নিজেকে হারিয়ে

কিছু জিনিস ফেলে আসা ভালো

সব নিয়ে এলে স্বার্থপর মনে হয়

মনে হয় পেছনে পেছনে কেউ বলছে :

পৃথিবীর সবকিছুকে প্রয়োজনীয় ভেবে

এই যে যান্ত্রিক একটা লোক, আহা বেচারা জীবনের ভার বইতে বইতে বিধ্বস্ত

তার করুণা প্রয়োজন!

কিছু জিনিস হারিয়ে যাওয়া ভালো

না হারালে বোঝাই যায় না কোনটা দরকারি

আর কোনটা কেবলি মাথার বোঝা!

কখনো কখনো মর্মের আঘাত মনোময়

শির কাঁপে, অশ্রু ঝরে, রক্ত বয় বুকে

তাই কখনো নিজেকে হারাই 

কখনো ফেলে আসি সবকিছু

তাই হাওয়ায় রেখে যাই গান –

কথা ও কবিতা, ইচ্ছের অধিরতা

রেখে যাই খাতা ও কলম

রেখে যাই অতিযাপনের ক্ষয়ক্ষতি;

ব্যর্থ ভ্রমরের স্বর – হৃদয়ের কথকতা!