ডাক এসে ফিরে চলে শুধু

পুত্র তন্ময় সমদ্দার (টিটো)-কে

প্রাণোচ্ছল যুবা স্বপ্ন দেখে যাবে কিনা অন্যদেশে

পিছুটান নেই বটে উদ্যমের শেষ নেই জানি

অকস্মাৎ জনেকের বাসে বেধে কী যে করে কীট

খুব তাড়াহুড়ো করে দণ্ড দুই অপেক্ষার দায়

নিতে অপারগ হয়ে বড় বেশি বোঝা চেপে যায়

মেলবোর্নে নিখিলের ডাক এসে ফিরে চলে শুধু

ধীরে ধীরে উপলব্ধি হতে থাকে আশা বাস্তবের

মিল নেই মাত্র দ্বিধা-দ্বন্দ্ব ঢেকে ফেলে দৈনন্দিন

ঢেউয়ের হাতে খোঁজে সমর্পণ নিজ অস্তিত্বের

মেঘমালা দিনপঞ্জি চুপ করে থাকে মৌনীশৈল

অন্ধকার কেটে যায় এ বয়সে নাকি বহির্মুখী

মন হাতছানি দেয় প্রশ্নে জিজ্ঞাসায় শতবার

ফাঁকে ফাঁকে সাইবার ক্যাফে টেনে ধরে দ্বিপ্রহর

অনিশ্চিতি পায়ে পায়ে ঘোরে সারাবেলা অনুক্ষণ ১৬ মার্চ, ২০০৪

Published :


Comments

Leave a Reply