তৃষ্ণা ও সন্তাপ

আমার অসতর্ক পথ

কীভাবে পৌঁছে যায়

তোমার তৃষ্ণার্ত গিরিখাতে

যেমন বসন্তস্নানের ফোঁটা

স্খলনে নেশাতুর থাকে

অনুপুঙ্খ রোদের ভেতর

দিন ফুঁড়ে রাত নেমে এলে

তোমার গিরিখাতের শৃঙ্খলে

পুড়ি আমি, আমার অসতর্ক পথ

জেগে উঠি আগুন-শরীরে

ভেতরে বাঘিনী, রক্তলোলুপ চোখ

শুধু তোমাতেই বিঁধে থাকে