তমসা-অতিক্রান্ত তরঙ্গোচ্ছ্বাস : তীর্থঙ্কর

হাজার সভ্যতা সৃষ্টি ও ধ্বংসের সুরস্নাত এই মৃন্ময় চতুর্পাশকে যদি একটি পুণ্যতীর্থ হিসেবে কল্পনা করা হয়, তবে শূন্য থেকে যাত্রা শুরু করে আবার শূন্যে বিলীন হওয়া মানুষের জন্য তীর্থঙ্কর ভিন্ন আর কী বিশেষণ যুক্তিযুক্ত?

সুবচন নাট্য সংসদের তীর্থ-পরিভ্রমণ অবশ্য আংশিক ও প্রচার-প্রকরণে ভিন্নধর্মী; বিষয়-বিশ্লেষণ ও প্রয়োগকৌশলে বৈচিত্র্যপূর্ণ দূরঘটিত অতীতকে আন্তঃক্ষরিত আধুনিক যুগযন্ত্রণার নীলরসে জারিত করে বহমান বর্তমানের সঙ্গে অভিযোজনের প্রাণবন্ত একটি প্রয়াস পরিলক্ষিত হয় তাদের চব্বিশতম নাট্যপ্রযোজনা তীর্থঙ্করে।

নাট্যপ্রচেষ্টার পত্রপল্লব মূলত বিকশিত হয়েছে শাহনামা আশ্রয় করে। বীররস ও করুণরসপ্রধান এই মহাকাব্যের রচয়িতা কবি ফেরদৌসী, পুরোনাম মোহম্মদ আবুল কাশেম ফেরদৌসী তুসী। খ্রিষ্টীয় দশম-একাদশ শতক ছিল ইরান তথা আরবদের জীবনের সংকটকাল। এ-সময় দ্রুত হ্রাস পেতে শুরু করে বাগদাদের খলিফার প্রভাব। বাড়তে থাকে তুর্কিদের প্রতিপত্তি। ইরানের ওপর নেমে আসে বিপর্যয়। কবি ফেরদৌসীর মনে ইরানের এই সংকট ছায়াপাত করে গভীরভাবে। তিনি কাব্যরচনার মাধ্যমে ইরানি জাতীয়তার উজ্জীবনের কথা ভাবেন। আর এই ভাবনাই গড়ে দেয় শাহনামা-রচনার ভিত্তিভূমি।

তীর্থঙ্কর শাহনামার ‘সোহরাব-রুস্তম’ অংশের প্রতিফলিত রশ্মির রঞ্জনে রঞ্জিত – তবে দৃষ্টিকোণ সাধারণ রীতিনির্ভরতার প্রত্যন্তে, প্রথাগত গতানুগতিকতার বিপরীতে।

দৃশ্যের শুরুতেই প্রোসের্নিয়াম দখল করে তীর্থঙ্করেরা। তাদের আপাত লক্ষ্য তীর্থ-পরিভ্রমণ হলেও চূড়ান্ত লক্ষ্য একটি খঞ্জর। রূপকাশ্রয়ী যে-খঞ্জর খুলে দেয় গল্পের ঝাঁপি – জীবনের শুরু থেকে, যে-গল্প অনাদি – অনন্ত সনাতন মানবতা লুণ্ঠিত হবার আলেখ্য। শিল্পরূপ পরিগ্রহণের নিমিত্তে তীর্থঙ্করেরা বেছে নেয় সোহরাব-রুস্তমের চিরচেনা উপাখ্যান – অচেনা এক গন্তব্যে অভিগমনের মাধ্যম হিসেবে।

উপাখ্যানের পটভূমিতে তীর্থঙ্করেরা অপরিসীম নৈর্ব্যক্তিকতায় সচেষ্ট হয় বিশ্বায়নে উন্মত্ত সভ্যতার পৌনঃপুনিক শোনিত তৃষ্ণার রহস্য-উন্মোচনে, আর তার সমান্তরাল দূরভূমিতে প্রবাহিত হতে থাকে মহাকাব্যিক কাহিনীর বহুস্তরায়িত দৃশ্যস্রোত।

অনতিবিলম্বে প্রাচ্যপন্থি গল্পকথনরীতি-অনুসরণে মঞ্চগৃহে অবস্থানরত নাট্য-অবলোকনকারীদের সহগমনে উৎসাহিত করে তীর্থঙ্করের দল, উপাচারশেষে শুরু হয় মূল ঘটনায় প্রবেশ-উৎসব, ভিন্ন একসময়ে পদচারণার পদাবলি।

মহাবীর রুস্তম যখন মৃগয়ার ক্লান্তি দূর করতে বন্ধ করেছেন চোখের পাতা, সঁপে দিয়েছেন নিজেকে নিদ্রাদেবীর কোলে, তখন তার প্রাণপ্রিয় ঘোড়া রাখ্শ অপহৃত হয় জনা-আটেক তুর্কি ঘোড়সওয়ারের হাতে। ঘুম ভেঙে রুস্তম রাখ্শকে দেখতে না পেয়ে ক্রোধান্মত্ত হন এবং রাখ্শের পদচিহ্ন অনুসরণ করে তিনি এসে পৌঁছান তুরানের সীমান্তবর্তী রাজ্য সামানগাঁয়ে। খবর পেয়ে সামানগাঁয়ের অধিপতি শাহরিয়ার রুস্তমের ক্রোধ থেকে নগরবাসীকে রক্ষা করতে নগরদ্বারে রুস্তমের সম্মানে আয়োজন করেন বিশাল সংবর্ধনার।

রুস্তম রাজা শাহরিয়ারের অভিপ্রায় বুঝতে পেরে বলেন, সামানগাঁয়ের দিকে আমি রাখ্শের পদচিহ্ন দেখতে পেয়েছি।আপনারা যদি রাখ্শকে খুঁজে দিতে পারেন, তাহলে আমার প্রশংসাভাজন হবেন, অন্যথায় আপনাদের গ্রাস করবে নুরিমান প্রপৌত্র রুস্তমের ক্রোধানল। উত্তরে শাহরিয়ার বিনীতভাবে জানান, এ-বিষয়ে তাদের আন্তরিকতা বা সদিচ্ছার কোনোরকম ত্রুটি পরিলক্ষিত হবে না।

শাহরিয়ারের আতিথ্যে রুস্তম দিন অতিবাহিত করেন। দিন গড়িয়ে রাত নামে। অন্ধকারের অবগুণ্ঠনে এক নারীমূর্তিকে দেখা যায় রুস্তমের কক্ষে। ভ্রƒ-কুঞ্চিত হয় রুস্তমের, জানতে চান অবগুণ্ঠিতার পরিচয়। নারীমূর্তি জানান, তিনি সামানগাঁয়ের রাজকুমারী তাহমিনা। রুস্তমের শৌর্য ও বীর্যগাথায় অভিভূত তার হৃদয় – কামনা করেন মহাবীরের বরমাল্য। তাহমিনার অসাধারণ রূপদর্শন ও তীক্ষè বুদ্ধিমত্তার পরিচয় রুস্তমের মনে ছড়িয়ে দেয় মুগ্ধতার আবেশ। তাহমিনা লাভ করে জালপুত্রের সম্মতি। উৎফুল্ল সম্মতিতে উৎসবে মেতে ওঠে সামানগাঁ – সমারোহে সমাপ্তি হয় তাহমিনা-রুস্তমের পরিচয়পর্ব।

ইতোমধ্যে খুঁজে পাওয়া যায় রাখ্শকে। মিলনের সুর একসময় গড়িয়ে যায় বিচ্ছেদের দিকে। একসময় দেশের বৃহত্তর আহ্বানে, কতর্ব্যবোধের তাগিদে সাড়া দেয় রুস্তমের সৈনিকসত্তা। শাহনামার কেন্দ্রীয় শক্তি মহাকাল নিয়ন্ত্রণ গ্রহণ করে কাহিনীর। রুস্তম যখন যাত্রা শুরু করেন নিজ ভূমির উদ্দেশে তখন তাহমিনার গর্ভে রুস্তমের সন্তান – সোহরাব। সময়ের পরিক্রমণে তাহমিনার কোল আলো করে জন্ম নেন সাম-প্রপৌত্র – বেড়ে উঠতে থাকেন সামানগাঁয়ের আলো-হাওয়ায় – মা তাহমিনার আদর-মমতায়। অভাব তার কেবলমাত্র একটিই – বলশালী পিতার সাহচার্য।

পিতার অদর্শন প্রতিনিয়ত আলোড়িত করে বালক সোহরাবের চিত্ত – যদিও শক্তিমত্তায় তিনি তখনই এক পূর্ণবয়সী যুবার সমকক্ষ। একদিন নিয়তির ইশারায় আলগা হয়ে আসে মায়ের মমতার বাঁধন – শুরু হয় সোহরাবের ইরানযাত্রার প্রস্তুতি। তুরানের বাদশাহ আক্সামিয়াব সোহরাবের পিতা রুস্তমের পুরোনো শত্রু। কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতিতে তিনি সোহরাবের সঙ্গে ঘটান বিশাল সৈন্যসহযোগ এবং তার দুই বিশ্বস্ত সেনাপতি হুমান আর বারমানকে দায়িত্ব প্রদান করেন ইরান-অভিমুখে সৈন্য-পরিচালনার পাশাপাশি সর্বপন্থা গ্রহণের, যাতে অতি অবশ্যই নির্মূল হয় পিতা ও পুত্রের মিলনসম্ভাবনা।

অতঃপর সৈন্য নিয়ে সোহরাব দ্রুত রওনা হন ইরানের সীমান্তবর্তী সাদা দুর্গের উদ্দেশে। দুর্গাধিপতি গাজদাহামের এই দুর্গরক্ষার দায়িত্ব ন্যস্ত ছিল বীর হুজীরের ওপর। কিন্তু তিনি পরাজিত হন সোহরাবের প্রবল পরাক্রমের কাছে এবং নিরুপায়ভাবে বরণ করেন বন্দিত্ব। তথাপিও এই পরাভব মেনে নিতে অনিচ্ছুক গাজদাহামকন্যা আক্সাদ। তিনি একজন নারী হলেও যুদ্ধবিদ্যায় ছিলেন অত্যন্ত পারঙ্গম। পুরুষের ছদ্মাবরণে তিনি যুদ্ধে আহ্বান করেন সোহরাবকে। আর তাতে অনিচ্ছাসত্ত্বেও সাড়া দেন সোহরাব। দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন তারা। যুদ্ধের এক পর্যায়ে সোহরাব আবিষ্কার করেন বিপক্ষ-যোদ্ধা আসলে একজন নারী এবং সেই নারীর সৌন্দর্যমাধুরী অতুলনীয়। সৌন্দর্যদর্শনে মুগ্ধ সোহরাব মুক্তি দেন বিপক্ষকে পরাজয়ের গ্লানি থেকে।

এদিকে সাদা দুর্গের পতনের সংবাদে বিচলিত হল ইরান-অধিপতি কায়কাউস। রুস্তমকে তিনি নির্দেশ দেন দ্রুত সৈন্যাভিযানের। নির্দেশ শিরোধার্য করে রুস্তম নিজেকে চালিত করেন সাদা দুর্গাভিমুখে। যুদ্ধযাত্রায় তার সঙ্গী হন সম্রাট কায়কাউস স্বয়ং এবং বিশাল বাহিনীসহ তাদের অনুগামী হন যুবরাজ তুস, মহাবীর গেও, মুক্তপুরুষ গোদরজ প্রমুখ যোদ্ধা।

যাত্রার প্রাক্কালে তাহমিনা তার ভাই ঝিন্দারজমকে সোহরাবের সঙ্গে দিয়েছিলেন, যাতে তিনি সোহরাবকে পরিচয় করিয়ে দিতে পারেন পিতার সঙ্গে। কিন্তু নিয়তির অমোঘ নির্দেশে ঝিন্দারজম নিহত হন রাতের অন্ধকারে খোদ রুস্তমের হাতেই। সুতরাং বলা যায়, অঙ্কুরেই বিনষ্ট হয় সোহরাবের সঙ্গে রুস্তমের পরিচয় ঘটাতে উৎসাহী একমাত্র পক্ষের ক্ষীণ সম্ভাবনাটুকু। অতএব যুদ্ধ, অবশ্য সোহরাব বিভিন্ন পন্থায় বহুবার চেষ্টা করেন রুস্তমের পরিচয় জানবার, কিন্তু তার সব চেষ্টাই পর্যবসিত হয় অন্ধকারের অতলে। যুদ্ধক্ষেত্রে পরস্পরকে মোকাবিলায় অনিবার্যভাবে মুখোমুখি হন পিতা ও পুত্র। নিয়তি অবধারিতভাবেই কাহিনীকে টেনে নেয় এক বিয়োগান্ত করুণ পরিণতির দিকে।

যদিও তীর্থঙ্কর বেড়ে উঠেছে সোহরাব- রুস্তম-আখ্যানকে আশ্রয় করে, তবু নাট্যের ক্রম-উন্মোচন শুরু থেকেই পৃথিবীর তাবৎ শান্তিপ্রিয় মানুষের মুখপত্রে পরিণত হবার ঐকান্তিক আকাক্সক্ষা ব্যক্ত করে। নাট্যপ্রচেষ্টা প্রারম্ভেই লিপ্ত হয় পৌরাণিক ঘটনার ঐতিহাসিক সংশ্লেষণ-বিশ্লেষণে; ব্রতী হয় মানবতাবাদের সঙ্গে একাত্মতা ঘোষণায় – যার ভেতর দিয়ে পরিস্ফুট হয় সমগ্র মানবগোষ্ঠীর মধ্যকার দুটি অংশের নিরন্তর দ্বন্দ্ব-সংঘাতের অন্তঃসত্য।

অংশদুটির বৃহত্তরটি মূলত শান্তিপ্রিয়, বিপরীতে ক্ষুদ্রঅংশ ক্ষমতালিপ্সু; আর ক্ষমতালিপ্সার যুগবিবর্তিত রূপ নিশ্চিতভাবেই সাম্রাজ্যবাদ। পুরাকালে সাম্রাজ্যবাদের মুখ্য উদ্দেশ্য ছিল রাজ্যবিস্তার, সম্পদলুণ্ঠন ও শ্রমশোষণ; বর্তমানেও তাই, তবে বাজার-সম্প্রসারণের রঙিন মোড়কে বদলেছে শুধু এর রূপপ্রকৃতি এবং কুটিল বাণিজ্যিক স্বার্থের ক্রীড়নক হিসেবে বাজার-বিস্তার-প্রক্রিয়া নিরাপদ রাখতে সহায়ক ও প্রভাবক শক্তির ভূমিকা পালন করছে রাজনৈতিক নেতৃত্বের দুর্বৃত্তায়ন। প্রক্রিয়া নির্বিঘ্ন থাকলেই আপাত শান্তির শ্বেতবর্ণের আধিক্যে আপ্লুত হয় প্রতিক্রিয়াশীল পক্ষের ক্যানভাস, আর তার প্রবাহস্রোত ব্যাহত হলেই খঞ্জর উঠে আসে শিরোনামে; শুরু হয় যুদ্ধ অথবা যুদ্ধের বিরাষ্ট্রিকরণ – সন্ত্রাসবাদ, শান্তিপ্রিয় বৃহত্তর অংশ প্রকারান্তরে চেয়ে চেয়ে দেখে হ্যালিবার্টন, শেল, মবিল ইত্যাদি বহুজাতিক কোম্পানির অনুকূলে দাক্ষিণ্য প্রদর্শনের নিমিত্তে ইরাকে সম্পন্ন হয় দখলদারিত্ব, প্যালেস্টাইনে চলে রক্তের হোলিখেলা, ন্যূনতম খাদ্যের অভাবে মাথার ওপর ছাদ-হারানো শিশু অশ্রুসজল চোখ মুছতে মুছতে ঘুমিয়ে পড়ে আফগানিস্তানের ধুলো-ধূসর প্রান্তরে। সব মূলত ক্ষমতা-লিপ্সার আবর্তিত চক্রের ঘূর্ণন, খঞ্জরের শোণিত তৃষ্ণার উপজাত। সোহরাব-রুস্তম আসলে কায়কাউস-আফ্রাদিউসের সাম্রাজ্যবাদী মানসিকতার যূপকাষ্ঠে উৎসর্গীকৃত অবোধ প্রাণী ছাড়া আর কিছুই নয়।

সোহরাব-রুস্তম নাটকের মাধ্যমমাত্র, গন্তব্য নয়। তাই উপাখ্যানের চরিত্রগুলোর লোভ-অহংকার, যুদ্ধবাজি আর মানবিকবোধ লুপ্তির কথাকে সমসাময়িকতার প্রতিচ্ছবি করে তোলার মানসে তীর্থঙ্করদের সৃষ্টি ও বিকাশ। তারা যাত্রী জীবনতীর্থের। অনন্ত জীবন-স্রোতের বহতাধারাই তাদের আরাধ্য। মানবতাই তাদের একমাত্র ধর্ম।

সুবচনের আলোচ্য নাট্যপ্রচেষ্টার পাণ্ডুলিপি রচনার দায়িত্ব ন্যস্ত ছিল সামিনা লুৎফা নিত্রার হাতে। নিত্রার কলমের প্রতিটি বাঁক ঋদ্ধতার স্পর্শধন্য, নাট্যের গাঁথুনি, ভাষার বুনন, রূপকাশ্রয়ী প্রত্যয়ের অধিষ্ঠান সর্বোপরি জটিল একটি বিষয়ের আলোতে অন্য একটি বিষয় আলোকিত করার দুরূহ প্রয়াস চলমান মঞ্চমাধ্যমের ভবিষ্যৎ সম্পর্কে নিঃশঙ্কিত হওয়ার আশ্বাস দেয় নাট্য-অবলোকনকারীদের।

নাট্যঘটনা-অবলোকনের পরিপ্রেক্ষিতে সুখ-সঞ্জাত ভালোলাগার যে অবিমিশ্র অনুভব প্রথমেই স্পন্দন তোলে চিন্তার সংগুপ্ত বিন্যাসে, তার শেকড় প্রোথিত নিঃসন্দেহে নাট্যমুহূর্ত বিরচন-কৌশলে। মঞ্চতলে তীর্থঙ্কর বিরচনের দায়িত্বে ছিলেন মঞ্চনেপথ্য সৈনিক নিভৃতচারী ফয়েজ জহির। মেধা আর মননের সঙ্গে হৃদ্যিক উষ্ণতার স্পর্শে তিনি প্রমাণ করেছেন আত্মিক উৎকর্ষতা, আর তার সঙ্গে শ্রম আর স্বেদের গন্ধে যোজন করেছেন মৃত্তিকা-সংলগ্নতা। অত্যন্ত দক্ষতার সঙ্গে সময় ও বিষয়ের দুটি ভিন্ন সত্তাকে মিলিয়েছেন তিনি এক দ্বৈতাদ্বৈত পরিণতিতে। অধিকন্তু কিছু কিছু নাট্যমুহূর্তের উপলব্ধির ছাপচিত্র-অবলোকনকারীদের মানসে মূর্তিত থাকবে দীর্ঘদিন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, সাম-প্রপৌত্র সোহরাবের জন্ম-প্রক্রিয়ার দৃশ্যসৃজন প্রচেষ্টা। নির্দেশকের কুশলী প্রয়াসে উন্মোচনমুখর উল্লাস ও অলঙ্খনীয় জৈবিক বেদনার এক সংবদ্ধ উপস্থাপন নাট্যধারায় নিশ্চিত করে ভিন্নমাত্রা, সংহত করে শিল্পসাফল্য।

কাঠ, পেপার মিক্স, দড়ি, লাঠি ইত্যাদি অতি সাধারণ সব উপকরণের সমবায়ে মঞ্চতলে উঁচু-নিচু মরুময় প্রান্তরের রুক্ষতার অসাধারণ প্রতিভাস, যথাযথ সেই প্রোপার্টিজ ও ক্যারেক্টার প্রোপার্টিজে প্রতীকী পৌরাণিক মঞ্চমায়া সৃষ্টির পাশাপাশি মঞ্চগৃহের বিভিন্ন কোণ থেকে বিভিন্ন বর্ণ ও প্রখরতার আলো-প্রক্ষেপণের মাধ্যমে প্রোসেনিয়ামকে নান্দনিক দৃশ্যপোযোগী করে তোলার কৃতিত্বও নির্দেশকের। সোহরাব-রুস্তম আখ্যান বহু ভাষাভাষী পৃথিবীর সাহিত্যে শিল্পের বিভিন্ন শাখায় কতোভাবেই-না বলা হয়েছে। আর বাঙালির মনোজগতের কোনো-এক স্তরে শৈশব-কৈশোরে শোনা এই গল্প রয়ে গেছে। তবু মনে হয় অতীতের গল্প যেন বিবর্ণ সময়ে রঙিন সুতোয় নকশিকাঁথায় গল্প-বলার মতো ঘুরেফিরে মানবজাতিকে কিছু পুরোনো প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। প্রজন্ম থেকে প্রজন্ম তার উত্তর-প্রজন্মকে ঠেলে দিচ্ছে কোন পথে? এই প্রশ্নের মুখোমুখি আমাদের কৌতূহলী অনুসন্ধিৎসু মন সকল সময়ের মানুষের মনে স্থিত অন্য-এক অচেনা মানুষ দেখতে পায়। নাট্যকারের দেখা সেইসব মানুষের বর্তমানের আকার নাট্যক্রিয়ায় রক্তমাংসে মঞ্চের পাদপ্রদীপে টেনে এনে তাদের মুখাবয়বে অভিব্যক্তি তুলে ধরার কঠিন ক্ষেত্রে নির্দেশক, একই সঙ্গে মঞ্চ ও আলোক-পরিকল্পকের ত্রিমুখী ভূমিকায় প্রাচ্য-পাশ্চাত্যের ভাবনায় জারিত মিথস্ক্রিয়ায় পথচলার চেষ্টায় নিয়ম-মানা না-মানা বিদ্যমান।

মঞ্চে সমগ্র নাট্যপ্রচেষ্টা রূপায়ণে যদিও নির্দেশককে দৃঢ় সমর্থন জুগিয়েছে সুবচনের প্রায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী, তথাপিও কিছু কিছু ক্ষেত্রে বাচিক অভিনয়ের দৃঢ়তা অথবা চরিত্রের বলিষ্ঠতার সঙ্গে একলয়ে স্পন্দিত হতে স্বতঃস্ফূর্ত ছিল না তাদের অঙ্গ। ব্যতিক্রম তাহমিনা সুলতানা মৌ। চরিত্রানুযায়ী তার ছন্দোময় পদক্ষেপ, আচরণের সংযতভাব এবং ঊর্ধ্বমুখী সামান্য তীর্যক গ্রীবাভঙ্গি সামানগাঁয়ের রাজকুমারী তাহমিনার আভিজাত্য নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত করে। সাবলীল অভিনয়ের মাধ্যমে তীর্থঙ্কর-চতুষ্টয়ও মুগ্ধ করেছেন অবলোকনকারীদের। তীর্থঙ্কর চরিত্র-চিত্রণে আহসান হাবীব নাসিম, আসাদুল ইসলাম আসাদ, আহাম্মদ গিয়াস এবং খালিদ হাসানের অধ্যবসায়ী প্রয়াস নিঃসন্দেহে সাধুবাদের দাবিদার।

প্রায় পূর্ণাঙ্গ সুন্দর একটি প্রযোজনা বহুলাংশেই নির্ভর করে মঞ্চ-নেপথ্যকর্মীদের ওপর। সুর-সংগীত, বাদ্যযন্ত্র অথবা কণ্ঠ, মঞ্চ কিংবা মিলনায়তন ব্যবস্থাপনার উচ্চকিত আশ্বাস কি তীর্থঙ্কর বিনির্মাণে যথেষ্ট নির্ভরতা দেয়নি নির্দেশককে? সামান্য কিছু ত্রুটি-বিচ্যুতি বিবেচনায় না নিলে প্রশ্নের উত্তর সম্ভবত ইতিবাচক।

সহসাসৃষ্ট অগ্নি, অগ্নির সৃষ্টিশীল দহন থেকেই শুরু মানুষের সভ্যতা। জল আর পলির মমতায় দিনে দিনে সমৃদ্ধ হয়েছে মৃত্তিকা। মানুষের অস্তিত্বের প্রয়োজনে গড়ে উঠেছে জনপদ; জ্ঞাতি। আনন্দ-বেদনার জীবনযাপনের গীতিকাব্য মূদ্রিত পৃথিবীর পরতে পরতে। সময়ের স্রোতে পেরিয়েছে অযুত বছর। দুনিয়াজোড়া মানুষ আজ খুব কাছাকাছি, আর এই মানুষ যেহেতু নানারূপ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রকাশ করে তার প্রকৃত জীবনাচার, সেহেতু এই জীবনাচারের প্রকৃত প্রকাশ অঙ্গীকারবদ্ধ সুবচন নাট্য সংসদ। যাত্রাপথের শুরু যাদের ১৯৭৭ সালের ৭ জানুয়ারি। প্রথম প্রযোজনা নীচু তলার মানুষ।

সুবচনের অটল বিশ্বাস – ‘মানুষ মুখ্য মানুষ বিষয় মানুষই অনন্ত সম্ভাবনা’ – তাদের এই বিশ্বাসের সঙ্গে আমরা দ্বিধাহীনভাবে অনুভব করি আত্মিক বন্ধন, হৃদয়-উৎসরিত আবেগের উষ্ণ কম্পন। শুভেচ্ছা।