জড়বস্তুর ফ্যান্টাসি

আমাদের জীবনের নিত্যব্যবহার্য বস্তু দিয়ে বোধহয় সর্বপ্রথম পপবাদী শিল্পীরাই কাজ করেছেন। ওল্ডেনবার্গ সে-ধরনেরই একজন শিল্পী, যিনি একটি কাপড় শুকানোর ক্লিপকে বিশাল আকৃতির ভাস্কর্যে রূপান্তরিত করেছিলেন। অর্থাৎ যদি একটি ছোট্ট ক্লিপকে বড় আকারের ফর্মে ঢালাই করে তৈরি করা হয় তবে তা নিঃসন্দেহে ফর্ম ও আকারের দিক দিয়ে অত্যন্ত চিত্তাকর্ষক নতুন ধরনের একটি ভাস্কর্যের রূপ পেতে পারে। তবে পপবাদীদের সে-চর্চা খুব বেশিদূর এগোয়নি। ইউরোপের ধরনধারণই এরকম – একেকটি নতুন ধারা আসে আর পুরনো বিষয়গুলো চাপা পড়ে যায়।

সম্প্রতি বাংলাদেশের একজন নবীন শিল্পী তাসাদ্দুক হোসেন দুলুর একক প্রদর্শনী হয়ে গেল গ্যালারি চিত্রকে। তাসাদ্দুক চট্টগ্রামে বসবাস করেন, তবে ঢাকার শিল্পাঙ্গনে অপরিচিতি কোনো নাম নয়। সাম্প্রতিককালে শিল্পকলা একাডেমী আয়োজিত নবীন ও জাতীয় প্রদর্শনীতে পুরস্কারপ্রাপ্তির কারণে মোটামুটি দেশজুড়েই শিল্পীসমাজের কাছে পরিচিত নাম। আর এ-কারণে স্বভাবতই তার প্রদর্শনীর বিষয়ে সবার একটি বিশেষ আগ্রহ থাকতেই পারে।

প্রদর্শনীর নাম দিয়েছেন ‘ঝবব’, বাংলায় বলা যেতে পারে ‘দেখা’। আমাদের প্রতিদিনের নিত্যব্যবহার্য বস্তু, যা সবার চোখ এড়িয়ে যায়, কিন্তু শিল্পী তাসাদ্দুকের চোখ এড়িয়ে যায় না। সেই তীক্ষèদৃষ্টির পর্যবেক্ষণের ফসলই এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। একটি বালতিকে পাখির চোখে দেখলে কেমন দেখা যায়। অথবা বিভিন্ন বস্তুকে (Object) কতভাবে দেখা যেতে পারে – সেই ভিন্ন দৃষ্টিভঙ্গি যদি ছবিতে ট্রান্সফার করা যায়, তবে তার স্বরূপ কেমন হতে পারে এসব নিয়েই দুলুর নিরীক্ষা। বস্তু শিল্পের উপজীব্য হিসেবে এসেছে অনেক আগে থেকেই। রেনেসাঁর শিল্পীরা মানবদেহ-অঙ্কনের পাশাপাশি তার পারিপার্শ্বিক জগৎকেও এনেছেন ছবির অলংকরণ হিসেবে। পরিধেয় কাপড়ের ড্রাপারি, ফুলদানি এসবের ডিটেল আমরা দেখতে পাই এ-সময়ে। ফ্লান্ডার্সের শিল্পীরা ছিলেন সূক্ষ্মাতিসূক্ষ্মের মাস্টার। জ্যান ভ্যান সাইক এবং হিউবার্ট ভ্যান আইক দুই ভাই মিলে যে-ছবি আঁকতেন তাতে স্থান পেত অনেক জড়বস্তু। জ্যান-অঙ্কিত ‘বিবাহ’ চিত্রটিতে আমরা দেখতে পাই অনেক ডিটেলের কাজ। একজোড়া পাদুকা, তুলতুলে পোষা কুকুর, ঘড়ি ইত্যাদি কোনোকিছুই বাদ যায়নি তাদের ‘বিবাহ’ছবিটিতে। তবে জড়-জীবন অর্থাৎ স্টিল লাইফের যে-চর্চা অ্যাকাডেমিক পর্যায়ে হয়ে থাকে, তার ইতিহাস কিন্তু আরো প্রাচীন। আনুমানিক খ্রিষ্টীয় প্রথম শতাব্দীতে পম্পেই নগরীর ধ্বংসাবশেষ থেকে প্রথম স্টিল লাইফের নমুনা বের হয়, যা নাকি আধুনিক স্টিল লাইফেরই হুবহু প্রতিচ্ছবি। পরবর্তী সপ্তদশ শতাব্দীতে স্টিল লাইফ-অঙ্কনের একটি রেওয়াজ প্রতিষ্ঠিত হয়। এই স্টিল লাইফ অর্থাৎ জড়-জীবন নামটিই যেন ভিন্ন একটি অর্থ বহন করে। বিষয়টি জীবন্ত, পাশাপাশি জড়। অর্থাৎ জড়ের মধ্যে জীবন প্রতিষ্ঠা। একটি আপেল, একটি জগ কিংবা বোতল, তার মধ্যেও একটি শৈল্পিক ভাষা প্রমাণ করা সম্ভব। শিল্প যখন তার আপন পথ খোঁজা শুরু করল তখন অনবরত তৈরি হতে থাকল নিজস্ব বর্ণমালা। রং, রেখা, অবয়ব, কম্পোজিশন – এসবই শিল্পের বর্ণমালা আর শিল্পী তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন, কিংবা ভাষা প্রদান করেন। জড়বস্তু বারবার এসেছে শিল্পের ভাষা হিসেবে। শিল্পকে যুগ যুগ ধরে মহিমান্বিত করেছে।

আদিম যুগে শিকারি মানুষের তীর থেকে শুরু করে রিয়েলিস্টিক শিল্পীদের আঁকা স্টোন ব্রেকারের (stone breaker) হাতুড়ি। আর ভ্যানগগের ‘পটেটো ইটারে’র বুভুক্ষা মানুষের সামনে আলুর স্তূপ সবই যেন জীবনের প্রয়োজনেই এসেছে। সেঁজার জীবন্ত আপেলগুলো জীবনের কথাই বলে, আর ভ্যানগগের সূর্যমুখী যেন বেঁচে থাকার এক অপরিমেয় প্রেরণা।

তাসাদ্দুক হোসেন দুলুর চিত্রে সে-রকমই বস্তু এসেছে। তবে এ-যেন আধুনিক চিন্তার জগতের এক পরিপূরক রূপ। তিনি গতানুগতিক স্টিল লাইফ আঁকেননি, তাঁর এই জড়বস্তুসমূহ আঁকার পেছনে একটি ভিন্ন তাৎপর্য তুলে ধরেছেন। দুলুর প্রদর্শনীর শিরোনামই অনেক কথা বলে দেয়। তিনি প্রদর্শনীর নাম দিয়েছেন দেখা, অর্থাৎ দেখার ভিন্ন রূপ। সাধারণ চোখে দেখা নয়, একটু ভিন্ন চোখে; দৃষ্টিভঙ্গির ভিন্নতা নিয়ে আসা। একটি বালতিকে ক্যামেরার ভাষায় ‘ওয়াইড লেন্স’ দৃষ্টিতে দেখলে কী দাঁড়ায় এবং তাতে ছোট্ট একটি ক্লিপ পড়ে আছে। ক্লিপটি মনে হয় অনেক দূরে। এই যে দৃষ্টির খেলা, এটিতেই হয়তো দুলুর দৃষ্টি। পরিপ্রেক্ষিতের (পারস্পেকটিভ) নানারকম খেলায় দুলু মেতে উঠেছেন, যেমন ওই বালতিতে ক্লিপের বদলে একটি বিড়াল যদি অবস্থান করে তবে কী হবে তার রূপ।

দুলু জড়বস্তু নিয়ে অনেকরকম কৌতুকও করেছেন, যেমন ময়লার ঝুড়ি থেকে হঠাৎ বেরিয়ে এসেছে একটি পাখির ছানা। ময়লার ঝুড়িও হতে পারে শিল্পের বিষয়-আশয়।

পাশ-বালিশও হয়ে উঠতে পারে জীবন্ত। নেচে উঠতে পারে অবলীলায়। অর্থাৎ শিল্পী জড়বস্তুকে দেখেছেন জীবন্ত হিসেবে। এখানেই শিল্পীর কৌতুক। আমাদের প্রতিদিনের ব্যবহার্য বস্তু তো জীবন্তই। ওরা আমাদের নিত্যদিনের সাথি, ওদের ছাড়া আমাদের জীবন অচল। দড়িতে টাঙানো একজোড়া দস্তানা যেন জীবন্ত হয়ে উঠছে, লোম গজাচ্ছে অনবরত; অর্থাৎ এক ধরনের ফ্যান্টাসির খেলাতেই মেতে উঠেছেন শিল্পী। নিত্যদিনের ব্যবহার্য চিরুনি, যা আমাদের এত কাছের অথচ কখনোই ভাবতে পারিনি এই বস্তুটিকেই যদি বিশালাকার ক্যানভাস জুড়ে এঁকে দেওয়া যায় তবে কী দাঁড়াবে তাঁর রূপ। তা নিঃসন্দেহে তৈরি করতে পারে একটি ভিন্নধর্মী চিত্রভাষা। তৈরি হতে পারে এক অনির্বচনীয় ভিজ্যুয়াল ইমপ্যাক্ট। দুলু যেন দর্শকদের চোখে এই দিকগুলোই ধরিয়ে দিতে চেয়েছেন।

জড়বস্তুর খেলা এখানেই শেষ নয়, আমাদের নিত্যদিনের পরিধেয় অন্তর্বাস, জামাকাপড় এগুলোর মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দুলু। এগুলো নেচে উঠছে অবলীলায়। এ-ধরনের কাপড়চোপড় নিয়ে কম্পোজিশন নিঃসন্দেহে অভিনব। আধুনিক যুগের শিল্পীরা নানা নিরীক্ষায় মেতে উঠেছেন। চারুকলার জগৎ এখন অনেক বেশি ধারণাগত সত্যের বহিঃপ্রকাশ (কনসেপচুয়াল)। শিল্পীরা প্রতিনিয়ত নিজের একটি দর্শন, একটি ধারণাকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নিয়োজিত, অর্থাৎ তিনি যা বিশ্বাস করেন তা-ই শিল্প। বিশ্বব্যাপী শিল্পের এই নতুন চিন্তার জয়জয়কার সর্বত্র। আমাদের দেশেও তার ঢেউ এসে লেগেছে। দুলুও চিত্রকলা বিষয়ক তার একটি নিজস্ব ধারণা আমাদের মাঝে উপস্থাপন করতে চান, তা সম্ভবত জড়বস্তুর ফ্যান্টাসি।

দুলু শুধু যে তার পারিপার্শ্বিক জড়জগৎকেই দেখেছেন তা নয়, নিজেকেও দেখেছেন অনবরত, প্রমাণ মেলে প্রদর্শনীতে স্থান পাওয়া আত্মপ্রতিকৃতিগুলো দেখে। নিজের আত্মপ্রতিকৃতিগুলো উপস্থাপন করেছেন একেবারেই ভিন্ন আঙ্গিকে, নিজের চেহারার ওপর যেন দুঃস্বপ্নের ছায়াগুলো অনবরত খেলা করছে। নিজেকে নিয়েই কৌতুক করেছেন। শিল্পীর প্রতিকৃতিও হতে পারে আত্মজৈবনিক। দুলু জড়বস্তুকে জীবন্ত করেছেন, আবার জীবন্তকে জড়ে রূপান্তরিত করেছেন। তার প্রতিকৃতিগুলো যেন সে-সাক্ষ্যই বহন করে।

সাম্প্রতিককালে অনুষ্ঠিত চিত্রপ্রদর্শনীসমূহের মধ্যে দুলুর প্রদর্শনীটি যে একটি ভিন্নতা এনে দিয়েছে সে-ব্যাপারে বোধহয় কেউ দ্বিমত করবে না।