তুমি নগ্ন হলে রুপালি মাছের মতো ভেসে ওঠো
অলৌকিক জলাধারে। সঙ্গম সাঁতারে পারঙ্গম
অহির্নিশ লেজের ঝাপটা দিয়ে জলক্রীড়া করো
স্রোতের উজানে, অতঃপর নিরুদ্দিষ্ট হয়ে দূরে
বুদ্বুদ তোল শান্ত হ্রদে। নিতান্ত মনের ভুলে
কূলের নিকটে কখনো আসো না, অতল অকূলে
ডুব দিতে ভালোবাসো। গভীর গোপনে খেলা করো
জন্ম থেকে নিরবধি, পেয়েছিলে মাছের স্বভাব।
আমিও গভীর গভীরতর খেলায় অভিলাষী
জলমগ্ন হতে চাই, তরঙ্গের রঙ্গ গায়ে মেখে
সন্তরণে পারদর্শী। জলজ প্রণয়বিদ্যা জানি,
নগ্নিকা নারীর মতো রুপালি মাছের দেহভরা
অনন্ত পিপাসা পানিতে মেটে না। শোন হে রমণী
ঘূর্ণাবর্তে চলো ডুবি একসঙ্গে, জুড়াবে ধমনী।

Leave a Reply
You must be logged in to post a comment.