চলচ্চিত্রে নারীর উপস্থাপনা : জেন্ডার পরিপ্রেক্ষিত

পুরুষাধিপত্যের জগতে নারীর বাস।

চলচ্চিত্রের উদ্ভবও এই পুরুষাধিপত্যের জগতে।

চলচ্চিত্রের বিকাশ ও উৎকর্ষলাভও ঘটেছে এই পুরুষাধিপত্যের জগতেই ।

সুতরাং যা হবার তা-ই হয়েছে।

জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো নারীর নিয়তি এবং ব্যবহারও চলচ্চিত্রের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে নারীর ইচ্ছায় বা স্বার্থে নয় – হয়েছে পুরুষের হাতে, পুরুষের ইচ্ছায়, পুরুষের স্বার্থে, পুরুষের কল্পনার আদর্শে, পুরুষের বিশ্বাস ও বাস্তবতার অনুবর্তী হয়ে।

চলচ্চিত্রকে যদি বলি শিল্পমাধ্যম তবে একথা বলা অত্যুক্তি হবে না যে, চলচ্চিত্র এক সর্বগ্রাসী শিল্পমাধ্যম। অন্যান্য শিল্পের সকল রূপ-রস-সুধা-সম্ভাবনাকে আত্মীভূত করে চলচ্চিত্র ব্যাপ্ত ও বিস্তৃত হয়ে চলছেই। এক্ষেত্রে চলচ্চিত্র অনন্য, অভূতপূর্ব।

এই সর্বব্যাপী বহুধাবিস্তৃত শিল্পকলাটি কিন্তু আরো একটি ক্ষেত্রে অনন্য ও অভূতপূর্ব। পৃথিবীর আর কোনো শিল্পকলা আর কোনোকালে এমনভাবে বাণিজ্যকলার অংশ হয়ে ওঠেনি, অর্থাৎ মুনাফাকলার হাতিয়ারে পরিণত হয়নি। সুতরাং বলা যায়, আপন অস্তিত্ব-প্রকাশে চলচ্চিত্রের দুই সত্তা – এক. শিল্পসত্তা, দুই. বাণিজ্য তথা পণ্যসত্তা। তবে এর মধ্যে চলচ্চিত্রের পণ্যসত্তা এতোই প্রবল যে, আমরা যদি একে বাণিজ্যশিল্প বলে আখ্যায়িত করি তবে ভুল বলা হবে না এবং আশা করি মহৎ চলচ্চিত্রের অনুরক্ত দর্শক ও সমালোচকরা এতে বিরাগভাজন হবেন না।এই বাণিজ্যশিল্পে লিঙ্গ হিসেবে নারীর উপস্থাপনা এতোই বহুমুখী ও বহুলস্তরিক যে, অল্পপরিসরে তা ব্যাখ্যা ও বিশ্লেষণ করা একটি দুরূহ ব্যাপার। তারপর আছে বিশ্ব-পরিপ্রেক্ষিত ও জাতীয় প্রেক্ষাপট।

দুই

অন্য শিল্পমাধ্যমগুলোর তুলনায় চলচ্চিত্রে নারীর উপস্থিতি সবচেয়ে বেশি। অবশ্য একে ‘উপস্থিতি’ না বলে ‘উপস্থাপিত’ বলাই সংগত। চলচ্চিত্রশিল্পে নারী উপভোগের বা ভোগের উপাদান। চলচ্চিত্র-পণ্যে নারী ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট – অন্যতম কাঁচামাল। নানা মাত্রায়, নানা মিশেলে এই ‘কাঁচামালে’ উৎপাদিত পণ্যের ভোগ্যমানও নানারকমের।

দৃশ্যসম্ভোগের বিচারে এর একটি বিশ্লেষণ দেয়া যেতে পারে। দৃশ্যসম্ভোগের দুটো দিক – পুরুষ-চরিত্রের নিয়ন্ত্রণ-ক্ষমতা এবং ভোগের পণ্যহিসেবে নারী-চরিত্রের বস্তুগত উপস্থাপন।

পুরুষাধিপত্যের এই পৃথিবীতে নারী যেমন রাজনীতি, শিল্প কিংবা অর্থনীতির কেন্দ্রভাগে নেই তেমনি নেই চলচ্চিত্রেও। সেজন্য চলচ্চিত্রের টেক্সটে নারীহিসেবে নারী একেবারেই অনুপস্থিত। নারী এখানে মূলত অ্যাক্টর, পুরুষের চোখে দেখা অপর লিঙ্গ মাত্র। পুরুষের জন্য নারী কী অর্থ বহন করে, তা-ই মূলত চলচ্চিত্রে উপস্থাপিত হয়। এখানে উপস্থাপিত নারীর নিজের সঙ্গে কোনো সম্পর্ক নেই; উলটো আছে পুরুষ নয় এমন নেতিবাচক চরিত্র হিসেবে উপস্থাপন।

দেখার আকাক্সক্ষা মানুষের মৌলিক প্রবৃত্তিগুলোর একটি। বিভিন্ন কলাকৌশল অবলম্বনের মাধ্যমে চলচ্চিত্র মানুষের দেখার এই ইচ্ছেটিকে উদ্দীপ্ত করে তোলে। চলচ্চিত্রে দর্শকের দেখার এই আকাক্সক্ষা আবার সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার অক্ষরেখায় ক্রিয়াশীল একটি উপাদান। আর সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার বিষয়টি আদতে লিঙ্গ-সম্পর্কিত। চলচ্চিত্রের প্রথাগত ন্যারেশনে পুরুষ-চরিত্র সবসময়ে সক্রিয় এবং ক্ষমতাবান – যাকে কেন্দ্র করে সকল নাটকীয় ঘটনা উন্মোচিত ও পরিণত হয়। অন্যদিকে নারী-চরিত্র সবসময়েই নিষ্ক্রিয় ও ক্ষমতাহীন – পুরুষ-চরিত্রগুলোর কামনার বস্তু মাত্র। নারী-পুরুষের লিঙ্গগত এই বিভেদরেখা উপস্থাপনের মাধ্যমে চলচ্চিত্রে দর্শকের একাত্মতা গড়ে ওঠে। আয়নায় প্রতিফলিত রূপের সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়ে শিশু যেমন আনন্দ পায় এবং নিজের সম্পর্কে নিজের ‘অহম্’ তৈরি করে, ঠিক সে-রকমই চলচ্চিত্রের পরদায় প্রতিফলিত পারফেক্ট মানবচরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পেয়ে দর্শকও নার্সিস্টিক বা আত্মরতিমূলক আনন্দ উপভোগ করে থাকে। নিষ্ক্রিয়, ক্ষমতাহীন নারী-চরিত্রের বিপরীতে পুরুষ নায়ককে ‘আরো নিখুঁত, আরো সম্পন্ন, আরো ক্ষমতাশীল’ অহম হিসেবে চলচ্চিত্রে উপস্থাপন করা হয়। আর এভাবেই নারী নয় – বরং পুরুষ-চরিত্রের সঙ্গে দর্শককে সক্রিয়ভাবে একাত্ম করে তোলা হয়।

মূলত পিতৃতান্ত্রিক-ভাবনার ওপর ভিত্তি করেই চলচ্চিত্র তার ভাষার সৌকর্য-নির্মাণ করেছে। চলচ্চিত্রের বর্ণনায় তাই পুরুষ-চরিত্রেরা সবসময়েই নারীদের দেখে। পুরুষ-চরিত্রের কামজ দৃষ্টিকোণে দৃশ্যায়িত চলচ্চিত্র মিলনায়তনের দর্শককে এই পুরুষদৃষ্টি বা সধষব ষড়ড়শ-এর সঙ্গেই একাত্ম করে তোলে। ক্যামেরার প্রেক্ষণবিন্দু, চরিত্রায়ন এবং দৃশ্যায়নের কলাকৌশল চলচ্চিত্রের নারী-চরিত্রগুলোকে দেখার জিনিস হিসেবে উপস্থাপন করে।

চলচ্চিত্র নারী-চরিত্রকে শুধু নিষ্ক্রিয় ও নিখুঁত সৌন্দর্যের আঁধার হিসেবে পুনর্নির্মাণ করে না, যৌন-উদ্দীপক উপাদান হিসেবেও উপস্থাপন করে। এ উপস্থাপন শরীরী। এটিই এখন বিশ্বব্যাপী চলচ্চিত্রের মূলধারা। চলচ্চিত্র হয়ে উঠেছে যৌন-বাণিজ্যের অংশ। পরদায় নারীর আবেদনময়ী উদ্দীপক শরীরী রূপ-উপভোগ হলো পুরুষের যৌন-কামনা-নিবৃত্তির আরেক বিকৃত উপায়।

দর্শক হিসেবে চলচ্চিত্রে নারীদের অংশগ্রহণ কখনোই কিন্তু কম নয়। তারপরও বিশ্বব্যাপী দৃশ্য-সংস্কৃতিতে নারীর দৃষ্টিকোণের কোনো জায়গা কিন্তু ছিল না। ক্ষতিকর দিক হচ্ছে চলচ্চিত্রের পরদায় পুরুষের দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত নারীত্বের মধ্যে দর্শক হিসেবে নারী নিজেকে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে পুরুষের দৃষ্টিকোণকেও আত্মস্থ করে নেয়।

চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের মধ্যে যে- ভাবাদর্শ গঠিত হয় সেটা হয় পরোক্ষভাবে – সবসময়েই ঘোমটার আড়ালে ঢাকা-পড়া এক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফলে চলচ্চিত্রে চিত্রায়িত নারীর খণ্ডিত এবং বিকৃত রূপ দর্শকের কাছে স্বাভাবিক, বাস্তবসম্মত এবং আকর্ষণীয় হিসেবে উপস্থাপিত হয়। বলা চলে, এর মাধ্যমে পুরুষের চোখে দেখা নারীর আদর্শ প্রতিমূর্তি নির্মিত হয়।

আমরা প্রায়শই বলি, সময় এগিয়ে চলেছে, সমাজ এগিয়ে চলেছে, বিজ্ঞান এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে মানুষের চিন্তাধারা। সেদিক থেকে ১৮৯৬ সালে উদ্ভবের পর থেকে বিভিন্ন কারিগরি-উদ্ভাবনার ভেতর দিয়ে বিশ্ব-চলচ্চিত্র অভাবনীয় শৈল্পিক উৎকর্ষ অর্জন করেছে। নারীর উপস্থাপনায়ও বিশ্ব-চলচ্চিত্র এগিয়ে চলেছে – তবে তা যতোটা না সুস্থতার দিকে ততোটাই ভয়াবহতার দিকে। আমাদের জাতীয় চলচ্চিত্রের দিকে খেয়াল করেই এ কথার সত্যতা আঁচ করা যেতে পারে।

তবে আশার কথাও আছে। সামাজিক আন্দোলন হিসেবে নারীবাদ ইদানীং চলচ্চিত্র-নির্মাণ এবং এর তত্ত্ব ও সমালোচনাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। গত প্রায় তিরিশ বছর ধরে নারীবাদী দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্রকে বিশ্লেষণ করা আরম্ভ হয়েছে। প্রযুক্তির নিত্যনতুন আবিষ্কার চলচ্চিত্রের নির্মাণপ্রক্রিয়া ক্রমশ সহজতর এবং অপেক্ষাকৃত কম ব্যয়বহুল করে তুলছে। ফলে স্বাধীন নির্মাতা হিসেবে নারী-পুরুষ অনেকেই এখন চলচ্চিত্রে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে আরম্ভ করেছেন। এঁদের মধ্যে গীতা মেহতা (ভারত), অপর্ণা সেন (ভারত), মার্থা মেজারস (হাঙ্গেরি), এগনেস ভার্দা (ফ্রান্স), ট্রিনহ্ মিনহ-হ (ভিয়েতনাম-আমেরিকা) প্রমুখের নাম উল্লেখ করা যায়। পিতৃতান্ত্রিক সমাজকাঠামোতে নারীর অধস্তন অবস্থানের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা কথা বলছেন। চলচ্চিত্রে নারীর অবস্থানজনিত এই বিশ্ব-পরিপ্রেক্ষিত মাথায় রেখে আমরা এবার আমাদের দেশের চালচিত্রটা বোঝার চেষ্টা করলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করি।

তিন

বলা হয়, এদেশের চলচ্চিত্রের একটি স্বর্ণযুগ ছিল। বলা হয়, বিপুল সংখ্যায় নির্মিত হতো সুস্থধারার চলচ্চিত্র। দেশব্যাপী প্রেক্ষাগৃহসমূহে হাজার হাজার নর-নারী সবান্ধবে অথবা সপরিবারে উপভোগ করতেন সেসব চলচ্চিত্র।

বিভিন্ন সূত্রে সেকালের সেসব চলচ্চিত্র দেখার সুযোগ আমাদের হয়েছে। সেই চলচ্চিত্রগুলোকে যদি বোঝার চেষ্টা করি দেখব, সেগুলোও ছিল সাধারণত রোমান্টিক প্রেমনির্ভর পারিবারিক সুখ-দুঃখের গল্পকথার ছবি। কাহিনীর মধ্যে চমৎকারিত্ব, আকস্মিকতা ও কৌতূহলোদ্দীপক উপাদান থাকলেও এসব চলচ্চিত্রের গঠনশৈলী ছিল সহজ ও সরল। সম্ভবত এখানেই নিহিত ছিল এসব চলচ্চিত্রের বিপুল জনপ্রিয়তার আসল কারণ।

কেমন ছিল সেসব চলচ্চিত্রের নারী- চরিত্ররা?

অতি বাস্তবানুগ। অতি রমণীয়। বলাই বাহুল্য, এই বাস্তবতা পিতৃতান্ত্রিক সমাজবাস্তবতার চিত্ররূপ, এই রমণীয়তা পুরুষকল্পিত রমণীয়তারই প্রতিবিম্ব। এসব নারী-চরিত্র সাধারণত নিষ্ক্রিয় – প্যাসিভ। রোমান্টিকতার ক্ষেত্রে কখনো কোনো নায়িকা-চরিত্রকে সক্রিয় বা উদ্যোগী হতে দেখা গেলেও তারা শেষ পর্যন্ত পুরুষের বাহুলগ্ন হওয়াকেই জীবনের সার্থকতা বলে জ্ঞান করেছে। কোনো কোনো নায়িকা লম্পট নায়ক স্বামীকে ঘরে ফেরাতে সক্রিয় হয়েছে। নানা কলাকৌশলে স্বামীকে ঘরে ফিরিয়ে শেষ পর্যন্ত স্বামীসেবাতেই আত্মোৎসর্গ করেছে।

যতদূর জানি, সে-যুগের কোনো চলচ্চিত্রেই পুরুষ-অবলম্বনহীন নারী-চরিত্র নির্মাণের কোনো চেষ্টা দেখা যায় না।

স্বাধীনতা-পূর্ব সময়ে আমাদের চলচ্চিত্রের মেধাবী নির্মাতাদের মধ্যে অন্যতম জহির রায়হান। চলচ্চিত্র-নির্মাণ-সৌকর্যে তিনি অনন্য, অদ্বিতীয়। তাঁরও ছবিতে কিন্তু নারীর উপস্থাপনায় আমরা নতুন বা ভিন্ন কিছু দেখি না। পুরুষকে কোনো-না-কোনোভাবে পূর্ণ করার জন্যই তাঁর নারী-চরিত্রের নির্মিতি। জহির রায়হানের ছবিতেও তাই নারীর নিজস্বতায় উজ্জ্বল হয়ে-ওঠার শক্তি নেই। তাঁর কখনো আসেনি ছবিতে সুমিতা দেবী একটি প্রাণবান ভাস্কর্যের চরিত্রে অভিনয় করেন, যার চাওয়া-পাওয়ার হিসাব কখনো মেলে না – কেবলমাত্র খেয়ালি ভাস্করের অনুশীলনের বস্তু করার মধ্যে তাকে সীমাবদ্ধ থাকতে হয়।

অন্যদিকে স্বাধীনতা-উত্তরকালে অ্যাকশন-নির্ভর সামাজিক চলচ্চিত্র নির্মাণ শুরু হলে নায়ক-চরিত্রগুলো অতিমাত্রায় ‘রাফ অ্যান্ড টাফ’ হয়ে ওঠে। ফলত নায়িকা-চরিত্রের নিবেদনের মাত্রা আরো প্রকট হয়।

এর কিছুকাল পরেই শুরু হয় পোশাকি চলচ্চিত্রের যুগ। এদেশের মূলধারার চলচ্চিত্রে নারীকে উপস্থাপনের ক্ষেত্রে যোগ হয় নতুন মাত্রা। পোশাকি ছবির পোশাক আঁটোসাঁটো হয়ে উঠতে থাকে নায়িকা ও তার সখীদের দেহে। চরিত্র-রূপদানের পাশাপাশি অভিনেত্রীকে হাজির হতে হয় দেহ-প্রদর্শনীতেও। চলচ্চিত্র-বণিকেরা পান নতুন মুনাফার স্বাদ। সামাজিক অ্যাকশন ছবিতেও নারীদেহের এই নতুন ব্যবহার শুরু হয়। নারীদেহের ব্যবহার ঢুকে যায় সামাজিক গল্পের ছবিতেও।

প্রায় একই সময়ে ‘লেডি অ্যাকশনধর্মী’ গোছের এক ধরনের চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। এর সংখ্যা অবশ্য খুব বেশি না। বাণিজ্যিক এই ছবিগুলোতে নারী-চরিত্রেরা সবচেয়ে সক্রিয় ও সোচ্চার। এই ছবিগুলোর গল্পে সাধারণত একজন নির্যাতিত নারীর নেতৃত্বে অন্য নির্যাতিতাদের সংগঠিত হতে দেখা যায়।

তবে এ ধারার চলচ্চিত্রের মূল লক্ষ্য কখনোই নির্যাতিত নারীর সংগ্রাম বা সফলতা নয়। লক্ষ্য মুনাফা। তাই এখানেও নারীদেহ-প্রদর্শন তথা ভাল্গারিটির ছড়াছড়ি। বরং এ ধারার চলচ্চিত্রে ভাল্গারিটির মাত্রা আরো বেশি। অর্থাৎ যতো বেশি লেডি-অ্যাকশন ততো বেশি বস্ত্র-উন্মোচন, ততো বেশি যৌন-উদ্দীপক অঙ্গভঙ্গি। এভাবে মূলধারার প্রায় সমস্ত চলচ্চিত্রেই যৌনতার ব্যবহার প্রবলতর হয়ে ওঠে।

চার

১৯৫৮ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন গঠনেরও দুই বছর আগে তখনকার পূর্ববাংলায় মুখ ও মুখোশ নির্মাণের মাধ্যমে এদেশে চলচ্চিত্র-নির্মাণ আরম্ভ হয়। প্রথম ছবি মুখ ও মুখোশে বিনাপারিশ্রমিকে অভিনয় করেছিলেন জহরত আরা। জহরত আরার মতোই আরো যাঁদের নাম এখানে উল্লেখ করা যায় তাঁরা হলেন – সুমিতা দেবী, রানী সরকার, রওশন জামিল, শর্মিলী আহমেদ, সুজাতা প্রমুখ। এঁদেরই পথ অনুসরণ করে পরবর্তী সময়ে সুচন্দা, কবরী, শাবানা, ববিতা এবং অন্য অভিনেত্রীদের চলচ্চিত্রে আগমন। এঁরা সকলেই ছিলেন অভিনয়শিল্পী। পৃথিবীর আর সবদেশের মতোই আমাদের দেশেও একমাত্র অভিনয়ের ক্ষেত্রে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণ দেখি আমরা। স্বাধীনতার আগে কেবলমাত্র রেবেকা নামে একজনের কথা শোনা যায়, যিনি বিন্দু থেকে বৃত্ত নামে একটি চলচ্চিত্রে নির্মাতা হিসেবে সম্পৃক্ত ছিলেন। তারপর মুক্তিযুদ্ধ পেরিয়ে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এদেশের চলচ্চিত্র আজকের বাস্তবতায় এসে পৌঁছেছে। এখনো উল্লেখযোগ্যসংখ্যায় নির্মাতার আসনে নারীদের আমরা দেখতে পাই না। আমাদের চলচ্চিত্রেও তাই নারীর উপস্থাপনায় ভিন্ন কোনো প্রকল্প এখনো তেমন করে দেখা যায়নি। আবার একথাও নিশ্চিত করে বলা যায় না যে, নির্মাতার আসনে নারী থাকলেই নারীর উপস্থাপনায় ভিন্নতা আসবে। সমসাময়িককালে মূলধারায় নির্মিত নারী-পরিচালকদের বেশ কটি ছবি মুক্তি পেয়েছে। সবগুলো ছবিতেই দেখা গেছে নারীর উপস্থাপনায় তাঁরাও গড্ডালিকা প্রবাহেই গা ভাসিয়ে দিয়েছেন।

পাঁচ

বাংলাদেশে সে-অর্থে সংগঠিত-সংঘবদ্ধ কোনো নারীবাদীচর্চা নেই। তবে স্বাধীন মানবীয় সত্তা হিসেবে নারীকে মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুধাবনের তাগিদ দিতে আরম্ভ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ। বলতে গেলে স্বাধীনতার পর থেকে এ প্রক্রিয়া শুরু হয়।

সমাজবিবর্তনের সঙ্গে সঙ্গে নারীবিষয়ক নতুন চিন্তাভাবনা যেমন আমাদের জনমানসে জায়গা করে নিচ্ছে তেমনি তার ছাপ কোনো-না-কোনোভাবে আমাদের চলচ্চিত্রের পরদায়ও প্রতিফলিত হচ্ছে। বৈশ্বিক চলচ্চিত্র-অঙ্গনের মতোই এদেশের চলচ্চিত্রেও তাই নারীবাদী চিন্তা-চেতনার প্রভাব পড়ছে।

বর্তমানে আমাদের দেশে চলচ্চিত্রচর্চার ক্ষেত্রে বাণিজ্যিক, বিকল্প এবং উন্নয়ন – তিনটি ধারা বহমান দেখা যায়। বাণিজ্যিক ধারায় কেবলমাত্র কাহিনীচিত্রের আঙ্গিকেই কাজ হচ্ছে। বিকল্প ধারায় কাহিনী ও প্রামাণ্য, উভয় ঘরানার চলচ্চিত্রচর্চা হচ্ছে। আর উন্নয়ন ধারায় মূলত প্রামাণ্য আঙ্গিকে চলচ্চিত্র নির্মিত হচ্ছে।

এবার এদেশে নির্মিত কিছু চলচ্চিত্র নিয়ে আলোচনা করব, যেখানে নারীকে উপস্থাপনের ক্ষেত্রে নির্মাতারা কিছুটা ভিন্নতার পরিচয় দিয়েছেন।

প্রয়াত চলচ্চিত্রকার আলমগীর কবীরের দ্বিতীয় ছবি সূর্যকন্যা মুক্তি পায় ১৯৭৬ সালে। এ ছবিতে পরিচালক একটি রূপকের মাধ্যমে পুরুষশাসিত সমাজে নারীর শোষণ ও মুক্তির বিষয়টি দর্শকের কাছে উপস্থাপন করেছেন। তবে কোনো বাস্তব নারী-চরিত্রের মধ্য দিয়ে নয়। ছবির নায়ক লেনিন। তার কল্পনায় দেখা চরিত্রের নাম সূর্যকন্যা। এই সূর্যকন্যা পিতৃতন্ত্রের শৃঙ্খলে আবদ্ধ নারীর ঐতিহাসিক পরাজয়ের ইতিহাস শোনায় দর্শককে।

বিকল্প ধারার চলচ্চিত্র-অনুশীলনকারীরা এদেশের প্রথাগত বাণিজ্যিক চলচ্চিত্রধারার বাইরে বেরিয়ে মুক্ত হাওয়ায় নতুন চোখে নতুন কিছু দেখার প্রত্যয় নিয়ে চলচ্চিত্র-নির্মাণে উদ্যোগী হন। তাঁদের নির্মিত চলচ্চিত্রে প্রথার বাইরে বেরিয়ে নারীকে ভিন্নভাবে উপস্থাপন করার অপার সম্ভাবনা ছিল। বিষয়-নির্বাচনে বাণিজ্যিক ধারার চেয়ে কিছুটা ভিন্নপথে তাদের বিচরণ দেখা গেলেও নারীর উপস্থাপনায় প্রচলিত প্রথার বাইরে এই ধারা এখনো বেরুতে পারেনি। তবে বিকল্প উদ্যোগে নির্মিত ছবিগুলোর মধ্যে তারেক মাসুদ এবং শামীম আখতারের যৌথ পরিচালনায় নির্মিত একটি ছোট ছবি সে-র কথা উল্লেখ করতে হয় এখানে। দশ মিনিটের এই ছবিটিতে সংলাপ খুবই কম – দৃশ্যায়নেও অভিনবত্ব নেই, কিন্তু নারীবাদী বিষয়ের গুণে একটি উল্লেখযোগ্য ছবি এটি।

সে ছবিতে একজন শহুরে সিঙ্গেল মাদার তার শিশুপুত্রকে নিয়ে স্বামী বা পুরুষসঙ্গী ছাড়া দিনযাপন করে। কী কারণে এই শিশুর বাবার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছিল, দর্শক সেটি জানতে পায় না – তবে এটি জানা খুব জরুরিও নয়। কারণ বাড়িতে একদিন এক আগন্তুককে দেখে পুত্র যখন প্রশ্ন করে লোকটি কে, তখন এই নারী বলে : কেউ না, বাবা। একা মায়ের ছোট্ট এই উত্তরই দর্শকের জন্য পর্যাপ্ত। আমাদের বুঝতে বাকি থাকে না যে, একটি পিতৃপ্রধান সমাজের বাসিন্দা হয়েও গত হওয়া, ভেঙে যাওয়া সম্পর্ককে এই মা আর তাদের মা-ছেলের জীবনে জায়গা দিতে চান না। ছেঁড়া সম্পর্ক ছেদ করার এবং সন্তানের দায়িত্ব একা নেবার মতো দৃঢ়তা সে অর্জন করেছে।

ভিডিও ফরম্যাটে নির্মিত শামীম আখতারের ছবি ইতিহাসকন্যা এবং শিলালিপি – দুটোতেই বিষয়-নির্বাচনে নারীবাদী দৃষ্টিকোণের পরিচয় পাই আমরা। দুটো ছবিরই পরিপ্রেক্ষিত মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পটভূমিতে দাঁড়িয়ে তিনি দুই নারীকে দর্শকের কাছে উপস্থাপন করেছেন, যাদের একজন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিপীড়িত বোনের সন্তান অনন্যাকে বড়ো করার সঙ্গে সঙ্গে ইতিহাসের কবর খুঁড়ে সত্যানুসন্ধানে ব্রত হয়েছেন। আর অন্যজন মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে গিয়ে পাকবাহিনীর হাতে প্রাণ দিয়েছেন। দুটো ছবিতেই দেশের রাজনৈতিক ইতিহাস প্রধান বিষয় হলেও নারীরা এখানে কেন্দ্রবিন্দুতে আছেন। এই নারীরা অবশ্য তাদের পিতৃতান্ত্রিক ব্যবস্থায় আবদ্ধ নারীজীবনকে প্রশ্নবানে বিদ্ধ করেন না। তবে তারা যে-প্রথাবদ্ধ নারীজীবনের বলয় থেকে বেরিয়ে আসা মানুষ, এটাও দর্শকের কাছে অস্পষ্ট থাকে না।

স্বাধীন বলিষ্ঠ আরেকজন নারীকে আমরা দেখেছিলাম মশিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত আলীর যৌথ পরিচালনায় নির্মিত সূর্য দীঘল বাড়ি ছবিতেও। এটি নারীবাদী চলচ্চিত্র নয়। সব ছবিই নারীবাদী চলচ্চিত্র হয়ে উঠবে, এটি কাম্যও নয়। মানবীয় নারীর উপস্থাপনার ক্ষেত্রে এই ছবিটি একটি উদাহরণ হতে পারে। এই ছবিতে সাধারণ গ্রামের মেয়ে জয়গুণ অত্যাচারী স্বামীর সংসার, গ্রাম্য কুসংস্কার সবকিছু উপেক্ষা করে বেঁচে থাকার সংগ্রামে কাক্সিক্ষত বলিষ্ঠতার পরিচয় দিয়েছে। তবে উল্লেখ্য যে, ছবিটি বাণিজ্যিক ধারার ব্যবস্থাপনায় নির্মিত হয়েছিল এবং ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেনি। পরিচালক আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেনে ছবিটির কথাও উল্লেখ করা যায়। এই ছবিতেও সমাজের প্রান্তিক অংশের নারীদের বলিষ্ঠ জীবন ও তাদের জীবিকার সংগ্রাম রূপায়িত করেছেন পরিচালক। এই ছবিটি কিন্তু ব্যবসায়িকভাবে সফল।

বাণিজ্যিক এবং বিকল্প ধারার সঙ্গে উল্লেখ করতে হয় দেশের উন্নয়নখাতে নির্মিত কিছু ভিডিওচিত্রের কথা। দাতাদের আগ্রহেই আমাদের দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের কর্মসূচির অংশ হিসেবে সমাজে নারীর অধস্তন অবস্থান-বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ নেয়। তাদের সেই উদ্যোগেরই অংশ হিসেবে ভিডিও ফরম্যাটে বেশকিছু প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে আমাদের দেশে। এই প্রামাণ্যচিত্রগুলোতে মূলত মানবিক অধিকারবঞ্চিত নারীর শিক্ষা, স্বাস্থ্য, তার প্রতি সহিংসতা – এইসব বিষয় ঘুরে-ফিরে এসেছে। এরই সঙ্গে কখনো-বা নারীর ইতিবাচক ভাবমূর্তি-উপস্থাপনেরও চেষ্টা ছিল তাদের। বিশ্বের প্রথমসারির নারীবাদীদের সমতুল্য ভারত উপমহাদেশীয় ব্যক্তিত্ব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও কর্ম নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র রোকেয়া। ছবিটি পরিচালনা করেছেন মানজারে হাসীন মুরাদ। অন্যদিকে পিতৃতান্ত্রিক ব্যবস্থায় অবদমিত নারীর সমাজবাস্তবতা কীভাবে শিল্পী নারীর বিষয় এবং তার প্রকাশকে স্বতন্ত্র করে তোলে – তার অন্তরঙ্গ পর্যবেক্ষণ আছে অন্য অনুভব (পরিচালনা : ফৌজিয়া খান) নামের একটি ছবিতে। এরকম আরো কিছু ছবি আছে। তবে বাণিজ্যিক ছবি যেমন নির্দিষ্ট দর্শককে মাথায় রেখে নির্মিত, তেমনি এনজিও-অনুদানে নির্মিত ছবিগুলোও নির্দিষ্ট দর্শককে বিবেচনায় রেখে নির্মিত। সেজন্যে নিরীক্ষামূলক শিল্পকৌশল কিংবা র‌্যাডিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে নারীর অবস্থানকে বিবেচনা করার চেয়ে নির্মাতাদের প্রাধান্য দিতে হয়েছে মানুষ হিসেবে নারীর অধিকার, সমাজে তার ইতিবাচক অবদান সম্পর্কে সাধারণ দর্শককে সচেতন করে তোলার বিষয়টিকে। ফলে এই ধারায় নির্মিত প্রামাণ্যচিত্রগুলোর বিষয় মূলত নারী হলেও চলচ্চিত্রিক শিল্পকৌশলের মাধ্যমে নারীবাদী দৃষ্টিকোণ-রচনা তাদের হাতেও পূর্ণতা পায়নি এখনো।

ছয়

নারীর অবস্থান-বিষয়ে সমাজের নতুন ভাবনাচিন্তাকে আমাদের বাণিজ্যিক ধারায় কিছুটা ভিন্নভাবে হলেও আত্মস্থ করে নিচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যাবে, ’৭০-এর দশক পর্যন্ত নির্মিত অধিকাংশ চলচ্চিত্রে পুরুষ-চরিত্ররাই মূলত সক্রিয়। পুরুষ বা চলতি কথায় নায়কেরাই অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে নায়িকার মান ভাঙানো, মনোরঞ্জন – সবকিছুই উদ্যোগী হয়ে অ্যাকটিভ্লি করেছে। আগে সাধারণত বিপদে-পড়া নারীকে মাস্তানদের হাত থেকে উদ্ধার করেছে নায়কেরা – মানে সুদর্শন কোনো পুরুষ-চরিত্র মাস্তানদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী হয়েছে এবং বিপদগ্রস্ত নায়িকাকে উদ্ধার করেছে। নায়িকা সে-যুদ্ধের কারণ হলেও নিজে সাধারণত লড়াই করেনি – পাশে দাঁড়িয়ে থেকে নায়ককে অনুপ্রেরণা দিয়ে গেছে। পরিশেষে মাস্তানদের পরাস্ত করে জয়ী হয় যে-নায়ক তার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে নায়িকা পরদা থেকে নিষ্ক্রান্ত হয়েছে। ক্রমে কিন্তু শত্রুর সঙ্গে এই লড়াইয়ে তাদেরও অংশ নিতে দেখা যায়। গানের দৃশ্যায়নেও দেখা যায়, ক্রমশ নায়িকারা নায়কদের মনোরঞ্জনের জন্য সক্রিয় হয়ে উঠছে। পেশাজীবী নারীরাও চরিত্র হিসেবে কাহিনীতে জায়গা পেতে শুরু করে। তবে শেষরক্ষা তো হয় না। পরদায় নায়িকা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় – সে তার নিজের জন্য নয় – কোনো-না-কোনো পুরুষকে তুষ্ট করার জন্যেই তার এই সক্রিয়তা গতি পায়। দেখা যায়, সক্রিয়, সক্ষম, পেশাজীবী হওয়া সত্ত্বেও এই নারীরা পুরুষের তুলনায় নিজেদের অধস্তন অবস্থানকে সানন্দে মেনে নয়। আর অতিসম্প্রতি তো সন্ত্রাস এবং অশ্লীলতা যখন সর্বাংশে গ্রাস করেছে আমাদের সমাজকে, তখন চলচ্চিত্রেও তার অবধারিত প্রতিফলন হিসেবে প্রেমিক নায়কের জায়গা দখল করে নিয়েছে মাস্তান প্রতি-নায়কেরা। ত্রাসের এই সময়ে পেশিবহুল, অস্ত্রবাজ প্রতি-নায়কেরা এখন বাণিজ্যিক ছবির পরদাজুড়ে রাজত্ব করছে। চলচ্চিত্রের পরদায় এখন যৌনতা ছাড়া নারী-চরিত্রের আর বিশেষ কোনো ভূমিকা দেখা যায় না। লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার জন্যে চলচ্চিত্র-ব্যবসায়ীরা নির্ভর করছেন বিকৃত যৌনতায়। ফলে অবধারিতভাবেই নারীদেহের কামজ উপস্থাপনার মাধ্যমে লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পেতে চাইছেন তারা।

সাত

দর্শকসংখ্যা-বিবেচনায় আমাদের দেশে এখনো বাণিজ্যিক ধারার চলচ্চিত্রই এগিয়ে আছে। সেই বিবেচনা থেকে এই ধারায় নির্মিত দুটি ছবি নিয়ে এবার আলোচনা করা যাক। দেখা যাক সেখানে নারী এবং পুরুষের সম্পর্কটা কেমন।

প্রথম ছবি স্ত্রী কেন শত্রু, পরিচালক বাদশা ভাই।

ছবি আরম্ভ হয় যে-দৃশ্যটি দিয়ে :

বেশ মোটাসোটা এক মহিলা, প্রাণপণে দৌড়াচ্ছে – তাকে অস্ত্রহাতে তাড়া করছে ৫/৬ জন যুবক। দৌড়াতে দৌড়াতে তারা এসে পড়ে উকিলের পোশাক পরা এক নারীর সামনে। তিনি নায়িকা মৌসুমী – বিনাপ্রশ্নে অস্ত্রধারীদের সঙ্গে মারামারি আরম্ভ করেন। মারামারিতে অস্ত্রধারী মাস্তানেরা পরাস্ত হয়। তখন যাকে তাড়া করা হচ্ছিল তার মুখে শোনা যায়, তিনি অন্তঃসত্ত্বা। তার প্রণয়ী – এক পুলিশ অফিসার। ভালোবাসার প্রলোভনে সতীত্বহরণ করেছে – এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে।

এই দৃশ্যে নারীকে আমরা কিন্তু ভীষণভাবে সক্রিয় দেখি। ৫/৬ জন অস্ত্রধারী মাস্তানকে কোনো নারী-চরিত্রের হাতে এভাবে পরাস্ত হতে দেখার দৃশ্য খুব বিরল – অন্তত আমার অভিজ্ঞতায়।

চলচ্চিত্রের পরদায় সনাতনভাবে নিষ্ক্রিয় নারীর এই সক্রিয়তা দেখে আমরা উদ্দীপ্ত হতে পারি। ছবির কাহিনী যতো এগুতে থাকে দেখি, প্রতিদিনকার কাগজে পড়া আমাদের প্রাত্যহিক জীবনটাই যেন এই ছবির কাহিনীকে প্রাণ দিতে থাকে। দেখা যায়, যে ভণ্ড দুর্নীতিবাজ পুলিশ অফিসার ভালোবাসার প্রলোভনে বস্তির সাধারণ মেয়েটিকে গর্ভবতী করেছে – তাকেই দায়িত্বপালনে কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হচ্ছে। আজকের দিনের সক্রিয় নারী মানে আইনজীবী নায়িকা মৌসুমীর উদ্যোগে অবশ্য সে-পুরস্কার আর তার হাতে গিয়ে পৌঁছে না এবং এলাকাবাসীর চাপে পড়ে ভণ্ড পুলিশ অফিসার মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হয়। সেই বিয়ের অনুষ্ঠানে ফুর্তি করতে গিয়ে কনের বাবা এবং আরো দুজন মারা যায়। চোলাই মদ বিক্রেতাদের কোনো শাস্তি হয় না। সেই প্রতারক দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে ঘুস দিয়ে ঘটনা ধামাচাপা দিয়ে ফেলা হয়। কিন্তু আবারো আসে আইনজীবী নায়িকা মৌসুমী। এ অঘটনের সত্য-অনুসন্ধান করতে সে মামলা দায়ের করে। কাহিনী এগিয়ে যায়।বাণিজ্যিক ছবির ফরমুলা-অনুযায়ী নায়িকার জন্য অবশ্যই চাই একজন নায়ক। এ ছবিতে সে-দায়িত্ব পালন করেন আমিন খান। অবধারিতভাবে তাদের প্রেম-ভালোবাসা নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিয়েতে গড়ায়। ঘটনাপরম্পরায় দেখা যায়, যে-মৌসুমী বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় – সে-ই আবার পরিবেশ দূষণকারী নিজেদের পারিবারিক শিল্প-কারখানার ব্যাপারে সুবিধাজনক অবস্থান গ্রহণ করে এবং তার ভাই ক্ষতিকর এই কারখানা চালানোর জন্য অনুমতি পেতে খুন করতেও দ্বিধা করে না। সেই অনুমতিদাতা আর কেউ নয় – নায়কেরই বড়ভাই। নায়ক-নায়িকার অজান্তেই এই খুনের ঘটনা ঘটে। পরে গোপন এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে নিজের ভাই খুনিকে শাস্তি দিতে আইন-বিষয়ে পড়াশোনা করা নায়ক আমিন খান তেড়ে যায় স্ত্রীর বড়ভাইয়ের দিকে। ভীতসন্ত্রস্ত সেই খুনি বাঁচার তাগিদে উঁচু ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়। এ ঘটনায় স্বামী আমিন খানকে হত্যাকারী সাব্যস্ত করে আইনের হাতে তুলে দেয় নায়িকা মৌসুমী। ফলে অনিবার্যভাবেই তাদের বিচ্ছেদ ঘটে। পরে অবশ্য যথারীতি সকল সত্যঘটনা উন্মোচিত হলে স্ত্রী তার ভুল বুঝতে পারে। ওদিকে দুর্নীতিবাজ পুলিশ অফিসার কিন্তু চাকরি থেকে বরখাস্ত হয় না – বরং উত্তরোত্তর দুর্নীতি চালিয়ে যেতে থাকে – আর কথায় কথায় বস্তির মেয়ে বিয়ে করতে বাধ্য হওয়ার শোধ নিতে চায়। মেয়েটির যে কী হলো, তা আর আমরা দেখতে পাই না।

ছবিটিতে কাহিনীর বাঁধন খুব শক্ত নয় – নানা গাঁজাখুরি গোঁজামিল দিয়ে কোনোমতে কাঠামোটি দাঁড় করানো হয়েছে। এখানে আমাদের সাম্প্রতিক সমাজকে দেখি যেটি ভয়ানকভাবে দুর্নীতিগ্রস্ত। রক্ষক এখানে ভক্ষক বলে বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে মানুষ – সর্বত্র একটা বিশৃঙ্খলা। তবে এই ছবিতে কাহিনীর ঢিলেঢালা ভাব বিচার কিংবা সমাজের সাম্প্রতিক চিত্র কোনোটাই আজকে আলোচনার বিষয় নয় আমাদের। আমরা শুধু দেখতে চাই ঠিক কোন প্রেক্ষণবিন্দু থেকে নারীকে দেখা হয়েছে এখানে। ছবিটির প্রথম দৃশ্যে মাস্তানদের পরাস্তকারী নায়িকা মৌসুমীর সক্রিয়তা দেখে যে-উদ্দীপনায় উদ্দীপ্ত হয়েছিলাম – সেই তাকেও দেখি আসামির কাঠগড়ায় দাঁড়ানো নায়ক যে আসলে তার স্বামী সে কষে এক চড় মারে এ-ই বলে যে, আইনজীবীকে মারা না গেলেও নিজের বিবাহিত স্ত্রীকে এভাবে অবশ্যই মারা যায়। ভাবুন একবার! নায়ক – যাকে একটি ইতিবাচক চরিত্র হিসেবে এই কাহিনীতে রাখা হয়েছে, যে কিনা বঞ্চিতের কণ্ঠস্বর হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, সেও মনে করে স্বামী হিসেবে নিজের স্ত্রীকে এভাবে প্রকাশ্যে মারার অধিকার তার আছে! এবং মহামান্য আদালতও কিন্তু তার এই যুক্তি অবলীলায় মেনে নেয়। সুতরাং এটা সহজেই অনুমেয়, দর্শকের কাছেও বিষয়টি স্বাভাবিক হিসেবেই কিন্তু গৃহীত হয়।

পরিচালক বাদশা ভাই ঘুসখোর পুলিশ অফিসার, চোলাই মদের ব্যবসা, শিল্প-কারখানার পরিবেশ দূষণ, বিবাহ-পূর্ব সম্পর্কের সূত্র ধরে গর্ভধারণ – ইত্যাকার নানা বিষয়ে বিরোধী অবস্থান গ্রহণ করলেও এ-ছবিতে নায়িকাকে স্বামীর হাতে চড় খাওয়াটাকে তিনি স্বাভাবিক হিসেবে উপস্থাপন করেছেন। পরিচালকও হয়তো-বা অবচেতনভাবেই মনে করেন নারী – সে যতো শিক্ষিত কিংবা যোগ্যতাসম্পন্নই হোক না কেন – তাকে এভাবেই স্বামী বা বাবা কিংবা পুত্র অথবা ভাই – মানে কোনো-না-কোনো পুরুষের অধীনস্থ হতে হবে। সমাজের স্বাভাবিক নিয়ম-অনুসারেই সেটা হতে হবে। হয়তো-বা সে-কারণেই ইদানীংকালের ছবিতে নারী-চরিত্রগুলোকে অনেক বেশি সক্রিয় দেখা গেলেও তারা আসলে স্বাধীন মানবীয় সত্তা হিসেবে উপস্থাপিত নয়। পরদায় তাদের উপস্থিতি শুধু যেন ধর্ষিত, অত্যাচারিত কিংবা পুরুষের শয্যাসঙ্গিনী হবার জন্য।

এবার দ্বিতীয় ছবি বুক ভরা ভালোবাসার একটি দৃশ্য :

কলেজপড়ুয়া নায়িকা শাবনূর বাড়িতে সদ্যআগত যুবক গৃহশিক্ষক নায়ক রিয়াজকে বিছানায় প্রায় জাপটে ধরে বাসর রাতের কলাকৌশল শিখতে চায়। গৃহশিক্ষক বিড়ম্বনায় হাঁসফাঁস করছে, কিন্তু নায়িকা প্রায়োন্মাদ ভঙ্গিতে নব-বিবাহিত নর-নারীর যৌন সম্পর্ক-বিষয়ে শিক্ষা নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে।

ছবিটির পরিচালক ছটকু আহমেদ এখানে নায়িকার যৌনাত্মক দেহভঙ্গি অবলম্বন করে দর্শককে বিনোদিত করতে চান। বাস্তবে নারীর যৌনতার কাক্সক্ষা সমাজে গ্রহণযোগ্য না হলেও পরদার নায়িকাকে এ-বিষয়ে অতি আগ্রহী করে তুলতে পিছপা নন নির্মাতা।

এ ছবির কাহিনী সম্পর্কে বিস্তৃত আলোচনায় আমরা যাবো না। শুধু এটুকুই শুনে রাখি, নায়িকা শাবনূর এখানে ধনীর আদুরে দুলারী। যখন যা ইচ্ছে তা-ই করে। নিজের ইচ্ছেমতো একজনকে বিয়েও করে। কাহিনীর শেষে তারও অনিবার্য পরিণতি কিন্তু এমন হয় যে, নিজের জীবনের গতি-প্রকৃতি আর তার নিজের হাতে থাকে না। নিজের ইচ্ছেপূরণের ফল ভোগ করে স্বামীর পঙ্গুত্বের মাধ্যমে। এই ছবিতে নারীর উপস্থাপন এমন যে, সে যদি নিজের ইচ্ছে নিজেই পূরণ করে তাহলে এভাবে পঙ্গু স্বামী নিয়েই সংসার করতে হবে তাকে। বিয়ের পর থেকে অন্যের, মানে এক পুরুষেরই, চক্রান্তে তার জীবনে নানা দুর্ভোগ নেমে আসতে থাকে। চক্রান্তকারী পুরুষের সহযোগী হিসেবেও আবার নারীকেই দেখা যায়। নিজের বান্ধবী এবং মা দুজনেই তার বিরুদ্ধাচারণকারী। ফলে যে-নারী-চরিত্র দর্শকের কাছে উপস্থাপিত হয় সে পুরুষের ষড়যন্ত্রের শিকার, পুরুষকে ষড়যন্ত্রে সহায়তাকারী এবং আবার পুরুষেরই মনোরঞ্জনকারী।

আট

চলচ্চিত্রের জাদুকরী শক্তির দিক এই যে, এখানে সবকিছু স্বাভাবিক হিসেবে দর্শকের কাছে উপস্থাপিত হয়। সেজন্য দর্শকের অগোচরেই তাকে প্রভাবিত করে চলচ্চিত্রের মতাদর্শ। দর্শকের চোখের সামনে চলচ্চিত্রের বিশাল পরদায় যে-জগৎ উন্মোচিত হতে থাকে, সেখানে নিঃশর্তে আত্মসমর্পণ করতে তার ভালো লাগে। চলচ্চিত্রের পরদায় প্রদর্শিত বাস্তবতার সঙ্গে যদি নিজের জীবনের বাস্তবতার সামান্যকিছুও মিলে যায়, তবে অমিলগুলোও দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। ফলে চলচ্চিত্রের পরদায় উপস্থাপিত পুরুষের চোখে দেখা নারীর খণ্ডিত এবং বিকৃত রূপই দর্শকের কাছে স্বাভাবিক হয়ে উঠছে।

এখন কথা হলো বাস্তবতা থেকে রসদ নিয়েই চলচ্চিত্র নির্মিত হয়। বাস্তবেও কেবল শয্যাসঙ্গী, সন্তানের জননী কিংবা গৃহের বধূ হিসেবেই নারীকে দেখতে চায় বৃহত্তর জনমানস। বৃহত্তর সমাজের এই প্রত্যাশায় নারীর মানবীয় বিকাশের জায়গা খুব কম। প্রাত্যহিক জীবনে লিঙ্গ হিসেবে নারী এই অধস্তন জীবনযাপন করে বলেই চলচ্চিত্রে তার ফুলানো-ফাঁপানো রূপ আমরা দেখি। কারণ সেটাই কেবল অর্থে বিকোনো যাবে। ফলে যে-নারী সমাজের গঠনে উন্নয়নে সভ্যতার বিকাশে যুগ যুগ ধরে অংশগ্রণ করে আসছে তার পরিচয় দর্শকের অগোচরে থেকে যাচ্ছে।

এক্ষেত্রে মাধ্যম হিসেবে চলচ্চিত্রই বুঝি পারে তার আশ্চর্য সেই জাদুকরী শক্তির দিকটি কাজে লাগাতে। তার জাদুকরী শক্তির মোহনবাঁশিতে মূর্ত করে তুলতে পারে পূর্ণাঙ্গ নারীর রূপ। চলচ্চিত্র এমন নারীকে রূপায়িত করতে পারে যে, কেবল অধস্তন নয় বরং অপর লিঙ্গ হিসেবে সমভাবে, কখনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়েও বেশি কিছু দিয়ে মানবজাতির বিকাশকে প্রবহমান রেখেছে। এই পূর্ণাঙ্গ নারীকে উপস্থাপনের জন্য আজকে শুধু আমাদের দেশ নয় – বিশ্বব্যাপী চাই উদ্যোগী মানুষ। চাই সেই নারী, সেই পুরুষ, যারা চলচ্চিত্রের পরদায় মানবীয় সত্তা হিসেবে নারীকে যথাযথভাবে উপস্থাপন করবেন।

তথ্যসূত্র : ইন্টারনেট সূত্রে প্রাপ্ত বিভিন্ন প্রবন্ধ।