ডোভার লেন মিউজিক কনফারেন্স

আমরা ছিলাম গোপাল উড়ে। আমরা ছিলাম জেলেপাড়ার সঙ।

কবিগানের চাপান উতোর। দল বেঁধে সেই নগরে কীর্তন।

রাত্রি জেগে যাত্রাপালা। হাফ আখড়াই। আজান। আগমনী।

নিধুবাবুর টপ্পা শুনে আমরা ছিলাম ‘আর একটা হোক, আরও’ –

‘মায়ের দেওয়া মোটা কাপড়’। অর্কেস্ট্রায় সুরের নোটেশন।

লোকাল ট্রেনের অন্ধ দুজন। হারমোনিয়াম। বীণার পাশে বেণু।

আমরা ছিলাম বসন্ত আর বর্ষাবরণ। ছাত পেটানোর সুর।

ইটখোলা, মিল, রেল ওয়াগন – ‘হেঁইয়ো জোয়ান’ আমরা সবাই ছিলাম।

বাসন্তীদি রেওয়াজ করত, চারটে ছেলে জানলা দিয়ে উঁকি।

ডোভার লেনের টিকিট কাটা আমরা ছিলাম মাটির ভাঁড়ের চা-এ।

রেকর্ড, ক্যাসেট, সিডি এবং রেডিও থেকে টিভি, কলের গান

আমরা যত ভোর হয়েছি বিসমিল্লার সানাই উপচে প’ড়ে

সেই সুরে আজ কোকিল ডাকছে ‘আই লাভ ইউ, আই লাভ ইউ’ –           আমরা শুধু বাংলাভাষায় গদ্য হয়ে ঝরি!