পর

চোদ্দ

আচমকা বুকে একটা ধাক্কা লাগল নীলুর।

আরে, বাসটা গেল কোথায়, পেট্রোল নেয়ার জন্য দাঁড়িয়ে ছিল, সেই ফাঁকে নীলু গেছে টয়লেটে, বেরিয়ে এসে দেখে নেই। ফিলিং স্টেশান ফাঁকা।

এ কী কাণ্ড! তাকে ফেলেই চলে গেছে বাস? কিন্তু নীলুর ব্যাগটা যে বাসে রয়ে গেছে!

নীলু দিশেহারা হলো। এখন কী করবে!

ফিলিং স্টেশানের কাউন্টারে দাড়িঅলা একজন লোক বসে আছে, আরেকজন দাঁড়িয়ে আছে বাইরে। দুজনের মাঝখানে কাচের দেয়াল। দেয়ালের মাঝখানে দশ নম্বরী ফুটবল সাইজের একটা ফুটো। বিক্রমপুর এলাকায় এই সাইজের ফুটোকে বলে ‘ভোগলা’। সেই ভোগলা দিয়ে কথা বলছে দুজন।

নীলু এসে তাদের সামনে দাঁড়াল।

তাকে দেখে দুজনেই ভুরু কুঁচকালো। বাইরে দাঁড়ানো লোকটি বলল, কই থিকা আইলেন আপনে?

টয়লেটে গেছিলাম।

চোদ্দ

আচমকা বুকে একটা ধাক্কা লাগল নীলুর।

আরে, বাসটা গেল কোথায়, পেট্রোল নেয়ার জন্য দাঁড়িয়ে ছিল, সেই ফাঁকে নীলু গেছে টয়লেটে, বেরিয়ে এসে দেখে নেই। ফিলিং স্টেশান ফাঁকা।

এ কী কাণ্ড! তাকে ফেলেই চলে গেছে বাস? কিন্তু নীলুর ব্যাগটা যে বাসে রয়ে গেছে!

নীলু দিশেহারা হলো। এখন কী করবে!

ফিলিং স্টেশানের কাউন্টারে দাড়িঅলা একজন লোক বসে আছে, আরেকজন দাঁড়িয়ে আছে বাইরে। দুজনের মাঝখানে কাচের দেয়াল। দেয়ালের মাঝখানে দশ নম্বরী ফুটবল সাইজের একটা ফুটো। বিক্রমপুর এলাকায় এই সাইজের ফুটোকে বলে ‘ভোগলা’। সেই ভোগলা দিয়ে কথা বলছে দুজন।

নীলু এসে তাদের সামনে দাঁড়াল।

তাকে দেখে দুজনেই ভুরু কুঁচকালো। বাইরে দাঁড়ানো লোকটি বলল, কই থিকা আইলেন আপনে?

টয়লেটে গেছিলাম।

কন কী? বাস তো আপনেরে ফালাইয়া গেছে গা।

সেইটাই তো দেখতাছি।

কাউন্টারে বসা লোকটি বলল, এইটা কেমনে হয়। ড্রাইভাররে বইলা নামেন নাই?

বইলাই তো নামছি।

তয় আপনেরে ফালাইয়া যায় কেমনে?

বুঝতে পারতাছি না।

বাইরে দাঁড়ানো লোকটি বলল, এই লাইনের কোনও বাস তো কোনওদিন এই রকম কারবার করে নাই। কোন কম্পানির বাস কইতে পারেন?

নীলু কথা বলবার আগেই কাউন্টারে বসা লোকটি বলল, আরে ইলিশ, ইলিশ কম্পানি।

বুজছি। আলী ভাইগ কম্পানি। মেদিন মণ্ডলের আলী ভাই।

হ। আমার দোস্ত কাইয়ূমেরও শেয়ার আছে এই কম্পানিতে।

দাড়িঅলা লোকটি নীলুর দিকে তাকাল। বাসে ব্যাগ সোটকেস কিছু রইয়া গেছেনি আপনের?

নীলু ততক্ষণে খুবই বিরক্ত হয়েছে। বিরক্ত হলে চেহারা বদলে যায় তার। কপালে দুতিনটা ভাঁজ পড়ে আর মুখটা যায় শক্ত হয়ে। শক্ত মুখ নিয়েই বলল, সুটকেস ফুটকেস আছিল না, একটা ব্যাগ আছিল।

ব্যাগে আছিল কী?

তেমন কিছু না। দুই-একটা জামাকাপড় আর টুকটাক দরকারি জিনিস।

বুজছি, বুজছি। ইলিশ কম্পানি কামডা ভালো করে নাই। বইলা নামনের পরও ফালাইয়া যায় কেমনে?

বাইরে দাঁড়ানো লোকটি বলল, তয় আমার মনে হয় আপনে একটু বেশি টাইম নিছেন। পেশাব করতে কতক্ষুণ লাগে?

পেশাব না ভাই, অন্যটা।

বুজছি বুজছি। হাগা ধরছিল। টাইম বেশি নিছেন দেইখাই কারবারটা হইয়া গেছে। মনে হয় অন্য পিসিনজাররা চিল্লাচিল্লি করতাছিল, কেউ হয়তো রাগারাগিও করছে এর লেইগা ডিরাইভার চেইত্তা গেছে। তারবাদে আপনেরে ফালাইয়াই চইলা গেছে।

কাউন্টারে বসা লোকটি বলল, আপনে যাইবেন কই?

মাওয়া।

মাওয়ার বাজারে?

নীলু মাথা নাড়ল।

বাড়ি কই আপনেগ?

নীলু আরও বিরক্ত হলো। রুক্ষ গলায় বলল, এত কথা কইতে পারুম না ভাই। আমারে খালি একটা বুদ্ধি দেন, এখান থিকা মাওয়া পর্যন্ত আমি যাইতে পারি কেমনে? ব্যাগটা ফিরত পাওয়া সম্ভব কী না!

লোকটি হাসল। আরে ভাই চেতেন ক্যান? যাওনের ব্যবস্থা হইবোনে। এই রাস্তার সব বাসই মাওয়া যায়। কোনও একটায় উইঠা যাইয়েন। মাওয়ার ঘাটে ইলিশ কম্পানির কাউন্টার আছে। ওখানে গিয়া খোঁজ নিলে আর আপনের ভাগ্যি যুদি ভাল থাকে তয় ব্যাগটাও পাইয়া যাইবেন।

ততক্ষণে দিশেহারা ভাবটা কেটে গেছে নীলুর, বিরক্তিটা কাটেনি। এই ধরনের পরিস্থিতিতে নেশাখোর মানুষদের নেশা করতে ইচ্ছে করে। নীলুর সিগ্রেট খেতে ইচ্ছে করছে। কিন্তু ফিলিং স্টেশানে সিগ্রেট খাওয়া যায় না। পেট্রোলের মতো ভয়াবহ জিনিসের কারবার। সিগ্রেট ধরাবার জন্য ম্যাচ কিংবা লাইটার জ্বালাবার সঙ্গে সঙ্গে ঘটনা ঘটে যেতে পারে।

নীলু কি তাহলে সামনের রাস্তাটায় গিয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে সিগ্রেট টানতে টানতে বাসের জন্য অপেক্ষা করবে!

তারপরই যেন ফিলিং স্টেশানটা পুরোপুরি চোখে পড়ল তার। বাসটা যখন এখানে ঢুকেছিল তার কয়েক মিনিট আগ থেকেই তলপেটে চাপ পড়েছিল। সকালবেলা পেটটা ক্লিয়ার হয়নি। দুপুরে খেয়েদেয়ে বাসে ওঠার পর থেকেই একটু একটু অস্বস্তি। পেটে গ্যাস হচ্ছিল। দুতিনবার গোপনে বায়ুও ত্যাগ করল। তারপর একসময় আসল চাপটা পড়ল। জানালার ধারে বসে এদিক-ওদিক তাকাচ্ছিল নীলু। রাস্তার ধারে কোনও রেস্টুরেন্ট কিংবা কাজটা সারা যায় এমন জাগা দেখলেই ড্রাইভারকে বলবে বাস থামাতে। সেটার আর দরকার হলো না। বাস ঢুকে গেল ফিলিং স্টেশানে। সঙ্গে সঙ্গে চান্সটা নিল নীলু। ওরকম চাপের মুখে কে তাকায় কোনদিকে। নীলুও তাকায়নি। কাজ সেরে বেরিয়ে আসার পর তো এই কারবার। এখন ফিলিং স্টেশানটা খেয়াল করে দেখে মুগ্ধ হয়ে গেল নীলু। আরে বা, এ তো দেখি কায়দার ফিলিং স্টেশান। লাইট ফাইট লাগিয়ে বেশ-একটা চটকদার অবস্থা। যাত্রীদের সুবিধার জন্য টয়লেট বাথরুমের সুন্দর বন্দোবস্ত। কাজটা নীলু হাই কমোডে বসে সারতে পেরেছে। ফ্লাসও বেশ জোরদার কাজ করল। বদনা-ফদনার কারবার নেই, হ্যান্ড সাওয়ারে শৌচকর্মের ব্যবস্থা। হাত-মুখ ধোয়ার জন্য সুন্দর বেসিন, বেসিনের ওপর ঝকঝকে মুখ দেখার আয়না। তাকের ওপর লাইফবয়ের লিকুইড সাবান। এ তো গেল ভেতরের ব্যাপার, বাইরেও তো দেখি কায়দার অন্ত নেই। দক্ষিণ দিকে আরামছে বসে হাওয়া খাওয়ার জন্য ছাতার মতো দুখানা সেড তৈরি করে তার তলায় প্লাস্টিকের চেয়ার টেবিল পেতে দেয়া হয়েছে। কিন্তু কেউ কি ওখানে বসার চান্স পায়? তেল নিতে আসা বাসগুলো এখানে ক-মিনিট দাঁড়ায়? সেই ফাঁকে কে নামে বাস থেকে, কে গিয়ে বসে ওই সেডের তলায়?

নীলু মনে মনে বলল, আমি বসব। আমি কিছুক্ষণ বসে থাকব। কিন্তু ওখানে বসলেই তো সিগ্রেট খেতে ইচ্ছে করবে। সঙ্গে এককাপ চা হলে আর জমে যাবে। এক চুমুক চা, একটান সিগ্রেট। নয়তো গরম গরম এককাপ চা শেষ করে খুবই আয়েশি ভঙ্গিতে একটা সিগ্রেট ধরিয়ে উদাস চোখে কোনওদিকে না তাকিয়ে টানতে থাকে। সামনের রাস্তা দিয়ে সাঁ সাঁ করে বাস, মিনিবাস, ট্রাক, ট্যাক্সি যাবে, হাওয়ায় ভাসবে চিকন ধুলোবালি, ওসব তোমার তাকিয়ে দেখবার দরকার নেই। তুমি থাকবে তোমার মনে। রবীন্দ্রনাথের গানের মতো, ‘আমায় থাকতে দে না আপন মনে’।

নীলু সেডের তলায় এসে বসল। বসে আকাশের দিকে তাকিয়ে ভুলে গেল সে এখানে কেন এসেছে, কেন বসে আছে। বাস তাকে ফেলে চলে গেছে, বাসে রয়ে গেছে তার ব্যাগ। সে কোথায় যাবে? কেন যাবে কিচ্ছু তার মনে রইল না। মগ্ন হয়ে গান গাইতে লাগল সে।

আমায় থাকতে দে না আপন মনে

সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে ॥

কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে,

তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে ॥

এই যে ব্যথার রতনখানি আমার বুকে দিল আনি

এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশে।

নয়নজলে সামনে দাঁড়াই, তারে সাজাই তারি ধনে ॥

ড্রাইভার লোকটির নাম বেলাল।

গাড়ি খুবই ভালো চালায় সে, কিন্তু কথা একদম বলেই না। কথায় না, সে আসলে কাজে বিশ্বাসী। তবে অন্যের কথা শুনে মিটিমিটি হাসার একটা স্বভাব আছে। লালুবাবু খোকন আর জয়িতার কথা শুনে ওরকম হাসিটা সে প্রায়ই হাসছিল। একসময় একটা কথা সে বলল। বলল খোকনকে। ভাই, তেল নেওন লাগব।

খোকন মুখ ঘুরিয়ে বেলালের দিকে তাকাল। তেল লাগব?

হ।

আগে দেখি কিছু কইলা না?

আপনে না জিগাইলে কেমতে কই।

আমার জিগান না জিগানের লগে তেলের সমন্ধ কী? গাড়ি চালাও তুমি, তেল আছে না নাই এইডা বুজবা তুমি।

বেলাল চুপ করে রইল।

খোকন বলল, ঠিক আছে, তেল নেও। সামনেই তালুকদার ফিলিং স্টেশান পড়ব। ওইখানে ঢোক।

কয়েক মিনিটের মধ্যেই মাইক্রোবাস এসে তালুকদার ফিলিং স্টেশানে ঢুকল।

জয়িতা বলল, ও খোকনদা, এখানে নামা যাবে?হ হ যাইবো। নামো।

ওয়াস রুমটুম আছে?

আরে বেবাক কিছু আছে। এইটা হইল আমগ আউয়াল তালুকদারের পেট্রোল পাম্প। আলহাজ্ব আব্দুল আউয়াল তালুকদার। এক নম্বর মেদিনী মণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছিল গত আওয়ামী লীগের আমলে। মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্বর্ণপদক পাইছে। খুবই আমুদে ধরনের মানুষ। যে কোনও কিছুতে চমক দিতে পছন্দ করে। তুমি এখানে নামো, নামলেই চমকটা বুঝতে পারবা।

লালুবাবু বললেন, জাগাটার নাম কী?

নিমতলী।

নিমতলীটা কোন জাগায় কও তো?

জয়িতা হাসল। কী বোকার মতো প্রশ্ন। শোন বুড়ো, উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি। নিমতলী জায়গাটা হচ্ছে নিমতলীতেই।

লালুবাবুও হাসলেন। আরে ছেমড়ি আমি ওই অর্থে কই নাই আমি জানতে চাইছি নিমতলীটা বিক্রমপুরের কোন থানায় পড়ছে।

খোকন বলল, দাদার কথাটা আমি বুজছি। দাদা, এইডা হইল সিরাজদিখান থানায়।

এইবার বুজছি। লও নামি।

একে একে সবাই নামল।

জয়িতা বলল, খোকনদা, তোমার কথা শুনে আমি বুজদে পেরেচি এখানকার সবই তোমার চেনা। বহুবার এখানটায় তুমি এয়েচ। ওয়াসরুমটা কোনদিকে বলো তো?

খোকন আঙুল তুলে দেখাল। ওই তো পিছন দিকটায়।

জয়িতা দ্রুত হেঁটে সেদিকে চলে গেল।

লালুবাবু তখন চারদিক তাকিয়ে তাকিয়ে দেখছেন। কীরকম রুক্ষ রুক্ষ লাগছে জায়গাটা। হাইওয়ের পাশটা অবশ্য এরকমই হবে। রাস্তার ওপাশটা পশ্চিম দিক। সেখানটায় বিক্রমপুরের আদি চেহারা কিছুটা চোখে পড়ে। জলাভূমি, ধানক্ষেত তারপর গ্রাম। গ্রামের মাথার ওপর দুপুর তিনটার রোদেভাসা আকাশ। জানুয়ারি মাসের আকাশ বেশ স্বচ্ছ।

লালুবাবুর কেন যে একটা দীর্ঘশ্বাস পড়ল।

বেলাল তখন খোকনের পাশে এসে দাঁড়িয়েছে। কয়টা তেল নিমু?

দশটায় হইব না?

হইব।

তয় দশটায় নেও।

মাইক্রোবাস দেখে স্টেশানের একজন কর্মচারী এসে দাঁড়িয়েছে সামনে। খোকনকে দেখেই লম্বা একটা সালাম দিল সে। আসসেলামালাইকুম খোকন ভাই। ভালো আছেন নি?

আছি। তর খবর কী মতি?

চইলা যাইতাছে।

তালুকদার সাব পাম্পে আসে না?

কাউলকা একবার আইছিল।

দে দশটা তেল দে।

তার আগে একটা কথা কন, আপনেরা কি কাজির পাগলা ইসকুলের পোরোগেরামে যাইতাছেন?

হ। প্রোগ্রাম তো কাউলকা।

হেইডা জানি।

মতি মুখ লম্বা করে হাসল। কথাডা ক্যান জিগাইলাম জানেন?

না, ক্যান ক তো?

আপনেগ লেইগা বিশটা তেল ফিরি।

কী?

হ। তালুকদার সাবের অডার। কাজির পাগলা ইসকুলের পোরোগেরামের লেইগা কেঐ যুদি তেল নিতে আহে, তারে বিশটা তেল ফিরি দিয়া দিবা।

শুনে খোকন যতটা না তারচে অনেক বেশি মুগ্ধ হলেন লালুবাবু। শুইনা খুব খুশি হইলাম রে দাদা। আমগ কাজির পাগলা স্কুলের লেইগা এমুন মায়া মাইনষের, ভাবতেই বুকটা গর্বে ফুইল্যা যাইতাছে।

খোকন বলল, তার থিকাও বড় কথা কী জানেন দাদা, আউয়াল তালুকদার কাজির পাগলা স্কুলের ছাত্র না। আমরা শতবর্ষপূর্তি করতাছি, সে আছে আমগ লগে। আল্লায় টেকা দিছে যেমুন, মনডাও দিছে। যান আপনে যান দাদা, বাথরুমের কাম সাইরা আসেন।

জয়িতা যেদিকে গেছে সেদিকে যেতে যেতে সেডের দিকে চোখ পড়ল লালুবাবুর। সেডের তলায় উদাস হয়ে বসে আছে এক যুবক। পরনে জিন্স, কেডস। বসে থাকার ভঙ্গিতে আশ্চর্য এক বিষণ্নতা।

ততক্ষণে গাড়িতে তেল ভরতে শুরু করেছে মতি।

জয়িতা আর লালুবাবু প্রায় একই সময়ে ফিরে এলো। জয়িতা মুগ্ধ গলায় বলল, খোকনদা, এ তো একেবারে থ্রি স্টার হোটেল গো। আমি বুজদেই পারছিলুম না আমি কি গ্র্যান্ড আজাদ হোটেলের রুমে রয়েচি। নাকি অন্য কোথাও।

খোকন হাসল। বুঝলা দিদি, এইটাই হইল আউয়াল তালুকদার।

বুঝলুম। তবে যাই বলো খোকনদা, গ্রাম এলাকার গ্যাস স্টেশানের ওয়াসরুম এতটা স্ট্যান্ডারড হবে। এ আমি কল্পনাই করিনি। তাও বাংলাদেশের মতো দেশে। এটা যদি ইউরোপ আমেরিকা হতো আমার কথা ছিল না।

লালুবাবু বললেন, বাংলাদেশ সত্যই অনেক আগাইছে। ঢাকা থিকা বিক্রমপুরে আইছে এমুন একখান রাস্তা, বাস-টেক্সি চলে, রাস্তার ধারে এমুন পেট্রোল পাম্প এই হগল আগের দিনের মানুষরা কল্পনাও করে নাই। বিক্রমপুর আছিল নিচা অঞ্চল, পানির দেশ। সেই দেশের চেহারা হইছে কী?

কাউন্টারে বসা দাড়িঅলা লোকটি বেরিয়ে এসেছে। খোকনকে দেখে সেও সালাম দিল।

খোকন বলল, খবর কী বসির? ব্যবসা কেমুন?

খুবঐ ভালো দাদা। তালুকদার সাবের কপাল, বুজলেন না! যেই দাম দিয়া পেটটুল পাম কিনলো, অহন এইডার দাম তিনগুণ। মাসে ইনকাম সাত আস্ট লাক টেকা।

তেল ভরা শেষ করে মতি এগিয়ে এলো। চা খাইবেননি দাদা?

না না, অহন আর চা খামু না। মেলা দেই। লগে গেস্ট আছে।

কোন জাগার গেস্ট।

কইলকাত্তা থিকা আইছে। এই লালুদা হইল আমগ কাজির পাগলা স্কুলের ছাত্র। ছয়চল্লিশ বচ্ছর পর দেশে আসল। বাড়ি আছিল ওয়ারি। আর এই দিদিটা হইল জয়িতা, লালুদার নাতনি।

বসির এবং মতি দুজনে প্রায় একসঙ্গেই সালাম দিল তাদেরকে। লালুবাবু এবং জয়িতা অতি বিনয়ী ভঙ্গিতে হাতজোর করল। নমস্কার।

বসির বলল, কইলকাত্তার গেস্ট লইয়া চা না খাইয়া আপনে আমার এখান থিকা যাইতে পারবেন না খোকন ভাই। আসেন, ভিতরে আইসা বসেন।

খোকন তারপরও না করার চেষ্টা করল কিন্তু বসির কোনও কথাই শুনল না। ভিতরে এসে বসতেই হলো। মিনিটখানেকের মধ্যে চা না তিনটি লম্বা ধরনের সুন্দর গ্লাস ভর্তি কোক নিয়ে এলো মতি। এর মধ্যেই গ্লাসের গায়ে কুয়াশা জমে গেছে। অর্থাৎ বেশ ঠান্ডা কোক।

কোক জয়িতার খুব প্রিয়। বেশ আগ্রহ নিয়ে গ্লাসে চুমুক দিল সে। মুগ্ধ গলায় বলল, বাহ বেশ ঠান্ডা। এত তাড়াতাড়ি এত ঠান্ডা কোক কোত্থেকে এলো?

বসির হাসিমুখে বলল, এইখানে ফ্রিজ আছে। ফ্রিজে কোক পেপছি সেভেন আপ ¯প্রাইট সব আছে। ইসপিসাল গেস্টগ লেইগা এই ব্যবস্থা কইরা রাখছেন তালুকদার সাবে।

লালুবাবু জয়িতার দিকে তাকিয়ে বললেন, এইটাই হইল পূর্ব বাংলা, অর্থাৎ বাংলাদেশের মানুষের আতিথিয়তা। একটা ভাত টিপলে যেমুন হাঁড়ির বেবাক ভাতের অবস্থা বুঝা যায়, এই জাগার এই আতিথিয়তা দেইখা তুই পুরা বাংলাদেশের মানুষের অন্তরটা দেখতে পাবি।

মিনিট পাঁচেক পর মাইক্রোবাসের সামনে এসে দাঁড়াল ওরা। দাঁড়িয়ে অবাক হয়ে গেল। খানিক আগে সেডের তলায় বসে থাকা সেই যুবকটি বসে আছে ড্রাইভারের পাশের সিটে। [চলবে]