বাংলা গানের ক্রান্তিকাল

ব্যান্ডের দল গঠন করে আজকাল যাঁরা গান গেয়ে শোনাচ্ছেন ঢাকায় কিংবা কলকাতায়, তাঁদের ধারণা তাঁরা একটি ঐতিহাসিক শূন্যতা পূরণ করছেন। সম্প্রতি কলকাতার পাক্ষিক দেশ পত্রিকার উদ্যোগে বাংলা গানের অতি সাম্প্রতিক রীতি-প্রকৃতি সম্পর্কে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যান্ড-নেতারা আমন্ত্রিত হয়েছিলেন এবং তাঁদের জবানিতেই শোনা গেল, তাঁরা সময়োচিত কাজ করছেন, শ্রোতাদের তো আর শূন্যতার মধ্যে রেখে দেয়া যায় না, ব্যান্ডের গান দিয়ে তাঁরা সেই শূন্যতা ভরে দিচ্ছেন। শ্রোতাদের হৃদয়পাত্র ভরে যে উছলে উঠছে তার জন্যে তো কারো প্রমাণপত্র সংগ্রহের অপেক্ষা রাখে না, ব্যান্ড-শোতে যে পরিমাণ তরুণ উপস্থিত থাকেন এবং ব্যান্ডরস-সম্ভোগের দৃষ্টিগ্রাহ্য প্রমাণ রাখেন, তাতেই বোঝা যায়, ব্যান্ড ব্যাপারটি বাইরের নয়, একেবারে ভেতরের বিষয়। প্রাণে প্রাণে ব্যান্ড বাজছিলই, এতোদিন বাইরে এনে সেটিকে বাজাবার প্রশান্ত পথ পাওয়া যায়নি, এবার পথ পাওয়া গেছে। ফলে এতোদিন যা হয়নি, নাগরিক বাঙালি তৃণমূল শ্রোতৃসমাজ পর্যন্ত উদ্দাম ছন্দে ও উত্তাল সুরে গান বিষয়টিকে পৌঁছে দেয়া গেছে। গেছে যে, সে তো আমরা দেখতেই পাচ্ছি। ব্যান্ডদল-পরিচালকরা যদি এমন দাবি করেন যে, তাঁরা বাঙালি নাগরিক তরুণ সমাজকে গীতসন্নদ্ধ করছেন, তাহলে তাকে নাকচ করার তো উপায় থাকে না। ব্যান্ড শোতে যখন স্টেডিয়াম ভরে ওঠে দর্শকে-শ্রোতায়, এর জনপ্রিয়তা নিয়ে কোনো সংশয়বাক্য উত্থাপন করা চলে না।

এবার মূল ব্যাপারটিতে আসা যেতে পারে – শূন্যতা। কীসের শূন্যতা, কেনই-বা শূন্যতা, কখন থেকে শূন্যতা – শূন্যতাবিষয়ক এসব নানা প্রসঙ্গ। গানের এলাকায় শূন্যতা নানাভাবেই দেখা দিতে পারে। একটি গীতরীতি নানা কারণে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে, অন্য একটি গীতরীতি সেই ছেড়ে-দেয়া-স্থানটিকে অধিকার করছে না, এই পরিস্থিতিতে একটি শূন্যতা তৈরি হয়। যেমন হয়েছিল বৌদ্ধ সংগীতের যুগাবসান ও বৈষ্ণব-সংগীতের যুগারম্ভের ক্রান্তিকালে। সে দ্বাদশ শতকের ব্যাপার। নবম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতক পর্যন্ত চর্যাগীতির যুগ প্রবহমান থাকল। একই ধরনের বিষয় – যেমন মুক্তি চাই, দুঃখময় জীবনে আর ফিরে আসতে চাই না, এক ধরনের সংগীতরীতির অনুবর্তন দীর্ঘকাল চলতে পারে না। রচয়িতৃবৃন্দ, গায়কবৃন্দ ও শ্রোতৃসমাজ ক্লান্ত হয়ে পড়ে। জয়দেব তাঁর গীতগোবিন্দের গান নিয়ে বাংলার সেই চর্বিতচর্বণক্লান্ত সংগীতমঞ্চে আবির্ভূত হলেন দ্বাদশ শতকের দ্বিতীয়ার্ধে। বৈষ্ণবীয় সংগীতের সূচনা ঘটল। কিন্তু ঘটনা তো এমন নয় যে, জয়দেব আসলেন আর জনচিত্ত জয় করে ফেললেন। নবসংগীতের একটি প্রারম্ভপর্ব দেখা দিল। সেটি পল্লবিত হয়ে উঠতে সময় লাগল আরো তিনশ বছরের মতো। অর্থাৎ চর্যাগীতির ভরা দিন আর বৈষ্ণব সংগীতের ভরা দিনের মধ্যেকার দূরত্ব তিনশ বছরের ওপর। শ্রীচৈতন্য থেকে বৈষ্ণবীয় সংগীতের ভরা দিন ধরলে সে ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে এসে দাঁড়ায়। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনের গানের ব্যাপারটি ধরলে সেও পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে এসে পড়ে। ফলে বাংলা গানের মূলধারায় এক দীর্ঘস্থায়ী শূন্যতার দেখা পাওয়া গেল। বৌদ্ধ সংগীতের অবসান ও বৈষ্ণবীয় সংগীতের উদ্ভাসনের মধ্যেকার সময়টিকে বলা হলো শূন্যতাপ্রবণ কাল। ইতিহাসের বিবেচনায় সে-কাল বড়ো দীর্ঘ। সেই শূন্যতা পূরণের জন্যে নতুন ধরনের কোনো গান রচিত বা গীত হতে দেখা যায়নি। পুরানো গানই মানুষ গেয়ে চলেছে এবং প্রত্যাশায় থেকেছে যে, নতুন কোনো সংগীতরীতির উদ্ভাস ঘটবে। ষোড়শ শতকের শেষের দিকে নরোত্তম যখন প্রথাবদ্ধ কীর্তন গাইবার রীতি গড়ে তুললেন, সারা বাংলা যেন ঝাঁপিয়ে পড়ল সেই গান নিয়ে। অল্প কয়েক বছরের মধ্যে কীর্তনের পাঁচটি প্রামাণ্য রীতি তো বটেই, অনেক আঞ্চলিক রীতিও গড়ে উঠল। রাধা-কৃষ্ণ কাহিনীর অন্তর্নিহিত মাধুর্য ও নাট্যরস বাংলা গানের মূল স্রোতকে উচ্ছ্বসিত করে তুলল। যতোই মিষ্টি আর নাটুকে হোক না কেন এর স্বাদগ্রহণেরও একটা শেষ আছে। কীর্তন-পদাবলি ক্ষীয়মাণ হয়ে আসছিল অষ্টাদশ শতকের প্রথমদিক থেকেই। একটা শূন্যতা, যদি একে শূন্যতা বলি, দেখা দিচ্ছিল যার স্থান পূরণ করল শাক্তপদসংগীত। নায়ক-নায়িকাভাবে মধুর রসের ভেতর দিয়ে ভজনার চেয়ে মাতা-পুত্র সম্পর্কের ভেতর দিয়ে মাতৃরূপী ঈশ্বর ভজনার ধারা জনগ্রাহ্যতা পেল অনেক আন্তরিকভাবে। দরিদ্র সাধক কবি থেকে রাজা-মহারাজারা পর্যন্ত রচয়িতা ও গায়ক হিসেবে এই গীতধারায় যোগ দিলেন। এর মধ্যেও একটা শূন্যতা থেকে যাচ্ছিল। মানুষের গান কই? মানুষ কি নানাভাবে কেবল ঈশ্বরের ভজনা করবে, সে কি তার নিজের মনের কথাটি নিজের মতো করে বলবে না? উনিশ শতকের সূচনায় রামনিধি গুপ্ত সেই শূন্যতা মোচনে এগিয়ে আসলেন তাঁর বিরহবিষাদাক্রান্ত টপ্পার সম্ভার নিয়ে। কলকাতার কয়েকটি আসরে গীত হওয়া মাত্র সেখানে যে অভাবিত জনপ্রিয়তা পেল তার প্রধান কারণ এই নয় যে, গান হিসেবে টপ্পা খুব সুন্দর হয়েছিল। নিধুবাবুসহ সারা উনিশ শতক জুড়ে যাঁরা টপ্পা রচনা করেছেন তাঁরা সবাই, মাইকেল মধুসূদন দত্তসহ, নিধুবাবুর মডেল অনুসরণ করেছেন। একই বক্তব্য, প্রকাশকৌশল একই, কবিতার যে চমৎকার উচ্ছ্বাস ঘটেছিল সেসব রচনায় তা নয় মোটেই। সংগীতের বিবেচনায়ও বলা চলে যে, সৃজনশীল বৃত্তি সেখানে খুব বড় হয়ে ওঠেনি। নিধুবাবু-প্রবর্তিত এক ধরনের সুরনকশায় সকলেই বন্দি ছিলেন। কিন্তু জনপ্রিয়তার কেন্দ্রে ছিল গানের বিষয়, মানুষের অস্তিত্বকে, মানব-মানবীর হৃদয়-সম্পর্ককে সেখানে বড় করে দেখা হচ্ছে, বলা হচ্ছে – ‘তোমারি তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে’। গানের সুরে মানুষের অন্তরপ্রকৃতিকে এর আগে এমন অত্যুজ্জ্বল স্থান আর দেয়া হয়নি। শূন্যতাপূরণের শক্তিতেই নিধুবাবু তাঁর টপ্পা দিয়ে বাংলা নাগরিক গানের জগৎকে পরবর্তী শতাধিক বছর শাসন করেন।

উনিশ শতকে বাংলা নাগরিক গানের ক্ষেত্রে বহুমুখী কাজ হলো। বিষয়ের বিবেচনায় সে-কাজের ভরকেন্দ্র দুটি : ঈশ্বরভাবনা ও মানবভাবনা। উভয় ভাবনা নিয়েই বাংলা গান সংগীতের বিবেচনায় শতধারে উচ্ছ্বসিত হয়ে উঠল। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন নানাভাবে বাংলা গানের বাণী ও সুর নিয়ে কাজ করলেন। তাঁদের সমসাময়িক কালেই আবির্ভূত হলেন আধুনিক ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গান-রচয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুর! কাজী নজরুল ইসলাম এলেন কয়েক দশক পরে। শূন্যতা বলে কিছু বোধ করা গেল না। বিশ শতকের সূচনায় পাওয়া গেল রেকর্ডিং কোম্পানি, ত্রিশের দশকের কাছাকাছি গিয়ে বেতারকেন্দ্র, ত্রিশের দশকের সূচনায় সবাক চলচ্চিত্র। অমিত সৃজনীশক্তির অধিকারী সংগীত-রচয়িতা ও গীতিকারদের পাওয়া গেল। প্রাণজয়ী কণ্ঠশিল্পীরা আবির্ভূত হলেন। ভালোই চলছিল বাংলা গানের সংসার। নানা ধরনের নাগরিক গান, নানা ধরনের শ্রোতা। রবীন্দ্রনাথ প্রথমদিকে যথেষ্ট জনপ্রিয় ছিলেন না। হবার কথাও নয়। রবীন্দ্রসংগীত জনপ্রিয় হবার সঙ্গে শিক্ষাদীক্ষার বিস্তার, জনরুচির বিকাশের ব্যাপারটি যুক্ত আছে। এ-দিকগুলো উজ্জ্বল হচ্ছে, ক্রমে রবীন্দ্রসংগীতের জনগ্রাহিতাও বাড়ছে। তবে আধুনিক বাংলা গানের অসামান্য বিকাশের একটা পর্বে এসে শ্রোতাদের মনে হয়েছে বলে ধারণা করা যেতে পারে যে, রবীন্দ্রনাথসহ পূর্ববর্তীদের গান যতোই ভালো হোক না কেন, তাঁরা সমসাময়িক কালের ব্যাপার নন। সেসব বড়ো কল্পনাপ্রবণ রচনা, বড়োবেশি রোমান্টিক, সেসব রচনায় কেবল জ্যোৎস্নার ইন্দ্রজাল মেলানো, ধূলিধুসরিত জগতের প্রতিমা সেখানে কূল পাননি।

গত শতকের ষাটের দশকের শেষদিক থেকে, সে প্রায় চল্লিশ বছর হয়ে গেল, তরুণ সংগীতকর্মীদের মনে হতে থাকল যে, একটা ভিন্ন পথ খোঁজা দরকার। তাঁদের আরো মনে হলো যে, এ-পথ বাংলা গানের প্রচলিত জগৎ থেকে খুঁজে বের করা যাবে না। মিষ্টি মিষ্টি কথা, আর মিষ্টি মিষ্টি সুরে বাংলা গানের যে-জনপ্রিয় জগৎ তৈরি হয়েছে তার সঙ্গে বাঙালির বাস্তব জীবন-পরিস্থিতির মিল নেই। রাজনৈতিক সংঘাত বাড়ছে, গরিবি বাড়ছে, গ্রাম থেকে ছিন্নমূল মানুষ দলে দলে এসে ভিড় জমাচ্ছে শহরে, এই পরিস্থিতি আর যাই হোক, গান গেয়ে পরির রাজ্য রচনার উপযোগী নয়। ব্যান্ডদলের সদস্যরা একেই সম্ভবত বলছেন শূন্যতা। এই শূন্যতাকে ভরে তুলতে তারা বাংলা গানের রীতিপ্রকৃতির দিকে হাত না বাড়িয়ে হাত বাড়ালেন পশ্চিমের পপ গানের দিকে। ছন্নছাড়া জীবনের প্রতিচ্ছবি রচনার জন্যে ছন্নছাড়া কথার সঙ্গে মেলানো হলো দ্রুত ছন্দ ও তীব্র আঘাতপ্রবণ সুরের ছক। এ-সুর নরম নয়, স্বরগ্রন্থনা যে শ্রুতিতে পরিপূর্ণ তাও নয়, কখনো কখনো কর্কশ মনে হয়, অনেক সময়েই তার স্থান চিৎকারে ঝলসে ওঠে। উনিশ শতকের শেষদিকে আমেরিকায় এই গীতরীতির প্রবর্তন জনমনোরঞ্জনের জন্যে। তখন এর ছাঁদ-শ্রী খুব একটা সহনীয় ছিল না। আফ্রিকা থেকে আগত এই সংগীতের পাশ্চাত্য চারিত্রও গড়ে উঠতে শুরু করেনি। বিশ শতকের শুরু থেকে পাশ্চাত্য সংগীতামোদীরা এ-ব্যাপারে নজর দিলেন এবং সে-শতকের মধ্যভাগে এসে আফ্রিকার আবেগ, ইউরোপের কলা ও কৌশলে মিশে নবসংগীতে উদ্বেলিত হয়ে উঠল। পপ হয়ে উঠল তারুণ্যের জাতীয় সংগীত। নাগরিক বাঙালি তরুণরাও পপদল বাঁধতে শুরু করলেন তাঁদের প্রাণের কথাটি পপ আকারে বলবেন বলে।

এ-কথা তো ঠিক যে, জীবন-পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এ-যে ফুল খেলবার দিন নয়, সে বাঙালি হাড়ে হাড়ে টের পেয়েছে। তাই ভেবে নেয়া হয়েছে যে, এ পপ খেলবার দিন। ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলা গানের এই মোড়-ফেরাকে নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। শূন্যতামোচনের জন্যে পপের আশ্রয় নেয়ার যুক্তিগুলো কী, সেও ব্যাখ্যা করা যেতে পারে। তবে কথার কথা যা তা হচ্ছে, এই বিকাশমান সংগীত-আন্দোলনকে উপেক্ষা না করে এর একটি প্রাতিষ্ঠানিকতা কীভাবে গড়ে তোলা যায় সে-বিবেচনা করা প্রয়োজন। বাংলা গান এক ধরনের বিশ্বসংগীত-পরিস্থিতির অংশ হয়ে উঠছে। এখন প্রশান্ত পথটি যে কীভাবে বের করা যেতে পারে – যাতে বাঙালিও বাঁচে, বিশ্বও বাঁচে – সে-ব্যাপারটি জরুরি। এ-নিয়ে অনেক মাথা এক করা দরকার।