন্তানদের নতুন নতুন অজগরের খাদ্য বানাবেন। এতে আমার কোনো সন্দেহ নেই।